পাটকিলে রংয়ের জলে পা ডুবিয়ে সে আকাশ বাতাস দেখছিল। আলো পড়ে পিছলে যাওয়া প্যান্টটা সযত্নে গুটিয়ে নিয়েছিল হাঁটু পর্যন্ত, কিন্তু ভেজা পাথরে বসলে পাছার দিকটা তো ভিজে যাবেই। নিচু হয়ে ঠান্ডা জল মুখে চোখে ঘাড়ে মাথায় দেওয়ার সময়ে পিটার ইংল্যান্ডের শার্টটাও ভিজে যাবে নির্ঘাত। সে আড়চোখে বউকে দেখে নিল। সেই ভদ্রমহিলা তখন ডিএসএলআর ক্যামেরাটা তাক করে কে জানে কিসের ছবি তুলছিলেন। আহা! এই তো জীবন। ঘন শালবনের মধ্যে এই এক টুকরো জায়গা, যেখানে জলকে জায়গা ছেড়ে দিয়েছে জঙ্গল। পাথরের উপর দিয়ে, নিচ দিয়ে, এপাশ দিয়ে, ওপাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা। আর মানুষের কী বুদ্ধি! স্রোতের পথে দেয়াল তুলে নদীকে কাজে লাগানোর পাকা বন্দোবস্ত করেছে, জায়গাটাকে করে তুলেছে আরও মনোরম। এরকম জায়গা সে ইংরিজি সিনেমায় দেখেছে। এমন মনোরম জায়গায় এলেই ওসব ছবির হিরো-হিরোইনদের রমণের ইচ্ছে হয়।

সে আবার আড়চোখে তার বউকে দেখে নিল। বিয়ের সময়ে ফিগারটা মাইরি এমা স্টোনের মত ছিল। এখন সালমা হায়েকের দিকে। এইখানে, ঠিক নদীর মাঝখানে এই কোমর জলে দুজনে যদি… । যথেষ্ট মানানসই হবে ব্যাপারটা। এসব জায়গা তৈরিই হয়েছে সে আর তার বউয়ের মত সুন্দর দেহের অধিকারী নারী-পুরুষ সদ্ব্যবহার করবে বলে। কিন্তু একথা ভদ্রমহিলাকে বললেই উনি বলবেন “যাঃ! তোমার যত উল্টোপাল্টা চিন্তা। ওইসব সিনেমায় হয়।” নয়ত বলবেন “ছিঃ! লাজলজ্জা নেই নাকি? কেউ এসে পড়লে?” আরে থোড়াই কেউ এসে পড়বে। এখন হল টুরিজমের অফ সিজন। ভরা মরসুমেও এসব এলাকায় স্থানীয় ড্রাইভার ছাড়া এসে পৌঁছনো দুরূহ ব্যাপার। চট করে আসা যায় না বলেই তো জায়গাটার সৌন্দর্য বজায় আছে। নইলে চারপাশটা চিপসের প্যাকেট আর মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিঙ্কের বোতলে ভরে থাকত। এই সৌন্দর্যকেই তো কবি, সাহিত্যিকরা বলেছেন আদিম সৌন্দর্য। এখানে এসে আদিম হলে দোষ নেই। যস্মিন দেশে যদাচার। ভদ্রমহিলাকে একবার ভিজিয়ে দিলে হয় না? খানিকক্ষণের জন্যে দুষ্টু হতে রাজি হয়ে যেতেও পারে…

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

… ওরে বাবা!

কখন নিঃসাড়ে একেবারে গায়ে এসে দাঁড়িয়েছে একটা লোক। লোকই তো? বেশ খানিকক্ষণ সন্দেহ ছিল তার। লোকটা পরনের লুঙ্গি নেংটির মত করে বেঁধে নিয়ে মাছের মত নিঃশব্দে জলে নেমে যাওয়ার পরেও মনে হচ্ছিল, ভূতপ্রেত নয়ত? জঙ্গলের এত গভীরে মানুষের দেখা পাওয়া ভার, কিন্তু তেনারা তো আছেনই। জানে, সে জানে, যে ওসব মানুষের কল্পনা – হ্যালুসিনেশন। কিন্তু এমন পরিবেশেই তো মানুষ হ্যালুসিনেট করে। এখন খটখটে রোদ, ঘড়িতে আড়াইটে বলে ভূত দেখা যাবে না তা তো নয়। এ তো একেবারে রাতদুপুর। এই তো হ্যালুসিনেট করার আদর্শ সময়। লোকটা যখন পাশে দাঁড়িয়ে লুঙ্গি গোটাচ্ছিল, সে দেখে নিয়েছে – পা দুটো তার হাতের চেয়ে সরু। অথচ ডায়েটিং করে এখন তো তার ছিপছিপে চেহারা। ভুঁড়িওলা বন্ধুরা হিংসে করছে। স্কুলের হোয়াটস্যাপ গ্রুপে মোদিকেয়ারের ব্যবসা করে সদ্য থাইল্যান্ড ঘুরে আসা স্কুলমাস্টার বন্ধু বলেছে “গুরু, শুধু ডায়েট করে যে এই বডি করেছিস বাইরের কাউকে বলিস না কিন্তু। আমাদের সাপ্লিমেন্টগুলোর বিক্রি বন্ধ হয়ে যাবে।” যাকগে। কথা হচ্ছে, লোকটার হাতদুটোও যেন শোলার তৈরি। যে কোনো মুহূর্তে খুলে পড়ে যাবে শরীর থেকে, আঠা পুরো শুকিয়ে যেতে যেটুকু দেরি। সোজা হয়ে দাঁড়ালেও শিরদাঁড়াটা বেঁকেই থাকে। গায়ের রংটাও… এত কালো কি কোনো মানুষ হয়? জঙ্গলে সন্ধে নাকি তাড়াতাড়ি নামে। সে নিশ্চিত, এখন আড়াইটের বদলে সাড়ে চারটে হলেই একে দেখা যেত না। লোকটা তারই পাশে এসে দাঁড়াল, শব্দ হল না। জলে নামল, শব্দ হল না। কুতকুতে চোখ দুটো কুঁচকে কী যেন খুঁজছে জলে, হেঁটে বেড়াচ্ছে। তাতেও শব্দ হচ্ছে না। খুঁজছেই বা কী? খুঁজে পাবেটা কী? এ তো পাহাড়ি ঝোরার মত স্বচ্ছ জল নয় যে তলা পর্যন্ত দেখা যাবে। জলে এখানকার মাটি মিশে আছে। নইলে জামাপ্যান্ট ভিজে যাওয়া নিয়ে চিন্তা করার মত আনরোম্যান্টিক সে নয়। জামাপ্যান্টের কি অভাব আছে?

বেশ গা শিরশিরে ব্যাপার। চারদিকে জলের শব্দ ছাড়া কোনো শব্দ নেই, তার মধ্যে এমন একজন (প্রাণী?) পাঁচ হাতের মধ্যে নিঃশব্দে নড়াচড়া করছে, ডুব দিচ্ছে, ঘষে ঘষে গায়ের ময়লা তুলছে। অবশ্য কিছু উঠছে কিনা বোঝা যাচ্ছে না। না তার গায়ের রং ফরসা, না জলের। এক অর্থে ভূত ব্যাপারটাও রোম্যান্টিক, শুধু প্রেম বা যৌনতা নয় – সে ইংলিশ অনার্স পড়ার সময়ে পড়েছিল। আচ্ছা, লোকটাকে কি বউ দেখতে পাচ্ছে? যদি পায় তাহলে তবু খানিকটা নিশ্চিত হওয়া যাবে লোকটা মানুষই। কিন্তু চেঁচিয়ে ডাকা চলবে না। চেঁচালে ভূত হাওয়ায় মিলিয়ে যেতে পারে। মানে হ্যালুসিনেশন কেটে যেতে পারে আর কি। অবশ্য এই জলের আওয়াজ পেরিয়ে গলা ভদ্রমহিলার কানে পৌঁছনো শক্ত; ইশারাই ভাল। ঘাড় ঘুরিয়ে সে দ্যাখে উনি হাঁটু গেড়ে লোকটার দিকেই ক্যামেরা তাক করে বসে আছেন। নিশ্চয়ই শাটারও টিপছেন, জলের আওয়াজে শব্দ শোনা যাচ্ছে না। যাক, নিশ্চিন্ত। লোকটা মানুষই। নইলে ছবি উঠত না। তার ভারি ইচ্ছে হল লোকটার সঙ্গে আলাপ করে। লোকটা ইতিমধ্যে উঠে এসেছে জল থেকে। সে ভাবল গা মুছতে যতটুকু সময় লাগে তার মধ্যে দু-চারটে কথা বলে নেবে। কীভাবে কথা শুরু করা যায়? ‘দাদা, আপনি এখানেই থাকেন?’ নাঃ! এটা বোকা বোকা প্রশ্ন হয়ে যাবে। এখানে তো থাকে বটেই। নয়ত এখানে বেড়াতে এসেছে নাকি? ‘দাদা, নমস্কার। কী নাম আপনার?’ অ্যাঃ! লোকটার নাম জেনে কী হবে? বন্ধুত্ব করবে নাকি? এ প্রশ্নটাও বাতিল। ‘দাদা, এই জঙ্গলে জীবজন্তু কী আছে?’ হ্যাঁ, এই প্রশ্নটা করা যায়।

কিন্তু সে প্রশ্নও করা গেল না, কারণ লোকটা জল থেকে উঠে আর দাঁড়াল না। গা মোছামুছির কোনো ব্যাপার নেই। সত্যিই তো। লোকটা তো টাওয়েল আনেনি, মুছবে কী দিয়ে? পরনের লুঙ্গিটারও অবস্থা ভাল নয়। ওই জিনিস পরে কেউ খোলা জায়গায় চান করতে আসে? উফ! একজন ভদ্রমহিলার কি এসব ছবি তোলা উচিত? আরে! কোনো আক্কেল নেই? এখনো ছবি তুলে চলেছে! কী এমন বিশেষত্ব আছে লোকটার? সে গজগজ করতে করতে ঘাড়ে মাথায় মুখে চোখে জল দিয়ে পাড়ের দিকে হাঁটা দেয়।

২

সে লোক খারাপ নয়, রীতিমত ভদ্রলোক। কথাটা এলাকার অটোওলারাও নিজেদের আড্ডায় স্বীকার করে, তবু তাকে ঠিক পছন্দ করে না। কারণ প্রায় রোজই তার সঙ্গে খুচরো নিয়ে খিটখিট করতে হয়। সে পাড়ার মোড় থেকে অটোয় ওঠে, স্টেশন পর্যন্ত যায় অফিস টাইমে। আবার সন্ধেবেলা ফেরে। সোম থেকে শুক্র। সে যে বেখেয়ালি, কবি কবি ভাবের লোক তা নয়। যথেষ্ট সাবধানী, রীতিমত হিসাবী। নিজের এবং স্ত্রীর ফোনের বিল জমা দেওয়ার দিন কখনো পেরিয়ে যায় না; জীবন বিমা, মেডিক্লেমের প্রিমিয়াম দেওয়ার কথা মনে রাখতে ফোনে রিমাইন্ডার পর্যন্ত দিতে হয় না; স্ত্রী বলার সঙ্গে সঙ্গে গ্যাস বুক করে ফেলে; কোন ওটিটি প্ল্যাটফর্মে কবে কোন সিরিজটা রিলিজ করছে সব মাথায় থাকে। রিলিজ হওয়ার দিনই ডাউনলোড করে ফেলে এবং এক সপ্তাহের মধ্যে দেখা হয়ে যায়, তা নিয়ে ফেসবুকে পোস্টও দেওয়া হয়ে যায়। কিন্তু বাড়ি থেকে বেরোবার সময়ে অটোর জন্যে খুচরো নেওয়ার কথাটা কেন যেন কিছুতেই মনে থাকে না। একদিন অটো স্ট্যান্ডের সর্দার ধরনের ছেলেটা কতকগুলো টিউশন ফেরত বাচ্চার সামনেই বলেছিল “আপনি রোজ ঠিক বাড়িতে ঢোকেন তো? নাকি অন্যের বাড়িতে গিয়ে অন্যের বউকে লাগান? শালা একদিন-দুদিন মানুষের খুচরো না থাকতে পারে। আপনার তো রোজই এক অবস্থা।” সেদিন সে ভেবেছিল একেবারে হাত চালিয়ে দেবে। কী ভাষা! কোনো ভদ্রলোক এই ভাষায় কথা বলে? বিশেষ করে বাচ্চাদের সামনে? ছেলেগুলোর ১৪-১৫ বছর বয়স। খুক খুক করে হাসতে হাসতে চলে গেল।

কিন্তু সে লোকটাকে ঘুঁষি মারতে পারেনি, একটা ধমক পর্যন্ত দিতে পারেনি। ভদ্রলোক হাজার হোক। সে বঙ্কিম পড়েছে। তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন – এই জাতীয় কী একটা যেন পড়েছিল। সেকথা ভেবেই সে আত্মসংবরণ করেছিল। তাছাড়া এই অটোওলাদের সঙ্গে ঝামেলায় না জড়ানোই ভাল। ওদের আবার সব দাদা-টাদা ধরা আছে। শহরটা তো ওই ছোটলোকগুলোই চালায়, তাদের মত ভদ্রলোকদের সাবধানে মান বাঁচিয়ে চলতে হয়। এরা সব বাড়ি চেনে, তার উপর তার বউকেও রোজ এখান থেকেই অটোয় উঠতে হয়, এখানে এসে নামতে হয়। এরা ক্ষেপে গিয়ে যদি বউয়ের উপর প্রতিশোধ নেয়? আজকাল যা সব ঘটছে চারিদিকে, একটা ক্ষতি হয়ে গেলে হয়ে গেল। প্রতিকার দূরের কথা, পুলিস হয়ত এফআইআর পর্যন্ত নেবে না।

সে ভেবে খুবই দুঃখ পায় যে সামান্য কটা টাকা খুচরো দিতে না পারার জন্যে তাকে এই অশিক্ষিত ছেলেগুলো এত কথা শোনায়। নিয়মিত। ওরা বোঝে না, খুচরো টাকা এখন অপ্রয়োজনীয় জিনিসের তালিকায় চলে গেছে। ট্রেনে যেতে তো টিকিট কাটতে লাগে না রোজ, মান্থলি আছে। ওদিকে স্টেশন থেকে অফিস হাঁটা পথ। ক্যান্টিনে খেয়েও ক্যাশ দিতে হয় না, ফোন পে আছে। নিচের কফি শপটাতেও তাই, এমনকি বাইরে মোমোর ছেলেটাও এখন ফোন পে নিয়ে নেয়। এই শালা অটোওলাগুলো কোন লাটের বাট?

না, এসব সে বলে না। মনে মনে ভাবে। আর বলে না বলেই অটোওলারাও নিজেদের আড্ডায় স্বীকার করে, লোকটা নেহাত গোবেচারা ভদ্রলোক। মনে করে খুচরো আনলেই কোনো কথা ছিল না। একটা লোক প্রায় রোজ বারো টাকা ভাড়ার জন্যে হাতে ৫০, ১০০ টাকার নোট নিয়ে দাঁড়িয়ে পড়লে কার ভাল লাগে? তাও আবার অফিস টাইমে। তখন যত বেশি ট্রিপ মারা যায় তত ভাল। সেইসময় ওই একটা লোকের জন্যে নিয়মিত সময় নষ্ট হয়। ওদের মধ্যে গোপাল এমনিতেই রগচটা। বলে “একেকদিন না, মনে হয় শালার গলা টিপে দি। এমন গণ্ডারের চামড়া, খিস্তি কল্লেও পিটপিট করে তাকিয়ে থাকে। পালটা ঝগড়া কল্লেও বুঝতাম দম আছে।”

রাজু ওদের নেতা, মাথাটাও সবচেয়ে ঠান্ডা। বলে “একেকটা মাল থাকে এরকম ঠ্যাঁটা। কী করবি? খুব রাগ হলে যত ইচ্ছে খিস্তি কর, কিন্তু গায়ে হাত-ফাত তুলিস না বাবা। পুলিস কেস হয়ে গেলে আমার কন্ট্রোলে থাকবে না।”

রঘু বলে “আরে দাদা, কী যে বলো! তোমার সঙ্গে তো সোজা এমএলএ-র কানেকশন। তোমার কন্ট্রোলে থাকবে না এরকম কোনো কেস হয় নাকি?”

“আরে ভাই এমএলএ-র আমাদের লাগে। তাই একটু খাতির করে। কিন্তু দিনের শেষে আমরা হলাম অটোওলা, ওরা সালা ভদ্দরলোক। আমার থেকেও উপরে যে ওর কানেকশন নেই কী করে জানব বল? আর এসব কেস নিয়ে সত্যদার কাছে গেলে বলবে, এগুলো খুচরো ঝামেলা। আমার এসব দেখার সময় নেই। নিজেরা যা পারিস কর।”

গোপাল দীর্ঘশ্বাস ফেলে বলে “কী লোকের কপালে কী জোটে। মালটার বউটা কিন্তু ভাল, ঠিক বারোটা টাকা হাতে দেয়। বাড়ি থেকে গুছিয়েই আনে। ওনার জন্যে কোনোদিন একটা সেকেন্ড নষ্ট হয় না।”

রফিক বলে “হাঁ, ভাবীজি ইনসান ভি আচ্ছে হ্যাঁয়। স্টেশন কে পাস একদিন এক বুঢ়িয়া কো রোড ক্রস করা দিয়া হাথ পকড় কে। উসকে লিয়ে এক ট্রেন ভি ছুট গয়া।”

“আরে সেদিক থেকে দাদাও লোক খারাপ না। এই তো পরশু। ফেরার সময় রক্ষাকালী মিষ্টান্নতে দাঁড়িয়ে ঠান্ডা খাচ্ছিল। আমি বললাম, যাবেন তো ঝটপট শেষ করে চলে আসুন। দুজন আসচে, ভর্তি হয়ে যাবে, ছেড়ে দোব। ঢক করে মেরে দিয়ে উঠেই পড়চিল, হটাৎ একটা ভিকিরি বাচ্চা এসে পয়সা চাইল। তা দাদা বলল, পয়সা দেব না। কিছু খেলে বল, কিনে দিচ্চি। বাচ্চাটা রাজি হয়ে গেল, দাদা আমায় বলল, তুমি বেরিয়ে যাও। আমি পরে যাচ্চি।”

শুনে রাজু বলে “হ্যাঁ হ্যাঁ, মানুষ যে ভাল তাতে ডাউট নেই। আমি দেখে নিয়েছি। মাল খেয়ে বাড়ি আসে না, অফিসে প্রেম করে না, অটোর আয়নায় পিছনের সিটের মেয়ে দ্যাখে না। মাঝে মাঝে বৌদির জন্যে এটা সেটা নিয়েও আসে ফেরার সময়।”

“এই জন্যেই তুমি গুরু,” গোপাল বলে জোড়হাত কপালে ঠেকিয়ে। “আমাদের অটোতেও তো যায়। আমরা তো দাদা এত বুঝতে পারি না।”

অন্যরা মাথা নাড়ে সম্মতিতে। রাজুর ভাল লাগে, বিড়ি ধরিয়ে ধোঁয়া ছাড়ে। “আরে চোখকান খোলা রাখ, তোরাও সব দেখতে পাবি। লোকে অটোতে যেতে যেতে ফোনে কী কথা বলে খালি খেয়াল করবি। কত লোককে দেখি অন্যের বউয়ের সাথে অ্যাপো করে, নিজের বউয়ের ফোন এলে এমনভাবে কথা বলে যেন মা ছাড়া অন্য কোনো মেয়েছেলের দিকে তাকায়নি কোনোদিন। অনেকে ভাবে ফিসফিস করে কথা বলছে, কেউ শুনতে পাচ্ছে না। এদিকে সালা আমার কানে সবই ঢুকছে।”

রাজুর আন্দাজ নির্ভুল। তার সত্যিই কোনো অ্যাফেয়ার-ট্যাফেয়ার নেই। অফিসে সে ঘাড় গুঁজে কাজ করে, বাড়ি এসে ফোনে ডুবে যায়। বস তার উপর খুবই প্রসন্ন। ডিউটি শেষ হয়ে গেলেও তাকে যতক্ষণ ইচ্ছা থাকতে বলা যায় কাজের স্বার্থে, কোনো কথায় না নেই, কারোর সাথে ঝগড়াঝাঁটি করে না। তার চেয়েও বড় কথা – দোস্তি করে না। কতবার যে ‘এমপ্লয়ি অফ দ্য মান্থ’ হয়েছে তা বসের মনে নেই, তারও নেই। অফিস নিয়ে ঠিক যতটুকু ভাবা দরকার তার বেশি সে ভাবে না। কয়েকজন আছে কার বেশি হাইক হল, কার কম তাই নিয়ে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। বাইরে খেতে-টেতে বেরিয়ে কানে আসে ওদের কথাবার্তা। কয়েকজনের আবার বেশ বিপ্লবী ভাব আছে। মাঝে যখন কিছু লোককে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া হল তখন নিজেদের মধ্যে প্রচুর ফিসফাস করেছিল। “কোম্পানির কোনো মায়াদয়া নেই”, “বস অযোগ্য লোকগুলোকে রেখে দিল চুগলিবাজ দরকার বলে। আর যোগ্য লোকটাকে তাড়িয়ে দিল। শালা তেল না মারলে এখানে কিচ্ছু হবে না”, “এফিশিয়েন্ট হয়ে কী হবে ভাই? ওবিডিয়েন্ট হও, সব হবে” ইত্যাদি মন্তব্য সে শুনতে পেয়েছিল। বেশ কয়েকটা যে তাকে শুনিয়েই করা তাও বুঝেছিল। কিন্তু সে জবাব দেয় না, শুনতে না পাওয়ার ভান করে। এসবে মাথা ঘামাতে শুরু করলে আর নিজের জীবন বলে কিছু থাকবে না। এইসব করে বলেই সারাক্ষণ এদের মেজাজ খিঁচড়ে থাকে, টেনশনে থাকে। সে বাইরে সিগারেট খেতে খেতে সন্দীপ আর সুভাষিনীকে আলোচনা করতে শুনেছে

“ইয়ার ইয়ে চ্যাটার্জি কিতনা চুতিয়া হ্যায়। পিছলি বার সির্ফ ফোর থাউজ্যান্ড কা হাইক দিয়া মেরে কো। ইস বার ভি লগ নহি রাহা কুছ আচ্ছা হোগা।”

“আরে ক্যায়সে আচ্ছা নেহি হোগা। তু বোল দে উস কো, আচ্ছা হাইক নহি মিলা তো জব ছোড় দুঙ্গি।”

“কেয়া বাত কর রহা হ্যায়? জবস হ্যাঁয় কহাঁ? উয়ো দিন গয়ে, বস। অভি তো কুছ ভি কর কে টিকে রহনা হ্যায়।”

“হুম। তোকে সত্যি কথা বলব? আমারও আর ভাল্লাগছে না এখানে। শালা টু ইয়ার্স আমার প্রোমোশন আটকে রেখেছে। আর হাইক তো যা দেয় জানিস। এদিকে আমার খরচা বেড়েই যাচ্ছে। বাবার দুটো আয়ার পেছনে সেই টু থাউজ্যান্ড সিক্সটিন থেকে মাস গেলে বিশ হাজার টাকা খরচ, এদিকে আবার মেয়েটার থ্যালাসেমিয়া ধরা পড়ল…”

সে জানে সিস্টেম সবসময় যোগ্য লোকের পক্ষে থাকে, কারণ তাতেই সিস্টেমের লাভ। তুমি অফিসে এসে এর তার সঙ্গে গল্পগুজব করে সময় কাটাবে; বস যা চায় সেটা চুপচাপ করে দিলেই মিটে যায়, তা না করে তুমি নিজের আইডিয়া জানাতে যাবে; এদিকে প্রমোশন আর হাইক আশা করবে – এ জিনিস যে চলে না সে জানে। তাই এই সন্দীপরা পিছনে ‘কেরানি’ বললে তার কিছু এসে যায় না। রাঘবের মত কিছু অতি অসভ্য ছেলেও আছে অবশ্য, যারা সরাসরিই খুব ঠেস মেরে কথা বলে। যেমন সেদিন একেবারে মিটিংয়ের মধ্যে বলল “টাইম কনজিউমিং, বোরিং কাজগুলো সব ওকে দিয়ে দিন। ও তো আর আইডিয়েট করার লোক নয়। ও হল রাত আটটা অব্দি অফিসে থেকে কাজ মিটিয়ে দেয়ার লোক।” একবার অফিস পার্টিতে বলেছিল “ও মা! তুমি মাল খাও? আমি তো ভেবেছিলাম তোমার মত লক্ষ্মী ছেলে শুধু দুধ খায়।” সেবার তার খুব ইচ্ছে হয়েছিল বসকে লাগায়। কিন্তু একবার লাগালে বস আশা করতে পারে নিয়মিত তার থেকে খোঁজখবর পাওয়া যাবে। এমনিতেই যা কাজের চাপ, ওসব করা যাবে না। তাছাড়া চুপচাপ কাজ করে বাড়ি চলে আসার শান্তিটাও নষ্ট হয়ে যাবে। লোকের নামে লাগাতে তার খারাপই লাগে। বাবা একবার খুব বকেছিল হোস্টেলে থাকার সময়ে, কারা পাঁচিল টপকে খেলা দেখতে গেছিল মহারাজকে বলে দেয়ার জন্যে।

৩

এই সময়ে এদিকে বেড়াতে আসতে সে চায়নি। মাহ ভাদর, কিন্তু এ বছর দেশের কয়েকটা জায়গায় বন্যা হলেও বেশিরভাগ জায়গার মানুষ আকাশকে গাল দিচ্ছে। অবশ্য আবহাওয়া দফতর অনাবৃষ্টির কথা বলছে না, খরার খবর কোথাও নেই। কিন্তু যেখানে যার সঙ্গে কথা হয় সে-ই বলে “ধুর, গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। কী ছাতার বৃষ্টি হয়? সাত-আটদিন পরে ঘন্টাখানেক হয়, গরম বেড়ে যায়। সেই এসি চালিয়ে ঘুমোচ্ছি রাতে। তার উপর এত লোডশেডিং, আর ঠিক যখন ঘুমটা আসছে তখনই শালারা অফ করবে। তারপর সারারাত করো এপাশ ওপাশ। চুরিচামারি করি না, ট্যাক্স ফাঁকি দিই না, রাতে একটু শান্তিতে ঘুমোব যে তারও উপায় নেই। এইটুকুও করতে পারে না গভমেন্ট।” এদিকটা এমন আবহাওয়ায় বেড়াতে আসার জন্যে নয়। আসতে হল বউয়ের বায়নায়। আসলে গরমের ছুটিতে দার্জিলিংটা তেমন জমেনি। একে ম্যালে কলেজ স্কোয়ারের অষ্টমীর ভিড়, তার উপর একেকদিন ঘুমের ঘোরে এসির রিমোটের খোঁজে হাত চলে যায়। ফলে আরেকটা বেড়ানো না হলে… সে অবশ্য বউকে বলেছিল যে এ সময় এখানে আরও গরম থাকবে। বউ বলল অন্তত হোটেলের ঘরে এসি তো চালানো যাবে। একখানা এসি গাড়ি ভাড়া করে নিলেই হল।

জঙ্গলে, বিশেষ করে জলের ধারে, অতটা গরম লাগে না। সে উঠে এসে দেখল বউ গাড়িতে হেলান দিয়ে নিজের ক্যামেরার ছবিগুলো দেখছে আর তারিফ করছে। ড্রাইভার কৃষ্ণ ঘুমোচ্ছে মুখে রুমাল চাপা দিয়ে, একটা গাছের তলায়। ছেলেটা নোংরা-টোংরা নিয়ে ভাবে না। ওই জামাপ্যান্ট পরে সারাদিন আছে, শুয়ে পড়ল ঘাসের উপর। হোটেলে ফিরতে কিন্তু এখনো ঘন্টা চারেক। ও নিজেই বলেছে। এখন কর্তব্য কী? আর কী দেখার আছে এখানে? ওদিকের মন্দিরটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল ড্রাইভার। কিন্তু মন্দিরের যা ছিরি, নেহাত ভক্ত না হলে কেউ দেখতে যাবে না। সে এখন গাড়িতে উঠে এসিটা চালাতে পারলে বাঁচে। গায়ের জল যত শুকোচ্ছে তত মনে হচ্ছে গরম জঙ্গলে মোটেই কম নয়।

তেষ্টা পেয়ে গেল এরই মধ্যে। গাড়ি থেকে ঠান্ডা জলের বোতলটা বার করে গলায় ঢালতে ঢালতেই চোখে পড়ল পাঁচ-সাত হাত দূরে দাঁড়িয়ে থাকা গাছটার নিচে। কী রং বোঝা যায় না এমন একখানা শাড়ি পরে একজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একদৃষ্টে তার জল খাওয়া দেখছে। গাড়িটা যখন এখানে এসে দাঁড়ায় সেই থেকেই বোধহয় ওখানে আছে। এখন খেয়াল হল। নেমেই যখন জলের শব্দ বরাবর সে নদীর দিকে গটগটিয়ে এগোচ্ছিল, পিছন থেকে বউয়ের সঙ্গে কোনো একটা মেয়েলি গলার কথোপকথনের শব্দ কানে এসেছিল বটে। এর সঙ্গেই কথা বলছিল কি? কী চায় মহিলা?

“ওদিকে একটা ঝন্না। নিয়ে যাব?”

আর কিছু ভাবার সুযোগ পাওয়ার আগেই মহিলা বলে উঠল। বিশেষ নড়াচড়া করার ইচ্ছে তার ছিল না, কিন্তু ডাইনে বাঁয়ে মাথা নাড়ার সুযোগটুকুও পাওয়া গেল না। বউ বলে দিল “হ্যাঁ হ্যাঁ চলুন। কোনদিকে?”

পথটা বিশেষ সোজা নয়। আসলে তো পথ নেই, পায়ে চলতে চলতে যেটুকু তৈরি হয়েছে। দড়ি পাকানো চেহারাটা চলেছে আগে আগে, সে আর তার বউ পিছনে। ঠা ঠা রোদে ববিপ্রিন্টের ছাতা মাথায় তারা দুজনে, ঘোমটা মাথায় এখানকার মহিলা। তার মনে পড়ল সেই গানটা – ‘চমকে চমকে ভীরু ভীরু পায়/পল্লী বালিকা বনপথে যায়।’ কিন্তু এ তো বালিকা নয়। বয়স কত? টের পাওয়া মুশকিল। হাত পায়ের কোনো ছিরিছাঁদ নেই। এক ঝলক মুখ দেখে মনে হয় গোটা চল্লিশ হবে, কিন্তু চামড়া তাহলে অত বুড়োটে কেন? সে বউয়ের হাতটা একবার নিজের গালে বুলিয়ে নেয়, বউ কপট রাগে ফিসফিসিয়ে বলে “কী হচ্ছে কি রাস্তার মধ্যে?” আসলে সে ওই মহিলার ব্যাঙের গায়ের মত হাতের চামড়া দেখে বিব্রত বোধ করে বউয়ের কোমল ত্বকের স্পর্শে একবার নিশ্চিন্ত হয়ে নিল। পায়ের তলার মাটি খুব নরম নয়। “এবারে বিষ্টি হলই না”, মহিলা যেন নিজের মনেই বলল। এদিক ওদিক উঠে আছে পাথর, ছোটখাটো নুড়িও যে নেই তা নয়। এই পথ দিয়ে খালি পায়ে হাঁটতে পারে কোনো মানুষ? সে ভাবতেই পারে না। বউয়ের পাম শুতে মোড়া নরম পা আড়চোখে দেখে সামনে সে দ্যাখে দুটো শিরা ফুটে ওঠা পা। ভাগ্যিস এই মহিলা সিনেমার আদিবাসী মেয়েদের মত নয়, ব্লাউজ পরে! নইলে একখানা হাড় জিরজিরে শরীর দেখতে হত। ভাবতেই তার মুখ দিয়ে বেরিয়ে আসে “ম্যা গো!” বউ লাফিয়ে উঠে বলে “কী হল?”

“না, কিছু না। এমনি।”

“এমনি আবার কী? এমন ভয় খাইয়ে দাও না! আমি ভাবলাম নোংরা-টোংরায় পা দিলাম বুঝি।”

“না না, গরমে এতক্ষণ হাঁটছি তো, গা-টা কেমন গুলিয়ে উঠল। জলের বোতলটা নিয়ে এলে ভাল হত।”

“চলেন না ঝন্নায়। বুক জুড়িয়ে যাবে এমন ঠান্ডা জল। কত খাবেন খান না,” মহিলা ঘুরে দাঁড়িয়ে বলে ঝলমল করে। ওরা চলতে শুরু করে আবার। মহিলা বলতে বলতে যায় “ঝন্নার ওখানে ডোবা মতন আছে। তাত্থেকে মাটির তলা দিয়ে পাইপ গেছে নিচের গেরামে।”

৪

ঝরনার জল পড়ে পড়ে মোটামুটি বড় একখানা জলাশয়। স্বচ্ছ। হাঁটুজলে নেমে জামা ভিজিয়ে ঘাড়ে মাথায় জল দেয় সে, তবে খায় না। উপস্থিত দু-চারজনের তোয়াক্কা না করে বউকে ভিজিয়ে দেয়। বউ দৌড়ে দূরে সরে গিয়ে বলে “অ্যাই অ্যাই, ক্যামেরাটা নষ্ট হবে কিন্তু।” গাছে গাছে অন্ধকার জায়গাটায় এক কোণে ছোট্ট দোকান খুলে ‘শিরডিওয়ালে সাইবাবা’ গান চালিয়ে বসে আছে এক হালফ্যাশানের তরুণ। তার দোকান থেকে বিসলেরির বোতল কিনে গলায় ঢালে, বলে “ঠান্ডা হবে না, না?” কানে ব্লুটুথ হেডফোন লাগানো ছেলেটি গানের সুরে ঘাড় ঝাঁকাতে ঝাঁকাতে মাথা নেড়ে না বলে দেয়।

শরীরটা ঠান্ডা হওয়ায় মাথা ঠান্ডা হয়। ফিরতি পথে গলা নামিয়ে সে বউকে জিজ্ঞেস করে “এ আমাদের সঙ্গে সঙ্গে এল কেন বলো তো? এইটুকু রাস্তা তো আমরাই চলে আসতে পারতাম।”

“কী করে আসতে? রাস্তা চেনো?”

“আরে চেনার আবার কী আছে? সোজা রাস্তা তো। ডানদিক বাঁদিক ঘোরার কোনো ব্যাপারই নেই। খেয়াল করোনি?”

“চুপ করো। তুমি যা তালকানা… জঙ্গলে পথ হারিয়ে শেষে বাঘের পেটে যেতাম।”

“ধুস। এই জঙ্গলে বড়জোর শেয়াল-টেয়াল আছে। বাঘের ব-ও নেই। এমন কিছু ঘন জঙ্গল নয় যে হারিয়ে যাব। তাছাড়া হারিয়ে গেলেও ফোনে কম্পাস আছে। গাইড-ফাইড লাগে না এখানে। লাগলে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক থাকত।”

“আচ্ছা ঠিক আছে। এসছে যখন, কিছু টাকা দিয়ে দিও। কীরকম গরিব দেখছ না?”

“এই তো মুশকিল। জানে তোমাদের দয়ার শরীর। তার উপর বেড়াতে এলে লোকের খরুচে হাত হয়ে যায়। পয়সা খেঁচবে বলেই এরা দাঁড়িয়ে থাকে।”

“আস্তে! শুনতে পাবে। না হয় দেবে দু-দশ টাকা। ভিক্ষা হিসাবেই দেবে।”

“তা ভিক্ষা ভিক্ষার মত করে চাইলেই তো হয়।”

“উফ! থাক, দিতে হবে না তোমাকে।”

গাড়ির কাছে পৌঁছে বউই দিয়ে দিচ্ছিল আরেকটু হলে, কিন্তু দিতে দিলে মেজাজ সপ্তমে চড়ে থাকত এসি গাড়িতে উঠেও। তাই সে অনেক কষ্টে বউকে নিরস্ত করে মহিলার হাতে দিল ৫০ টাকার সুনীল নোটখানা। মহিলা আহ্লাদ লুকোতে পারল না। ভাঁজ করা নোটটা খুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ফের ভাঁজ করে ব্লাউজের ভিতর ঢুকিয়ে নিয়ে হনহনিয়ে হাঁটা দিল নদীর দিকে। ওপারে বাড়ি? এ কি ওই চান করছিল যে, তার বউ? যাকগে, নিজের বউকে খুশি করতে পারা গেছে। আর কী চাই? এই ভেবে বউয়ের মুখের দিকে তাকিয়ে সে যে সন্তোষ আশা করেছিল তা দেখতে পেল না। বউ ভুরু কুঁচকে বললে “পঞ্চাশ টাকা দিলে?”

“ও মা! তা কত দিতাম?”

“আজকাল ৫০ টাকায় কী হয়? অন্তত একশোটা টাকা দিতে পারতে…”

“কী এমন পরিশ্রম করল যে ১০০ টাকা দিতে হবে? আর এদের কাছে পঞ্চাশ টাকাই অনেক। দেখলে তো কীরকম গ্লো করছিল।”

বলতে বলতেই কানে এল কে যেন মশার ভনভনে সুরে বলছে “বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে…”

থামার নাম নেই। এক কথা এক নাগাড়ে মানুষ বলে যেতে পারে এভাবে! অসহ্য। যে বলছে তাকে দেখে থতমত খেল সে। পাটকিলে রঙের একটা মেয়ে। আপাদমস্তক পাটকিলে। হাত পেতে ভিক্ষার মত করেই ভিক্ষা চাইছে। কত বয়স হবে? বড়জোর আট। খড়ের মত চুলে ছোট্ট মুখটা ঢেকে যাবার জোগাড়। বাড়ানো হাতটাকে হাত না বলে হাড় বলাই ভাল, অন্য হাতে প্রায় উলঙ্গ মেয়েটা ধরে আছে কাঁখে চাপানো একেবারে উলঙ্গ ভাইটাকে। সেও পাটকিলে। হাত-পা তারও ওইরকম। এদের যত স্বাস্থ্য সব পেটে। সে দেখল বিপদ যেমন একা আসে না, এরাও একা আসেনি। সঙ্গে আরও গোটা পাঁচেক ছেলেমেয়ে। একটা একটু ঢ্যাঙা, বোধহয় ১২-১৩ বছর বয়স হবে। কোলেরটা বোধহয় ৩-৪। সকলেরই ওইরকম চেহারা। শরীর পাটকিলে, কিন্তু চোখগুলো হীরের মত জ্বলজ্বলে। পেটগুলো তার বসের মত। বসের অবশ্য হাত-পা মোটা মোটা। আদর করে যখন পিঠ চাপড়ে দেয়, তার দম আটকে যায়। একটা মিডিয়াম সাইজের পিৎজা বস একাই খেয়ে ফেলে, দিনে অন্তত তিন পেগ সিঙ্গল মল্ট হুইস্কি ছাড়া চলে না – নিজেই বলে। হপ্তায় কম করে দুদিন লাঞ্চে তন্দুরি চিকেন গেলে অফিসে বসে। ভদ্রতার খাতিরে মাঝে মাঝে একে ওকে অফার করে, কিন্তু মুখ দেখে বোঝা যায় অফারটা না নিলেই খুশি।

“বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে…”

এই ভনভন কয়েক সেকেন্ডের বেশি সহ্য করা যায় না। সে মানিব্যাগ হাতড়ে কিছু এক টাকা, দু টাকা, পাঁচ টাকা পেল। বিলিয়ে দিল। বাকিরা চলে গেল, কোলের ভাইয়ের হাতটা তার দিকে বাড়িয়ে ধরে দিদিটি বলল “একে।” গলায় কোনো সঙ্কোচ নেই, আর্জি নেই। স্পষ্ট আদেশ। মানিব্যাগে আর খুচরো নেই। পাখি উড়িয়ে দেওয়ার জন্যে চড় তুলতে গিয়ে সে দেখল বউ ক্যামেরা গাড়ির ছাদে রেখে দিয়ে ঘরবন্ধ বেড়ালের মত তাকিয়ে আছে তার দিকে। অগত্যা একটা দশ টাকার নোট বিসর্জন দিতে হল।

“বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে…”

দম ফেলার আগেই আবার। কোত্থেকে আরও গোটা কতক ছেলেমেয়ে হাজির। মানিব্যাগে আর একটাই দশ। দুটো ২০, দুটো ৫০। এরা আরও ছোট ছোট, একটা এখনো টলমলিয়ে হাঁটে। দশ, কুড়ি, পঞ্চাশগুলো নিয়ে সবাই চলে যাওয়ার পর সে দেখল ফ্যালফ্যালে চোখে হাত পেতে দাঁড়িয়ে আছে একটা ছেলে। বাদ পড়ে গেছে। এর পেটটা তার বসের চেয়েও মোটা, হাত-পা এদের সকলের চেয়ে সরু। তার বউ এসে দাঁড়িয়েছে গায়ের কাছে। হাতটা জড়িয়ে ধরে ভাঙা গলায় বলল “আমার পার্সটা কেন যে আনলাম না…”

আরো পড়ুন মানিকবাবুর মেঘ: অনন্য রোম্যান্টিক ছবি

তার হাত, বা হয়ত ভরদুপুরে কোনো ভূতের হাত, চলে গেল পকেটে। বেরিয়ে এল মানিব্যাগ আর তার ভিতর থেকে ১০০ টাকার একটা নোট। সেই নোট হাতে নিয়ে ভুরু কুঁচকে তার দিকে তাকাল ছেলেটা। তারপর শুধোল “কিতনা?”

“আরে শও রুপয় দে দিয়া রে। চল ভাগ জলদি”, ড্রাইভার কৃষ্ণর কর্কশ চিৎকারে ঘোর কেটে গেল তার। হেলেদুলে দূরে সরে যেতে লাগল ছেলেটা। ওই শরীরে দৌড়নো অসম্ভব।

সে, বা তার মুখ দিয়ে অন্য কেউ, বলল “বাচ্চা তো। চেঁচিও না।”

কৃষ্ণ ফিরেও তাকাল না, তাকিয়ে রইল ছেলেটার চলে যাওয়ার দিকে।

“এদের বাপ-মায়েরা সব কোথায়? ছেলেমেয়েগুলো ভিক্ষে করে বেড়াচ্ছে দেখতে পায় না?” বউ জিজ্ঞেস করল।

নির্জন দুপুরে ব্রহ্মদৈত্যের মত জঙ্গল কাঁপিয়ে হেসে উঠল কৃষ্ণ। “দেখে কী করবে ম্যাডাম? খেতে তো দিতে পারবে না। ভিক্ষে করলে যদি কিছু খেতে পায়…”

“কেন? এখানে কোনো এমপ্লয়মেন্ট নেই? এত সুন্দর জায়গা…”

কৃষ্ণ হেসে উঠল আরও জোরে। বউ গাড়িতে উঠে পড়ে দুম করে বন্ধ করল দরজা। সেও তাই করত। কিন্তু তার আগেই পা দুটো ভারি হয়ে এল শুনে “বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে…”

পিলপিল করে কোথা থেকে ছুটে আসছে ছেলেমেয়ের দল। ছোটবেলায় তার একখানা মাটির ভাঁড় ছিল পয়সার। পনেরো বছরের জন্মদিনে সেটা ভেঙে বেরিয়েছিল ৩,১৬২ টাকা। তেমন একখানা ভাঁড় দরকার ছিল। অনেক বড় ভাঁড়, যার পেটটা এই জঙ্গলের এ মাথা থেকে ও মাথা আর লম্বায় এ তল্লাটের সবচেয়ে উঁচু গাছটার সমান। নেই বলে পকেট ভর্তি টাকা নিয়ে দেউলিয়া হয়ে সে দাঁড়িয়ে রইল একপাল উলঙ্গ ছেলেমেয়ের জ্বলন্ত চোখ আর পেটের মাঝখানে। তার দুর্দশা দেখে যাত্রার রাবণের মত আকাশ ফাটিয়ে হেসেই চলল কৃষ্ণ। সন্ধে নামার আগে, ঝিঁঝিপোকার ডাকে ভরে ওঠার আগেই জঙ্গল ভরে গেল একঘেয়ে একটানা আওয়াজে “বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে পইসা দো…বিস্কুট খাতে…”

অনিবার্য কারণে যে গল্পটি প্রকাশিত হওয়ার কথা ছিল তার বদলে এই গল্প প্রকাশ করা হল।

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.