দীর্ঘ ১৪ বছরের এক চূড়ান্ত অসম লড়াইয়ের যবনিকাপাত হল। নিজের দেশে ফিরলেন অস্ট্রেলিয় সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১০ সালে আফগানিস্তান ও ইরাক যুদ্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ গোপন সামরিক নথি ফাঁস করে দিয়ে সে দেশে সরকারের ঘুম উড়িয়ে দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের বৃহত্তম এই নথি কেলেঙ্কারির মূল হোতা ছিলেন দুজন – আমেরিকার সেনাবাহিনীর প্রাক্তন গোয়েন্দা-বিশ্লেষক চেলসি ম্যানিং আর উইকিলিকস নামক তথ্য ও সংবাদ সংস্থার প্রতিষ্ঠাতা-অধিকর্তা অ্যাসাঞ্জ।
বাগদাদে আমেরিকান সেনাবাহিনীর বিমানহানা, সাদ্দাম হুসেনের ফাঁসি, আফগানিস্তানের যুদ্ধ। নয়ের দশকে বড় হওয়া ছেলেমেয়েরা কোনোদিন ভুলতে পারবে না টেলিভিশনে দেখা সেইসব দৃশ্য। যুদ্ধবন্দিদের উপর অত্যাচার, মানবিক অধিকার লঙ্ঘন এবং সামরিক অভিযানের নামে সাধারণ মানুষকে হত্যার নানা খবর পরবর্তীকালে প্রকাশ পায় উইকিলিকস সংস্থার দৌলতে। ২০১০ সালের এপ্রিল মাসে এই সংস্থা একটি ভিডিও প্রকাশ করে, যাতে দেখা যায় ২০০৭ সালে বাগদাদে আমেরিকান সেনাবাহিনীর একটি কপ্টার দিয়ে দুজন সাংবাদিক সহ ১২ জন নিরস্ত্র নাগরিককে মেরে ফেলার দৃশ্য। উইকিলিকসের কাছে এই ভিডিও ও অন্যান্য নথি ফাঁস করার অভিযোগে সেবছর জুন মাসে গ্রেপ্তার হন ব্র্যাডলি ম্যানিং নামে আমেরিকান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের জনৈক বিশ্লেষক, পরবর্তীকালে নিজের লিঙ্গ পরিচয় পরিবর্তনের পর যিনি পরিচিত হন চেলসি ম্যানিং নামে। তিনমাসের মাথায় উইকিলিকস প্রকাশ করে আফগান যুদ্ধসংক্রান্ত ৯১,০০০ নথি। তারপর অক্টোবর মাসে প্রকাশ করে ইরাক যুদ্ধ সংক্রান্ত আরও প্রায় চার লক্ষ নথি। প্রকাশিত হয় সন্ত্রাসবাদী সংগঠন আইসিস তৈরি হওয়ার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। পরবর্তী ছমাসের মধ্যে তারা ফাঁস করে দেয় আরও প্রায় সাড়ে তিন লক্ষের কাছাকাছি গোপন কূটনৈতিক বার্তা। এত বড় সংকটে কখনো পড়েনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, তাও যুদ্ধের ময়দানের বাইরে।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
ইতিমধ্যে ২০১০ সালের অগাস্ট মাসে সুইডেন সফরে গিয়ে আচমকাই দুটি ধর্ষণ ও শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত হন উইকিলিকসের অধিকর্তা অ্যাসাঞ্জ। সেই সুইডিশ পরোয়ানার ভিত্তিতেই ডিসেম্বর মাসে লন্ডনে গ্রেপ্তার হন তিনি। আমেরিকার সেনাবাহিনীর গোপন নথি ফাঁস করার জন্য ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয় নাগরিক অ্যাসাঞ্জকে ধরা যায়নি বলেই কি এই সুইডিশ পরোয়ানার ব্যবস্থা? অ্যাসাঞ্জ অন্তত তেমনটাই দাবি করেন। বিচারের জন্য তাঁকে সুইডেনের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে আবেদন করেন তিনি। কিন্তু সেই আবেদন নাকচ হয়ে যায়। যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতও তাঁকে সুইডেনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখলে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক শরণার্থী হিসাবে অ্যাসাঞ্জ আশ্রয় প্রার্থনা করেন।
২০১৫ সালে শ্লীলতাহানির মামলা বাতিল করে সুইডেন, ২০১৭ সালে বাতিল হয় ধর্ষণের মামলাটিও। কিন্তু তখন অ্যাসাঞ্জের মাথার উপর মার্কিন সরকারের আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং সেই সংক্রান্ত ডজনখানেকেরও বেশি মামলা। এমতাবস্থায় ২০১৯ সালে ইকুয়েডর দূতাবাস থেকে টেনে বার করা হয় অ্যাসাঞ্জকে। পূর্বতন জামিনের শর্ত ভঙ্গ করার অভিযোগে তাঁকে অবরুদ্ধ করা হয় লন্ডনের বেলমার্শ কারাগারে। সেই থেকে গত পাঁচবছর শারীরিক, মানসিক নানা অসুস্থতার মধ্যে সেখানেই অ্যাসাঞ্জ বন্দি ছিলেন।
তাঁর মুক্তির জন্য নিরলস চেষ্টা চালিয়ে গেছেন উইকিলিকসের অসংখ্য অনুরাগী, বাকস্বাধীনতা ও স্বাধীন নিরপেক্ষ সাংবাদিকতার পক্ষে থাকা আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। একের পর এক আবেদন করে গেছেন সহধর্মিনী স্টেলা অ্যাসাঞ্জ। অবশেষে স্থির হয়, তিনি আমেরিকায় গুপ্তচরবৃত্তির অভিযোগ স্বীকার করে নেবেন। যেহেতু ইতিমধ্যেই তিনি পাঁচবছর জেল খেটেছেন, তাই আর কোনো বাড়তি শাস্তি তাঁকে পেতে হবে না এজন্য। কিন্তু এই অপরাধ স্বীকারের জন্য আমেরিকা যেতে অসম্মত হন অ্যাসাঞ্জ। বরং তাঁর নিজের দেশ অস্ট্রেলিয়ার যথাসম্ভব কাছাকাছি কোনো আদালতকে বেছে নিতে চেয়েছিলেন তিনি। ফলত অস্ট্রেলিয়া সরকারের মধ্যস্থতায় সাইপনের বিচারসভায় সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি দেশে ফেরার ছাড়পত্র পান।
আরো পড়ুন ইজরায়েলের গাজা আক্রমণ যুদ্ধ নয়, সুপরিকল্পিত গণহত্যা
প্রতিবাদে প্রতিবাদ মিশে যায়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে যুদ্ধপ্রিয় দেশের সরকার এবং সামরিক বিভাগকে নাস্তানাবুদ করা অ্যাসাঞ্জ ইজরায়েলের গাজা আক্রমণের বিরুদ্ধে শান্তিকামী মানুষের আন্দোলনেও যুদ্ধবিরোধিতার প্রতীক হয়ে উপস্থিত থাকেন। লন্ডনের রাজপথে প্যালেস্তাইনের সপক্ষে হাঁটতে থাকা প্রতিটি মিছিলের আগে আগে একটি সাইকেলে অ্যাসাঞ্জের ছবি নিয়ে এগিয়ে যান একজন যুদ্ধবিরোধী মানুষ। যুদ্ধ থামে না, কিন্তু যুদ্ধপ্রিয় সরকারের মুখোশ খুলে দেওয়া সাহসী সাংবাদিকতার জন্য অ্যাসাঞ্জের এই দীর্ঘ লড়াই ইতিহাস অবশ্যই মনে রাখবে।
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।






