ভোট, নির্বাচনী বন্ড, নিয়োগ কেলেঙ্কারি, গণতন্ত্রের দফারফা – এতকিছুর মধ্যে এবং সবকিছুকে ছাপিয়ে যে কথাটা ভোটপর্বের শুরু থেকে সর্বস্তরের মানুষের মুখে সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে তা হল ‘উফ, কী গরম!’ যে নাগরিক তুচ্ছ মতানৈক্যের অবসরে অনায়াসে সহনাগরিকদের পাকিস্তান চলে যেতে বলেন, আড়াল থেকে সুকুমার রায়ের বেড়াল তাঁকেও ভেংচি কেটে বলছে ‘গরম লাগে তো তিব্বত গেলেই পারো।’
উত্তরাখণ্ডের আলমোড়ায় তিনজন শ্রমিক আগুন নেভাতে গিয়ে মারা গেছেন। তাঁরা দমকলকর্মী ছিলেন না। দাবানলের আগুন তাঁদের কারখানাকে গ্রাস করতে গেলে তাঁরা আগুন নেভাবার চেষ্টা করছিলেন। এক শুক্রবারেই উত্তরাখণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬৪টি দাবানলের খবর পাওয়া গেছে, ধ্বংস হয়েছে ১৮৫ একর বনভূমি। গত ছমাসে দাবানলের প্রকোপে উত্তরাখণ্ডে দেড় হাজার একরেরও বেশি বনভূমি নষ্ট হয়েছে। এই সময়ের মধ্যে গোটা ভারতে অন্তত ৭৫,৫৫০ টি দাবানলের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি বনভূমি পুড়েছে উত্তরাখণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ আর ছত্তিসগড়ে।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
গত কয়েকদিন ছত্তিসগড়ের নাম অবশ্য খবরে এসেছে অন্য এক ইতিবাচক কারণে। হাসদেও আদিবাসী আন্দোলনের পুরোভাগে থাকা অশোক শুক্লা ২০২৪ সালের গোল্ডম্যান পরিবেশ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। গ্রীন নোবেল নামে পরিচিত এই পুরস্কার তাঁকে দেওয়া হচ্ছে ছত্তিসগড় বচাও আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার জন্য। ছত্তিসগড়ের ওই বনাঞ্চল ভারতের ফুসফুস। ২০০৯ সাল থেকে দীর্ঘকালীন সংগঠিত আন্দোলনের মাধ্যমে হাসদেও অঞ্চলের ২১টি পরিকল্পিত কয়লাখনি রুখে দিয়ে ৪,৪৫,০০০ একর বনভূমি অশোকরা বাঁচাতে সক্ষম হয়েছেন। সেই এলাকার মধ্যে রয়েছে হাতিদের আনাগোনার পথ। তা সত্ত্বেও পারসা কয়লাখনি প্রকল্পের জন্য অনেক গাছ কাটা পড়ে গতবছর এবং এই কয়লাখনিটিকেও বাতিল করার দাবিতে ৮০০ দিন ধরে আন্দোলন করছেন স্থানীয় আদিবাসীরা। কেন্দ্রীয় সরকার এবং বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান – উভয়েরই মোকাবিলা করতে হচ্ছে তাঁদের।
গ্লোবাল ফরেস্ট ওয়াচ সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, কেবলমাত্র ২০২৩ সালেই ভারত হারিয়েছে ৩,৩০,০০০ একরের বেশি প্রাকৃতিক বনাঞ্চল, যা প্রায় ৮২ মেগা টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণের সমান। ২০০১ থেকে ২০২৩ সালের মধ্যে আমরা হারিয়েছি ১০,৩৭,৮০০ একরেরও বেশি আর্দ্র ঘন বনাঞ্চল। এই সময়ের মধ্যে মোট বৃক্ষ আবৃত অঞ্চল কমেছে ৫৭,৫৭,৫৫৫ একর, যা ১.২ গিগা টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণের সমান। এর মধ্যে ২০০১ থেকে ২০১৩ পর্যন্ত গড় বার্ষিক বৃক্ষ আবরণ ক্ষয়ের পরিমাণ ছিল ১,৭৫,৪৪৪ একর আর ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে সেই ক্ষয়ের বার্ষিক গড় ৩,৪৮,৪১৮ একর।
এছাড়া পৃথিবীর সবচেয়ে দূষিত নগরের তালিকায় আমাদের দেশের নগর, মহানগরগুলোর রমরমার কথা তো সকলেরই জানা। বাতাসের গুণগত মানের নিরিখে আমাদের শহরগুলো যে কীরকম বিপজ্জনক সে তথ্যও সহজলভ্য।
আরো পড়ুন যথেচ্ছ পরিবেশ ধ্বংসের ফলে আজ আগুনে নববর্ষ
এইসব তথ্য ও পরিসংখ্যানের ভণিতা করার উদ্দেশ্য একথা বলা, যে আর্থিক সম্পদ বিনষ্ট হওয়া নিয়ে যতখানি মাথাব্যথা ও হইচই আমরা করছি, প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হওয়া নিয়ে তার এক আনাও করছি না। প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষার কথা কি নেই? আছে।
এ বিষয়ে সবথেকে আধুনিক ও উল্লেখযোগ্য কংগ্রেসের ইশতেহার। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে পর্যবেক্ষণ এবং আলাদা করে কেন্দ্র ও রাজ্যস্তরে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য স্বাধীন দফতর প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এতে। পুনর্নবীকরণযোগ্য শক্তি ও পরিবেশবান্ধব প্রযুক্তির সম্প্রসারণের জন্য বিশেষ তহবিল বরাদ্দ করার কথাও বলা হয়েছে। ১৯৮০ সালের বন সংরক্ষণ আইন মোতাবেক ‘প্রায় অরণ্য’ অঞ্চলগুলোকে যে সংরক্ষণের আওতায় রাখা হয়েছিল, ২০২৩ সালের আইনে তা বাতিল করা হয়েছে, যাতে বহু জীববৈচিত্র্যে সমৃদ্ধ অঞ্চল রাস্তা ও খনি ইত্যাদি ‘উন্নয়নমূলক’ কাজের জন্য অধিগ্রহণ করা যায়। এর বিরুদ্ধেও স্পষ্ট প্রতিবাদ রয়েছে কংগ্রেসের ইশতেহারে।
সিপিএমের ইশতেহারে আদিবাসী ও বনবাসীদের অধিকার রক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এছাড়া রয়েছে ২০০২ সালের জীববৈচিত্র্য আইনে গতবছরে আনা পরিবর্তন বাতিল করার দাবি, আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপে বাণিজ্যিক আগ্রাসন রোধ, শহরাঞ্চলের দূষণ কমানো, এবং গ্রীনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি।
তৃণমূলের ইশতেহারে কেন্দ্রের বিজেপি সরকার এতদিনে কী করেছে আর রাজ্যের তৃণমূল সরকার কী করেছে সে বিষয়ে তুল্যমূল্য আলোচনা ছাড়াও রয়েছে জলাভূমি সংস্কার, বৃক্ষ-আচ্ছাদন বাড়ানো, ম্যানগ্রোভ অরণ্য প্রতিস্থাপন এবং নদী-উপকূলের ক্ষয় প্রতিরোধের প্রতিশ্রুতি।
এমনকি বিজেপির ইশতেহারেও রয়েছে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদন ও ব্যবহার বাড়ানো, হিমালয় রক্ষা, উপকূল অঞ্চলের দুর্যোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, নদীর নাব্যতা বাড়ানো এবং বন্যপ্রাণী ও মানুষের মধ্যে বিরোধ কমানোর ভাসা ভাসা প্রতিশ্রুতি।
কিন্তু ইশতেহারে যা থাকে তার সবই নির্বাচনী ইস্যু হয়ে ওঠে না। নির্বাচনী ইস্যু না হলে যত বড় অন্যায়ই হোক, তা নিয়ে রাজনৈতিক দলের প্রচারযন্ত্র বা গণমাধ্যম গলা ফাটায় না। চায়ের দোকানে বা সোশাল মিডিয়ায় তুফান তুলি না আমরা নাগরিকরাও। ভোটযন্ত্রের বোতাম টেপার সময়েও মাথায় রাখি না।
নির্বাচনী রাজনীতি করা দল এবং সেইসব দলের নেতারা কতকটা বাণিজ্যিক ফিল্মের নির্মাতাদের মত। সাধারণ মানুষ যে বিষয়ে যত বিচলিত হবেন, সেই বিষয় নিয়ে প্রচার করলে তাঁদের তত লাভ। দেশের তথা দেশের জনগণের ভালর জন্য নতুন কথা বলার ঝুঁকি নেবার মত নেতৃত্ব তুলনায় বিরল। কাজেই কী ভোটার আর কী ভোটপ্রার্থী –দেশ হিসাবেই রাখি না আমরা বড় বেশি অদূরদর্শী। পরিবেশ মন্ত্রকের মতে অরণ্য ধ্বংসের অন্যতম কারণ হল দায়িত্বজ্ঞানহীন কৃষি এবং বেআইনি গাছ কাটা। বেআইনি গাছ কাটা পশ্চিমবঙ্গেই কী হারে বেড়েছে বর্তমান রাজ্য সরকারের আমলে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু চাকরি লুঠের বিরুদ্ধে আমাদের গলা যত ফাটছে, সহমর্মিতায় যতখানি মুখর হচ্ছি; কাটা যাওয়া গাছের জন্যে, বুজে যাওয়া পুকুর, বা মাটির আরও আরও গভীরে তলিয়ে যাওয়া জলস্তরের জন্যে, বালি চুরি হতে হতে ফোঁপরা হয়ে যাওয়া নদীখাতের জন্যে, কংক্রিটের জঙ্গল হয়ে যাওয়া শহরের জন্যে তার কত শতাংশ আফসোস হচ্ছে?
হেমন্তকালে বাড়ির চৌহদ্দিতে শুকনো পাতা ঝরাচ্ছে বলে মুহূর্তের দ্বিধা না রেখে যে গাছটি কাটিয়ে দিলাম, বৈশাখের দাবদাহে জানলার বাইরে তার অভাব অনুভব করে খানিক স্মৃতিমেদুর হওয়া অবধিই আমাদের দৌড়। কিন্তু পরের হেমন্ত কেন, বর্ষা আসতে না আসতেই তার কথা আমরা ভুলে বসে থাকি। কাজেই পাশের বাড়ির দোরগোড়ায় ডাল ফেলার অপরাধে কাটা পড়ে আরেকটি গাছ। কখনো গাছে বসা পাখি বিষ্ঠা ত্যাগ করছে বলে, কখনো গাছ ফুল ঝরাচ্ছে বলে, কখনো প্রতিবেশী আম চুরি করছে বলে – গাছ কাটানোর জন্য নিত্যনতুন অজুহাতের আমাদের অভাব নেই। অথচ পৃথিবী যে দিকে চলেছে, তাতে করে একটি মানবশিশুকে যে মমতায় আমরা আগলে রাখি, তার চাইতেও বেশি যত্নে আগলে রাখা উচিত গাছেদের।
ন্যায়বিচার, সম্পদের ও সুযোগের সাম্য, এবং গণতন্ত্রের মত করেই পরিবেশকে অন্যতম নির্বাচনী ইস্যু করে তোলার দায়িত্ব আমাদের সবার।
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।




