বদলের হাওয়ায় ভেসে এসেছিল পশ্চিমবঙ্গের বর্তমান সরকার। ক্ষমতাসীন তৎকালীন বামফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল – তিন দশকের বেশি সময় জুড়ে রাজত্ব করতে গিয়ে তারা নাকি হয়ে উঠেছিল দুর্নীতিপরায়ণ, ক্ষমতার অপব্যবহারে পারদর্শী এবং প্রশাসনিক কাজে অযোগ্য। প্রায় ১৪ বছর পর সেই একই অভিযোগের তির এবার মমতা সরকারের দিকে উড়ে আসছে। ২০২৪ সাল শুরু হয়েছিল সন্দেশখালি দিয়ে, তারপর আর জি কর মেডিকাল কলেজের ধর্ষণ ও খুনের কাণ্ড। এবছর হেনস্থা হচ্ছেন স্কুলশিক্ষক ও শিক্ষাকর্মীরা, অন্যদিকে দাঙ্গায় অশান্ত মুর্শিদাবাদ।

মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার এবং তৃণমূল দল – দুটোই একের পর এক সংকটের ঢেউয়ে নাজেহাল। মা, মাটি, মানুষের সরকারকে কেমন যেন কিংকর্তব্যবিমূঢ় মনে হচ্ছে, আর আভ্যন্তরীণ রেষারেষিতে বিপন্ন তৃণমূল দল। মুখ্যমন্ত্রী মমতার দিকে আঙুল উঠছে। স্কুলে নিয়োগ কেলেঙ্কারির ফলে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ২৬,০০০-এর বেশি মানুষের চাকরি যাওয়ার জন্য নাকি তিনিই দায়ী। ওদিকে দলের সর্বোচ্চ নেত্রী হিসাবে দলের ভিতরে এখন একটা বড়সড় কোন্দলের মোকাবিলাও তাঁকে করতে হবে। দলের শীর্ষ নেতাদের ঝগড়া বিজেপি নেতা অমিত মালব্যের দৌলতে আজকের প্রযুক্তি আর সোশাল মিডিয়ার যুগে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়েছে। কিছু নেতা অবশ্য তাতে খুব একটা বিব্রত বলে মনে হয় না। তাঁরা চুটিয়ে একে অপরকে গাল দিয়ে যাচ্ছেন টিভি ক্যামেরার সামনেই। যদিও সর্বোচ্চ নেত্রী নাকি প্রকাশ্যে এমনটা করতে বারণ করেছেন।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

এসব দেখে একটা মত তৈরি হচ্ছে যে, আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। আবার অনেকের বিশ্বাস – ভোটের বাজারে তৃণমূল এখনো নিরাপদ, কারণ প্রধান বিরোধী দল বিজেপি এখনও টলমলে। অন্যদিকে কংগ্রেস আর বামপন্থী দলগুলোর কর্মীরা এখনো ঘুরে দাঁড়াবার জমি খুঁজে পাননি। আসলে সবই তো ভোটের খেলা। দল ক্ষমতায় থাকলে সবাই হাতের মুঠোয় থাকবে।

যা-ই হোক, দল বা রাজ্য সরকার, দুয়ের সংকটেই যে প্রতিক্রিয়া পাওয়া গেছে তা খুবই দেরিতে, আর সীমিত। কিছুটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। এমনটা ঘটতে দেখে প্রশ্ন উঠতেই পারে – এককালের অগ্নিকন্যা, অজেয় নেত্রী কি ইদানীং কিছুটা নরম হয়ে পড়েছেন, নাকি ১৪ বছর একা হাতে সরকার আর সংগঠন চালাতে চালাতে তিনি ক্লান্ত? দলের একমাত্র মুখ তিনি, তাঁর কথাতেই বিধানসভার ২৯৪ খানা আসনে তৃণমূলের প্রার্থীরা ভোট পান, বেশিরভাগ ক্ষেত্রে জেতেন। মমতা নিজে লোকসভা ও বিধানসভা নির্বাচনে হেরেছেন বটে, কিন্তু ঘুরেও দাঁড়িয়েছেন বারবার। কী হবে এবার?

চিট ফান্ড কেলেঙ্কারি, নারদ স্টিং অপারেশন, গরু ও কয়লা পাচার, স্কুল নিয়োগ কেলেঙ্কারি – একের পর এক অভিযোগ বারবার তৃণমূলকে ঝামেলায় ফেলেছে। সম্ভবত প্রথমবার মমতা প্রকাশ্যে দলীয় কর্মীদের নিয়ে প্রশ্ন তোলেন ২০১৯ সালের জুন মাসে; যখন ‘কাটমানি’ নিয়ে তাঁর মন্তব্য দলের আভ্যন্তরীণ বিষয়কে প্রকাশ্যে এনে ফেলে। এমনকি কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে আদায় করা ‘কমিশন’ ফেরত দিতে দলের সর্বস্তরের সদস্যদের নির্দেশও দিয়েছিলেন তিনি। মাত্র কয়েকজন নেতা তাঁর নির্দেশ অনুযায়ী কাজ করেছিলেন। বেশিরভাগই হাত গুটিয়ে ছিলেন, পাছে লুঠের অভিযোগ প্রমাণ হয়ে যায়।

হুগলী নদীর জলের তোড়ে সমস্ত আবর্জনা বয়ে যায় না, অনেকটা নদীর পাড়ে জমা হয়। তেমন কিছু ঘটনা ভুলে গেলেও দলের ভিতরে শুরু হয় নতুন কোন্দল। সম্প্রতি নির্বাচন কমিশনের ভিতরে তৃণমূল সাংসদদের বচসায় জড়িয়ে পড়ার দৃশ্য প্রকাশ্যে এসেছে। এরপরই তাঁদের হোয়াটস্যাপ গ্রুপে শুরু হয় দ্বিতীয় যাত্রাপালা। ভিডিওর পর এবার ফাঁস হয়ে যায় চ্যাট। সর্বোচ্চ নেত্রীর কানে নিশ্চয়ই গিয়েছিল, আবার এক মহিলা সাংসদও সেই বিবাদ সম্পর্কে তাঁকে অবহিত করেন। নেত্রী নাকি সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকতে আদেশ দেন। তবুও কিছু কিছু নেতা সাংবাদিকদের সামনে কথার ঝাঁপি উপুড় করে দেন। একজন আবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার মাঝেই নাকি একটা হোয়াটস্যাপ বার্তা পেয়ে এ বিষয় নিয়ে প্রশ্ন এড়াবার চেষ্টা করেন। কিন্তু যা হবার তা ততক্ষণে হয়ে গেছে।

ঘটনাচক্রে, উল্লিখিত প্রবীণ নেতা ছাড়াও অন্তত আরও দু-তিনজন সাংসদকে গত লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। সেটা নাকি দলে নতুন-পুরনোর টানাপোড়েনের ফল। তবে অন্দরমহলের খবর বলছে, তাঁরা মমতার হস্তক্ষেপে শেষপর্যন্ত মমতার হস্তক্ষেপে ভোটে দাঁড়ান এবং জিতে যান। এ ব্যাপারে সন্দেহ নেই যে নেত্রী পুরনো সাথীদের প্রতি মমতাময়ী, তা তাঁরা কোনো সময়ে তাঁকে ছেড়ে দিয়ে গিয়ে থাকলেও। বলতেই হয় যে নতুন প্রজন্মের নেতাদের মধ্যে এই গুণ বিরল।

তবে মমতা কিন্তু দলের এই নতুন-পুরনো দ্বন্দ্ব সময়মত বন্ধ করতে পারেননি। ধীরে ধীরে সংবাদমাধ্যম এটাকে পিসি-ভাইপোর মতপার্থক্য বলে প্রচার করা শুরু করে। ভাইপো অভিষেক ব্যানার্জিকে প্রায়ই তৃণমূলের সেনানায়ক বলে সম্বোধন করে থাকেন দলের কিছু কর্মী। শোনা যায়, কিছু কিছু ব্যাপারে মমতা এবং আপাতদৃষ্টিতে তাঁর উত্তরাধিকারীর মধ্যে মতপার্থক্য ঘটেছে। যদিও তা সোজাসুজি প্রকাশ্যে আসেনি এখনো। তবে ২২ মার্চ মমতা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ভাষণ দিতে ইংল্যান্ডে যাওয়ার দিন কলকাতার রাস্তায় ভাইপোর নেতৃত্বের প্রশংসা করে পোস্টার দেখা গিয়েছিল। প্রায় সব পশ্চিমবঙ্গবাসীই অবশ্য জানেন যে এ ঘটনা এই প্রথম ঘটেনি। অনেকদিন ধরেই সংবাদমাধ্যমে গুঞ্জন চলছে যে দলে পিসি আর ভাইপোর আলাদা আলাদা শিবির রয়েছে। অভিষেকের ‘অনুগামীরা’ একান্তে উল্লেখ করেছেন যে মমতার রাজনৈতিক ও প্রশাসনিক পদ্ধতি ‘প্রাচীন’, তাই দলের ‘আধুনিকীকরণ’ দরকার। আবার কেউ কেউ বলছেন, এই আধুনিকীকরণ নাকি তৃণমূলের ‘কর্পোরেটাইজেশন’ করার চেষ্টা।

তবে এই শিবির বিভাজন কতটা সত্যি আর দুই শিবিরের অনুগামীদের মমতা আর অভিষেক কতখানি পৃষ্ঠপোষকতা করেন বা তাঁদের বক্তব্যকে কতটা গুরুত্ব দেন তা একেবারেই নিশ্চিত নয়। কিন্তু কোথাও যে একটা গোলমাল হচ্ছে তা সাদা চোখেই স্পষ্ট। নেতাদের মনোমালিন্য আর প্রকাশ্য আকচাআকচি কিন্তু নিচের তলাতেও ছড়িয়ে পড়েছে। তাই খোলাখুলি অভিযোগ উঠছে। এমনকি নিচের তলায় মাঝরাস্তায় মারামারিও হয়ে যাচ্ছে। এই ধরনের অন্তর্দ্বন্দ্ব জনসাধারণকে প্রভাবিত করতে পারে। বলা হয়, মমতার অনুগামী কিছু নেতা, যেমন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, নাকি এই কারণেই দল বদলেছিলেন। তবে তাঁদের নৌকা বদল করার কারণ হিসাবে সারদা, নারদ কাণ্ডের উল্লেখও করা হয়ে থাকে।

অন্যদিকে মমতার কিছু অনুগামী নানা কেলেঙ্কারিতে জড়িয়ে হাজতবাস করছেন। এঁদের কেউ কেউ জামিনে ছাড়া পেয়েছেন, তবে আর চড়াম চড়াম করে ঢাক বাজানোর কথা বলেন না। মমতার বিশ্বস্তদের বৃত্তটা যেন ক্রমশ ছোট হয়ে আসছে। তিনি নিজেও কয়েকবার স্বীকার করেছেন যে, একা হাতে সংগঠন ও সরকার পরিচালনা সোজা কাজ নয়।

আরো পড়ুন মমতা যা করেছেন তাতে তিনি জিতলেও হিন্দুত্ববাদ হারবে না পশ্চিমবঙ্গে

তিনি যে সমস্যায় পড়ছেন তা সাম্প্রতিককালে বেশকিছু ঘটনায় দেখাও গেছে। যেমন যে কোনো প্রশাসন আর জি করের ডাক্তারের নৃশংস ধর্ষণ ও খুন আর তার পরবর্তী বিক্ষোভের মাঝে অভিযুক্তদের আটক না করলেও, অন্তত তদন্ত চলাকালীন কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিতই। কিন্তু কী করা হয়েছিল? প্রথমে প্রতিবাদী চিকিৎসকদেরই ধমকে দেওয়া হল। ও বিষয়ে কয়েকদিন একেবারে চুপচাপ থাকার পর মনে হল যেন অভিষেক ব্যাপারটা নিজের হাতে তুলে নিলেন। বিক্ষোভকারীরা যেখানে বসেছিলেন সেখানে যারা ভাঙচুর চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিসকে নির্দেশ দিলেন তিনি। ধর্ষণের বিরুদ্ধে আইনকে শক্তিশালী করার বিষয়টাও উত্থাপন করলেন, তবে সবই কিন্তু সোশাল মিডিয়ায়।

তারপর প্রশাসন তৎপর হয়ে উঠল। যারা ভাংচুর করেছিল তাদের গ্রেফতার করা হল, আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা শুরু হল, এবং কলেজ-হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কাজও চালু হল। কিন্তু আলোচনা শুরু হওয়ার পর কিন্তু অভিষেকের আর সাড়াশব্দ পাওয়া যায়নি। তিনি নীরবে সাংসদ হিসাবে নিজের কাজে মনোনিবেশ করেন, নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের দিকে নজর দেন। এবার সুপ্রিম কোর্টের রায় বেরোবার পর কিন্তু অভিষেক এই নিয়ে বা উত্তরবঙ্গের সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় কোনো পোস্ট করেননি। হয়ত তিনি প্রশাসনিক কাজে প্রকাশ্যে হাত দিতে চান না, হয়ত তিনি জানেন যে মমতার মুখ এবং তাঁর ক্যারিশমাই এখনো দলের ভোট পাওয়ার চাবিকাঠি। নিশ্চয়ই এ-ও জানেন যে একদিন তাঁকেই দলের দায়িত্ব বহন করতে হবে, কিন্তু সেদিন আসতে দেরি আছে।

বিরোধী আসনে থাকা মমতা হয়ত বিপথগামী নেতাদের ডেকে ধমকধামক দিতেন। আগুনে নেত্রী হয়ত এটাও অনুসন্ধান করে দেখতেন যে নিজেদের ঝগড়াঝাঁটির ভিডিও এবং হোয়াটস্যাপ চ্যাট ফাঁস হয়ে যাওয়ার পিছনে কার হাত আছে। কিন্তু তখনকার মমতা তো আর একা হাতে দল আর সরকার টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছিলেন না।

মতামত ব্যক্তিগত

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.