সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম পঞ্চায়েত লাহিরপুর। আগে প্রধান ছিলেন বিজেপির, দলবদল করে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। মূলত তাঁর পঞ্চায়েতের উদ্যোগে দলে দলে মানুষ ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের জন্য ছুটছেন। এই খবর প্রকাশিত হয়েছিল একটি সংবাদপত্রে। সেই খবরে বলা হয়েছিল যে বিভিন্ন বেসরকারি কেন্দ্রে এই কাজ চলছে। মানুষ লাইন দিয়ে সকাল থেকে নির্বাচন কমিশন প্রদত্ত ৬বি ফর্ম পূরণ করাচ্ছেন আর বেসরকারি কেন্দ্রগুলো এই কাজের জন্য কারোর কাছ থেকে ৫০, কারোর কাছ থেকে ১০০ করে টাকা নিচ্ছে। মানুষের মনে কীভাবে যেন একটা ভয় ঢুকেছে যে এই আধার এবং ভোটার সংযুক্তির কাজটা না হলে তাঁর ভোটাধিকার চলে যাবে। ভোটাধিকার চলে গেলে তিনি নাগরিকত্ব হারাবেন। এইরকম আরও উদাহরণ হয়ত দেশের এবং রাজ্যের নানা প্রান্তে পাওয়া যাবে, কিন্তু কেউ একটা সাধারণ কথা বলে না। একটা ভোটার কার্ডের সঙ্গে নাগরিকত্বের প্রশ্ন জড়িত, আধারের সঙ্গে কখনোই নয়। আজ মহারাষ্ট্র এবং দিল্লির বিধানসভা নির্বাচনের পরে মনে হচ্ছে, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিই আসলে ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া।
দেশের সর্বোচ্চ আদালতের আধার সংক্রান্ত রায়ের পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলেছিলেন, কোনোকিছুর সঙ্গেই আধার সংযুক্তির প্রয়োজন নেই। তিনি তাঁর মোবাইল ফোনের সঙ্গে আধার সংযোগ করাননি এবং করাবেনও না। কিন্তু তারপর যখন তিনি স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প নিয়ে আসেন, প্রত্যেকটার জন্য মোবাইলের সঙ্গে আধারের সংযোগ করানোর কথা বলা হয়। যেদিন সংসদে আধার এবং ভোটার কার্ড সংযুক্তিকরণের বিল নিয়ে আসে কেন্দ্রীয় সরকার, সেদিন মমতার যুক্তি ছিল বহু মানুষের একাধিক ভোটার কার্ড আছে, বহু ভুয়ো ভোটার কার্ড আছে। তাই তৃণমূলের তরফ থেকে এই প্রস্তাবের বিরোধিতা করা হয়েছিল সংসদে। বলা হয়েছিল, এই আইনের ফলে বহু মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার থেকে বঞ্চিত হবেন। বহু সাংসদ সেদিন তেলেঙ্গানার উদাহরণ দিয়ে বলেছিলেন, সেই রাজ্যের নির্বাচনে যখন পাইলট প্রোজেক্ট হিসাবে আধার কার্ড আর ভোটার কার্ড সংযুক্ত করানোর প্রক্রিয়া চালানো হয়, তখন দেখা যায় ২০১৭ থেকে ২০১৮ – এই এক বছরে প্রায় ২২ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল। দেখা গিয়েছিল, প্রধানত মুসলমান ভোটারদের নামই বাদ পড়েছে। সেই নির্বাচনের সময়ে সোশাল মিডিয়ায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল ‘আমার ভোট কোথায়?’ পরে তথ্য জানার অধিকার আইন অনুযায়ী আবেদন করে জানা যায়, আধার এবং ভোটার সংযুক্তিকরণ প্রক্রিয়ায় কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছিল। তেলেঙ্গানার মুখ্য নির্বাচন কমিশনার অবধি এই ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছিলেন।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
তেলেঙ্গানার মত সারা দেশে আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তি প্রথমে ঐচ্ছিক পরে বাধ্যতামূলক করা হলে বহু নাগরিক যে ভোটাধিকার হারাবেন না, তা কি হলফ করে বলা যায়? দেশের নির্বাচন কমিশন কিন্তু এখনো বলে চলেছে – আধার ও ভোটার কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়। যখন প্রথম আধার কার্ড চালু করা হয়েছিল ইউপিএ সরকারের আমলে, তখন বলা হয়েছিল যাঁদের কোনো সরকারি পরিচয়পত্র নেই, মূলত তাঁদের পরিচয়পত্র দেওয়ার জন্যেই আধার। সেই আধার দিয়ে যে প্রত্যেক নাগরিকের উপর নজরদারি চালানো হবে না এবং প্রযুক্তির সাহায্যে আসল ভোটারদের বাদ দেওয়া হবে না, তা কি জোর দিয়ে বলা যায়? যাঁরা একদিন সংসদে দাঁড়িয়ে ভুয়ো ভোটারের তালিকা ছুঁড়ে মেরেছিলেন তাঁদের কি দায়িত্ব নয় ভুয়ো ভোটার ধরার সঠিক পদ্ধতির জন্য সওয়াল করা? কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করার অর্থ সেই সরকারের নীতির ত্রুটি বিচ্যুতি দেখিয়ে দিয়ে সঠিক দিকনির্দেশ করা। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে সঠিক পথ দেখানোই তো গণতন্ত্রে বিরোধীদের কাজ।
নির্বাচনী কারচুপির জন্য ইভিএম দায়ী, নাকি অন্য কোনো প্রযুক্তি?
এবার আসা যাক কয়েকটা সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের প্রসঙ্গে। প্রথমেই একটা কথা বলে নেওয়া ভাল। আমরা যারা ভোটার হিসাবে নির্বাচনে অংশ নিই তারা তো বটেই, বেশিরভাগ রাজনীতিবিদও এখনো ভারতীয় নির্বাচন প্রক্রিয়ার সবটা বোঝেন না। ফলে নির্বাচনে পরাজিত হলে কী নিয়ে অভিযোগ করবেন, কার ঘাড়ে দোষ চাপাবেন সেটাই বুঝে উঠতে পারেন না। প্রথমে জনগণকে দোষারোপ করেন, তারপরে ইভিএমকে দোষ দেন, তারপর নিজের দলের সাংগঠনিক দুর্বলতার কথা বলেন। সমস্ত রাজনৈতিক দলই মোটামুটি এই পদ্ধতিই নেয়, ফলে শাসক দলেরও উত্তর দিতে সুবিধা হয়। যে কোনো দলের যে কোনো প্রার্থী বা সচেতন ভোটারকে যদি জিজ্ঞেস করা হয় – বুথে ইভিএম, ভিভিপ্যাট আর ব্যালট ইউনিট কীভাবে সাজানো থাকে? দেখা যাবে অনেকেই উত্তর দিতে পারছেন না। বেশ কয়েক বছর আগে দেশের সর্বোচ্চ আদালতে বিজেপির সুব্রহ্মণ্যম স্বামীর মামলার পরিপ্রেক্ষিতে যখন নির্বাচন কমিশন ভিভিপ্যাট মেশিনকে নির্বাচন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করেছিল, তখন থেকেই সমস্যার সূত্রপাত।
বুথের প্রিসাইডিং অফিসারের কাছে থাকে ব্যালট ইউনিট। তিনি একটা ব্যালট ইস্যু করেন। একজন ভোটার তারপর ইভিএমের বোতামে চাপ দেন পছন্দমত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। ওই ইভিএমের পরেই থাকে ভিভিপ্যাট মেশিল, যেখানে সাত সেকেন্ডের জন্য নির্বাচক দেখতে পান তিনি কাকে ভোট দিয়েছেন। তারপর ভোট কাউন্টিং ইউনিটে জমা পড়ে। যদি ইভিএমকে প্রভাবিত করা হয়েছে প্রমাণ করতে হয়, তাহলে বহু অনুমানভিত্তিক কথা বলতে হবে, যা বলা এই লেখার উদ্দেশ্য নয়। কিন্তু একটা কথা না বললেই নয়। ইভিএম নিয়ন্ত্রণ না করা গেলেও ভিভিপ্যাট নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ ভিভিপ্যাটের মধ্যে নির্বাচনী চিহ্নগুলোকে বাইরে থেকে কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে ঢোকানো হয়। ব্যাপারটা প্রাক্তন আমলা কান্নন গোপীনাথন খুব সহজ করে বুঝিয়েছেন। সাংবাদিক পুনম আগরওয়ালকে এ বিষয়ে এক সাক্ষাৎকারে কান্নন যা বলেছেন তা সবার শোনা উচিত।
নির্বাচন কমিশনের কাছে শুরুতে যে ধরনের ইভিএম ছিল তাতে একটাই আউটগোয়িং পোর্ট ছিল, যা থেকে ভোট কাউন্টিং ইউনিটে যেত। সুতরাং ভিভিপ্যাট লাগানো হলে সেই আউটগোয়িং পোর্ট থেকে আর কোনো সংযোগকারী কেবল বের করা যেত না। ২০১৩ সালে যখন প্রথম ভিভিপ্যাট চালু করার প্রস্তাব আসে তখনই এই সমস্যা সামনে আসে। তখন ঠিক হয়, ভিভিপ্যাট মেশিন ইভিএম এবং কাউন্টিং ইউনিটের মাঝে বসানো হবে। সেই পরিকল্পনামাফিক ইলেকট্রনিক্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল)-এর প্রযুক্তিবিদরা ভিভিপ্যাট মেশিন তৈরি, করেন যাতে একটি ইনকামিং পোর্ট এবং একটি আউটগোয়িং পোর্ট রাখা হয়। অর্থাৎ ইভিএম থেকে ভোট ভিভিপ্যাটে যাবে, সেখান থেকে কাউন্টিং ইউনিটে যাবে। এখানেই সমস্যা।
সেই থেকে সব নির্বাচনে এই পদ্ধতিই চলে আসছে। বিরোধীরা অনেকেই তারপর থেকে নানা সময়ে দাবি করেছে, ইভিএমের ভোট আর ভিভিপ্যাটের ভোট মিলিয়ে দেখা হোক। নির্বাচন কমিশন সেই দাবিতে আমল দেয়নি। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য করে সমস্ত ভিভিপ্যাট স্লিপ নির্দিষ্ট সময়ের আগে নষ্ট করে দেওয়ার অভিযোগও উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। নির্বাচন কমিশন বলেছিল, একেকটা বিধানসভার যে কোনো পাঁচ বুথের ইভিএম ও ভিভিপ্যাটের স্লিপ গোনা হবে। সেখানেও গণ্ডগোল চোখে পড়েছে। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে অন্ধ্রপ্রদেশের মাইদিকুর বিধানসভার ৬৩ নম্বর পোলিং বুথের ভিভিপ্যাট মেলানোর সময়ে দেখা গেছে ইভিএমের ভোটের সঙ্গে ১৪ খানা ভোটের তফাত আছে। বিরোধীরা বারবার দাবি করেছে ১০০% ভোট মিলিয়ে দেখা হোক। কিন্তু নির্বাচন কমিশন থেকে সুপ্রিম কোর্ট – সবাই সে আবেদন নাকচ করে দিয়েছে। তাদের একটাই বক্তব্য – ওই ভুল অনিচ্ছাকৃত। ভোটগ্রহণ শুরু করার আগে মক পোলিংয়ের সময়ে পড়া ভোট ডিলিট না করার কারণেই ফারাক হয়েছে। তাছাড়া ১০০% ভিভিপ্যাট গোনা আর ব্যালট ভোটে ফিরে যাওয়া সমান।
এত কথা বলা হলেও ইভিএম, ভিভিপ্যাট নিয়ে সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর আজও পাওয়া যায়নি। সুতরাং সন্দেহ না করে উপায় নেই।
ভোটার তালিকা থেকে বাদ যাওয়া এবং নতুন ভোটার অন্তর্ভুক্তি সংক্রান্ত অভিযোগ
বেশিরভাগ ভোটার জানেন না যে ইভিএমে ভোট নেওয়া হলে এবং তা গোনা হলে কোন ভোটার কাকে ভোট দিচ্ছেন তা মোটামুটি পরিষ্কার বোঝা যায়। যদিও নির্বাচন কমিশন বলে থাকে একজন ভোটার কাকে ভোট দিচ্ছেন তা গোপনীয়, কিন্তু আজকের দিয়ে এই তথ্য সহজলভ্য।
যে কোনো ভোটের ফল বেরোবার পর নির্বাচন কমিশন বেশকিছু কাগজপত্র রাজনৈতিক দলগুলোকে দেয়, যার অন্যতম হল ফর্ম ২০। ওই ফর্ম দেখলে বোঝা যায়, কোন বুথে কোন রাজনৈতিক দল কত ভোট পেয়েছে। যে রাজনৈতিক দলের সাংগঠনিক শক্তি যত বেশি, সে তত নিখুঁতভাবে বুঝতে পারবে কোন বুথে কোন কোন ব্যক্তি বা পরিবার তাদের ভোট দেননি। পরের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময়ে যদি কোনো দল চায়, নির্দিষ্টভাবে তাদের ভোট দেননি এমন ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করতে পারে। নির্বাচন কমিশনকে হাত করতে পারলে এই চেষ্টা সফল হওয়া সম্ভব।
এটা পড়ে হয়ত অনেকেই চমকে উঠবেন, কিন্তু মহারাষ্ট্র এবং দিল্লির বিধানসভা নির্বাচনে এমনটাই হয়েছে বলে অভিযোগ করছে বিরোধীরা। অনেকে হয়তো ভাবছেন – এটা কী করে সম্ভব? বুঝিয়ে বলা যাক। ভোটার তালিকা সংস্কার করার সময়ে দেখা যায় বহু আবেদনপত্র জমা পড়ে (ফর্ম ৭), যাতে বলা হয় যে ভোটার আগে ওই বুথে ভোট দিতেন, কিন্তু এখন আর ওখানে থাকেন না বা মারা গেছেন। তাই তাঁদের নাম যেন বাদ দেওয়া হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব কী? আবেদনগুলো খতিয়ে দেখে তারপর নাম বাদ দেওয়া অথবা রাখা। অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশন যাচাই না করেই প্রত্যেক আবেদনে সাড়া দিয়ে সব নাম ধরে ধরে বাদ দিয়েছে। এ বিষয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাঁর দলের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা সহ বহু আম আদমি পার্টি সমর্থক একাধিকবার প্রমাণ সহকারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান। কিন্তু কোনো সুরাহা হয়নি। শেষপর্যন্ত দেখা যায় শুধু কেজরিওয়ালের কেন্দ্রেই বাদ পড়েছে ৩৭,৫৪৮ জন ভোটারের নাম। ২০২০ সালের বিধানসভা থেকে ২০২৪ সালের সাধারণ নির্বাচন – এই সময়ে নাম বাদ গিয়েছিল ৩৯,৭৫৭ জনের, ২০২৪ সালের মে মাস এবং ২০২৫ সালের এই নির্বাচন – এইটুকু সময়ের মধ্যে যুক্ত হয়েছে ২,২০৯ জনের নাম। অর্থাৎ সব মিলিয়ে বাদ গেছেন ৩৭,৫৪৮ জন ভোটার। মানে ২০২০ সালে যাঁরা ভোট দিয়েছিলেন তাঁদের প্রতি চারজনের একজন বাদ পড়েছেন এবারের ভোটে। ২০২০ সালের নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল ২১,৫১৭ ভোটে জিতেছিলেন আর এবার পরাজিত হয়েছেন প্রায় ৩,০০০ ভোটে। এরকম আরও উদাহরণ পাওয়া গেছে দিল্লির নির্বাচনে। মনীশ সিসোদিয়ার কেন্দ্র থেকে শুরু করে আরও বহু কেন্দ্রেই এরকম ঘটেছে।
এর পাশাপাশি আরও একটা জিনিস এবারের দিল্লি নির্বাচনে লক্ষ করা গেছে। প্রচুর নতুন ভোটারের নাম নথিভুক্ত হয়েছে গত চার মাসে। সাত মাস আগের লোকসভা নির্বাচনের পর থেকে সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের মধ্যে ৩,৯৯,৩৬২ জন নতুন নাম যুক্ত হয়েছে ভোটার তালিকায়। মুন্দকা কেন্দ্রে দেখা গেছে, ২০২৪ সালের জুলাই মাস থেকে এই নির্বাচনের মধ্যে ১৭,৫৪৯ খানা নতুন নাম উঠেছে। নাম বাদ যাওয়ার পাশাপাশি যদি এই পরিমাণ নতুন ভোটার যুক্ত করতে পারে কোনো দল, তাহলে কি অন্য দলগুলোর প্রার্থীদের জেতার কোনো আশা থাকে? এ বিষয়েও কেজরিওয়াল সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, যে একেকজন বিজেপি সাংসদের বাড়ি থেকে আগে যেখানে চারজনের নাম ছিল, সেই ঠিকানা থেকেই এবার ৩০-৪০ জনের নাম ঢোকানো হয়েছে ফর্ম ৬ দাখিল করে। নির্বাচন কমিশন এই অভিযোগেও আমল দেয়নি।
দিল্লি নির্বাচনের ফল বেরোবার আগের দিন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী, শিবসেনার সঞ্জয় রাউত আর এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে এক যৌথ সাংবাদিক সম্মেলনে মহারাষ্ট্র নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগ করার সময়ে বলেন, গত লোকসভা নির্বাচন থেকে বিধানসভা নির্বাচনের মধ্যে ৪০ লক্ষ নতুন ভোটার ঢোকানো হয়েছে। ওই সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেন, যে আধার দেখিয়ে মহারাষ্ট্রে ভোটারদের ঢোকানো হয়েছে, সেই আধার দেখিয়েই দিল্লিতে নতুন ভোটার ঢোকানো হয়েছে।
সঞ্জয় ব্যাপারটা ধরে ফেলেছেন, তবে সবটা নয়। আসলে আজ অবধি ভুয়ো ভোটার, ভুয়ো পাসপোর্ট নিয়ে যত কথা হয়েছে, তত কথা আধারের তথ্যভাণ্ডার নিয়ে হয়নি। অথচ এমন বহু খবর পাওয়া গেছে যে ভুয়ো আধার তৈরি করে, সেটাকেই প্রাথমিক পরিচয়পত্র বানিয়ে পাসপোর্ট তৈরি করা হয়েছে। ভোটার তালিকায় নাম তোলার অভিযোগও উঠেছে। মহারাষ্ট্রে দেখা গেছে, কংগ্রেস লোকসভায় বিভিন্ন বিধানসভায় যা ভোট পেয়েছিল প্রায় একই পরিমাণ ভোট পেলেও বিজেপির ভোট বেড়ে গেছে ঠিক সেই পরিমাণ, যে পরিমাণ ভোটার বেড়েছে। ফলে বিজেপি জিতেছে।
অনেকে বলতে পারেন, আধার দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলায় অন্যায় কী? এখানেই আসল মজা।
একটা আধার যদি দেখা যায়, তাহলে দেখা যাবে সেখানে ১৬ অঙ্কের একটা সংখ্যা থাকে। সঙ্গে থাকে জন্মতারিখ, ঠিকানা আর ছবি। এখন যদি কোনো ব্যক্তি এক ঠিকানায় একটা ভুয়ো আধার তৈরি করেন এবং তাতে ওই সংখ্যা রেখে ছবিটা বদলে নিজের ছবি লাগিয়ে নেন, তাহলে কিউআর কোড স্ক্যান না করে কারোর পক্ষে কি বোঝা সম্ভব, ওই আধার আসল না ভুয়ো? ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আধারকে যদি প্রাথমিক পরিচয়পত্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে কী পরিমাণ ভুয়ো ভোটার যুক্ত করা সম্ভব, তা কি বলে বোঝাতে হবে?
আরো পড়ুন কাশ্মীর আর মণিপুরের হাল দেখে বাঙালির শিউরে ওঠা উচিত
উল্লেখ্য, ২০১৯ সালের নির্বাচনের আগে নির্বাচন কমিশন বলেছিল যে আরও ১৩ খানা পরিচয়পত্রের সঙ্গে আধার দেখিয়েও ভোট দেওয়া যাবে। অথচ আধার কর্তৃপক্ষ বা ইউআইডিএআই বলে থাকে, আধার ঠিকানার প্রমাণপত্র নয়, জন্মতারিখের প্রমাণপত্র নয়, এমনকি নাগরিকত্বের প্রমাণপত্রও নয়। আধার একজন সাধারণ উপভোক্তাকে চেনার উপকরণ ছাড়া আর কিছুই নয়। সেই আধার দেখিয়ে যদি ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা হয় এবং সেই আধার দেখিয়ে যদি নাম নথিভুক্ত করানো যায়, তার ফল যে মহারাষ্ট্র এবং দিল্লি নির্বাচনের মত হবে তা বলাই বাহুল্য।
তাহলে কী করণীয়?
আদালতের দরজায় কড়া নাড়লেই কি এই সমস্যার সমাধান হবে? গোটা দেশের বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠে গেছে। অতএব ও নিয়ে আশা না করাই ভাল। তাহলে কী করণীয়? শুধুমাত্র সাংবাদিক সম্মেলন করা, নাকি আরও কিছু করার আছে?
প্রাথমিকভাবে বুথ স্তরের সংগঠন জোরদার হলে বুথ স্তরে কারোর ভোটার বাদ যাচ্ছে কিনা তার উপর কড়া নজর রাখতে হবে। নতুন ভোটার হিসাবে কাদের নাম ঢোকানো হচ্ছে তা খেয়াল রাখতে হবে। আদৌ তাঁরা আসল ভোটার না ভুয়ো ভোটার, সেদিকে নজর রাখতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশনকে চাপ দিতে হবে – আধার দিয়ে ভোটার অন্তর্ভুক্তি করার নিয়ম বাতিল করো। রাস্তায় নেমে মানুষকে সচেতন করে এই বিষয়ে সমস্ত বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে যদি আন্দোলন না করে, তাহলে আজ মহারাষ্ট্র এবং দিল্লির নির্বাচনে বিজেপি জিতেছে, আগামীদিনে বিহার এবং বাংলাতেও একইভাবে জিততে পারে।
আসলে বিজেপির এই কৌশল বিরোধীরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। যে আধার কংগ্রেস এনেছিল, সেই আধার আজ বুমেরাং হয়ে বিরোধীদের দিকে ফিরে এসেছে। যাঁরা মনে করেন আধারই একমাত্র ভরসা, তাঁদের জন্য ভবিষ্যতে যা অপেক্ষা করছে তা রাশিয়ার ভ্লাদিমির পুতিনের মত গণতন্ত্র কিনা, তা সময় বলবে।
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







