‘দৃশ্যের জন্ম হয়’ – এভাবে মিসকোট করা যায়, অন্তত এই গ্রীষ্মের এক শনিবার বিকেলের পর। তারিখ ২৭ এপ্রিল ২০২৪। সেই দৃশ্যের দুই উপাদান দুজন ব্যক্তি। একজন মহম্মদ সেলিম, সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। অন্যজন অধীররঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সভাপতি। একজন একসময় রাজ্যে বামফ্রন্টবিরোধী আন্দোলনের অন্যতম মুখ, অন্যজন একসময় সংসদের অন্দরে কংগ্রেস সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বারবার সরব হয়েছেন। তবে সেসব পুরনো কথা। এখন দুজনেই দুজনের দলের সমর্থিত প্রার্থী। লোকসভায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা দুই দলের নেতা। শনিবার দুজনেই মুর্শিদাবাদের ডোমকলে একটি সমাবেশে ছিলেন এক মঞ্চে। দুজনেই ভাষণ দেন। ভিড়ে ঠাসা ডোমকল জনকল্যাণ ময়দানে দুজনের ভাষণই ছিল এক সুরে বাঁধা।

অধীর চৌধুরী বললেন ‘প্রত্যেক কংগ্রেস কর্মীর কাছে বলা থাকল, এ ভোট আমাদের সকলের ভোট। অধীর চৌধুরী, মহম্মদ সেলিম, মর্তুজা হোসেনে কোন ফারাক নেই। আমরা একই লক্ষ্যে লড়ছি এটা যেন মনে থাকে। মুর্শিদাবাদ লোকসভার কোথাও যেন কংগ্রেসের পক্ষ থেকে ত্রুটি না হয়।’

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

পাঁচবারের সাংসদ অধীরের ভাষণে কর্মীদের প্রতি ছিল পরিষ্কার দিকনির্দেশ। শুধু হাওয়া গরম করা ভোটের কথা নয়, অধীর স্পষ্ট বলছেন, এই সময় দেশ বাঁচবে কিনা সেটাই প্রশ্ন। দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা করার লড়াইয়ে বামপন্থীদের ও কংগ্রেসের দায়বদ্ধতার কথা মনে করিয়েছেন অধীর।

তাঁর পরে মঞ্চে ভাষণ দিয়েছেন সেলিম। তাঁরও ফোকাসে ছিল সিপিএম ও কংগ্রেসের ঐক্য। শুধু ভাষণ নয়। সমাবেশের মঞ্চ এবং জমায়েত একাধিক দৃশ্যের সাক্ষী থেকেছে। পুরনো ঝগড়া ভুলে একই টোটোয় গ্রামে ফিরেছেন কংগ্রেস, সিপিএমের কর্মীরা। তবে শুধু দৃশ্য তৈরি নয়। নির্বাচনী প্রক্রিয়ার অনেক গভীরে রয়েছে এই দৃশ্যের ইতিবৃত্ত এবং তাৎপর্য।

দেশের মত আমাদের রাজ্যেও সংবাদমাধ্যম রাজনৈতিক ভাষ্য তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের রাজ্যের মূলধারার সংবাদমাধ্যম এ কাজ বেশ যত্ন নিয়েই করে। রাজ্যের লোকসভা নির্বাচনকে বাইনারিতে বাঁধতেই সংবাদমাধ্যম অভ্যস্ত। খবরের কাগজ থেকে টিভি চ্যানেল, এই লড়াই যেন মমতা ব্যানার্জি বনাম নরেন্দ্র মোদীর। লড়াইটা যেন শুভেন্দু অধিকারী বনাম অভিষেক ব্যানার্জির। যদিও এই দুলের বাকি সেনাপতিদের অদলবদল ঘটেই থাকে। নেতাদের দুই দলে আসা যাওয়া রোজকার গল্প। যে নেতা রবিবার রাস্তায় সাম্প্রদায়িক বিষ ছড়িয়েছেন, সেই নেতাই সোমবার তৃণমূলের ঝান্ডা ধরে বিজেপিবিরোধী ভাষণ দেন। মঙ্গলবার কী করবেন? প্রশ্নের জবাব নেই।

২৪ এপ্রিল মুর্শিদাবাদ কেন্দ্রের জলঙ্গিতে প্রচারে এসে এটা আরও স্পষ্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তিনি বলেছেন, ‘বিজেপি নেতারা এখন লাইন দিয়ে রয়েছেন কবে তৃণমূলে ঢুকবেন। আমরা দরজা বন্ধ করে রেখেছি। যদি খুলি, দল উঠে যাবে। বিজেপি যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দিতে অভিষেক বন্দোপাধ্যায় জানে।’

বীরদর্পে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন, ‘আমাদের দুজনকে ভাঙিয়ে নিয়ে গিয়েছিলেন। দুটো সাংসদকে। একটা মীরজাফর একটা গদ্দার ২০২০ সালে জয়েন করেছিল। তার বাবা আর তার ভাই। সঙ্গে সঙ্গে বিজেপির দুজন সাংসদ তৃণমূলে যোগ দান করেছে। বাবুল সুপ্রিয় আর অর্জুন সিং। আবার এই ভোটের আগে ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গিয়েছে বিজেপিতে। প্রার্থী নেই। তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে। আমি সঙ্গে সঙ্গে ৪৮ ঘন্টার মধ্যে ওদের আরেকজন এমএলএকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসেছি। এখনও দশজন লাইনে আছে। ঠিক টাইমে দরজা খুলব। এই দলটা উঠিয়ে দেব বাংলা থেকে।’

যাদের কথা অভিষেক বলেছেন তাদের ঝান্ডা বদলের সঙ্গে সঙ্গে কি রাজনীতিও বদলে গিয়েছে? উত্তর, না। বদলায় না। তৃণমূল এবং বিজেপি এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে মরিয়া যেখানে মানুষের কাছে ওই দুই দল ছাড়া আর কোনো পথ খোলা নেই। এই ধারণাই প্রতিনিয়ত সংবাদমাধ্যমে প্রতিধ্বনিত হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় অধীর আর সেলিমের যুগলবন্দি সেই বাইনারি অনেকটাই ভেঙে দিয়েছে। যার প্রভাব পড়েছে দার্জিলিং থেকে পুরুলিয়ায়। রাজনীতিকে দুই মুখের মধ্যে লড়াই হিসাবে দেখানোর যে প্রবণতা রয়েছে। যদি বলা হয়, সেই প্রবণতাকে যোগ্য জবাব দিয়েছে এই দুই মুখই, তাহলে একটুও বাড়িয়ে বলা হবে না। তবে যে কথা বারবার বলা প্রয়োজন তা হল, অধীর আর সেলিমের বোঝাপড়া শুধুমাত্র দুই নেতার মধ্যে বোঝাপড়া নয়। পঞ্চায়েত নির্বাচনের সময়েই মুর্শিদাবাদ, মালদার মত জেলায় এই বোঝাপড়া তৈরি করার কাজ শুরু হয়েছিল। অনেক ক্ষেত্রে পঞ্চায়েত স্তরে ভোটের আগের দিন পর্যন্ত দুই দল আলাদা লড়েছে। কিন্তু ভোটের সকালে একজোট হয়েছে। বেশকিছু এলাকায় ভোটের ফল প্রকাশের পর সিপিএম, কংগ্রেস এবং অন্যান্য বামপন্থী দল মিলে বোর্ড তৈরি করেছে।

অধীরের জেলা মুর্শিদাবাদে গ্রাম পঞ্চায়েত স্তরে ৫৫৮৯ আসনের মধ্যে ৩০৯০ আসনে জিতেছেন তৃণমূল প্রার্থীরা, ৫৩০ আসনে বিজেপি, ৫৬৩ আসনে সিপিএম এবং ১১৪২ আসনে কংগ্রেস। ২২৩ আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা, ৩৯ আসনে অন্যান্য দলের প্রার্থীরা।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় দুটি আসনে জেতে বিজেপি, ২০টি তৃণমূল। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলাতেও ব্যাপক ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ ওঠে। তার মধ্যেও এই ফল বেশ তাৎপর্যপূর্ণ। সেই ভোটের পর ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের এই ফলের মধ্যেই ছিল লোকসভার লড়াইয়ের ইঙ্গিত। রানিনগর, ডোমকল, জলঙ্গি থেকে লালগোলার প্রত্যন্ত গ্রামে মানুষের মুখে জন্ম নিয়েছে ‘জোট পার্টি’ শব্দবন্ধ। কর্পোরেট ধাঁচে মানুষকে সংখ্যায় বিচার করার কোনো দৃষ্টিভঙ্গি থেকে নয়, মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে। নিজের রাজনৈতিক পরিচয় নিয়ে বেঁচে থাকার তাগিদই এই শব্দবন্ধের জন্ম দিয়েছে। লোকসভা ভোটের প্রেক্ষিতে এই ভাবনাকে গুরুত্ব দিতে বাধ্য হয়েছে দুই দলই। নেতারাও বুঝেছেন, মানুষের নির্দেশিত পথেই তাঁদের হাঁটতে হবে । এই বোধ অত্যন্ত মঙ্গলের। অন্তত রাজ্যে তৃণমূল বনাম বিজেপি ভাষ্যের বাইরে কথা বলার জন্য।

পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাতেও সিপিএম এবং কংগ্রেসের মধ্যে বোঝাপড়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। রাহুল গান্ধী রাজ্যে আসায় বেজায় চটেছিলেন মমতা। নিজের মঞ্চ থেকে রাহুলকে আক্রমণও করেছিলেন, নিয়েছিলেন পাল্টা কর্মসূচি। সেই সময়ে ন্যায় যাত্রায় শামিল হয়েছিলেন দার্জিলিং, জলপাইগুড়ি থেকে মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের সিপিএম নেতা কর্মীরা। জঙ্গিপুরে গিয়ে রাহুলকে অভিনন্দন জানিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সেলিমও। দুই দলের সাংগঠনিক বিস্তারের প্রশ্নেও এই হাত ধরার গুরুত্ব রয়েছে।

আরো পড়ুন বিড়ি শ্রমিকদের পাশে রাহুল, তাঁর পাশে সিপিএম নেতৃবৃন্দ

কিন্তু এই বোঝাপড়াকে কীভাবে দেখছে তৃণমূল কংগ্রেস?

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তা মুর্শিদাবাদে প্রচারে এসে স্পষ্ট করেছেন। ফিরহাদ এই জোটকে লক্ষ করে বলেছেন, যেন দুই ‘ল্যাংড়া’ পরস্পরের কাঁধে ভর দিয়ে হাঁটার চেষ্টা করছে। সঙ্গে মঞ্চে বেশ অঙ্গভঙ্গিও করেছেন ফিরহাদ। প্রতিবন্ধীদের প্রতি তৃণমূল কংগ্রেসের কোনোকালেই কোনো সংবেদনশীলতা নেই। তবে ফিরহাদের এই প্রতিক্রিয়ার গুরুত্ব আছে।

অন্যদিকে অভিষেকও মুর্শিদাবাদে সমাবেশ করে সিপিএম এবং কংগ্রেসের বোঝাপড়াকেই নিশানা করেছেন। বলেছেন “কংগ্রেস, সিপিএম বিজেপির বি টিম হয়ে বাংলায় কাজ করছে। আজ কংগ্রেসের নেতা গলায় কাস্তে হাতুড়ি তারা নিয়ে মিছিল করছে।’

অন্যদিকে নির্বাচনী প্রচার থেকেই পরিষ্কার যে তৃতীয় দফার নির্বাচন যত এগিয়ে আসছে, বিজেপি এবং তৃণমূল – দুই দলই রাজনীতিকে ধর্মের সঙ্গে আরও বেশি করে যুক্ত করতে চাইছে। মুর্শিদাবাদ জেলায় অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এবং অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামের দুটি সংগঠনের কর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক সেরেছেন তৃণমূলের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার দুই প্রার্থী ইউসুফ পাঠান এবং আবু তাহের খান। ওই দুই সংগঠন যদিও তৃণমূলের শাখা সংগঠন মাত্র এবং মুর্শিদাবাদ জেলার অধিকাংশ ইমাম মোয়াজ্জেমই এই সভাগুলিতে উপস্থিত ছিলেন না। তবে তৃণমুলের পক্ষ থেকে জেলার সমস্ত ইমাম, মোয়াজ্জেমদের দাগিয়ে দেওয়ার এই চেষ্টা হয়েছে। রামনবমীতে যুদ্ধজয়ের ভঙ্গিতে স্লোগান দিয়ে মিছিল করেছেন তৃণমূল নেতারাও।

অন্যদিকে বিজেপি সরাসরি রামনামকে হাতিয়ার করে প্রচারে নেমেছে। মুর্শিদাবাদে প্রচারে এসে জেপি নাড্ডা থেকে মিঠুন চক্রবর্তী – সকলের মুখে রামনামই ছিল শেষ কথা। নাড্ডার ভাষণ সরাসরি ভাবেই ছিল বিদ্বেষপূর্ণ। সংখ্যালঘুদের প্রতি আক্রমণ শানানো হয় সেই সভা থেকে। মালদায় প্রচারে এসে একই কাজ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাড্ডা রবিবার বহরমপুর লোকসভা কেন্দ্রের বড়ঞার সভা থেকে সংরক্ষণের বিষয়ে মিথ্যাচার করেছেন। সংখ্যাগুরুদের ভয় দেখিয়েছেন অধিকার চলে যাওয়ার। এমন এক সময়ে অধীর আর সেলিম জোর দিয়েছেন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার লড়াইকে জোরদার করার উপরে।

এ রাজ্যে লোকসভার তৃতীয় দফার নির্বাচন হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসনে আগামী শনিবার (৪ মে)। চতুর্থ দফায় ভোট রয়েছে অধীরের কেন্দ্র বহরমপুরে (১৩ মে)। এই এলাকায় কংগ্রেস এবং বামেরা তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে টক্কর দেওয়ার মত জায়গায় রয়েছে। একই দিনে হবে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।

ঐক্য শুধু মুখের কথায় হয় না, সব পক্ষকেই নিজের কিছু জায়গা অন্যকে ছাড়তে হয়। সেটা ভগবানগোলায় করে দেখিয়েছে সিপিএম। ২০২১ সালে এই কেন্দ্রে সংযুক্ত মোর্চা গড়ে লড়েছিল সিপিএম ও কংগ্রেস। ২০১৬ থেকে ২০২১ অবধি এই কেন্দ্রের বিধায়ক ছিলেন সিপিএমের মহসীন আলি। ২০১৬ সালের ভোটে মহসীনকে সমর্থন করেছিল কংগ্রেস। ২০১৬ এবং ২০২১ সালে এই কেন্দ্রে সিপিএম লড়লেও এবার এই কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেসের আনজু বেগম। কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছে সিপিএম। এই রকম সিদ্ধান্তে সিপিএমের স্থানীয় কর্মীদের মধ্যে সংশয় ছিল। তবে সেই সংশয় কাটিয়ে একজোট হয়েই ভোটের ময়দানে নেমেছে দুই পক্ষ। বামফ্রন্টের অন্য শরিকরাও এই বোঝাপড়ায় যুক্ত হয়েছে।

মালদা উত্তর, দক্ষিণ থেকে জঙ্গিপুরে প্রতিদিন গ্রামে গ্রামে একসঙ্গেই প্রচারে নামছেন সিপিএম এবং কংগ্রেসের স্থানীয় নেতা, কর্মীরা। মুর্শিদাবাদে মহম্মদ সেলিমের হয়ে যেমন অধীর চৌধুরী নেমেছেন, তেমনই জঙ্গিপুর আর ভগবানগোলায় কংগ্রেস প্রার্থীদের হয়েও সমাবেশে বক্তব্য রাখবেন সেলিম। দুই নেতার একসঙ্গে প্রচারে শামিল হওয়ার থেকেও বড় কথা, দুই দলের কর্মীরা এই প্রক্রিয়ায় উজ্জীবিত হয়েছেন। যদিও সাংগঠনিক শক্তির অভাব দুই দলকেই বেশ ভাবাচ্ছে। তবে নির্বাচনী সংগঠনকে ভোটের দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত করা এখন কঠিন চ্যালেঞ্জ। দুই দলের এক হয়ে লড়া সেদিক থেকেও বাড়তি সুবিধা দিচ্ছে।

মতামত ব্যক্তিগত

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.