১৯১৫
সন্ধে পেরনো শহর। আশেপাশের বাড়িগুলি শান্ত। দেখছে চলে যাওয়া। যাওয়ার পথে আলো নেই তত। প্রতিমাকে ঘিরে যাবতীয় আলো। মশাল জ্বলছে। প্রতিমা যত নিরঞ্জনের দিকে যায়, সেই ফেলে আসা যাওয়ার পথটুকু আবছায়া। বিষাদ ঘনিয়ে আসে সেই পথে। বাড়ির দালানে, বারান্দায় দাঁড়ানোদের মনে। তাঁরা অন্তঃপুর থেকে বেরিয়ে এসেছেন, দেখছেন মায়ের যাওয়ার পথ কেমন আলো হয়ে থাকে। কিছুক্ষণ। চিত্রা দেব উল্লেখ করেছেন ঠাকুরবাড়ির সৌদামিনী দেবীর লেখা – বিজয়ার দিন মেয়েরা তেতলার ছাদে উঠে প্রতিমা বিসর্জন দেখতেন। বছরের ওই একটি সন্ধেতেই তাঁরা ছাদে ওঠার স্বাধীনতা পেতেন। প্রতিমা যায়। আলোর ঝলক কমে আসে আসে। দশমীর রাত ফের সযত্ন আঁধার পরিয়ে দেয়। প্রতিমার সামনে ভিড়। আলোর প্রতিফলন সেই ভিড়ের মুখ আলোকোজ্জ্বল প্রতিমার দিকে। আলো থেকে আঁধারে গড়িয়ে আসা মানুষের অবয়ব। ডানদিকে সেই বিষাদবাড়ি যার দালানে, বাহির-উঠোনে কেউ নেই। সেখানেই যেন অনেকটা আবছায়া জমাট বেঁধেছে। উজ্জ্বল আলো ও অন্ধকারের বৈপরীত্যে আঁকা শহর।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
#
কি কর শিখরবর, পোহাল নবমীনিশি
মলিন হতেছে দেখ, উমা মায়ের মুখশশী
গিরিন্দ্রমোহিনী দাসী, ভারতবর্ষ পত্রিকা, কার্ত্তিক ১৩২২, ৮০৬
দেবীর বিসর্জনের কত রূপ কত রূপান্তর। দশমী তিথিতে শোভাযাত্রাসহ ধূমধামে দেবী বিসর্জন হয়। হুতোমের লেখাতেও তেমনই সাক্ষ্য – ইংরেজি বাজনা, ঢাকঢোলের বোল সহ শোভাযাত্রায় আমুদেরা নাচে। বাবুরা নৌকায় খ্যামটা ও বাঈজী নিয়ে মোচ্ছব করতে করতে ভাসান দেখতেন। হুতোমের দুঃখ, বাবুদের পারস্পরিক জাঁকজমকের প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহ কিন্তু ‘কার ভক্তি সরেস – কেউ সে বিষয়ে অনুসন্ধান করে না।’ বিসর্জনের ঢাকের বোল, জনতার হৈ হৈ ইত্যাদি আদতে দুঃখ ভুলে থাকার ছল। উৎসব ফুরনোর আগাম নিঃঝুম অনুভব করে কিংবা দৈনন্দিন কৃত্যের ক্লান্তি ভুলে থাকা কদিনের আলো মুছে যাবে জেনে দুর্গোৎসবের শেষ ক্ষণটুকু আঁকড়ে থাকার ছদ্মবেশ। শ্রীপান্থ লিখছেন, গৌরীপুরে পুজোর শেষে বিসর্জনের মিছিলে উর্দি পরা শস্ত্রধারীরা হাঁটত আর পুরোভাগে থাকত একুশটি সুসজ্জিত হাতি। গিরিন্দ্রমোহিনী দেবী লিখছেন, বাংলা থেকে বহুদূরে ওয়াল্টেয়ারের পুজোর বিসর্জনে বিজয়ার বিষাদ ভারি হয়ে আসছিল তাঁর মনে। যদিও বিসর্জনের বিষাদ শিশুদের মন স্পর্শ করেনি; তাদের কাছে সে এক উল্লাস, নতুন পোশাক পরে মহানন্দে সমুদ্রপাড়ে গিয়ে ভাসান দেখা। বরণের পরে ভৃত্যের মাথায় মূর্তি চাপিয়ে সমুদ্রপাড়ে যাওয়া। যে বালক-বালিকারা আনন্দ করছিল, ভাসান শেষে তাদের মনেও কী একটা যেন ফাঁকা ফাঁকা অনুভূতি। গিরিন্দ্রমোহিনী লিখছেন, ‘কাঁদিলা বালকবৃন্দ হাহাকার করি/ গড়াগড়ি দিয়া সবে পড়ি বেলাভূমে।’ বিসর্জন উপলক্ষে নদীগুলিতে বাইচ প্রতিযোগিতা আরেক সাধারণ বৈশিষ্ট্য ছিল। নদীতীরস্থ গ্রামের জমিদারের উদ্যোগে যোগ দিত আশেপাশের দক্ষ মাঝিরা। বাজি ধরা, পুরস্কার, হর্ষধ্বনির শেষে সেই ক্ষণ। প্রতিমা নিরঞ্জন। নিরঞ্জনের পদ্ধতিও প্রায় একই। চারটে পানসি নৌকা একসঙ্গে বাঁশ দিয়ে বেঁধে তার উপরে প্রতিমা রাখা হত। তারপর জোড়া নৌকার বাঁধন কেটে দিলেই প্রতিমা জলে বিসর্জিত হত। প্রাক-সন্ধ্যের আভা প্রতিমার মুখে পড়ে উৎসব-ফুরনোর বেদনা গাঢ় হত আরও। শশিভূষণ মুখোপাধ্যায় বিসর্জনের বিষাদচিত্র এঁকেছেন। ‘দর্শকদিগের মনের বিষাদ সেই প্রতিমায় প্রতিফলিত হইত বলিয়া মনে হইত, মা যেন কাঁদিতেছেন। দুই একবার প্রতিমা কাঁপিয়া উঠিত। নিম্নের বাঁশগুলি সরাইয়া লইবার জন্য। কিন্তু লোক সেদিকে দৃষ্টি দিত না। মনে করিত, মা যেন মাথা নাড়িয়া সকলকে বিদায় দিতেছেন।’
গগনেন্দ্রনাথের আঁকা বিসর্জন চিত্রে ওই শোভাযাত্রাময় আনন্দ আর প্রকট মনখারাপের যুগলবন্দি। অনপনেয় বিষাদ লেগে আছে ছবিটায়। বাস্তবের গুঁড়ো আর চিত্রপটের দৃশ্যকল্প মিশে গেলে মনে পড়ে – এই সময়েই মা চলে গেছিল। মাকে এগিয়ে দিয়েছিলাম অনেকটা পথ। যতটুকু এগিয়ে দিতে হয়। দেওয়া যায়। দেহদান। এনআরএস মেডিকাল কলেজের অ্যানাটমি বিভাগের ঘর। মায়ের নিরঞ্জন। তারপর ফিরে আসা। পড়ন্ত রোদ। এই গোলার্ধে তখন দিন কমে আসে। রাত বাড়ে। বিসর্জনের পরে বিষাদ যে কীভাবে জড়িয়ে আসে। তারপর এলোমেলো স্মৃতিপথে আলো জ্বেলে রাখা। আকাশপ্রদীপ যেমন জ্বলে। আকাশপ্রদীপ হিম মেখে, মসলিনের মতো কুয়াশা মেখে জ্বলে থাকে ঠিক। মা চলে গেলে হেমন্ত নেমে আসে হলুদ পাতায়। পুজোর ধুপধুনোর গন্ধ, খুলে ফেলা আলোকসজ্জা, রাস্তায় না বোজানো প্যান্ডেলের গর্ত, ভ্যানে চেপে চলে যাওয়া মাইকের শব্দ – সবকিছুর উপরে হেমন্ত নেমে আসে। স্মৃতিপথে জ্বেলে রাখা আলোয় বিষণ্ণতা ঘনিয়ে আসে চুপি চুপি হেমন্ত বিকেলের মতো। মা নেই। মা যাচ্ছে। চলে যাচ্ছে। এমন বিষাদ আর নেই। কিছুতে নেই, কোথাও নেই এমন বিষাদ। গগন ঠাকুরের ছবিতে কেন জানি না আগত হেমন্ত লেগে আছে, মনে হয়।
মা একা যাচ্ছে। খুলে নেওয়া হচ্ছে অস্ত্র। খুলে রাখা হচ্ছে গয়না। মা নাকি শিবকৃষ্ণ দাঁর বাড়িতে গয়না পরতে আসতেন। প্যারিস থেকে হীরের গয়না এসেছিল। শুধু দাঁ-রা না, অন্যরাও চাইত মাকে সবচেয়ে দামি দুল, নথ, মুকুটে সাজিয়ে দিতে। সেইসবই তো খুলে রাখতে হবে। বিখ্যাত এক বাবু অবশ্য গয়নাসুদ্ধ প্রতিমা নিরঞ্জন করেছিলেন। মা খালি হাতে, খালি গলায় যাবেন, তা হয় নাকি? বাকিরা অবশ্য গয়না খুলে রাখত। পরের বছর আবার পরানো হবে। বাকি সাজপোশাক ভেসে যাবে। ভাসিয়ে দিতেই হয়। শূন্য হাত। মা একা যাবে। কবে নাকি কোন এক মাতাল বাবু ভাসানের নৌকার উপরে দাঁড়িয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেছিল ‘মা, একা যাবে? না না…’ তারপর এক ঢাকিকে জলে ফেলে দিয়েছিল, যাতে ঢাকিও দেবীর সঙ্গে যায়।
সেসব বাবুয়ানি চুকেছে অনেকদিন। অতিরঞ্জিত, মিথোপম হয়ে ছড়িয়েছে বাকি গল্পকথা। কিছু রয়ে গেছে। শোভাযাত্রা পালটেছে, বহরে রদবদল ঘটেছে অনেক। বাবুদের দেখনদারির উৎসব বিশ্বায়নী জমানায় আরও স্থূল, আরও হইহল্লা জুড়েছে। ঢাকের বোল ছাপিয়ে তারস্বরে সাউন্ড বক্স। চোখধাঁধানো আলোর ব্যবহারে গগন ঠাকুরের ছবির মত আবছায়া তৈরি হওয়ার সুযোগ পায় না। বিসর্জনের দশমী তিথি পেরিয়ে যায়। বেড়ে যায় ভাসানের ক্ষণ। একাদশী-দ্বাদশী-ত্রয়োদশী-নিরঞ্জন মুহূর্ত দেরি করিয়ে উৎসবকে যতটা বাড়িয়ে নেওয়া যায় কি? উৎসব ফুরোলে সেই তো হিম নেমে আসবে একলা পথবাতিদের উপর। শূন্য মণ্ডপ খুলে ফেলতে ফেলতে দীর্ঘশ্বাস কি পড়বে না?
আরো পড়ুন মহাভারত ২: আজকের মহাকাব্য
যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি বলছেন, দশমী তিথি অর্থাৎ বিজয়া থেকেই নতুন বছর শুরু। বৈদিক যুগে শরৎ থেকে বছর গণনা হত এবং বিজয়াই বছরের প্রথম দিন। এই দিনে বিসর্জনের বিষাদ তো দূরের কথা, বরং বছর শুরুর আনন্দই মূল – উত্তম ভোজন, জ্যেষ্ঠদের প্রণাম, নববস্ত্র পরিধান করে বন্ধুদের সঙ্গে সময়যাপন – এইসবই বিজয়ার কৃত্য। তবে, শাস্ত্র যাই বলুক, শাস্ত্রজ্ঞরা যা-ই মানুন, বিজয়া আর দেবী বিসর্জন আর মনখারাপ একাকার হয়ে গেছে। বিসর্জনে যারা যায়, বিসর্জন যাত্রা দেখে যারা বারান্দায় বাহির-উঠোনে দাঁড়িয়ে, যারা জলের ধারে ঝুঁকে ভেসে থাকা দেবীমুখ দেখে এবং যারা নিরঞ্জন শেষের আলোটুকু নিয়ে ফেরে, তারা সকলেই চায় সম্বৎসর ভাল থাকুক স্বজন-আত্মজন, ভরা সংসারে আবার পরের বছর ফিরে আসুক ‘মা’। সংকট মুছে যাক। ব্যর্থতা কেটে যাক। ফিরে আসাটাই আসল, সেই আকাঙ্ক্ষাটুকু। নিরঞ্জনযাত্রার আগে দেবীবরণ – মিষ্টি-পান-এলাচ-জল মুখে তুলে দেওয়া – মা যাচ্ছে মেয়ে যাচ্ছে অনেকটা পথ পেরোবে – তারপর অনেক তিথি পেরিয়ে আসবে পরের উৎসবে – তাই গালে চুমু খেয়ে কানে কানে ‘আবার এসো’ বলে বিষাদভারানত হৃদয়ে দীর্ঘশ্বাস ফেলা। কোন শাস্ত্র, কোন বৈদিক উপচার, কোন ব্রাহ্মণ্যকঠোরতা এই সহজ আত্মীয়ভাবকে ঠেকিয়ে রাখবে? অষ্টাদশ শতকে সাধক কবি জগদ্রাম ও রামপ্রসাদ দুর্গা–পঞ্চরাত্রি লিখেছিলেন। সেখানে ‘দশমী’ পর্বে এবং অন্তঃস্থ উপপর্বগুলিতে উমার বিদায় মুহূর্ত ফুরোতেই চায় না। পার্বতী শিবসহ কৈলাসযাত্রা করার আগে মেনকা উমার মুখে তাম্বুল দিচ্ছে, অলংকার পরাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। তারপর মুখে চুমু খেয়ে আবার আসতে বলছে। কবি সেই বিদায়দৃশ্য অনুভব করছেন বলেই একাত্ম হয়ে পড়ছেন বর্ণনায়। আমাদের উচ্চারণে, বিদায়মুহূর্তে, ‘যাচ্ছি’ বললেই বয়ঃজ্যেষ্ঠা শুধরে দিতেন ‘যাই বলতে নেই, বলো আসি’। প্রিয়জনকে বিদায় জানানো যায় না, তার ফিরে আসার অপেক্ষায় আলো জ্বেলে রাখতে হয়। সম্বৎসরে সংকট গাঢ় হলে আবার আসবে দেবী। তার হাতে ফের বরাভয় মুদ্রা। সংকটের মেঘ তাড়ানোর অস্ত্র দেব তার হাতে। তার আগে ভাসান। এই আবর্ত ফুরোয় না। নিরন্তর। আর, ‘দুগ্গা’ কখন যেন সমার্থক হয়ে যায় সাফল্য কামনার, শুভযাত্রার, ফেরার প্রার্থনার। প্রিয়কে বিদায় জানানোর সময়ে ‘দুগ্গা দুগ্গা’ বলাই তো রীতি। বাংলার মধুকবি মেঘনাদবধ কাব্য শেষে বিদায়ের শোকজাত গাঢ় বিষাদে নিমজ্জিত লঙ্কাবাসীর সম্বন্ধে লিখেছিলেন ‘করি স্নান সিন্ধুনীরে, রক্ষোদল এবে/ ফিরিলা লঙ্কার পানে, আর্দ্র অশ্রুনীরে –/বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে/সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে’। শারদোৎসবের মুখ্য পুজোর ভাসানের এই অনুপম বিষাদ আবহমান।
#
সন্ধ্যার পর শহরের কোনও বাড়ির ছাতে দাঁড়িয়ে যখন আকাশের রেখা আঁকেন, তখন কলকাতা শহরের সান্ধ্য আকাশটা চিনতে একটুও অসুবিধে হয় না, যে কলকাতা শহর নোংরা, বিশ্রী, অপরিসর অথচ রহস্যময়, যার বুকে নিয়ত সুখ দুঃখ হাসি অশ্রুর খেলা চলছে।
অশোক মিত্র, ভারতের চিত্রকলা (২য়), ১১১
গগন ঠাকুর বাংলায় ব্যঙ্গচিত্রের পথিকৃৎ তো বটেই, তিনি বাংলার চিত্রকলায় কিউবিজম ধারারও ভগীরথ। যদিও ইউরোপীয় কিউবিজমের অন্ধ অনুসরণ নয়, তাতে নিজস্ব অননুকরণীয় ভঙ্গি মিশেছে। গগনেন্দ্রনাথের চিত্রকলায় কিউবিজম সম্পর্কে বিশেষজ্ঞরা দুটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন – reinvention এবং reworking – ইউরোপীয় চিত্রতত্ত্বকে বেঙ্গল স্কুলের ভাবনায় মিশিয়ে আলো ও পরিসরের মেলবন্ধন দিয়ে তাৎপর্যপূর্ণ বাঁকবদল ঘটিয়েছিলেন ভারতীয় চিত্রকলায়। তাঁর ছবিতে জ্যামিতিক বোধ, কৌণিক পরিসরের নতুন ব্যবহারে বোধহয় ঠাকুরবাড়ির ভিতরের স্থাপত্য ও নকশার প্রভাব অস্বীকার করা যায় না। কিউবিজমে চিত্রের আখ্যান বুনন প্রাধান্য পায় না – একটি নির্দিষ্ট রূপায়িত বস্তুর গড়নে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলনই সেখানে মুখ্য। গগন ঠাকুরের ছবিতে পটভূমি গুরুত্বপূর্ণ আর সবচেয়ে উল্লেখযোগ্য রঙের বহুমাত্রিক ও ব্যঞ্জনাময় ব্যবহার। সমালোচক শোভন সোমের ভাষায় যা ‘ক্যালাইডোস্কোপিক’। গগনেন্দ্রনাথের চিত্রকলায় গভীর প্রভাব ছিল ঠাকুরবাড়ির নাটকেরও।
নাটকের মঞ্চসজ্জা ও আলোকসজ্জায় ইউরোপীয় ঘরানা ও দেশীয় নাট্যভাবনার পরীক্ষানিরীক্ষায় দক্ষ ছিলেন। অশোক মিত্রের মতে, ফ্রেমের অন্তঃস্থিত ছবির পরিসরকে সবচেয়ে বেশি দক্ষতায় ব্যবহার করতে পারতেন গগনেন্দ্রনাথই। চিত্রকলায় নাটকীয়তা গগন ঠাকুরের আঁকা ছবিকে বোধহয় আরও সহজভাবে উপস্থাপিত করে। সহজ লেখায় বা আঁকায় গভীর দার্শনিক প্রকাশ তো সহজ নয়। ‘বিসর্জন’ চিত্রে ইম্প্রেশনিজম-এর প্রগাঢ় প্রভাব আলো-আঁধারির নির্মাণে অকপটে ফুটে ওঠে। ইম্প্রেশনিস্টদের মতে, আলোই মূল ব্যক্তিসত্তা (persona)। আলো পরিবর্তনশীল। মুহূর্তে পালটে যায় মুহূর্তের রং। দ্রুত দৃশ্য এঁকে ফেলতেন ইম্প্রেশনিস্ট শিল্পীরা – কোনো মুহূর্তের দৃশ্যরং পালটে যাওয়ার আগেই যাতে তা ধরে রাখা যায়। আধুনিক সময়ে জারিত বাস্তব ঘটনাকে চিত্রায়িত করতেন তাঁরা; সূর্যালোকের প্রতিফলনে দৃশ্য বস্তু, অবয়ব, আকার ক্যানভাসে ধরতেন। বিস্তৃত বিবরণের বদলে রংয়ের ভিন্ন ভিন্ন ব্যবহারে ন্যস্ত মনোযোগ – ব্রাশের স্বল্প ও গভীর চালনা যাতে বিষয়বস্তু মূলানুগ থাকে – প্রায়োগিক কারণেই রংয়ের সঙ্গে রং মিশত না ছবিতে। ফলে বারবার বিবর্তন ঘটে প্রায়োগিক কৌশলে। কখনো কালোর ব্যবহার বন্ধ করেছেন কোনো চিত্রশিল্পী, কখনো একাধিক রং মিশিয়ে নতুন রং খুঁজতে চেয়েছেন। গগন ঠাকুর তাঁর চিত্রকলায় দৃশ্য আঁকছেন না, বরং আখ্যানমুহূর্ত নির্মাণ করছেন। মুখ্য বস্তু আলো টেনে নিচ্ছে সব, তবু তার আশেপাশে থাকা বস্তু, অবয়ব, প্রকৃতি গুরুত্বহীন নয়। বরং সম্পৃক্ত হয়ে একটা আখ্যান বুনন করছে। ‘বিসর্জন’ চিত্রে সন্ধে পুরে যাওয়া আকাশ, শহুরে কাঠামো, ভাসান-দেখা উদগ্রীব নারী খুঁজে নিতে অসুবিধা হয় না। অশোক মিত্র নির্দ্বিধায় গগন ঠাকুরকে আধুনিক শহরের চিত্রশিল্পী বলছেন, যাঁর ছবিতে শহর-গ্রাম মেশামিশি হয়ে যায়নি, বরং নিখুঁত নাগরিক রূপ ধরা পড়েছে। গগনেন্দ্রনাথের পুত্রশোক ১৯০৭ সালে। মাতৃশোক ১৯১১ সালে। ‘বিসর্জন’ ছবিটি যখন আঁকছেন, তখন কি এই শোক-থিতোনো বিষাদের পলি জমা হচ্ছে ছবিটায়? উজ্জ্বল আলো, জনতার ভিড়ের বিপ্রতীপে তাকে চিনে নেওয়া যায় বোধহয়। নাকি পরাধীন দেশে ‘মা’ আর্কেটাইপ রয়েছে শিল্পীর অবচেতনে? গগন ঠাকুর যে বিপ্লবীদের কাছের মানুষ ছিলেন এবং স্বদেশিদের বিভিন্নভাবে সাহায্য করেছেন, পরবর্তীকালে অনেকেই তা লিখেছেন। সমালোচক শমীন্দ্র মজুমদার বলছিলেন, গগন ঠাকুর কীভাবে ঘটনা সাজাতেন ইম্প্রেশনিস্ট আদলে এবং কীভাবে টুকরো টুকরো আলো জুড়ে ‘বিসর্জনযাত্রার সময়’ মূর্ত করে তুলেছেন। সমতলের একটু উপরের স্থান থেকে শিল্পী সময়টিকে ধরেছেন। চিত্রটিতে আলো চলে যাচ্ছে, পুরো ঘটনাটাই চলে যাচ্ছে। কিছুটা কৌতুহল, কিছুটা রহস্যময়তা, কিছুটা বিষাদঘন হর্ষোৎফুল্লতা ঘনীভূত হয়ে থাকে ‘বিসর্জন’-এ। শতবর্ষ পরেও গতিময় রংয়ের দ্বারা জীবন্ত এমন আখ্যানের বহু অর্থ অনুভূত হয়।
বিসর্জনের কথায় কথায় গাঢ় স্মৃতিপাতে ভাসে বিকাশ ভট্টাচার্যের দুর্গা। বনেদি বাড়ির ছায়া পড়েছে জলে। পুকুর। সেখানেই দেবীমুখ ভেসে আছে। সে মুখে কবেকার বেদনায় ঘন হয়ে আছে। সে মুখে বিষণ্ণতা কবে থেকে পিতৃপক্ষের অবসান চেয়ে আরও বিষণ্ণ হয়ে ভেসে গেছে। বিকাশ ভট্টাচার্যের ছবিতে অবয়ব আর আখ্যানরূপ আরও স্পষ্ট – শিল্পের সঙ্গে শিকড়ের যোগ যেমন আছে তেমনই রয়েছে আধুনিক সংকট। তাঁর দুর্গা মৃন্ময়ী-চিন্ময়ী মিথ ছাড়িয়ে আরও জীবন্ত। বিসর্জন মিশে যায় রক্তমাংসের নারীর সংকটবিধুর ভাসান-মুখে। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা ছবিতে জগদ্ধাত্রী পুজোর দিন নীতার জন্মতিথি। আর প্রতিমার সঙ্গেও কী যে মিল তার। সংসার ধরে রেখে, ভরা সংসারের মঙ্গল চেয়ে চেয়ে সে বিসর্জনের দিকে এগিয়ে চলেছে। গানের দৃশ্যে নীতার মুখ ধরা পড়ল ক্যামেরায়। ‘সকালবেলা চেয়ে দেখি, দাঁড়িয়ে আছ তুমি এ কি/ ঘর-ভরা মোর শূন্যতারই…’ ক্যামেরার সকরুণ ব্যবহার। জলে ভাসানোর পরে দেবীমুখ যে ভঙ্গিতে ভাসে, শুধু মুখটুকু, সেই ভঙ্গি ক্যামেরা অবিকল ধরেছে নীতার চিবুক থেকে ঊর্ধ্বমুখে। তারপর গানের কথা-সুর ছাপিয়ে চাবুকের শব্দ। তীব্র। তীব্রতর।
গৃহবধূকে বরণ করে আনা হয় ঘরে, দেবীপ্রতিমার মতই। সুসজ্জিতা, সালংকারা, নিরুপমা। তারপর বিসর্জনের মঞ্চ প্রস্তুত হয়। কখনো বাধ্যত অনভিপ্রেত কন্যাসন্তানকে ভাসিয়ে দিয়ে যুবতী বধূটি স্বেচ্ছাবিসর্জনে গেলে শঙ্খ ঘোষ লেখেন ‘তারপর বিসর্জনের/জোড়া ঢাক পাড়ায় পাড়ায়/এ-রকম ঘটেই থাকে/ভেবে লোক কষ্ট তাড়ায়’।
#
এতক্ষণ গেলা গৌরী কৈলাস-শিখরে।
এই বলি সবে মিলি কাঁদে উচ্চৈঃস্বরে।।
পাষাণ গলয়ে তরু পড়ে ডালে মূলে।
পশুপক্ষী রোদন করয়ে শোকাকুলে।।
গিরিপুর হইতে গৌরী গেলেন যখন।
ত্রিভুবন শূন্যাকার হইল তখন।।
সাধক-কবি জগদ্রাম ও রামপ্রসাদ, দুর্গা-পঞ্চরাত্রি, ১৪৬
ঢাকের বোল শহর ছেড়ে ফিরে যাচ্ছে। ঝলমলে আলোগুলো ফিরে যাচ্ছে। নিজস্ব গন্ধ, শব্দ, দৃশ্য নিয়ে বহু মানুষ ভিড়ের আখ্যান তৈরি করেছিল। তারা ফিরে যাচ্ছে। পুজোর পথে আলাপ, অপরিচিত কথোপকথন, সমস্বর মিছিলের মত উচ্ছ্বাসক্লান্ত। সব ফিরে যাচ্ছে। ভাসানকুলিরা জল থেকে উঠে কাঠামো তুলে এনে পাড়ে রেখেছে। ফিরে যাচ্ছে। তারপর কাঠামোয় অন্য মাটি। অন্য রং। আবার পুরাণ-আখ্যান আঁকা হবে। লৌকিক সংকট আর অলৌকিক উপশম। আবাহন। বিসর্জন।
-বাবা, ঠাকুরকে কোথায় নিয়ে যাচ্ছে?
-ওরা জলে ফেলে দেবে ঠাকুর।
-জলে ফেললে ঠাকুরের ঠাণ্ডা লাগবে না?
‘আবার এসো মা…’ বলে যে বালক ওই ভিড়ে মিশে ছিল, সে কখনো জেনে যাবে বিসর্জনের পরে মা ফেরে না। গগনেন্দ্রনাথের ছবি ঘিরে বাড়তে থাকা বিষাদ ছড়িয়ে পড়বে বাস্তবেও। মা ফিরবে না আর। ‘মায়ের যাওয়ার পথ আলো হয়ে থাক’ – এইটুকু চেয়ে সেপ্টেম্বর বা অক্টোবরের কোনো এক অকালসন্ধ্যা শান্ত, আরও শান্ত হয়ে যাবে। জাগপ্রদীপের আলো শুধু। পাহারা দেবে আলনার শাড়ি, পড়া বইয়ের পাতা, হিসাব-খাতার সাজানো লেখা, আয়নায় লাগানো টিপ, বারান্দার টব, ছেড়ে যাওয়া গল্প-প্রবাদ-মুখফেরতা। এসবই জাগপ্রদীপ – অপেক্ষা করে জ্বলবে। মা নেই। আরেকটু হিম টুপ করে ঝরে পড়বে এই লেখাটির উপর।
তথ্যঋণ
আমার দুর্গোৎসব – গিরীন্দ্রমোহিনী দাসী
বিজয়া – যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি
সেকালের দুর্গোৎসব – শশিভূষণ মুখোপাধ্যায়
মেয়েদের দুর্গাপুজো – চিত্রা দেব
স্মৃতির পুজো – শ্রীপান্থ
দুর্গা–পঞ্চরাত্রি – সাধক কবি জগদ্রাম ও রামপ্রসাদ
ভারতের চিত্রকলা (২য় খণ্ড) – অশোক মিত্র
চিত্র সমালোচক শ্রী শমীন্দ্র মজুমদার এবং শ্রীমতী অনুরাধা ঘোষ ছবির বহু প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করে ঋদ্ধ করেছেন
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







