২০১৬। কলকাতার এক বেসরকারি ইস্কুলে সর্বভারতীয় রেটিং দাবা প্রতিযোগিতার আয়োজন হয়েছে। ষষ্ঠ বা সপ্তম রাউন্ডের খেলা। চার ঘণ্টা পেরিয়ে গেছে, সব বোর্ডেই খেলা শেষ হয়ে গেছে। দু-একটা বোর্ড তখনো চলছে। চোখ আটকে ছিল বিশেষ একটা বোর্ডে। বাংলার এক প্রতিভাবান দাবাড়ুর বিরুদ্ধে বছর দশেকের একটা বাচ্চা কী অবিশ্বাস্য লড়ে যাচ্ছে! বাংলার ওই দাবাড়ু ততদিনে একটা নর্ম পেয়ে গেছে। সে খুব ভাল দাবাড়ু এবং অভিজ্ঞ। কিন্তু বাচ্চাটা কিছুতেই পজিশন ছাড়ছে না। এ কে? নাম কী? চেনা যাদের জিজ্ঞেস করলুম, তারাও চেনে না। কিন্তু গেম দেখে মুগ্ধ। পেয়ারিং লিস্টে ওর নাম খুঁজলুম।
হ্যাঁ। ২০১৬ সালে কলকাতার ওই দাবা প্রতিযোগিতায় যে দশ বছরের অকুতোভয় দাবাড়ুকে দেখেছিলুম, সে দোম্মারাজু গুকেশ। গুকেশ ওই ম্যাচটা জিতে বেরিয়েছিল। অথচ বেশ জানি যে, আচ্ছা আচ্ছা দাবাড়ু ওই পজিশনে হাল ছেড়ে দিয়ে বা নিদেনপক্ষে ড্র করে খুশি হবে। গুকেশ কিন্তু ঠান্ডা মাথায় লড়েছিল। বছর পাঁচেকের বড়, বেশি অভিজ্ঞতাসম্পন্ন দাবাড়ুর বিরুদ্ধে লড়েছিল। প্রত্যেকটা মুভের জন্য। প্রত্যেকটা অ্যাডভান্টেজের জন্য। ব্রেক থ্রুর জন্য। অনমনীয় গুকেশ। স্নায়ুযুদ্ধে জিতেছিল।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
না। গুকেশ ওই প্রতিযোগিতায় প্রথম দশে ছিল না। যদ্দূর মনে পড়ে, শেষ দুটো রাউন্ডে ভাল খেলেনি। কিন্তু র্যাংকিং যা-ই হোক, কেন জানি না গুকেশের উপরে অদ্ভুত আস্থা জন্মেছিল। তারপর থেকে খবর রাখার চেষ্টা করতুম সর্বভারতীয় কোন প্রতিযোগিতায় গুকেশ কী করল। মনে হয়েছিল বাচ্চাটা অনেকদূর যাবে। ওই জেদ, ওই জেতার খিদে, ওই পজিশনাল সেন্স…
#
সাংবাদিক: আপনি নিউমেরোলজিতে বিশ্বাস করেন? কাসপারভের জন্মদিন এপ্রিলের ১৩ তারিখ, উনি ১৩তম বিশ্বচ্যাম্পিয়ন। তেমনই ১৮ বছর বয়সে ১৮তম বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা…
গুকেশ: না, আমি ফিশারের কথা মানি। আমি শুধু ভাল দানে বিশ্বাস রাখি।
দোম্মারাজু গুকেশ। ২০২৩ সালের জুন মাসে নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ দেখেছিল গুকেশের অপ্রতিরোধ্য উত্থান। ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে নভেলটির সাহস। আলিরেজা ফিরুজাকে হারানোর জেদ। আনিশ গিরি, ওয়েসলি সো, কার্লসেনদের টপকে নরওয়ে দাবা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা। কাউন্টডাউন শুরু।
চেন্নাই অলিম্পিয়াডেও গুকেশের অনবদ্য পারফরম্যান্স ভারতীয় দলকে ব্রোঞ্জ এনে দিয়েছিল। টানা আটটা রাউন্ড জিতেছিল। ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়েছিল। ২০২৩ সালের অগাস্ট মাসে লাইভ রেটিংয়ে বিশ্বনাথন আনন্দের থেকে এগিয়ে গিয়েছিল গুকেশ। ২০২৪ সালের ক্যান্ডিডেটস দাবায় শীর্ষস্থানীয়, অভিজ্ঞ দাবাড়ু এবং তাবড় বিশেষজ্ঞকে বিস্মিত করে খেতাব জেতে। এবছরের অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ দাবা দলের অন্যতম প্রতিনিধি হয়ে দেশকে সোনা এনে দিল।
তারপর ১২ই ডিসেম্বর ২০২৪। ভারতীয় ক্রীড়ার ইতিহাসে উজ্জ্বলতম মুহূর্ত তৈরি হল। চিনের ডিং লিরেনকে হারিয়ে গুকেশ বিশ্ব খেতাব জিতল।
ভারতীয় দাবা ক্রীড়াবিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। গুকেশের বিশ্ব খেতাব জয় সেই প্রতিষ্ঠার ঝলক। কিন্তু তার শিকড় গভীরে ছড়াচ্ছে। যে ক্রীড়া সৌকর্যের বীজ আনন্দ পুঁতেছিলেন, তা আজ বৃক্ষে পরিণত হচ্ছে। এরপর মহীরুহ। ভারতীয় দাবা যে দিশায় এগোচ্ছে, সেই দিশার একমাত্র পূর্বসূরি সোভিয়েত দাবা সাম্রাজ্য। আর খেয়াল করা জরুরি, যে সোভিয়েত দাবা সাম্রাজ্যে সূর্যাস্ত হত না, তাকে সাহসী প্রতিআক্রমণ করেছিলেন দুজন – রবার্ট জেমস ফিশার আর আনন্দ।
আনন্দ ২০০০ সালে যখন প্রথমবার বিশ্ব খেতাব জেতেন, তখন ভাঙা সোভিয়েত, কিন্তু রাশিয়ার আধিপত্য তখনো চলছে। কাসপারভ কিংবা ভ্যাসেলিন তোপালভ, ভ্লাদিমির ক্রামনিক – প্রত্যেকেই সোভিয়েত দাবা মডেলের ফসল। ২০০৬ সাল পর্যন্ত তাঁদেরই দখলে ছিল বিশ্ব খেতাব। ২০০৭ সালে ক্রামনিককে হারিয়ে সেই খেতাব জিতলেন আনন্দ। তারপর থেকে বিশ্ব খেতাব রাশিয়ার অধরা। আর ভারতের দাবাশক্তি ক্রমশ বেড়েছে এই দেড় দশকে। অধুনা ফিডে রেটিং তালিকায় শীর্ষস্থানীয় দশ দাবাড়ুর মধ্যে তিনজন ভারতের। ভারতের মোট গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ৮৫। আনন্দ কার্লসেনের কাছে বিশ্ব খেতাব খুইয়েছিলেন ২০১৩-১৪ সালে। তারপর থেকে ২০২৪ অবধি এই দশ বছরে ভারতের মোট ৪৮ জন দাবাড়ু গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন। ২০২২-২৩ সালে মোট ১২ জন এই খেতাব অর্জন করেছেন। সাম্প্রতিক অলিম্পিয়াডে ভারতের পুরুষ ও মহিলা দাবাড়ুরা সোনা জিতেছেন। না, দাবা ভারতে আর শুধু শখের খেলা কিংবা বিক্ষিপ্ত ব্যক্তিগত সাফল্যে আটকে নেই। ভারত দেশ হিসাবে দাবায় নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করেছে। গুকেশের বিশ্ব খেতাব জয় ভারতের সামগ্রিক দাবা সৌকর্যের এক ঝলক মাত্র।
#
“আমাদের কাজ এমন একটা পজিশন খুঁজে বের করা যেটা আমরা জানি, কিন্তু প্রতিপক্ষ দল জানে না”- রুস্তম কাশিমদানভ, আনন্দের অন্যতম ‘সেকেন্ড’
সোভিয়েত দাবাড়ুরা একা খেলে না, ওরা সঙ্ঘবদ্ধভাবে প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হয়। এই কথা স্যামুয়েল রেশেভস্কি সহ বহু যুক্তরাষ্ট্রীয় দাবাড়ুর। সোভিয়েত দাবাড়ুরা একসঙ্গে অনুশীলন করতেন। ওপেনিং শাখার রকমফের উদ্ভাবন করতে গবেষণা করতেন। দীর্ঘায়ত গেমের বিরতিতে একে অপরের পজিশন এবং সম্ভাব্য দান পর্যায় বিশ্লেষণ করে পরস্পরকে সাহায্য করতেন। একদা এন্ড গেমে দুর্বল ছিলেন সোভিয়েত দাবাড়ুরা। একসঙ্গে এন্ড গেমের তত্ত্ব ও এন্ড গেম বিশারদ দাবাড়ুদের গেম বিশ্লেষণ করে, একত্রে অনুশীলন করে এই দুর্বলতা জয় করেন তাঁরা। ১৯৫০-এর দশকে স্যালোমন ফ্লোর, পল কেরেস, মিখাইল বটভিনিক, ভ্যাসিলি স্মাইস্লভ পরবর্তী সময়ে আনাতোলি কারপভ, ভিক্তর করশনয়, ভ্লাদিমির ক্রামনিক। সোভিয়েত দাবাড়ুদের এন্ড গেম পারদর্শিতা মিথপ্রতিম হয়ে ওঠে এঁদের খেলায়। দাবা অনুশীলনের যাবতীয় পূর্ব ধারণা পালটে দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। ভারতীয় দাবার তুখোড় বিশপ-নাইটরাও বহু সময় একত্রে অনুশীলন করেছেন, দাবা শিবিরে খ্যাতনামা প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নিয়েছেন এবং পরস্পরের খেলার ত্রুটি বিশ্লেষণ করে সাহায্য করেছেন। ২০২০ সালে ক্রামনিক এবং বরিস গেলফাঁ ১২ দিনের এক প্রশিক্ষণ শিবিরে যে বাছাই করা ১৪ জন দাবাড়ুকে প্রশিক্ষণ দেন, তাঁদের মধ্যে ছিলেন গুকেশ, প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, রৌনক সিধওয়ানি, বৈশালী রমেশবাবু, ইনিয়ান সহ বহু উদীয়মান দাবাড়ু। প্রজ্ঞানন্দ, অর্জুন, গুকেশরা দাবার বোর্ডে একে অপরের শত্রু। কিন্তু তার বাইরে সম্মিলিত অনুশীলন ও দান গবেষণায় একে অপরকে সঙ্গ দেন। বিশ্ব খেতাবের লড়াইয়ে ‘সেকেন্ড’ তথা সহকারী দলের গুরুত্বও সোভিয়েত দাবাড়ুদের সময় থেকে বাড়ে। সহকারীদের দায়িত্ব প্রতিযোগী দাবাড়ুর ওপেনিং-মিডল গেম-এন্ড গেম শক্তিশালী করা। তাঁর ছোটখাট ভুলের সম্ভাবনা কমিয়ে দেওয়া। প্রতিপক্ষ দাবাড়ুর পুরনো গেমের বিশ্লেষণ করে ভুলভ্রান্তির হদিশ পাওয়া। আর গেম বিশ্লেষণ ও গবেষণা করে নতুনত্ব দান তথা নভেলটি বেছে রাখা, যাতে প্রতিযোগী দাবাড়ু সেই নভেলটির ভালমন্দ সম্পর্কে তুখোড় প্রস্তুতি সেরে খেলায় তা প্রয়োগ করতে পারেন।
গুকেশের ওপেনিং প্রস্তুতি ডিংয়ের প্রস্তুতির থেকে বেশি ছিল। একাধিক রাউন্ডে তার প্রমাণ মিলেছে। সপ্তম রাউন্ডে গুকেশের কুইন-পন ওপেনিংয়ের বিরুদ্ধে গ্রুনফেল্ড ডিফেন্স বেছে নিলেন ডিং। গ্রুনফেল্ড ফিয়াঞ্চেটো। সপ্তম দানে গুকেশ খেললেন Re1। ডিংয়ের প্রস্তুতি ও স্বাভাবিক দান গণনা এতে ধাঁধিয়ে গেল। কার্লসেনও বললেন, ‘আমি দারুণ বিস্মিত যে এরকম আনকোরা দান গুকেশের শিবির প্রস্তুত করেছে। বিশ্ব খেতাবের লড়াইতে তো বটেই, অন্য শীর্ষস্তরীয় প্রতিযোগিতাতেও এরকম নভেলটি সচরাচর দেখা যায় না।’ গুকেশ ত্রয়োদশ রাউন্ডে যে ওপেনিং খেললেন এবং ডিং যে প্রত্যুত্তর সাজালেন, প্রথম রাউন্ডে একইরকম খেলা হয়েছিল। গুকেশের খেলা কিং-পন ওপেনিংয়ের বিরুদ্ধে ফ্রেঞ্চ প্রতিরক্ষা ব্যূহ সাজালেন ডিং। ছ নম্বর দান অবধি একই দানপর্যায় গুকেশের। প্রথম রাউন্ডে ওই ওপেনিং-শাখায় হেরে যাওয়ার পরে ভুল ত্রুটি শুধরে ফের ওই একই ওপেনিংয়ে প্রত্যাহ্বান জানানো সাহসের পরিচয়। আক্রমণাত্মক রণনীতি একই রইল। কিন্তু f4 দানের বদলে Be3 দিয়ে মাঝছকের পনকাঠামো দৃঢ় করলেন। আর আক্রমণের অক্ষ উইং প্লের বদলে মাঝছকের ই-ফাইলে বদলে গেল। গুকেশের সেকেন্ডদের অবদান ছাড়া এই প্রস্তুতি সম্ভব হত না। নয় নম্বর গেমে কাটালান ওপেনিংয়ে দশ নম্বর দানে গুকেশ খেললেন Bc3 – মূলধারার বাইরের রকমফের। ডেটাবেস বলছে, আনিশ ২০২৪ সালে হ্যান্স নিমানের বিরুদ্ধে এই রকমফেরটা পরীক্ষা করেছিলেন। গুকেশ এবং তাঁর সেকেন্ডরা সেটাকে আরেকটু বদলে নিলেন। ডিংও অবশ্য ওই গেমে নতুন দান খুঁজে বের করে (Rfd8) পজিশন ইকুয়াল করে দিয়েছিলেন। আরেকটা জিনিস খেয়াল করতে হবে। গুকেশ ওপেনিংয়ের যে অন্যরকম শাখাগুলো খেলেছেন বা তুলনামূলক স্বল্প পরিচিত যেসব রকমফের প্রয়োগ করেছেন, তার অধিকাংশই ২০২২-২০২৪ সালের মধ্যে হাতে গোনা দু-একজন দাবাড়ু দু-একবার খেলেছেন। দাবার ডেটাবেস অন্তত তাই বলছে। গুকেশ ও তাঁর সেকেন্ডরা গবেষণা করে সেই শাখা ও রকমফেরগুলোকেই বিশ্লেষণ, অনুশীলনে আরও এগিয়ে নিয়ে গেছেন; গেমে প্রয়োগ করেছেন। গুকেশের সেকেন্ড ছিলেন পেন্তিয়ালা হরিকৃষ্ণ, গ্যাজেওস্কি, জাঁ ক্রস্টফ ডুডা, র্যাডোস্ল ওইতাসজেক, ভিনসেন্ট কেমার, কিমকোস্কি, প্যাডি আপটন এবং আনন্দ। উল্লেখ্য, গ্যাজেওস্কি এবং ওইতাসজেক ২০১৪ সালে আনন্দের সেকেন্ড ছিলেন। তাঁদের দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল বলেই গুকেশের সেকেন্ড হিসেবে তাঁদের নিয়ে আসেন আনন্দ।
ডিংয়ের মূল সেকেন্ড ছিলেন রিচার্ড র্যাপো। র্যাপো দাবাজগতে বিখ্যাত ওপেনিং শাখা নিয়ে পরীক্ষানিরীক্ষার জন্য। তুলনামূলক কম খেলা হওয়া ওপেনিং নিয়ে গবেষণা করেন র্যাপো। ২০২৩ বিশ্ব খেতাবের যুদ্ধে র্যাপো-ডিং জুটি বেশ কিছু নভেলটি উপহার দিয়েছিল। দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক দাবা থেকে দূরে থাকার পরে ডিং বিশ্ব খেতাবের লড়াইয়ের ঠিক আগে ফের র্যাপোর সঙ্গে জুটি বাঁধেন। ডিংয়ের দলে আরেক উল্লেখযোগ্য উপস্থিতি – নি হুয়া। ওপেনিং-শাখার বিবিধ রকমফেরে নতুন ভাবনা প্রয়োগের জন্য হুয়া বিখ্যাত। ডিং অবশ্য বলেছেন, হুয়া তাঁকে উদ্বুদ্ধ করতে দাবার প্রচুর গল্প বলতেন। চার নম্বর গেমে ডিং সাদা, গুকেশ কালো। 1. Nf3 d5 2. e3 Nf6। তিন নম্বর দানে ডিং খেললেন b3, যা অপ্রত্যাশিত। হুয়া এবং র্যাপোর পরামর্শেই ডিং এমন দান খেললেন, যা আগে কখনো খেলেননি। পাঁচ নম্বর দানে আবার চমক – Ba3। ওপেনিংয়ের প্রাথমিক ব্যাকরণ অনুযায়ী বিশপ ওই স্কোয়্যারে যাওয়ার কথা নয়। কিন্তু বিশ্ব খেতাবের লড়াই এমন নতুনত্ব তথা নভেলটির জন্যই অপেক্ষা করে থাকে। আট নম্বর গেমে ডিং ইংলিশ ওপেনিং শুরু করেছিলেন। নিজেদের প্রস্তুতি অনুযায়ী গুকেশ ও ডিং দুজনেই প্রথাগত শাখার বাইরে খেলেছিলেন। এই গেমেও কিন্তু ডিং Ba3 খেলেছিলেন। মূল লক্ষ্য a3-f8 ডায়াগনাল নিয়ন্ত্রণে রাখা, যাতে গুরুত্বপূর্ণ কালো স্কোয়্যার (বিশেষত c5-d6-e7) দখলে রাখা যায়। বিশপ স্নাইপারের মত। ডায়াগনালে ধৈর্য ধরে বসে থাকে, বহুদূর পর্যন্ত নিয়ন্ত্রণ করে। আর সুযোগ পেলেই বিপক্ষের পিস-পন বধ করে। কাসপারভ লিখেছিলেন, বিশপ তাঁর সবচেয়ে প্রিয় পিস। যে কোনো গেমে তিনি বিশপ বাঁচিয়ে রাখতে চান শেষ মুহূর্ত পর্যন্ত, যাতে লক্ষ্যভেদী আক্রমণের সম্ভাবনা জিইয়ে থাকে। ডিংও নিজের বিশপকে তেমন অস্ত্র করে তুলতে চান।
#
সোভিয়েত তাদের রাজনৈতিক দর্শনের মত দাবা দর্শনও রফতানি করতে চেয়েছিল ‘মিত্র’ দেশগুলোতে। ভারত তার অন্যতম উদাহরণ। ১৯৭০-এর দশকে চেন্নাই, কলকাতা ও তৎকালীন বম্বে শহরে সোভিয়েতের তত্ত্বাবধানে তিনখানা দাবা ক্লাব প্রতিষ্ঠিত হয়। তবে চেন্নাইয়ের তাল চেস ক্লাব (১৯৭২) আর কলকাতার আলেখাইন দাবা ক্লাব (১৯৭৬) সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতের প্রথম আন্তর্জাতিক মাস্টার ম্যানুয়েল অ্যারনের উদ্যোগে এবং সোভিয়েতের সবরকম (দাবার বোর্ড, দাবা-ঘড়ি, দাবার জার্নাল ও বই) সহযোগিতায় তাল দাবা ক্লাবের যাত্রা শুরু হয়েছিল। যে মডেলে সোভিয়েতের সাফল্য, তার কিয়দংশ পরিকাঠামো আমদানি করে ভারতের আধুনিক দাবা এগোতে শুরু করেছিল। চেন্নাইয়ে দাবা সংস্কৃতি গড়ে ওঠার পিছনেও এঁদের ভূমিকা রয়েছে। ছোট ছোট প্রশিক্ষণ কেন্দ্র, কোনো দাবাড়ুর বাড়িতে অনুশীলন কেন্দ্র এবং বিভিন্ন স্তরের দাবা প্রতিযোগিতার আয়োজন চেন্নাইয়ের ক্রীড়া সংস্কৃতি পাল্টে দিচ্ছিল ১৯৮০-র দশক থেকে। আনন্দ এবং ভারতের এই মুহূর্তের সফলতম প্রশিক্ষক আর বি রমেশ – দুজনেই তাল দাবা ক্লাবের ছাত্র ছিলেন। আনন্দের উত্থান নিঃসন্দেহে চেন্নাইয়ের তথা ভারতের দাবাড়ুদের উৎসাহিত করেছিল। কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধ দাবা সংস্কৃতি গড়ে ওঠা প্রয়োজন ছিল।
নিয়মিত আন্তর্জাতিক স্তরের ভাল প্রশিক্ষকদের থেকে প্রশিক্ষণ নেওয়া, দেশ বিদেশের প্রথম সারির প্রতিযোগিতায় অংশ নেওয়া আর জেলা থেকে জাতীয় স্তরে নিয়মিত প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাধর দাবাড়ুদের খুঁজে বের করা। মূলত এই উদ্যোগগুলোর ফল ফলতে শুরু করল গত দশক থেকে। ইস্কুলের পাঠ্যক্রমে দাবা অন্তর্ভুক্ত হল। চেন্নাইয়ের ভেলাম্মল ইস্কুল সহ আরও বেশকিছু ইস্কুলে ছাত্রদের উৎসাহ দেওয়া হল দাবা খেলায়, যাতে তারা নির্ভার হয়ে পড়াশোনা ও দাবার সামঞ্জস্য রেখে চলতে পারে। তবে সোভিয়েত দাবা মডেলের কিয়দংশ বললাম এইজন্যে, যে ওই মডেল আগাগোড়া এই দেশে বাস্তবায়ন করা যায়নি। তার জন্য যথাযথ সরকারি উদ্যোগও নেওয়া হয়নি। সোভিয়েত ইউনিয়নে দাবাকে রাজনৈতিক ক্রীড়া হিসাবে প্রতিষ্ঠা দেওয়া হয়েছিল। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহরের কারখানা কিংবা সেনা ছাউনি, সামরিক হাসপাতাল – সবখানেই দাবাকে মূল ক্রীড়া হিসাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল। দাবা অভিজাতদের শখের খেলা নয়, মেহনতি মানুষের জীবনবোধের সঙ্গে ওতঃপ্রোতভাবে জড়িয়ে থাকা খেলা। দাবা সাধারণ মানুষের বৌদ্ধিক চর্চা আর শারীরিক সক্ষমতার খেলা। দাবা সাংস্কৃতিক প্রগতির অন্যতম যান। সোভিয়েত ইউনিয়ন এইসব ধারণাকে বাস্তবায়িত করতে পেরেছিল। বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিকাঠামোগত উন্নতি প্রজন্ম প্রজন্মান্তরে সোভিয়েত দাবাড়ুদের নিরবচ্ছিন্ন উত্থানে সাহায্য করেছিল। তাঁদের উৎকর্ষ নিরন্তর বাড়িয়ে তুলেছিল। ভারতে এমত ক্রীড়াদর্শনের অভাব রয়েছে। শাসকের সদিচ্ছার অভাব রয়েছে। তবু, যেটুকু উদ্যোগ রয়েছে, তাতেই তরুণ প্রজন্মের দাবাড়ুদের ঢেউ উঠে আসছে। গুকেশের বিশ্ব খেতাব জয় নিশ্চিতভাবে সেই ঢেউয়ের সংখ্যা আরও বাড়িয়ে দেবে।
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







