ভারতের সংসদীয় রাজনীতিতে দীর্ঘ ২৭ বছরের প্রতীক্ষার পর ২০২৩ সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম বা ১০৬তম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছে। কিন্তু এই আইনের বাস্তবায়ন পদ্ধতি এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা নিয়ে বর্তমানে গভীর বিতর্ক দানা বেঁধেছে। একদিকে লিঙ্গসাম্যের প্রতিশ্রুতি, অন্যদিকে রাজনৈতিক জটিলতা— এই দুয়ের মাঝে দাঁড়িয়ে রয়েছে ভারতের নারীশক্তির রাজনৈতিক ভবিষ্যৎ।
মহিলা সংরক্ষণের দাবিটি দীর্ঘ কয়েক দশকের লড়াইয়ের ফসল। ১৯৯০-এর দশকে প্রথমবার সংসদে এই বিল আনার চেষ্টা করা হয়েছিল। ১৯৯৬ সালে এইচ ডি দেবগৌড়ার সরকার প্রথম ৮১তম সংবিধান সংশোধনী বিল হিসাবে এটি পেশ করে। এরপর ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০৮ সালে বিভিন্ন সরকারের আমলে বিলটি উত্থাপন করা হলেও রাজনৈতিক ঐকমত্যের অভাবে তা আইনে পরিণত হতে পারেনি। অবশ্য ১৯৯৩ সালে ৭৩তম ও ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ও পৌরসভায় মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষিত হয়, যা সংসদীয় স্তরেও সংরক্ষণের দাবিকে জোরালো করে। যদিও পঞ্চায়েত স্তরে মহিলাদের আসন সংরক্ষণের পরেও, রাজনীতিতে তথা উন্নয়ন পরিকল্পনা রূপায়ণে সক্রিয় অংশগ্রহণ করার জন্য মহিলাদের লড়তে হয়েছে ঘরে ও বাইরে, এবং সেই লড়াই এখনো ফুরায়নি; তবুও আসন সংরক্ষণ যে তাদের রাজনৈতিক ক্ষমতায়নের পথকে সুগম করেছে তা অনস্বীকার্য।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
এই প্রেক্ষাপটে সংসদে ও বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের দাবিকে অস্বীকার করা রাজনৈতিক দলগুলির পক্ষে কঠিন হয়ে পড়ে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ভারতের সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হয়। বিশেষ অধিবেশন চলাকালীন ১৯ সেপ্টেম্বর লোকসভায় এবং ২১ সেপ্টেম্বর রাজ্যসভায় নারী শক্তি বন্দন অধিনিয়ম (১২৮তম সংবিধান সংশোধনী বিল) বিপুল ভোটে পাশ হয়। ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে সই করেন, ফলে এটি ১০৬তম সংবিধান সংশোধনী আইন হিসাবে স্বীকৃতি পায়। এই আইনের মাধ্যমে লোকসভা, রাজ্য বিধানসভা এবং দিল্লি বিধানসভায় মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষিত থাকবে। এর মধ্যে তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য উপসংরক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।
আইনটি পাশ হলেও এর সুফল পেতে কিছুটা সময় লাগবে, এরকমই স্থির হয়। এই আইনের প্রয়োগ নির্ভর করছে ২০২৩ পরবর্তী আদমশুমারি এবং তার ভিত্তিতে হওয়া নির্বাচন কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বা ‘ডিলিমিটেশন’ প্রক্রিয়ার উপর। তাই ২০২৪ সালের সাধারণ নির্বাচনে এটি কার্যকর করা সম্ভব হয়নি। প্রত্যাশা ছিল, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে কার্যকর হবে। এখানে উল্লেখ্য যে আইনটি আপাতত ১৫ বছরের জন্য বলবৎ করা হয়েছে, তবে সংসদ চাইলে এর মেয়াদ পরবর্তীকালে বাড়াতে পারবে।
এ পর্যন্ত ঠিকই চলছিল, যেমন চলে। অর্থাৎ একদিকে মহিলাদের জন্য আসন সংরক্ষণের নামে রাজনীতি ও অন্যদিকে নির্বাচনী রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য রাজনৈতিক দলগুলির বিন্দুমাত্র পদক্ষেপ না নেওয়ার যে চিরাচরিত বন্দোবস্ত, তা দিব্যি কায়েম ছিল। এককথায়, রাজনৈতিক দলগুলির মহিলাদের প্রার্থী করার ব্যাপারে বিশেষ সদিচ্ছা দেখা যায়নি। কাজে ও কথায় এই বৈপরীত্য অবশ্য বর্তমানের সংসদীয় রাজনীতিতে একটি সাধারণ বিষয়। এই প্রসঙ্গে কিছু তথ্য উল্লেখ করলে বিষয়টি স্পষ্ট হবে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ সারা দেশে বর্তমান লোকসভা ও রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মোট ৫১,৭০৮ জন প্রার্থীর তথ্য বিশ্লেষণ করেছে। তাদের মধ্যে মাত্র ৫,০৯৫ জন (১০%) মহিলা প্রার্থী। এই বিশ্লেষণের মধ্যে রয়েছে ভারতের ৫৪৩ জন সাংসদ এবং ৪,১২৩ জন বিধায়কের বিশ্লেষিত তথ্য। সারা দেশে মোট ৪,৬৬৬ জন সাংসদ ও বিধায়কের মধ্যে মাত্র ৪৬৪ জন (১০%) মহিলা।
মহিলা প্রার্থী ও মহিলা সাংসদ ও বিধায়কদের তথ্যের বিশ্লেষণ
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিশ্লেষণ করা হয়েছে এমন মোট ৮,৩৬০ জন প্রার্থীর মধ্যে মাত্র ৮০০ জন (৯.৬%) মহিলা প্রার্থী ছিলেন। মোট ৫৪৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৫২টি (২৮%) কেন্দ্রে একজনও মহিলা প্রার্থী ছিলেন না। জাতীয় দলগুলির মধ্যে বিজেপির মহিলা প্রার্থীর হার সর্বাধিক ১৬%, তারপর জাতীয় কংগ্রেস এবং সিপিএম দলে মহিলা প্রার্থীর হার ১৩% করে, বিএসপির ৮%। অন্যদিকে জাতীয় দলের খেতাব হারানো তৃণমূল কংগ্রেস ২০২৪ নির্বাচনে ৪০.৫% মহিলা প্রার্থী দেয়। বিয়াল্লিশটি আসনের মধ্যে ১৭টি আসনে তাদের মহিলা প্রার্থী ছিল এবং এঁদের মধ্যে ১১ জন জয়ী হয়েছিলেন। ১৮তম লোকসভায় মোট ৫৪৩ জন সাংসদের মধ্যে ৭৪ জন (১৪%) মহিলা সাংসদ রয়েছেন। এই হার গত লোকসভার তুলনায় সামান্য বেশি, কিন্তু বলাই বাহুল্য, ৩৩ শতাংশের ধারে কাছে নয়।
প্রায়শই রাজনৈতিক দলগুলি বলে থাকে, পুরুষ প্রার্থীদের জয়ের সম্ভাবনা বেশি। এডিআর-এর বিশ্লেষণে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এর উল্টো চিত্রই ধরা পড়েছে। পুরুষ প্রার্থীদের তুলনায় মহিলা প্রার্থীদের জয়ের হার শতাংশের হিসাবে বেশি। আটশো জন মহিলা প্রার্থীর মধ্যে ৭৪ জন (৯%) নির্বাচিত হয়েছেন, অন্যদিকে ৭,৫৫৪ জন পুরুষ প্রার্থীর মধ্যে ৪৬৯ জন (৬%) নির্বাচিত হয়েছেন। এছাড়া তৃতীয় লিঙ্গের ছজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে কেউই নির্বাচিত হননি।
এবার সারা দেশের বিধানসভার চিত্র দেখা যাক। সারা দেশের মোট ৪,১২৩ জন বিধায়কের মধ্যে ৩৯০ জন (৯%) মহিলা বিধায়ক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভাগুলির মধ্যে উত্তরপ্রদেশে সর্বাধিক ৪৭ জন মহিলা বিধায়ক রয়েছেন। এরপর পশ্চিমবঙ্গে ৪০ জন, বিহারে ২৯ জন এবং মধ্যপ্রদেশে ২৭ জন মহিলা বিধায়ক। রাজনৈতিক দলগুলির মধ্যে বিজেপির মহিলা বিধায়কের সংখ্যা সর্বাধিক ১৬৩ জন, তারপরে জাতীয় কংগ্রেসে ৫৯ জন এবং তৃণমূল কংগ্রেসে ৩৪ জন।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা নির্বাচনে অবশ্য মহিলাদের তুলনায় পুরুষ প্রার্থীদের জয়ের হার শতাংশের হিসাবে বেশি। মোট ৩৯,০৩৩ জন পুরুষ প্রার্থীর মধ্যে ৩,৭৩৩ জন (১০%) নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ৪,২৯৫ জন মহিলা প্রার্থীর মধ্যে ৩৯০ জন (৯%) নির্বাচিত হয়েছেন। এছাড়া তৃতীয় লিঙ্গের ২০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কেউই নির্বাচিত হননি।
এবছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও মহিলা প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বৈষম্য থেকেই গেছে। মোট ২,৯৬২ জন প্রার্থীর মধ্যে মাত্র ৩৮৫ জন (১৩%) মহিলা।
নীতি নির্ধারণে মহিলাদের অপর্যাপ্ত উপস্থিতি
এর পাশাপাশি আমরা দেখছি, রাজনৈতিক দলগুলির নীতি নির্ধারণ কমিটি বা উচ্চ পদেও পুরুষদের আধিপত্য। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি POSH (Prevention of Sexual Harassment At Workplace) আইন রাজনৈতিক দলগুলির অন্দরমহলে ব্রাত্য। তারা নিজেদের ‘কর্মক্ষেত্র’ (workplace) হিসাবে স্বীকার করতে নারাজ। সম্প্রতি আদালতও জানিয়েছে যে, দলগুলির অভ্যন্তরে POSH ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি (আইসিসি) গঠন বাধ্যতামূলক করার ব্যাপারে আইনি সীমাবদ্ধতা রয়েছে। কারণ সেখানে প্রথাগত নিয়োগকর্তা-কর্মী সম্পর্ক নেই। অথচ বাস্তবে বারবার মহিলা সদস্যদের দলের ভিতরেই হয়রানির শিকার হওয়ার খবর প্রকাশ্যে আসে। তবুও রাজনৈতিক দলের মহিলা কর্মীরা এই নির্দিষ্ট আইনি সুরক্ষা পান না।
এছাড়াও সামগ্রিক প্রেক্ষাপট বোঝার জন্য জানা দরকার, যেসব পুরুষ জনপ্রতিনিধি রয়েছেন বা বিভিন্ন সময়ে যেসব পুরুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নারী সুরক্ষার নিরিখে তাঁদের কীর্তিকলাপ কীরকম। এডিআর এ নিয়েও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতের আইনসভায় এমন অনেক জনপ্রতিনিধি রয়েছেন, যাঁদের বিরুদ্ধে নারীদের উপর হিংসা চালানোর অভিযোগ রয়েছে। এডিআরের ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশের মোট ১৫১ জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের মামলা রয়েছে। এর মধ্যে ১৬ জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের মামলা চলছে। এই তালিকায় শীর্ষে রয়েছে বিজেপি (৫৪ জন), এরপর কংগ্রেস (২৩ জন) ও তেলুগু দেশম পার্টি (১৭ জন)।
এই হচ্ছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজের রাজনৈতিক প্রাঙ্গণের ছবি। এই বৈষম্য দূর করতে এবং সমস্ত রাজনীতিবিদকে মহিলা সুরক্ষা তথা ক্ষমতায়নের অভিমুখে দায়বদ্ধ করতে, ১০৬তম সংশোধনের মাধ্যমে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণের গুরুত্ব অনেক। অথচ এই আইন বাস্তবায়নের জন্য যে রাজনৈতিক সদিচ্ছা দরকার, তার অভাব সব রাজনৈতিক দলেই কমবেশি দৃশ্যমান। বরং মহিলাদের আসন সংরক্ষণের বিষয়টিকে সামনে রেখে অন্য চাল দেওয়ার আগ্রহ বেশি। সেই প্রবণতাই প্রকাশ পেল ১৭ এপ্রিল। মহিলা সংরক্ষণ আইনের দ্রুত রূপায়ণের নাম করে নানা রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীনই লোকসভায় পেশ করা হল ১৩১তম সংবিধান সংশোধনী বিল। এই বিলটি অবশ্য শেষপর্যন্ত প্রয়োজনীয় গরিষ্ঠতার অভাবে পাশ হয়নি।
মহিলাদের ঘাড়ে বন্দুক রেখে ‘ডিলিমিটেশন’
এই বিলে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা ৫৫০ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তার মধ্যে ৮১৫টি আসন রাজ্যগুলির জন্য এবং ৩৫টি আসন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দ ছিল। ২০২৩ সালের ১০৬তম সংশোধনী আইন অনুযায়ী, মহিলাদের ৩৩% সংরক্ষণের ব্যবস্থা ২০২৭ সালের পরবর্তী জনগণনা ও সীমানা পুনর্নির্ধারণের সঙ্গে যুক্ত ছিল। অথচ ১৩১তম সংশোধনীর প্রস্তাবে সেই শর্ত তুলে দিয়ে ২০১১ সালের জনগণনার ভিত্তিতেই সীমানা পুনর্নির্ধারণ করে ২০২৯ সালের সাধারণ নির্বাচনের মধ্যে নারী সংরক্ষণ চালু করার কথা বলা হয়েছে। বলাই বাহুল্য, এই বিলটির মুখ্য উদ্দেশ্য ছিল আগামী জনগণনা এড়িয়ে, সীমানা পুনর্নির্ধারণ তড়িঘড়ি কার্যকরী করা। মহিলাদের আসন সংরক্ষণের দ্রুত বাস্তবায়ন স্রেফ অজুহাত। যদি ৩৩% আসন সংরক্ষণ অবিলম্বে কার্যকরী করাই বিলের আসল উদ্দেশ্য হয়, তাহলে সরকারকে সীমানা পুনর্নির্ধারণের জন্য অপেক্ষা করতে হবে কেন? ২০২৩ সালের আইন অনুযায়ীই কেন বর্তমানের ৫৪৩টি আসনের ১৮১টি মহিলাদের জন্য সংরক্ষণ করা যাচ্ছে না? এ প্রশ্নের কোনো সদুত্তর নেই। কেন রাজনৈতিক দলগুলি এখনকার নির্বাচনগুলিতেই অন্তত ৩৩% মহিলা প্রার্থীকে টিকিট দিচ্ছে না (দু-একটি ব্যতিক্রম ছাড়া)? এরও সন্তোষজনক উত্তর নেই। কেন প্রায় সব প্রধান রাজনৈতিক দল এমন পুরুষ প্রার্থীদের টিকিট দিয়েছে, যাদের বিরুদ্ধে মহিলাদের প্রতি অপরাধের মামলা চলছে? আমাদের রাজ্যের চলতি বিধানসভা নির্বাচনেও ১৯২ জন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এইরকম মামলা আছে, আটজনের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলা। দলগতভাবে চিত্রটি সরেস। বিজেপির ৭৭ জন, তৃণমূলের ২১ জন, সিপিএমের ২২ জন এবং জাতীয় কংগ্রেসের ১৪ জন এমন প্রার্থী এবার ভোটের ময়দানে আছেন, যাঁরা মহিলাদের প্রতি অপরাধে অভিযুক্ত।
আরো পড়ুন ব্রিজভূষণ বেকসুর: শুধু নারী নয়, বিপদে নির্যাতনবিরোধী আইনগুলোও
ডিলিটেশনের রাজনীতিটিও বোঝা দরকার, কারণ ১৩১তম সংশোধনী প্রস্তাবের ওইটিই সার কথা। এই ইস্যুতে স্বভাবতই দক্ষিণ ভারতের রাজ্যগুলি এবং বিজেপিবিরোধী দলগুলি এই বিলের বিরোধিতা করেছে। তারা আশঙ্কা প্রকাশ করেছে যে, বর্তমান জনসংখ্যার ভিত্তিতে আসন বৃদ্ধি করলে উত্তর ভারতের রাজ্যগুলির আসন অনেক বেড়ে যাবে এবং যারা সফলভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, সেই দক্ষিণ ভারতের রাজ্যগুলির এবং পশ্চিমবঙ্গের মত রাজ্যের রাজনৈতিক গুরুত্ব কমে যাবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই বিলকে দক্ষিণী রাজ্যগুলির পক্ষে ‘শাস্তি’ বলে অভিহিত করেন। ২০২৬-২৭ সালের নতুন জনগণনা চলাকালীন কেন তড়িঘড়ি ২০১১ সালের পুরনো তথ্যের ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধীদের মতে, ১৩১তম সংশোধনী বিল কোনো মহিলা ক্ষমতায়ন বিল নয়, বরং ভারতের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার রাজনৈতিক ষড়যন্ত্র। মহিলাদের সংরক্ষণের সঙ্গে ডিলিমিটেশনকে যুক্ত করে সরকার আসলে আসনসংখ্যা বাড়ানোর বিতর্কিত বিষয়টি আড়ালে রাখতে চেয়েছে। এছাড়া বিলটি পাশ করে শাসক দলের মহিলা-দরদি ভাবমূর্তি তৈরি করার একটা প্রচেষ্টাও রয়েছে, বিশেষ করে যখন বেশকিছু রাজ্যে চলছে নির্বাচন। মহিলাদের জন্য আসন সংরক্ষণের সঙ্গে ডিলিমিটেশনের শর্ত জুড়ে দিয়ে তাৎক্ষণিক কোনো রাজনৈতিক ঝুঁকি না নেওয়ার (যেমন শাসক দলের প্রভাবশালী পুরুষ নেতাদের টিকিট হারানো) রাজনৈতিক চালটিও বোঝা কঠিন নয়।
এখন প্রশ্ন একটাই। রাজনৈতিক দলগুলি মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিষয়টিকে শুধুমাত্র নির্বাচনী রাজনীতির তুরুপের তাস হিসাবেই ব্যবহার করবে, নাকি সত্যিকারের রাজনৈতিক সদিচ্ছা দেখিয়ে দ্রুত আসন সংরক্ষণ করবে? শুধু আসন সংরক্ষণ করলেই তো হবে না, রাজনৈতিক দলগুলির নিজস্ব কর্মপদ্ধতি ও ব্যবস্থাপনায় যে চরম পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণ, সে বৈষম্য দূর করে দলের ভিতরে ও বাইরে মহিলাদের জন্য সমমর্যাদার ও ক্ষমতার পরিবেশ প্রতিষ্ঠা করতে তারা কি আদৌ ইচ্ছুক? তা যদি হয়, তাহলে মহিলা সংরক্ষণ আইন পাশ হয়ে গিয়ে থাকলেও দলগুলির প্রার্থী তালিকায় তার প্রতিফলন এখনো দেখা যায় না কেন? কেন এখনো এমন পুরুষ প্রার্থীরা মনোনয়ন পান, যাঁদের বিরুদ্ধে রয়েছে মহিলাদের প্রতি করা নানা অপরাধের মামলা, এমনকি ধর্ষণের মামলা?
এই সত্য স্মরণ করে শেষ করি যে, কোনো রাজনৈতিক দলের প্রধান মুখ নারী হলেই দলটি পুরুষতান্ত্রিক বৈষম্যের ঊর্ধ্বে অবস্থান করে না। পুরুষতন্ত্র এমন এক চিন্তাধারা, যা পুরুষদের মত বহু মহিলাও সযত্নে লালন পালন করেন এবং বিশ্বাস করেন। কাজেই রাজনৈতিক পরিসরে মহিলাদের সমানাধিকার প্রতিষ্ঠার বিষয়টি প্রতীকী নয়, বিচ্ছিন্ন নয়; বরং বৃহত্তর সমাজের নারীর সাম্য ও সম্মান অর্জনের আন্দোলনের সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্ক। এইজন্যই শুধু মহিলা রাজনীতিবিদ নয়,সমস্ত মহিলার নিজের আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কে জানা এবং সেই অধিকার অর্জনের দাবি তোলা দরকার।
মহিলা সংরক্ষণ আইন কেবল একটি সংখ্যাগত পরিবর্তন নয়, এটি এক সামাজিক বিপ্লবের ডাক। তবে যতক্ষণ না রাজনৈতিক দলগুলি নিজেদের ভিতর থেকে সংস্কার শুরু করছে এবং যতক্ষণ না জনগণ এইসব দল ও নেতাদের কাছ থেকে জবাবদিহি আদায় করতে পারছে, ততক্ষণ শুধু আইনের কাগজ দিয়ে নারীর ক্ষমতায়ন অসম্ভব।
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







