ধর্ষকের প্রতাপে জেলের ভিতরে ধর্ষিতার বাবার মৃত্যু হল, তার বছরখানেক পরে ধর্ষিতা রহস্যজনক পথ দুর্ঘটনায় কোনোক্রমে বেঁচে গেলেন। এটি কোনো আগুনে হিন্দি ছবির চিত্রনাট্য নয়। এমনটাই ঘটেছে অমৃতকালের ভারতে। ঘটনাস্থল যোগী আদিত্যনাথের রাজত্ব উত্তরপ্রদেশ। উন্নাওয়ের সেই ঘটনা নিয়ে বিতর্ক, আলোচনা বারবার ফিরে আসে। ফিরে আসে জম্মুতে ধর্ষকের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে স্বঘোষিত দেশপ্রেমিকদের মিছিলের কথা। জাতীয় পতাকার এত বড় অপমান যারা করেছিল, সেই বিজেপি দলের বিরোধিতা করাই এখন এ দেশে দেশদ্রোহিতা। আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে স্মরণ করা যাক সাম্প্রতিক অতীতের সেইসব কলঙ্কজনক ঘটনাগুলি।

২০১৭ সালের জুন মাসে উত্তরপ্রদেশের উন্নাওয়ে গণধর্ষণ করা হয়েছিল ১৭ বছরের এক কিশোরীকে। প্রধান অভিযুক্ত ছিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ও তার সাঙ্গোপাঙ্গরা। ন্যায় বিচার চাওয়ার অপরাধে মিথ্যা মামলায় ধর্ষিতার বাবাকে জেলে ভরে আদিত্যনাথ সরকারের পুলিস। ২০১৮ সালের এপ্রিলে জেলেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহে নির্মমভাবে মারধোর করার প্রমাণ ছিল স্পষ্ট। বিচার চেয়ে ধর্ষিতা আত্মহত্যা করতে গেলে সারা দেশের টনক নড়ে। আক্রমণ এখানেই থেমে থাকেনি। ধর্ষিতার কাকাকেও মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়। ২০১৯ সালের জুলাই মাসে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন ধর্ষিতা ও তাঁর আইনজীবী। রহস্যজনকভাবে একটি ট্রাক তাঁদের গাড়িকে ধাক্কা মারে। ধর্ষিতা প্রাণে বাঁচলেও তাঁর পরিবারের দুজন ওই দুর্ঘটনায় মারা যান। নরেন্দ্র মোদী ততদিনে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আচ্ছে দিনের ভারতে যে ধর্ষিত হওয়ার পরেও নিস্তার নেই, ধর্ষকের বাহিনী তাঁর বাবাকে, আত্মীয়দের মেরে ফেলতে পারে, ধর্ষিতাকেও খুনের চেষ্টা করতে পারে সরাসরি পুলিস প্রশাসনের সহায়তায় – তা এতদিনে আমরা বুঝে গেছি।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

প্রায় একই সময়ে জম্মুতে ধর্ষকদের মুক্তির দাবিতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছিল হিন্দু একতা মঞ্চ নামে এক সংগঠন। ২০১৮ সালের জানুয়ারি মাস। তীব্র শীতে জড়সড় জম্মু। কাঠুয়া জেলায় এক আট বছরের বালিকাকে গণধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ১০ জানুয়ারি গৃহপালিত পশু চরাতে গিয়ে সে নিখোঁজ হয়। ১৭ জানুয়ারি তার মৃতদেহ মেলে এক মন্দিরের কাছে। পুলিস যথারীতি ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিল। দেবে না-ই বা কেন? মূল অভিযুক্ত তো ছিল মন্দিরের পুরোহিত। অন্য অভিযুক্তদের মধ্যে ছিল দুজন পুলিস।

অভিযুক্তদের মুক্তির দাবিতে হিন্দু একতা মঞ্চের বকলমে আসরে নামে বিজেপি। জম্মু ও কাশ্মীরের দুজন বিজেপি মন্ত্রীও ধর্ষকদের মুক্তির দাবি জানিয়েছিলেন। জাতীয় পতাকা নিয়ে ধর্ষকদের মিছিলের নিন্দা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মহবুবা মুফতি। ব্যাস, ওইটুকুই। জাতীয় পতাকার অবমাননার জন্য কারোর শাস্তি হয়নি। কারণ মহবুবা তখন বিজেপির সমর্থনে সরকার চালাচ্ছিলেন। তার কয়েকমাস পরেই অবশ্য বিজেপি সমর্থন প্রত্যাহার করায় সেই জোট সরকারের পতন ঘটেছিল। যা বছরখানেক পরে জম্মু ও কাশ্মীর রাজ্যের বিভাজন এবং ৩৭০ ধারা প্রত্যাহারের ভিত মজবুত করেছিল। আট বছরের দরিদ্র মেষপালক পরিবারের বালিকার পরিবারের আইনজীবী দীপিকা সিং রাজাওয়াতকে পর্যন্ত প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। ধর্ষকদের সমর্থনে আইনজীবীরাও রাস্তায় নেমেছিলেন। সবই ঘটেছিল বিজেপির সরাসরি মদতে।

একে মেয়ে, তায় মুসলমান। বলা বাহুল্য মনুবাদী বিজেপি ধর্ষিতার পাশে দাঁড়াবে না। জম্মুর কাঠুয়া জেলা এমনিতেই হিন্দুত্ববাদীদের ঘাঁটি। যে গ্রামের ঘটনা সেখানে মুসলমানরা জনসংখ্যার এক শতাংশেরও কম। মেয়েটি ছিল গুজ্জর-বাঘেরওয়াল জনগোষ্ঠীর। এই যাযাবর গোষ্ঠীকে উৎখাত করার লক্ষ্যও এই নৃশংস কাণ্ডের নেপথ্যে ছিল। তাই ধর্ষকদের সমর্থন করে উগ্র হিন্দুত্ববাদী পরিবেশ সৃষ্টি করা হয়। অভিযোগ ওঠে, এরপর সেই মেষপালক জনগোষ্ঠীর অন্যান্যদের এলাকা ছাড়তে বারবার হুমকি আসে। নারী নির্যাতন, ধর্ষণের সঙ্গে অনেক ক্ষেত্রে এভাবেই জড়িয়ে থাকে পরধর্মের প্রতি চরম ঘৃণার রাজনীতি।

যেমন হয়েছিল উত্তরপ্রদেশের হাথরসে। সেবার ধর্ষণ করে হত্যা করা হয় দলিত ১৯ বছরের যুবতীকে। উচ্চবর্ণের অভিযুক্তদের বাঁচাতে নেমেছিল আদিত্যনাথের পুলিস। ২০২০ সালের সেপ্টেম্বর। করোনা অতিমারি তখনো শেষ হয়নি। রাষ্ট্রনেতারা সামাজিক দূরত্বের জ্ঞান বিতরণ করছেন আর থালা বাজিয়ে, মোমবাতি জ্বালিয়ে করোনা তাড়ানোর নিদান দিচ্ছেন। কিন্তু নারীবিদ্বেষ, দলিত ঘৃণার ভাইরাস বহন করে চলেছে প্রশাসন। হাথরসে দলিত কন্যাকে গণধর্ষণের পর নির্মমভাবে আঘাত করা হয়েছিল। প্রথমে পুলিস অভিযোগ নিতে চায়নি, পরিবারকে অপমান করে। মেয়েটির চিকিৎসা নিয়েও অভিযোগ রয়েছে। তাকে তড়িঘড়ি দিল্লিতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ ওঠে, বাড়ির লোককে এইমসে ভর্তি করানোর কথা বললেও, দিল্লিতে অন্য সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সপ্তাহ দুয়েক পরে সেই তরুণীর মৃত্যু ঘটে।

মৃত্যুর পর পরিবারের অনুপস্থিতিতে গভীর রাতে পুলিস তার মরদেহ দাহ করে। সাংবাদিকদের কাছেও সত্য গোপন করা হয়। অক্টোবর মাসে কেরালার সাংবাদিক সিদ্দিক কাপ্পান সত্য উদ্ঘাটনে যাওয়ার পথেই গ্রেফতার হন। সব মিলিয়ে সাতজন সাংবাদিককে পুলিস ধরে। সিদ্দিকের বিরুদ্ধে ইউএপিএ সহ একাধিক ধারায় মামলা করা হয়। প্রায় দুবছর পর তিনি মুক্তি পান। অথচ ধর্ষকদের আড়াল করতে যারা দলিতবিদ্বেষ ছড়িয়েছিল তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বিজেপি সরকার। তরুণীটি ছিল দলিত বাল্মীকি জনগোষ্ঠীর। গ্রামে তাদের সংখ্যা নগণ্য। সিংহভাগ তথাকথিত উচ্চবর্ণের ঠাকুর ও ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ। তাদের একাংশ অপরাধীদের আড়াল করতে অভিযোগ করেছিল, তরুণীর বাড়ির লোকই হত্যা করে ঠাকুরদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে। অভিযোগ প্রথমে না নিতে চাওয়া, সাক্ষ্যপ্রমাণ লোপাটের চেষ্টা, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ দিতে গাফিলতি, আড়ালে মৃতদেহ দাহ করা থেকে সাংবাদিকদের গ্রেফতার – গোটা প্রক্রিয়ায় বিজেপি সরকারের পুলিসের কাজ পক্ষপাতিত্বমূলক। অপরাধীদের আড়াল করতে চাওয়ার রহস্য থেকেই গেছে। যেমন আর জি কর কাণ্ডে তৃণমূল সরকারের পুলিশের আচরণ রহস্যাবৃত।

আর জি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে যখন পশ্চিমবঙ্গ উত্তাল, তখনই মহারাষ্ট্রের বদলাপুরে এক কিন্ডারগার্টেন স্কুলে দুই শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে। পদক্ষেপ গ্রহণে গাফিলতির অভিযোগ উঠেছে বিজেপি-শিবসেনা (শিন্ডে) জোট সরকারের বিরুদ্ধে। গত ১৩ অগাস্ট নির্যাতনের ঘটনা ঘটলেও এফআইআর দায়ের করা হয় ১৬ আগস্ট। তাও নির্যাতিতার বাড়ির লোকজনকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখার পর এবং ক্ষিপ্ত সাধারণ সহিংস আন্দোলনে নেমে পড়ার পর।

থানে জেলার বদলাপুরের এই স্কুলের মালিক নাকি এক বিজেপি নেতা। বিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে বলে অভিযোগ। এফআইআর দেরিতে গ্রহণ করায় অনেক প্রমাণই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ আগের ১৫ দিনের সিসিটিভি ফুটেজ দেখাতে পারেনি। ঘটনার প্রতিবাদে বদলাপুর উত্তপ্ত হলে পুলিস ৭০ জনকে গ্রেপ্তার করেছে, বহু মানুষের বিরুদ্ধে এফআইআর করেছে। বিরোধীদের অভিযোগ, যৌন নির্যাতনের এফআইআর নিতে তিনদিন কেটে যায়, এদিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে রাতারাতি এফআইআর দায়ের হয়।

আরো পড়ুন বারাণসীর ঘটনা প্রশ্ন তুলে দিল, দেশের মেয়েদের নিরাপত্তা কোথায়?

যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়া, প্রমাণ লোপাটের চেষ্টা, নির্যাতনকারীর বাড়ির লোককে হেনস্থা, আন্দোলন দমনে অতি তৎপরতা – রাজ্য ভেদে পুলিসি আচরণে তফাত নেই। ক্ষমতার লড়াইয়ে মহিলারা চিরকালই সহজ চাঁদমারি। নারী নির্যাতন পৌরুষের প্রতীক; অপরকে দুর্বল, অপমানিত, পরাস্ত করার এক রণকৌশল। রাষ্ট্রশক্তিতে বলীয়ানরা সেই কাজটিই করে, এই সংসদীয় গণতন্ত্রের যুগেও। তাই মণিপুরে গত বছর মে মাস থেকে চলা জাতিদাঙ্গা বন্ধে কেন্দ্র ও মণিপুরের ডবল ইঞ্জিন বিজেপি সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না। সেখানে যৌন নির্যাতন, ধর্ষণের শিকার হচ্ছেন অসংখ্য নারী। দুজন মহিলাকে উলঙ্গ করে গোটা গ্রাম ঘোরানোর ভিডিও প্রকাশ্যে আসার পরেও ঘটনার নিন্দা করতে বহু সময় লেগে গেছে প্রধানমন্ত্রীর।

গুজরাট গণহত্যার কুশীলবরা এখনো বহাল তবিয়তে ক্ষমতাসীন। যে গণহত্যায় মহিলাদের উপর নির্যাতন, গর্ভবতী মায়ের নৃশংস হত্যা এখনো আমাদের মাথা হেঁট করে দেয়। অন্তঃসত্ত্বা বিলকিস বানোর সামনেই তাঁর তিন বছরের মেয়েকে আছড়ে মারে দুর্বৃত্তরা। তাঁকে গণধর্ষণ করা হয়। খুন করা হয়েছিল বিলকিসের পরিবারের আটজনকে। বহু আইনি লড়াইয়ের পর ২০০৮ সালে ধর্ষকদের কারাদণ্ড হয়। কিন্তু ২০২২ সালের ১৫ অগাস্ট স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে অমৃত মহোৎসব পালন করার সময়ে গুজরাট সরকার তাদের মুক্তি দেয়। জেলে সেই ধর্ষকদের আচরণ ভালো ছিল বলেই নাকি মুক্তি। এই মামলায় লড়াই করার জন্য সমাজকর্মী তিস্তা শীতলবাদকে অভিযুক্ত করে গুজরাট সরকার। তিনি নাকি গুজরাট সরকার ও তৎকালীন মুখ্যমন্ত্রী মোদীর ভাবমূর্তি কলঙ্কিত করেছেন। অর্থাৎ বিজেপির রাজত্বে ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদ করলে প্রতিবাদীর বিরুদ্ধেই মামলা হয়। বিলকিসের ধর্ষকরা অবশ্য ২০২৪ সালের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। তিস্তা জামিন পেলেও, তাঁর বিরুদ্ধে মামলা জারি আছে। বিলকিসের ধর্ষকদের বীরের সংবর্ধনা দিয়েছিল বিজেপি। ধর্ষকদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল থেকে শুরু করে স্বাধীনতা দিবস উপলক্ষে ধর্ষকদের মুক্ত করে সংবর্ধনা দেওয়া – এই হল বিজেপির দেশপ্রেম।

আর ঠিক দুবছর পরে বাংলার চোখে আরেক স্বাধীনতা দিবস দেখল ভারত। যে স্বাধীনতা দিবস ধর্ষণের বিচার চেয়ে রাস্তায় রাত জাগে, ন্যায়বিচারের দাবিতে সাধারণ মানুষ দিনের পর দিন রাস্তায় থাকেন। বিজেপি সরকারের সঙ্গে তৃণমূল সরকারের আচরণে, বক্তব্যে তেমন কোনো তফাত দেখা যাচ্ছে না। তৃণমূল সরকারও অপরাধীদের আড়াল করতে চাইছে। দুই দল পারস্পরিক কাদা ছোড়াছুড়ি করে আন্দোলনকে বেপথু করতে চাইছে। তৃণমূল দেখাচ্ছে হাথরস, উন্নাও, কাঠুয়া। বিজেপির চরম অপরাধকে ঢাল করে নিজেদের অপরাধকে বৈধতা দিতে চাইছে। আর জি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ক্ষমতার রাজনীতির বৃত্তের বাইরে নিয়ে না যেতে পারলে এই আন্দোলন সফল হবে না। সেই দায়িত্ব আমাদের সকলের। গুজরাট গণহত্যা, হাথরস, উন্নাও, কাঠুয়ায় ধর্ষকদের রক্ষাকর্তা বিজেপিকে ময়দান ছাড়া নয়, আবার তৃণমূল সরকারকেও ছাড় নয়। পথে থেকেই রাজ্যের এই গণজাগরণকে ছড়িয়ে দিতে হবে।

মতামত ব্যক্তিগত

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.