প্রায় ২০ বছর আগের কথা। ওয়েলিংটন স্কোয়্যারের কাছে লেনিন সরণিতে এক বাম দলের সদর দফতরে দেখা করতে গিয়েছিলাম এক নেতার সঙ্গে। তাঁর সঙ্গে নিত্য ফোনালাপ ও দেখাসাক্ষাৎ ছিলই। খবরের প্রয়োজনেই। সেদিন তাঁর অফিসে গিয়ে দেখলাম আরও একজন বসে রয়েছেন সামনে। অচেনা এক ভদ্রলোক। প্রাথমিক কুশল বিনিময়ের পর, কাঠের চেয়ারে বসে সিগারেট ধরিয়ে সেই নেতা উপস্থিত ভদ্রলোকের দিকে ইঙ্গিত করে বললেন, ‘তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি আমাদের দলেরই লোক। তোমাকে এনার আসল নামটি এখন বলতে পারছি না। ধরে নাও অমুকবাবু (এতদিন পরে সেই নাম মনে করতে পারছি না)। এখন কিন্তু ইনি আন্ডারগ্রাউন্ডে রয়েছেন। পরে তোমাকে বিস্তারিত বলব এঁর সম্বন্ধে। কিছুদিনের মধ্যেই এঁকে নিয়ে খবর করতে পারবে।’

খবরের কারবারি হিসাবে খানিকটা সবিস্ময়েই তাকিয়েছিলাম তাঁর দিকে। কলকাতা শহরের মাঝে একটি ব্যস্ত রাস্তার উপরে একটি রাজনৈতিক দলের অফিসে আন্ডারগ্রাউন্ড নেতা! নকশাল আমল আমার দেখা হয়নি। গল্প শুনেছি, পড়েছি। কিন্তু আন্ডারগ্রাউন্ড নেতা তখনো দেখা হয়নি। তখনো কিষেণজি বা বিকাশের সঙ্গে সাক্ষাৎও হয়নি। আমার সেই ঘোরের মধ্যে সেই নেতা সিগারেটে টান দিয়ে বেশ গর্বের সঙ্গে বলে চলেছেন, ‘আসলে আমরা তো বিপ্লবী দল!’

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

তখন বিস্মিত হলেও, পরে বুঝেছি এ এক ধরনের রোম্যান্টিকতা। দেশে বিদেশে কমিউনিস্ট বিপ্লবের যে আখ্যান রয়েছে এবং এদেশেও নকশালদের যে গেরিলা যুদ্ধের নিদর্শন রয়েছে, তাতে বাম নেতারা শুধু স্বপ্ন কেন, সেই স্বপ্নকে এই মুহূর্তে প্রত্যক্ষ করছেন – এমন উপলব্ধি করে থাকতেই পারেন। কিন্তু নির্বাচনী রাজনীতিতেও অংশ নেব আবার আন্ডারগ্রাউন্ড বিপ্লবের কথাও ভাবব – দুটো একসঙ্গে কেমন করে চলতে পারে?

এই ঘটনা এসইউসিআই দলের রাজ্য দফতরের। জয়নগর এবং কুলতলি বিধানসভা আসন দুটো বাম জমানায় তাঁদের নামেই লেখা থাকত। সংবাদমাধ্যমকে খবর দিয়ে এবং তার মাধ্যমে পুলিসের কাছে খবর পৌঁছনোর পরেও তাঁদের কর্মীদের কলকাতার রাস্তায় ‘আচমকা’ জঙ্গি প্রতিবাদের ছবি করার জন্য চিত্র সাংবাদিকরা মুখিয়ে থাকতেন। টিভি সাংবাদিক হিসাবে সেই জঙ্গি আন্দোলন কভার করার জন্য আমার উত্তেজনাও কম থাকত না। পরে জয়নগর ও কুলতলি অঞ্চলে গিয়ে দেখেছি – গ্রামের পর গ্রাম এসইউসিআই দলের সমর্থকদের শক্ত ঘাঁটি। স্থানীয় নেতার ডাকে ঘরে ঘরে সমর্থকরা একজোট হয়ে রাস্তায় নামতে পারেন কোনো প্রশ্ন না করেই। বাধ্য পার্টিকর্মীর মতই যে কোনো যুদ্ধে নামতে প্রস্তুত তাঁরা।

আজ তৃণমূলের জমানায় সেই এসইউসিআইকে কজনই বা মনে রেখেছে? বিপ্লবের স্বপ্ন দেখা, প্রাথমিক স্কুলে ইংরেজি ফিরিয়ে আনা বা বিদ্যুতের বিল নিয়ে তীব্র আন্দোলন করা দল এখন সত্যিই ‘আন্ডারগ্রাউন্ডে’। নির্বাচনের সময় দেওয়াল লিখনে, প্রচারপত্রে বা ইভিএমে হয়ত দেখা মেলে। কয়েকটা বিধানসভা কেন্দ্রে সীমাবদ্ধ দলটা নিজেদের সমর্থকদের একজোট রাখার চেষ্টা করেও নির্বাচনী রাজনীতিতে হারিয়ে গেছে। কারণ তারা সময়ের সঙ্গে রাজনীতির তাল মেলাতে পারেনি।

এই প্রবন্ধের মূল আলোচ্য বিষয় অবশ্য এসইউসিআই নয়, আরেকটা বামপন্থী দল – সিপিএম। সেই দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সোশাল মিডিয়ায় করা এক বিতর্কিত পোস্ট আলোড়ন ফেলেছে চারিদিকে। সেখানে দেখা যাচ্ছে, সিপিএম রাজনৈতিক বিশ্লেষক এবং মূলত সামাজিক মাধ্যমে বিপণনের লোক খুঁজছে। রীতিমত বিজ্ঞাপন দিয়ে।

এই বিজ্ঞাপন দেখে অনেকে যেমন পুলকিত হয়েছেন, তেমন আবার অনেকে বিরক্ত বোধও করেছেন। তাঁরা প্রশ্ন তুলেছেন, একটা কমিউনিস্ট পার্টিতে যখন ক্যাডার ও সর্বক্ষণের কর্মীরা রয়েছেন, সেখানে এমন পেশাদার কৌশলীদের কী দরকার? প্রশান্ত কিশোরদের মত কৌশলীদের তো মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদীদের দরকার হয়। সিপিএম কেন এরকম ‘বুর্জোয়া’ দলের পন্থা নেবে?

যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা যুক্তি দিয়েছেন এমন পেশাদাররা একটা বাম দলের আদর্শে উদ্বুদ্ধ না হয়ে কীভাবে দলের অবস্থান জরিপ করবেন আর কীভাবেই বা তাঁরা দলের কৌশল ঠিক করে দেবেন? হক কথা। একটা ক্যাডারভিত্তিক রেজিমেন্টেড দলের মধ্যে কমরেডরাই শেষ কথা বলবেন। সেখানে বাইরের উটকো লোক কেন?

সত্যিই আটের ও নয়ের দশকের সিপিএমের কথা মনে করলে এই বিরক্তি স্বাভাবিক। কারণ বলা যেতেই পারে যে দলের লোকাল কমিটির নেতারাই তখন একেকজন প্রশান্ত কিশোর ছিলেন। প্রতিটি ঘরের হাঁড়ির খবর তাঁদের কাছে থাকত। ভোটার লিস্ট এবং সেই লিস্টের কে গতকাল কোন নেতাকে রাস্তায় দেখে হাসেননি এবং কে সম্ভ্রমের চোখে তাকিয়েছেন – তা মুখস্থ থাকত লোকাল কমিটির নেতাদের। ঘরোয়া বা খাটিয়া সভায় উপস্থিতির হার দেখে তাঁরা বলে দিতে পারতেন, কত ভোটের লিড থাকবে স্থানীয় বুথে। নিখুঁত সংগঠন এবং শৃঙ্খলাবদ্ধ দলের কমরেডদের কাছে পেশাদার ভোটকুশলীরা শিশু। লোকাল ও জোনাল কমিটির নেতারাই ঠিক করে নিতে পারতেন, ভোটের দিন ঠিক কোন জায়গায় বেঞ্চ পেতে বসলে বিপক্ষ দলের সমর্থক গ্রামের ভোটাররা ভোটকেন্দ্রে যেতে সাহস পাবেন না, বা নিজের দলের কোন সমর্থকদের ভ্যানে করে ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে।

মুশকিল হল, সেই রামও নেই আর সেই অযোধ্যাও নেই (বাম দলের সঙ্গে রাম-অযোধ্যার উপমা কি বাড়াবাড়ি হল?)। ক্ষমতাচ্যুত হওয়ার পর দেড় দশক হতে চলল। এই সময়ে বহু লোকাল কমিটি ও জোনাল কমিটি ভেঙেচুরে এরিয়া কমিটি তৈরি করতে হয়েছে। সমর্থক ও নেতারা হাওয়া হয়ে গিয়েছেন পট পরিবর্তনের পর (তার কারণগুলো অবশ্য অন্য আলোচনার বিষয়)। বামেরা বিধানসভায় শূন্য। লোকসভা হোক বা বিধানসভা, অধিকাংশ আসনে বাম প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়। আর সোশাল মিডিয়ায় যাঁরা নিজেদের বাম সমর্থক মনে করে শীর্ষ নেতাদের জ্ঞান দেন, তাঁরা অনেকেই বস্তার পর্দার আড়ালে গিয়ে ইভিএমে কাস্তে-হাতুড়ি-তারার বদলে জোড়াফুল বা পদ্মফুলে বোতাম টিপে আসেন।

আট ও নয়ের দশকে এমনকি ২০১৪ সালের আগে সোশাল মিডিয়ার এই বাড়বাড়ন্ত ছিল না। মানুষের ভোট দেওয়ার সমীকরণও অত সরল নেই আর। সংখ্যা ও সংখ্যাতত্ত্ব বড় ভূমিকা নেয় নির্বাচনে। সোশাল মিডিয়া ব্যবহারের কৌশলে যেমন ব্যবহারকারীদের মন বোঝার চেষ্টা করা যায়, তেমনই আবার তাঁদের মন বদলের চেষ্টাও করা যায়। প্রযুক্তি ব্যবহার করে অনেক অঙ্ক কষে নেওয়া যায় এক পলকে। প্রযুক্তি যখন রয়েছে, তার ব্যবহার করতে বাধা কোথায়?

বিজেপির মত দল ভোটের সময়ে তাদের প্রাণভোমরা যাদের হাতে, সেই আরএসএস প্রচারকদের সাহায্য পায় তৃণমূল স্তরে। প্রত্যেক নির্বাচনে আরএসএসের নিখুঁত সংগঠন পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার সেরে আসে। নিজের দলের কর্মী এবং আরএসএস থেকে বিজেপিতে ভোটের কাজ করতে আসা কর্মীদের তাঁদের নিজেদের অঞ্চল থেকে দূরের অঞ্চলে গিয়ে কাজ করতে হয়। প্রবাসে গিয়ে সেই নেতা, কর্মীরা সেই এলাকার ভোটের চালচিত্রের নিরপেক্ষ হিসাব নিয়ে আসেন । স্থানীয় নেতার হিসাবে সঙ্গে মিলিয়ে দেখা হয় প্রবাসে যাওয়া কর্মীর রিপোর্ট। তা থেকে ঠিক হয় দলের কৌশল।

মাটির কাছাকাছি এই নিখুঁত সংগঠনের জাল থাকতেও ভোটকুশলীর দরকার পড়ে নরেন্দ্র মোদীর। যাঁরা সাধারণত নিরপেক্ষ রিপোর্ট দেন, ঠিক করে দেন সোশাল মিডিয়ার কৌশল, বাতলে দেন দুর্বল এলাকায় দলের প্রচার কৌশল কেমন হওয়া উচিত। তাঁদের রিপোর্টও মিলিয়ে দেখে নেওয়া হয় দলের নেতাদের পাঠানো রিপোর্টের সঙ্গে।

আরএসএস-বিজেপির মত মজবুত সংগঠনের দলও যখন পেশাদারদের সাহায্য নিচ্ছে, তখন সেলিমের ভাঙা দল সেই সাহায্য নিলে ক্ষতি কী? পেশাদাররা কখনো কোনো একটা মতাদর্শ বা একটা বিশেষ দলের প্রতি আনুগত্য দেখান না। আজ বাম দলের হয়ে কাজ করছেন, তো কাল ডান দলের হয়ে কাজ করবেন। পেশাদার বলেই তাঁদের কাছে নিরপেক্ষ পর্যবেক্ষণ প্রত্যাশা করা যায়। আশা করা যায় তাঁরা জেলা কমিটির পদ টিকিয়ে রাখার জন্য রাজ্য কমিটির নেতার মনের মত রিপোর্ট দেবেন না। দলের মধ্যে সোশাল মিডিয়ায় বিপণনের কাজ জানা কর্মী থাকলেও, তাঁর হিসাবও একপেশে হতে পারে। হ্যাঁ, এই পেশাদারদের মধ্যে কি বিচ্যুতি নেই? নিশ্চয়ই আছে। তবে তার জন্য সতর্ক থাকতে হবে সংশ্লিষ্ট দলের নেতাকে।

সেলিমরা কীভাবে এই পেশাদারদের ব্যবহার করবেন, তাঁদের কোন হিসাবকে সত্যি বলে মেনে নেবেন, কোন কৌশলকে দলের কৌশল হিসাবে প্রতিষ্ঠিত করবেন তা দলের নেতাদের উপরই নির্ভর করবে। কৌশলীদের কাজের সীমা শীর্ষ নেতৃত্বকেই ঠিক করে দিতে হবে।

সিপিএমের এমন ঘটা করে বিজ্ঞাপন দিয়ে ভোটকুশলী নিয়োগ করা নিয়ে দুটো সঙ্গত প্রশ্ন উঠতে পারে। এত হইচই করে পেশাদার কুশলী নিয়োগের কী এমন দরকার পড়ল, যে স্বয়ং রাজ্য সম্পাদককে এই বিজ্ঞাপন সোশাল মিডিয়ায় পোস্ট করতে হল? বিজেপি কোন সংস্থাকে দিয়ে নির্বাচনী কৌশল ঠিক করার কাজ করে তা কি সাধারণ বিজেপি কর্মীরা জানেন, বা জানার দরকার পড়ে? মোদীর ওয়ার রুমে কারা কারা কীভাবে প্রতিনিয়ত কাজ করছেন, তা কি নিচুতলার আরএসএস কর্মীরা খোঁজ রাখেন? মোদীরাও জানান না, নিচুতলার কর্মীদেরও জানার দরকার পড়ে না। আদর্শগতভাবে উদ্বুদ্ধ কর্মীরা নিজেরা নিজেদের কাজ করেন। আর ভাসমান কর্মী, সমর্থক তো সব দলেই থাকে।

দ্বিতীয় প্রশ্ন, এই ধরণের পেশাদার নিয়োগ করে কি দলের মতাদর্শগত ভিত্তিকে সেলিমরা দুর্বল করে দিচ্ছেন? নিজেদের ক্যাডার এবং সর্বক্ষণের কর্মীদের প্রতি অনাস্থা জ্ঞাপন করছেন? এর উত্তর সিপিএম শীর্ষ নেতৃত্বই দিতে পারবেন।

আরো পড়ুন সেলিব্রিটি কাল্ট দরদি সিপিএমকে খোলা চিঠি

কারণ পেশাদার ভোটকুশলী নিয়োগ আর দলের মতাদর্শ মেনে ক্যাডার ও সর্বক্ষণের কর্মীদের মাঠেঘাটে কাজ করা কখনোই একে অপরের বিকল্প নয়। পরিপূরক মাত্র। পেশাদার সংস্থাকে দিয়ে নির্বাচনী কৌশল ঠিক করার কাজ করলেও উত্তরপ্রদেশে আরএসএস কর্মীরা গত লোকসভা নির্বাচনে হাত গুটিয়ে বসে থাকলে কী হয় আর পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের আকচাআকচির পরিণাম কী হয়, তা নির্বাচনের ফলেই দেখা গেছে। সুতরাং মাঠের কাজ মাঠেই করতে হবে। আর ঠান্ডা ঘরের কাজ চার দেওয়ালের মধ্যেই করতে হবে। সংগঠনকে চাঙ্গা করে তাকে নির্বাচনের দিকে তাকিয়ে পরিচালনা করার কাজ সিপিএম নেতাদের করতেই হবে। তার কোনো বিকল্প নেই।

সেলিম জানেন প্রযুক্তি ব্যবহারের উপযোগিতা। সেই ২০০৪ সালের নির্বাচন থেকে তিনি নিজের টিম বানিয়ে, সবসময় ল্যাপটপে প্রচারের তথ্য নিয়ে ঘুরছেন। নির্বাচনী প্রচারে সিপিএমের মধ্যে এক ধরনের বিপ্লবও তিনিই এনেছিলেন। যদিও সেবার উত্তর কলকাতার মোড়ে মোড়ে শুধু তাঁকে কেন্দ্র করে ভোট চাওয়ার বিজ্ঞাপন তৎকালীন সিপিএম নেতৃত্বকে রুষ্ট করেছিল। সেই হোর্ডিংগুলো খুলে ফেলতে হয়েছিল সেলিমকে। এবারও তিনি একটু অন্যভাবে নির্বাচনী রাজনীতি করতে চাইছেন। আশা করা যায় দলের দুর্দিনে রাজ্যের সর্বোচ্চ নেতা হিসাবে তিনি অন্যদের সমর্থন পাবেন।

তবে সংগঠনকে চাঙ্গা করার দায়িত্বও তাঁরই। শুধু প্রযুক্তি দিয়ে যেমন নির্বাচনে জেতা যায় না, তেমন এই ভাঙা সংগঠন নিয়েও রাজনীতিতে টিকে থাকা কষ্টকর। দুদিকেই তাল রেখে চলতে হবে সিপিএম নেতৃত্বকে।

সুতরাং নিজেদের ‘বিপ্লবী’ দল হিসাবে ছদ্ম দাম্ভিক আত্মকেন্দ্রিকতায় ডুবিয়ে রাখলে এসইউসিআইয়ের মত সিপিএম দলও হয়ত একদিন শুধু ইভিএমের বোতামেই সীমাবদ্ধ হয়ে যাবে। মানুষের মন থেকে হারিয়ে যাবে। সুতরাং সময়ে সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। ভেন ডায়াগ্রামের মত আধুনিকতা ও ঐতিহ্যকে মিলিয়ে মিশিয়ে রাখতে হবে।

মতামত ব্যক্তিগত

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.