২৯ এপ্রিল সন্ধের মধ্যেই ইভিএমে বন্দি হয়ে যাবে পশ্চিমবঙ্গবাসীর জনমত। কয়েকটা দিন অপেক্ষা করলেই আমরা জানতে পারব সেই জনমতের ফলাফল। তার নানারকম বিশ্লেষণও হবে। ফলাফল যা-ই হোক না কেন, তা যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পক্ষে বা বিপক্ষে গণভোট হতে যাচ্ছে— এ নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয়।

যে-ই জিতুক, সে স্বচ্ছ ভোটার তালিকা ও স্বচ্ছ ভোট প্রক্রিয়ার মধ্যে দিয়ে জিতবে বলা হলেও মনে রাখতে হবে, লক্ষ লক্ষ ভোটার যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁদের মত অনেক বৈধ ভোটারকে বাদ দিয়েই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। না নির্বাচন কমিশন, না সর্বোচ্চ আদালত— কেউই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ত্রুটিমুক্ত পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি করতে পারল না।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণে ৯৩% ভোট পড়েছে। অনেকেই এর নানারকম ব্যাখ্যা করছেন। একটা সহজ ব্যাখ্যা এটাও যে, মৃত ও স্থানান্তরিত ভোটার এবং ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ ও বিচারবিভাগীয় অফিসারদের দ্বারা ‘অ্যাডজুডিকেশন’ প্রক্রিয়ার পরে বাদ যাওয়া ভোটারের সংখ্যা দেখলে ভোটার তালিকায় এমনিতেই ভোটারদের সংখ্যা কমে গেছে। তার উপর অনেকেই ভোট না দিলে নাম বাদ যাবে এই ভয়ে ভোট দিতে গেছেন। ফলে স্বাভাবিকভাবেই ভোটদানের শতাংশ বাড়ার কথা।

কিন্তু ভোটদানের শতাংশের বৃদ্ধি দেখে একে প্রতিষ্ঠানবিরোধী ভোট বলে দাগিয়ে দেওয়া অতিসরলীকরণ। কারণ ১৫ বছরের তৃণমূলী শাসনের পর পশ্চিমবঙ্গে যতখানি প্রতিষ্ঠানবিরোধিতা বা সরকারবিরোধিতার হাওয়া বয়ে যাওয়া উচিত ছিল, তা এবারের নির্বাচনে অনুপস্থিত। ২০১১ সালের পরে একমাত্র ২০১৯ লোকসভা নির্বাচনের সময়েই সেই প্রতিষ্ঠানবিরোধী আগুনের আঁচ তৃণমূলের গায়ে লেগেছিল। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস তা আবার সামলে নেয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও অবশ্য শহরাঞ্চলে বা পৌরসভাগুলোর একটা অংশে তৃণমূল কংগ্রেসের সমর্থনে ভাঁটা দেখা গিয়েছিল। সেই নির্বাচনের পরে ২০২৪ সালেই আর জি কর মেডিকাল কলেজের ভিতর ডাক্তারি পড়ুয়া ছাত্রীর বীভৎস ধর্ষণ ও হত্যার ঘটনার পরেও শহুরে মধ্যবিত্ত মহলে সেই প্রতিষ্ঠানবিরোধী আন্দোলনের ঢেউ উঠেছিল।

কিন্তু বিরোধী দল হিসাবে বিজেপি বা বাম-কংগ্রেস, কেউই সেই প্রতিষ্ঠানবিরোধিতার ফায়দা নির্বাচনী রাজনীতি থেকে তুলতে পারেনি। সেই ঘটনার পরে পরেই হয়ে যাওয়া উপনির্বাচনগুলো তার সাক্ষী। ২০২৬ সালের নির্বাচনের আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যেভাবে সর্বোচ্চ আদালতের রায় সরকারকে প্রকারান্তরে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, বা সাম্প্রতিক অতীতে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেটের একমাত্র সাফল্য— প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার করেছিল। এর কোনোটাকেই হাতিয়ার করে সরকারবিরোধী আন্দোলন খাড়া করতে পারেনি বিরোধীরা। সবগুলোকেই ‘অরাজনৈতিক’ আন্দোলনের পরিসরে যেন ঠেলে দিয়েছিল তারাই। এতজন রাজনৈতিক ব্যক্তি দুর্নীতির অভিযোগে জেলে চলে গেলেন, কিন্তু আন্দোলন যেন শুধু চাকরিহারা যোগ্য শিক্ষকদের দলহীন লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেল। আর জি কর কাণ্ডের সময়ে নির্বাচনী রাজনীতি দিয়ে পরিচালিত প্রতিষ্ঠানের (সরকার) সঙ্গেই বিরোধ ও আলোচনা হল, কিন্তু সেখানেও সরাসরি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছিল না। সেটা না হল রাজনৈতিক আন্দোলন, না হল নাগরিক আন্দোলন। হল এক জগাখিচুড়ি। তাই অভয়ার মা যখন নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখনও আর জি কর ইস্যু বিজেপির ইস্যু হয়ে ওঠে না।

বিজেপি ও বাম দলগুলোর প্রচারে তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ উঠছে ঠিকই, কিন্তু তা সার্বিক হাওয়া তোলার পক্ষে যথেষ্ট হয়নি। হয়ত বিগত নির্বাচনগুলো থেকে তারা শিক্ষা নিয়েছে। কারণ সেই ২০১৬ সাল থেকে দুর্নীতির ইস্যুতে নির্বাচনে লড়ে জেতার ধারেকাছে যেতে পারেনি পশ্চিমবঙ্গের বিরোধী শক্তি। কারণ মমতা ব্যানার্জির গায়ে সরাসরি দুর্নীতির কালি লাগাতে না পারলে এই ইস্যুতে যে বিশেষ সুবিধা করা সম্ভব নয়, তা বোঝা গেছে। তবে মনে রাখতে হবে, নিচুতলার তৃণমূল নেতাদের দুর্নীতিতে তিতিবিরক্ত হয়েই কিন্তু রাজ্যের এক অংশের ভোটার ২০১৯ সালে লোকসভার মত কেন্দ্রীয় সরকার নির্বাচনের ভোটে তৃণমূলকে বিপদে ফেলে দিয়েছিলেন। তবুও বিরোধী দলগুলো এইসব ইস্যুকে হাতিয়ার করে রাজ্যজুড়ে সরকারবিরোধী হাওয়া তুলতে ব্যর্থ হয়েছে। বামেরা, এবং কোনো কোনো জায়গায় হয়ত বিজেপিও, স্থানীয় স্তরে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে অস্ত্রে শান দিচ্ছে। কিন্তু তা সারা রাজ্যের অন্যতম বড় ইস্যু হয়ে উঠতে ব্যর্থ হয়েছে।

বরং গতবারের দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে এবারে বিজেপি সরাসরি তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার বা যুব সাথী প্রকল্পের সঙ্গে পাল্লা দিতে অন্নপূর্ণা প্রকল্প ও যুবকদের জন্য মাসিক সহায়তার অঙ্গীকার করেছে। ডিএ মামলার রায়ে রাজ্য সরকার যখন অস্বস্তিতে, তখন রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের ঠিক করা কাঠামো অনুযায়ী বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছে। কিন্তু এটাও সারা রাজ্যে সরকারবিরোধী হাওয়া তোলার মত কাজ নয়। বরং বলা যায়, এটা বর্তমান সরকারের অনুদানমুখী রাজনীতিকেই সমর্থন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে বন্ধ হয়ে যাওয়া টাটার গাড়ি কারখানার মাঠে এসে সভা করেও রাজ্যের ম্রিয়মান শিল্প পরিস্থিতি বা কর্মসংস্থান নিয়ে কোনো নির্দিষ্ট আওয়াজ তুলতে পারেননি। তা শুধু রাজ্যবাসী নয়, বিজেপি নেতাদেরও হতাশ করেছিল।

লক্ষ করে দেখুন, সব ইস্যু ছাপিয়ে গত তিন মাসে রাজ্যে একটা বিষয় নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে— এসআইআর। কার নাম বাদ পড়ল, কাকে নথি দেখাতে লাইনে দাঁড়াতে হবে, কোন বিখ্যাত ব্যক্তি লজিকাল ডিসক্রিপেন্সির ফাঁদে পড়লেন, কার নাম বিচারাধীনদের তালিকায় চলে গেল, কার নাম তারপরেও বাদ পড়ল, কাকে ট্রাইব্যুনালে ছুটতে হবে, তৃণমূল সরকার নির্বাচন কমিশনকে যথেষ্ট সাহায্য করল কিনা, মমতা কেন সুপ্রিম কোর্টে সওয়াল করলেন, কোন বাম সমর্থক প্রথম সেই মামলা করেছিলেন, ভোটার তালিকা থেকে কোন সম্প্রদায়ের মানুষের নাম বেশি বাদ গেল, সেই অঙ্কে কার কী সুবিধা বা অসুবিধা হবে— এসবই আলোচনার কেন্দ্রবিন্দুতে। মমতা এই এসআইআর ইস্যুকে হাতিয়ার করেই নিজেকে শাসকের বদলে বিরোধী হিসাবে খাড়া করলেন। এতে বিজেপি ও তৃণমূল— দুই পক্ষেরই লাভ হল। বিজেপির কাঙ্ক্ষিত ভোটার তালিকা তৈরি হল, আর তৃণমূলের জন্য যা দুশ্চিন্তার, সেই প্রতিষ্ঠানবিরোধী হাওয়া খানিকটা স্তিমিত হল।

যে ইস্যুতে বিজেপি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করে তা হল সম্প্রদায়ভিত্তিক পরিচয়ের রাজনীতি। দাঙ্গা হলেই সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে পড়েন বিজেপির নেতারা। তা সে মুর্শিদাবাদ হোক বা মহেশতলা। তৃণমূলও স্বাভাবিকভাবেই এই রাজনীতি থেকে লাভবান হয়। এসআইআর কিন্তু সেই ইস্যুকেই দৃঢ় করেছে।

এই প্রক্রিয়া শুরুর আগেই রাজ্যের বিরোধী দলনেতা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী— সবাই ঘোষণা করে দিলেন যে এসআইআর করে ভোটার তালিকা থেকেই শুধু নয়, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া হবে। এখন আবার রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য কান্নাকাটি করছেন যে, তৃণমূল পরিচালিত সরকারের অফিসাররা ‘পরিকল্পনা করে’ বিজেপির ভোটব্যাংক মতুয়া সম্প্রদায়ের ভোটারদের নাম বাদ দিয়েছে। বাংলাদেশি বা রোহিঙ্গা কত চিহ্নিত হল, তা নিয়ে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্রমন্ত্রী একে অপরের দিকে বল ঠেলছেন। কোনো সংখ্যা বলতে পারছেন না। কিন্তু মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরের মত সংখ্যালঘু অধ্যুষিত জেলায় বহু মানুষের নাম বাদ যাওয়ায় বিজেপি নেতারা উৎসাহিত।

শুধু বিজেপি নেতারা নন, শহুরে মধ্যবিত্ত ও সাম্প্রদায়িক দাঙ্গায় আক্রান্ত হিন্দু পরিবারের ভোটাররাও এই ইস্যুতে আহ্লাদিত হয়েছেন। অনেকেই মনে করেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়বাড়ন্তে ইতি টানতে এসআইআর এবং বিজেপি— দুটোই ভাল দাওয়াই। কেউ কেউ এসআইআর প্রক্রিয়ার বাড়বাড়ন্তে যেসব বৈধ ভোটারের নাম বাদ পড়ল, তাঁদের ‘কো-ল্যাটারাল ড্যামেজ’ তকমা দিয়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। তাঁদের মধ্যে কিন্তু অনেক বাম সমর্থকও রয়েছেন। সরকারবিরোধিতায় সরব বা নীরব অনেক ব্যক্তি আবার মনে করছেন যে নির্বাচন কমিশনের অতিসক্রিয়তায় তৃণমূলের ভুতুড়ে ভোটার, সংখ্যালঘু ভোটারদের একাংশ বাদ গিয়ে শাসক দলকে অসুবিধাতেই ফেলল। তুঘলকি কায়দায় রাজ্য পুলিশ ও প্রশাসনে রদবদল করে এবং লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এনে নির্বাচন কমিশন তৃণমূলের ভোট মেশিনারি ও সংগঠনের দম্ভ দুমড়ে মুচড়ে দিল। এতে তাঁরা যারপরনাই আনন্দ পেয়েছেন।

একথা ঠিক যে বুথের ভিতরে ও বাইরে তৃণমূলের সংগঠনকে রুখতে বিজেপি নিজেদের তৈরি সংগঠনের থেকে বেশি নির্বাচন কমিশনের উপর ভরসা রেখেছে। এমনকি নির্বাচনী প্রচারের শেষ লগ্নে এসে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের তৎপরতায় তৃণমূলের ভোট পরামর্শদাতা সংস্থা আইপ্যাককেও সাময়িকভাবে পাততাড়ি গোটাতে হয়েছে এ রাজ্য থেকে।

বামেরাও শেষ লগ্নে এসআইআর নিয়ে রাস্তায় নেমেছে ঠিকই, তবে তারা স্থানীয় ইস্যুকেই হাতিয়ার করে তৃণমূল আর বিজেপির বিরোধিতাকে চাঙ্গা করতে চেষ্টা করেছে। বাম নেতাদের আশা— তাঁদের ক্ষয়িষ্ণু ভোটের খানিকটা এবার ফিরে আসবে তাঁদের ঝুলিতে। নিশ্চয়ই তাঁরা আশা করছেন না যে, তৃণমূলের ভোট কেটে সিপিএম বা বামেদের কোল ভরবে। যদি সত্যিই ভোট ফিরে আসে, তা আসার কথা বিজেপিতে চলে যাওয়া বাম ভোট থেকেই। কিন্তু সোশাল মিডিয়ার বাম সমর্থকরা কতটা রামের মায়া কাটিয়ে উঠতে পারবেন, তা বলা শক্ত। কংগ্রেস অন্যদিকে আশা করছে যে, তাদের শক্তি যেখানে বেশি, সেখানে তৃণমূল থেকেই ভোট তাদের দিকে আসবে এবং তারা কয়েকটা আসনে জয়ী হবে। সেই আসনগুলো অবশ্যই মালদা-মুর্শিদাবাদ-উত্তর দিনাজপুরের সংখ্যালঘুপ্রধান এলাকায়।

যে কথাটায় আসতে চাইছি, তা হল প্রথম দফায় ভোটদানের শতাংশের হিসাব বাড়ার পর যে কথা বলার চেষ্টা হচ্ছে যে, রাজ্য জুড়ে প্রতিষ্ঠানবিরোধিতার হাওয়া উঠেছে, তার কোনো ভিত্তি নেই। এই নির্বাচন প্রকৃতপক্ষে এসআইআর সম্পর্কে গণভোট এবং বাম-কংগ্রেসের বাইনারি ভাঙার লড়াই।

আরো পড়ুন বাঃ! এসআইআর নিয়ে সংবাদমাধ্যমের মিথ্যাচার আমাদের বিনোদন

যাঁরা বিজেপির পক্ষে ভোট দিচ্ছেন বা দেবেন, তাঁরা আসলে এই এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করেন। তাঁরা বিজেপির বাংলাদেশি-রোহিঙ্গা-অনুপ্রবেশকারী ভাষ্যে বিশ্বাস করেন। তাঁরা মনে করেন, বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়কে ‘ঠান্ডা’ করে দেবে। তাঁদের ধারণা, বিজেপির বদান্যতায় নির্বাচন কমিশন সব সঠিক পদক্ষেপ নিয়েছে। বিজেপির একেবারে নিজস্ব ভোটার, যাঁরা ওই দলের আদর্শে বিশ্বাস রাখেন, তাঁরা মনে করছেন যে নবান্নে বিজেপি নেতারা গিয়ে বসলেই মোদী-অমিত শাহ-মোহন ভাগবতের স্বপ্নের হিন্দুরাষ্ট্র বাস্তবায়িত হয়ে যাবে। এই সমস্ত ধারণাই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ইস্যু। খুব অল্পসংখ্যক মানুষ হয়ত সত্যিই বিশ্বাস করেন যে, ডবল ইঞ্জিন সরকার তৈরি হলেই সারা পশ্চিমবঙ্গ কলকারখানায় ছেয়ে যাবে, বা ভিনরাজ্য থেকে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এই রাজ্যে কাজ করতে ফিরে আসবে। আর একটা অংশ আছে, যাঁরা বিজেপির স্থানীয় বিধায়কের কাজে সন্তুষ্ট, তাঁরাও বিজেপিকে আবার ভোট দেবেন।

এসআইআরে যাঁরা হয়রানির শিকার হয়েছেন, তাঁরা যদি সেই হয়রানি মাথায় রাখেন, তাহলে তাঁদের ভোট তৃণমূলের পক্ষেই যাবে। শেষমেশ হাল ছেড়ে দিলেও, প্রথম থেকে তৃণমূল কংগ্রেস বা মমতাই কিন্তু এসআইআরের সর্বাত্মক বিরোধিতা করে গেছেন। এরকম প্রক্রিয়ায় একটা রাজ্যের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ভোটারদের নাম বেশি বাদ যাওয়াই স্বাভাবিক। কিন্তু সংখ্যালঘুপ্রধান জেলাগুলোতেই যখন তুলনামূলকভাবে বেশি নাম বাদ যায় বা পুরো প্রক্রিয়ার শুরুতেই তাঁদের নিশানা করা হয়, তখন সেই সম্প্রদায়ের মানুষজনই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। সংবাদমাধ্যমের ও সোশাল মিডিয়ার বিভিন্ন রিপোর্ট, সবর ইনস্টিটিউটের সমীক্ষা— সবেতেই কিন্তু সেই ছবি স্পষ্ট হয়েছে বারবার। সুতরাং সংখ্যালঘু সম্প্রদায়ের যে অংশের মানুষ তৃণমূলকে ভোট দেবেন, তাঁরা এসআইআর প্রক্রিয়াকে মাথায় রেখেই দেবেন। হ্যাঁ, তৃণমূল কর্মীদের একটা অংশ অবশ্যই নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে চাইবেন। তৃণমূল ক্ষমতায় থাকলে তাঁদের লাভ।

মোট কথা, তৃণমূলকে ভোট দেওয়া মানেই প্রকারান্তরে সরকারকে সমর্থন। যাঁরা তৃণমূলকে ভোট দেবেন তাঁরা যদি সরকারের কাজ দেখে ভোট দেওয়ার কথা ভাবেন, তাহলে তৃণমূলকে ভোট দেওয়ার কথাই নয়। আর বিজেপি এলেই মাছ-মাংস বন্ধ করে সাত্ত্বিক আহার করতে হবে— এই ভয় যাঁরা পাচ্ছেন, তাঁরা তৃণমূলকেই শক্তিশালী পক্ষ হিসাবে বেছে নিচ্ছেন। এঁদের মধ্যে অনেকে অবশ্য বামেদের দিকেও ঝুঁকতে পারেন।

এই পরিস্থিতির মধ্যে বামেরা এবং কংগ্রেস নিজেদের হারিয়ে যাওয়া ভোট পুনরুদ্ধার করে তৃণমূল-বিজেপির বাইনারি ভাঙার চেষ্টা করবে। বামেরা আসন পাবে কিনা তা এখনই হলফ করে বলার সময় আসেনি। কিন্তু নিজেদের ভোট শতাংশ বাড়িয়ে নিলেও এবং কয়েকটি আসনে দ্বিতীয় স্থানে উঠে এলেও, তাঁদের মনোবল বাড়বে। সেই মনোবল পরের নির্বাচন পর্যন্ত ধরে রাখতে পারবেন কিনা, তা সম্পূর্ণ নির্ভর করবে বাম নেতৃত্বের উপর। অন্যদিকে রাহুল গান্ধী শুধুমাত্র উত্তরবঙ্গে নিজেকে সীমাবদ্ধ না রেখে খোদ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সভা করেই ক্ষান্ত থাকেননি। তিনি সরাসরি তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন এবং নিজের দলকে বিজেপির একমাত্র সাচ্চা প্রতিপক্ষ হিসাবে তুলে ধরেছেন। তাতে কংগ্রেসের ভোট কতটা বাড়বে তা ফলাফলের দিন জানা যাবে, তবে একথা পরিষ্কার যে তাঁর লক্ষ্য তৃণমূলের ভোট কংগ্রেসের দিকে টানা।

পশ্চিমবঙ্গের ভোটাররা ১৯৭৭ সালের পর থেকে কখনোই বিভক্ত জনাদেশ দেননি। তাঁরা বরাবরই যে পক্ষকে বেছে নিয়েছেন, সে পক্ষকে সংখ্যাগরিষ্ঠ আসনের অনেক বেশিই দিয়েছেন। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না। ৪ মে ফলাফল যা-ই হোক না কেন, এই ফলকে সরকারবিরোধী বা সরকারের পক্ষের জনাদেশের থেকে বেশি করে এসআইআর সম্পর্কে গণভোট হিসাবেই দেখতে হবে। তার মাঝে শুধু বাম-কংগ্রেসের বাইনারি ভাঙার লড়াই।

মতামত ব্যক্তিগত

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.