বারাসাতের ছোট জাগুলিয়া হাইস্কুলে ছাত্রছাত্রীদের রোষের মুখে পড়ে মারা গেলেন স্কুলের শিক্ষাকর্মী প্রৌঢ় শিবু শী। রোষের কারণ? নোটিস দিয়ে বারণ করা সত্ত্বেও যারা পরীক্ষার সময়ে ফোন এনেছিল, তাদের ফোন বাজেয়াপ্ত করে রাখা হয়েছিল প্রধানশিক্ষকের ঘরে, অভিভাবকের হাতে ফেরত দেওয়া হবে বলে। যেমনটা হয়ে থাকে এসব ক্ষেত্রে। সেই ফোন ফেরত পাওয়ার জন্য স্কুল ছুটির পর শিবুবাবুর উপর চড়াও হয় কিছু ছাত্রছাত্রী। কথা কাটাকাটি থেকে শুরু হয়ে অত্যাচার এমন পর্যায়ে পৌঁছয় যে শিবুবাবু কোনোমতে পালিয়ে আশ্রয় নেন পাশের একটি দোকানে। স্থানীয় মানুষ যখন তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। শরীরে পাওয়া গেছে আঘাতের চিহ্ন। শিবু শী কতটা অসুস্থ ছিলেন, কতখানি আঘাত সেদিন লেগেছে, ঠিক কী কারণে মৃত্যু হল – এসব নিয়ে অনুসন্ধান, তদন্ত, জিজ্ঞাসাবাদ, চলছে। এখনো কেউ গ্রেপ্তার হয়েছে কিনা জানা নেই। সকলেই চাইবেন প্রকৃত দোষীরা শাস্তি পাক। কিন্তু কারা প্রকৃত দোষী? যে ছাত্রছাত্রীরা স্কুলের নিষেধ সত্ত্বেও মোবাইল ফোন নিয়ে ঢুকল এবং অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়ার পরিবর্তে ফোন ফেরত পাওয়ার জন্য অস্থির হয়ে উঠল, অভিভাবকের হাতে স্কুল কর্তৃপক্ষ ফোন দেবেন এই নিয়মটুকুর তোয়াক্কা না করে শিক্ষাকর্মীকে চাপ দিয়ে মোবাইল ফেরত নেওয়ার জন্য হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল, তারা তো অপরাধী বটেই। কিন্তু এই অপরাধের বীজ জল, বাতাস পেয়ে বেড়ে উঠেছে আমাদেরই বাড়িতে, সমাজে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের গণ্ডি না পেরনো ছোট জাগুলিয়ার কিশোর মনগুলো যে নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারল না, স্কুলের নির্দেশ না মেনে মোবাইল এনে আমি অন্যায় করেছি – এই বোধটুকু ফুৎকারে ভেসে গেল তখনই মোবাইল ফেরত পাওয়ার উদগ্র তাড়নায়, এর পিছনে আমাদের সমাজের কি কোনো দায় নেই? শিক্ষক, অভিভাবক বা সচেতন নাগরিক – যা-ই ভাবি না কেন নিজেদের, এই ঘটনা মনোযোগের দাবি রাখে।
ছোটবেলায়, সম্ভবত শিশু সাহিত্য সংসদ প্রকাশিত এক কিশোর গল্প সংকলনে, দুটো গল্প পড়েছিলাম। একটা হল দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ‘ফার্স্ট বয়’। গ্রাম থেকে আসা দরিদ্র মেধাবী ছেলের সঙ্গে ধনী ঘরের মেধাবী ছেলের বন্ধুত্বের গল্প। নামগুলো আজ আর সঠিক মনে নেই, ধরা যাক অমল আর অবনী। অমল বরাবর প্রথম হয় স্কুলে, পরীক্ষার খাতায় তার কলম চলে ঝরনার মত। কিন্তু এবার প্রথম না হলে গরিব ঘরের অবনী বৃত্তি পাবে না, পড়াশোনা চালিয়ে যাওয়া হয়ত আর সম্ভব হবে না তার পক্ষে। দুই বন্ধুর কত কথা, গল্প, স্বপ্ন দেখা একসাথে। দুজনেই রাত জেগে দাঁতে দাঁত চেপে পড়ছে দিনরাত। অবনী সব বিষয়ে অমলকে টেক্কা দিতে পারলেও ইংরিজিতে সে সামান্য দুর্বল, সেখানেই অপ্রতিরোধ্য অমল। ইংরিজি পরীক্ষার দিন লিখতে লিখতে অমলের চোখ পড়ে অবনীর দিকে। ক্লান্ত রাতজাগা চোখদুটো দিশেহারা হয়ে কী যেন খুঁজছে ইংরিজি প্রশ্নপত্রে। প্রথম পুরসকার, মাস্টারমশাইদের উচ্ছ্বসিত প্রশংসা, দিদির আদর – সব ছাপিয়ে অমলকে তাড়া করে বেড়ায় সেই চোখ। একটু চুপ করে থেকে আবার লিখতে থাকে অমল, ইচ্ছা করে ভুল লিখে আসে। ফল বেরোলে দেখা যায় অবনী প্রথম হয়েছে, অমল দ্বিতীয়। চোখের জলে বন্ধুকে জড়িয়ে ধরে অবনী – “আজ বুঝলাম অমল, কেন তুই ফার্স্ট বয়।”
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
দ্বিতীয় গল্পটি প্রতিভা বসুর লেখা। কোনো মেয়েদের স্কুলের এক শিক্ষিকা সুকৃতি (নাম ভুল হতে পারে) থাকেন স্কুলের হোস্টেলে। নানা ঘাত প্রতিঘাতে বারবার স্বাভাবিক সুর তাল ছন্দ কেটেছে জীবনের, আর সেইসব যন্ত্রণাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিণামে সারা মুখে পোড়া দাগ। এই শারীরিক বিকৃতি নিয়ে কয়েকজন সহকর্মী এবং ছাত্রীর হাসিঠাট্টা, মন্তব্য প্রায়শই কানে আসে। সবমিলিয়ে সুকৃতি বড় একা, এককোণে থাকা মানুষ। একদিন নিজের ঘর থেকে অনেক রাত পর্যন্ত মেয়েদের হইহুল্লোড় শুনে উপরে গিয়ে দেখলেন, ক্লাস টেনের একটি মেয়ে সারা মুখে চক মেখে তার উপর কালো রং দিয়ে সুকৃতির বিকৃত মুখের মত চেহারা করেছে। হাত পা নেড়ে তাঁরই মত অঙ্গভঙ্গী করছে আর বাকি মেয়েরা হাততালি দিয়ে হেসে গড়িয়ে পড়ছে। সেদিন সহ্যের বাঁধ ভাঙল। দিশেহারা হয়ে মেয়েটির গালে কয়েকটি থাপ্পড় বসিয়ে দিয়ে নেমে এলেন সুকৃতি। পরদিন সকালে সেই মেয়ের জ্বর এল। এককথায় প্রায় সকলে দায়ী করতে থাকলেন সুকৃতিকে। এমনকি স্কুল কর্তৃপক্ষও খানিকটা হুমকির সুরে শুনিয়ে গেলেন, ছাত্রীর পরিবারের কাছে কৈফিয়ত দেওয়ার জন্য যেন তিনি তৈরি থাকেন। কিন্তু ডাক্তার এসে যখন জানালেন মেয়েটির বসন্ত হয়েছে, হোস্টেল ফাঁকা হতে শুরু করল দ্রুত। মেয়েটির বাড়ির লোক পরদিন সকালের আগে পৌঁছবে না, মেট্রনও বিকেল হতেই নানা অজুহাতে পালিয়ে বাঁচলেন। সন্ধের অন্ধকারে ফাঁকা হোস্টেলে নিজের ঘরে বসে সুকৃতি শুনলেন মেয়েটি যন্ত্রণায় কাতরাচ্ছে, জল চাইছে। গিয়ে তার মাথাটা বালিশে তুলে জ্বরতপ্ত কপালে হাত বুলিয়ে দিলেন সুকৃতি, আস্তে আস্তে জল খাইয়ে দিলেন। জ্বরের ঘোরে সে ডেকে উঠল – মা!। গল্পের নাম ছিল ‘সবচেয়ে যা বড়ো’। আজ এই বয়সে এসব গল্পের কোনো কোনো অংশ কখনো একটু দুর্বল, আরোপিত মনে হয়। কিন্তু নির্দ্বিধায় বলব, এই আরোপটুকু, বিশেষত কিশোর সাহিত্যে সেদিনও একান্ত প্রয়োজন ছিল, আজও আছে।
ছোট জাগুলিয়ার ঘটনা শুনে প্রায় বছর ২৫ আগে পড়া এই গল্পদুটির কথা মনে এল। দুটিই স্কুলছাত্রদের নিয়ে গল্প। আমি নিশ্চিত, সেদিন শিবু শীর উপর যারা চড়াও হয়েছিল, এই দুটি গল্প তারা জানে না। স্কুলের বইয়ের বাইরে অন্য কোনো গল্প পড়ার বা শোনার অবকাশই সম্ভবত ওদের জীবনে নেই। ঘটনার আগেরদিনও ওদের কেউ কেউ হয়ত স্কুলগেটে দাঁড়িয়ে গল্প করেছে শিবুদার সাথে। আমি বিশ্বাস করি, মানুষটির মৃত্যুসংবাদ শুনেও কষ্ট পেয়েছে ওরা অনেকেই। অথচ সেদিন ওই মুহূর্তে, মোবাইল হাতছাড়া হওয়ার রাগ, পরীক্ষার হলে ফোন নিয়ে ঢুকতে না পারার হতাশা বা অসহায়তা, অভিভাবকের শাসনের আশঙ্কা সব মিলেমিশে ওদের এমন অমানবিক হিংস্র করে তুলতে পারল। কারণ জীবনে সত্যিকারের ফার্স্ট বয় কীভাবে হওয়া যায়, তা আমরাই ওদের শেখাতে পারিনি।
অন্যের প্রয়োজনে হাত বাড়িয়ে দিচ্ছে কেউ, নিজে ক্ষতি স্বীকার করেও অন্যের ভালো করছে, নম্বর কম পেয়েও সুন্দর মনের গুণে সবার ভালবাসা পাচ্ছে – এমন কত মন কেমন করা গল্প আমাদের কৈশোরকে ছুঁয়ে থাকত। ইচ্ছে করত অমলের মত হই বন্ধুকে ভালবেসে। শিক্ষিকা হলে সুকৃতির মত যেন মানবিক হই। আমাদের সিলেবাসে বা রুটিনে আলাদা করে কোনও ‘ভ্যালু এডুকেশন’-এর বালাই ছিল না। আমাদের জানা বোঝাও হয়ত কিছু কম ছিল। কিন্তু আজ ভাবতে বসলে বুঝতে পারি, ভাবনায় ভাললাগায় অভ্যাসে একান্ত নিজের বৃত্তের বাইরে চলাচলের একটা অভ্যাস গড়ে উঠেছিল কোথাও। আমি চাইলেই সবকিছু পাব না এবং আমার ইচ্ছে করলেই সেই ইচ্ছে অবধারিতভাবে আমার ভাল করবে না, কিছু জিনিস ইচ্ছে না হলেও মেনে চলতে হবে – এই সার কথাটুকু কিন্তু শিখেছিলাম। ছোটদের গানেও পুলক বন্দ্যোপাধ্যায় লিখে দিতে পেরেছিলেন ‘শৃঙ্খলটা ভাঙব সবাই শৃঙ্খলা কেউ ভাঙব না।’ পরিবার, স্কুল, পাড়া, কিশোর গল্প-উপন্যাসের সম্ভার একটা স্বাভাবিক ন্যায়-অন্যায় উচিত-অনুচিতের বোধ তৈরি করে দিত অজান্তেই। খোলা আকাশে উড়তে হলে ডানার উপর নিয়ন্ত্রণ থাকা চাই, না হলে মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা। অথচ প্রতিদিনের অভিজ্ঞতা, খবরের শিরোনাম আজ আমাদের বুঝিয়ে দিচ্ছে – জীবনে সবচেয়ে যা বড়, সেই মানবিকতার পাঠটুকু আমরা এই প্রজন্মকে দিতে প্রধানত ব্যর্থ হয়েছি। ক্যানভাসের ছবি নিজে নিজে ফোটে না, শিল্পী জানেন তুলি দিয়ে কোথায় কতটা রং চাপালে সে ছবিতে প্রাণ আসবে। মনের ক্যানভাসও ঠিক তাই। এই চাপানোটাকে যদি চাপিয়ে দেওয়া মনে করি, ভুল হয়ে যাবে। ভুলের মাশুলও দিতে হবে।
নিজের স্কুলের একটি সাম্প্রতিক অভিজ্ঞতা বলি। কোনো বিশেষ প্রয়োজনে স্কুলে মোবাইল আনতে হলে সেটি ক্লাস টিচারকে জানিয়ে জমা রাখতে হয়, ছুটির সময়ে ফেরত নিতে হয়। এটাই নিয়ম। একটি মেয়ের কাছে স্কুল চলাকালীন যখন মোবাইল পাওয়া গেল, ক্লাস টিচার সেটি বাজেয়াপ্ত করলেন। মেয়েটির বাড়িতে সঙ্গে সঙ্গে ফোন করে জানানো হল, অভিভাবক যেন সময় করে এসে ফোনটা নিয়ে যান। তাঁরা সম্মতও হলেন। মেয়েটি কিন্তু নড়ল না। সমানে নানাভাবে অনুরোধ করে যেতে লাগল ফোনটা তখনই, তার হাতেই দেওয়ার জন্য। ছুটির পরে বহুক্ষণ সে দাঁড়িয়ে রইল ওই এক জেদ নিয়ে। ফোনটা তার সেদিনই চাই। আমরা সেদিন তাকে কোনোমতে বুঝিয়ে বাড়ি পাঠালাম কয়েকজনের বিরুদ্ধে গিয়েই। একজন সহকর্মী বললেন, বাড়ি গিয়ে কিছু করে বসলে কিন্তু থানা-পুলিশ হবে। পরে যখন মেয়েটির মা এলেন ফোন নিতে, স্কুলের নিয়ম না থাকা সত্ত্বেও ওকে ফোন নিয়ে আসতে দিয়েছেন কেন, এর উত্তরে তিনি বললেন “ওকে কিছু বলতে খুব ভয় পাই দিদি, কখন আবার কী করে বসবে।”
সেই মুহূর্তে আমার নিজের বাবার কথা মনে পড়ল, যিনি আমার সঙ্গে বাসে উঠলেই আমি সামনে কোনো বয়স্ক মানুষকে সিট ছেড়ে দিচ্ছি না দেখলে দূর থেকেই “উঠে দাঁড়াও” বলে ধমক লাগাতেন। আজ আমরা সকলেই জীবনের সর্বক্ষেত্রে চুপ করে থাকাকে মহামন্ত্র বলে জেনে নিয়েছি। কেউ ভয়ে, কেউ গা বাঁচাতে, কেউ হতাশায় চুপ থাকার সহজ পথ বেছে নিচ্ছি। সন্তানকে, ছাত্রছাত্রীকে উচিত-অনুচিত শেখালাম না। যে শূন্যতা থেকে তার অভ্যাস এবং যাপন ক্রমশ মোবাইল-ফেসবুক-ইউটিউবের ভার্চুয়াল দুনিয়ায় বন্দি হয়ে যাচ্ছে, তাকে বুঝতে চাইলাম না। নিজের অভ্যাস পালটে, সময় বের করে তাকে একটু সময় দিলাম না। নিজেও ফাঁকা সময় পেলেই ডুব দিচ্ছি মুঠোফোনের স্ক্রিনে, আর সন্তান হোক বা ছাত্রছাত্রীকে “কী করে বসবে” বা “কী দরকার ঝামেলার” – এসব ছুতোয় যা খুশি তাই করতে দিচ্ছি। আমাদের সন্তানরা শিখছে – আমার ইচ্ছে, আমার মর্জি, আমার ভাললাগাই একমাত্র বাস্তব, সেটাই জগৎ। কোথাও এতটুকু প্রত্যাখ্যান, এতটুকু বিরোধ, এতটুকু বাধা সহ্য করার মত সুস্থ মন তাদের তৈরি হচ্ছে না।
খেয়াল রাখা দরকার, আগে মা-বাবা না পারলে বাড়ির অন্য গুরুজন ছিলেন, পাড়ার কাকু-জেঠুরা ছিলেন, ছিলেন স্কুল কলেজের মাস্টারমশাই বা দিদিমণিরা। আজ এই সুতোগুলো আলগা হয়ে এসেছে অনেকটাই। দেশজোড়া দারিদ্র্যের হাহাকার, বেশিরভাগ সরকারি স্কুলের বেহাল দশা, করোনাজনিত ভাঙনে দীর্ঘ অচলাবস্থা, ইন্টারনেটনির্ভর শিক্ষা যা সর্বনাশ করেছিল তাকেই আরও পাকাপোক্ত রূপ দিতে কেন্দ্র-রাজ্যের কর্তারা জাতীয় শিক্ষানীতি, রাজ্য শিক্ষানীতি ইত্যাদি চালু করতে উঠেপড়ে লেগেছেন। অন্য সব কথা বাদ দিলেও যা চোখে পড়ে তা হল, শিক্ষকের ভূমিকা, শিক্ষকের প্রয়োজন, ক্লাসঘরে ছাত্র-শিক্ষক-ব্ল্যাকবোর্ডের যে আদানপ্রদান – সেসবের গুরুত্ব যতদূর সম্ভব কমিয়ে আনা হয়েছে এইসব শিক্ষানীতিতে।
আরো পড়ুন শিক্ষক দিবসের প্রশ্ন: শিক্ষকদের বাঁচাবে কে?
রবীন্দ্রনাথ বহুদিন আগে লিখেছিলেন “ঘুরিয়া ফিরিয়া যেমন করিয়াই চলি-না কেন শেষকালে এই অলঙ্ঘ্য সত্যে আসিয়া ঠেকিতেই হয় যে, শিক্ষকের দ্বারাই শিক্ষাবিধান হয়, প্রণালীর দ্বারা হয় না। মানুষের মন চলনশীল, এবং চলনশীল মনই তাহাকে বুঝিতে পারে।” ইতিহাসে এর নিদর্শন অঢেল। কিন্তু আজ সেখানেও ভাটা। স্কুল ক্রমশ গুরুত্বহীন হয়ে যাচ্ছে। যে কোনো বাড়িতে খোঁজ নিলে দেখা যাবে স্কুলপড়ুয়া ছাত্র বা ছাত্রীটি স্কুলের চেয়ে অনেক বেশি নিয়মিত হাজিরা দেয় কোচিংয়ে। সেখানে যাঁরা পড়ান তাঁরা কিছুই শেখান না – এমন অতি সরলীকরণ কখনোই করব না। কিন্তু ওই নম্বর-সিলেবাস-পরীক্ষা-চাকরির এক অদ্ভুত ইঁদুর দৌড়ে কোথাও আর এতটুকু শ্বাস নেওয়ার ফুরসত নেই, মনের আকাশ তৈরি হওয়ার অবকাশ নেই। স্কুলের ক্লাসঘরে পড়ানোর ফাঁকে ফাঁকে স্যার বা দিদিমণি সিলেবাসের বাইরে মানুষ হওয়ার পাঠ যেটুকু দিতে পারতেন, খেলার মাঠে বা টিফিন ভাগ করে খাওয়ার সময় যা যা মূল্যবান জিনিস শেখা হত, কমে আসছে সেসবের পরিসরও। আর কোনোমতে ডিগ্রি জোটানোর পরেও অপেক্ষা করছে শুধুই অনিশ্চয়তার অন্ধকার, চাকরি জোটার আশা তলানিতে। যে কোনো উপায়ে সফল হওয়ার মানসিকতাও তাই বাড়ছে পাল্লা দিয়ে।
দুই কলেজপড়ুয়ার গল্প শুনছিলাম সেদিন মেট্রোয়। “বিল গেটস কী বলেছে জানিস? বলেছে আমি কোনোদিন কলেজ ইউনিভার্সিটি যাইনি, কিন্তু ইউনিভার্সিটির যারা টপার, তারা আমার আন্ডারে কাজ করে। এই হচ্ছে গাটস।” আগে হলে রাগ হত, সেদিন নিজেকে প্রশ্ন করলাম। এই ছেলেদুটি টাকার জোরে অন্যকে পদানত করে রাখাকেই ‘গাটস’ বলে চিনেছে। এই তো আজকের স্রোতের অভিমুখ। আমরা যারা অন্যরকম জেনেছি, শিখেছি, তারা সেই শেখার চর্চা করার, ছড়িয়ে দেওয়ার যথেষ্ট চেষ্টা করছি কি? পরবর্তী প্রজন্মকে বিল গেটসের বদলে ক্ষুদিরাম-ভগৎ সিং-নেতাজির ‘গাটস’ চেনানোর জন্য কতটুকু সচেষ্ট আমরা? মূল্যবোধ, মনন তো তৈরি হয় সমাজ, পরিবেশ থেকেই। ক্ষমতার রাজনীতি, অন্যায়কে স্বীকৃতি দেওয়ার রাজনীতি আপাত শক্তিধর। কিন্তু প্রতিস্পর্ধী রাজনীতি ছাড়া, মানুষ গড়ার রাজনীতি ছাড়া কি এই অবক্ষয় আটকানো সম্ভব? “রাজনীতি করতে দেব না” বলে প্রতিনিয়ত নিজের সন্তানকে আটকে আগলে রাখছি নিশ্চিন্ত ঘেরাটোপে, কোনো সামাজিক উদ্যোগের অংশ হতে দিচ্ছি না সচেতনভাবেই। ভবিষ্যতে এই আত্মকেন্দ্রিকতার ঘেরাটোপ দশ গুণ ভয়ানক চেহারা ধরে আমাদেরই জবাবদিহি চাইবে না তো?
ছোট জাগুলিয়ার মত ঘটনা সত্যিই আটকাতে চাইলে নিজেদের এই প্রশ্নগুলো করা জরুরি।
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।




