পুকুর পাড়ের নোয়ানো গাছ/চিনত একটা ছটফটে মাছ/যখন তখন মাছটা খেলত/গাছটা দেখত, গাছটা হেলত/চিনত, খেলত, দেখত, হেলত/সবই অতীত তাই তো, তাই তো/রইলটা কী বর্তমানে?/মানুষ জানে। মানুষ জানে… – সুমন চট্টোপাধ্যায়

দীঘির পাড়ের নোয়ানো গাছ আর ছটফটে মাছদের অতীত না করার নাছোড় লড়াই করে চলেছেন গ্রামের মানুষ। যে দীঘির সঙ্গে জড়িয়ে আছে তাঁদের পেটের ভাত, জীবন, গ্রামের পরিবেশ, সংস্কৃতি – সবকিছু। দীঘিকে অতীত করে নয়, তাকে বাঁচিয়ে রেল চালু করার দাবিতে তাঁরা লড়ে যাচ্ছেন নয় নয় করে আজ ১৬ বছর ধরে। প্রশাসন ও শাসক দলের নিপীড়ন, মামলা, গ্রামবাসীদের বিরুদ্ধে আশেপাশের গ্রামের মানুষকে খেপানো, সাধারণ মানুষকে ভুল বোঝানো – কোনো অস্ত্র প্রয়োগই বোধহয় বাকি রাখেনি রাষ্ট্র। তবুও দীঘি বাঁচানোর লড়াই থামেনি।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

হুগলী জেলার গোঘাট ১ ব্লকের ভাবাদীঘি গ্রাম। গ্রামটিতে রয়েছে ৫২ বিঘার এক দীঘি। দীঘির ব্যক্তিগত মালিকানা নেই। গ্রামের ২৬৮টি পরিবার এর মালিক। দীঘিতে মাছ চাষই তাঁদের প্রধান জীবিকা। গোঘাট আর কামারপুকুরের মধ্যবর্তী অখ্যাত এই গ্রামটি আন্দোলনের জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছে। প্রস্তাবিত আরামবাগ-বিষ্ণুপুর রেলপথ যাবে এই গ্রাম দিয়ে। গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত রেলপথ সোজা গেলে দীঘির কোনো ক্ষতি হয় না। অথচ আশ্চর্য ব্যাপার হল, বেশি খরচ হলেও দীঘির একাংশের উপর দিয়েই রেললাইন পাততে জেদ ধরেছে রেল। দীঘি, জলাশয় বাঁচিয়ে যেখানে রেললাইন পাতা উচিত সেখানে ঘুরপথে বেশি খরচ করে, দীঘির ক্ষতি করে রেললাইন পাতার জেদের কারণ রেল কর্তৃপক্ষই জানে। আর জানে রেলের সঙ্গে সহমত পোষণ করা পশ্চিমবঙ্গে সরকার।

রেল চলুক, ভাবাদীঘি বাঁচুক – এই দাবি নিয়ে গত ৫ জানুয়ারি হুগলী জেলা সদর চুঁচুড়ায় হয়ে গেল এক গণকনভেনশন। ভাবাদীঘির মানুষের লড়াইয়ের পাশে দাঁড়াতে গড়ে উঠেছে ভাবাদীঘি বাঁচাও সহযোগী মঞ্চ। বিভিন্ন মানবাধিকার, পরিবেশ, বিজ্ঞান, সামাজিক সংগঠন নিয়ে গড়ে ওঠা এই মঞ্চই গণকনভেনশনটির আয়োজক। কনভেনশনে ভাবাদীঘির বাসিন্দারা বললেন তাঁদের লড়াইয়ের কথা। বিশিষ্টজন, বিভিন্ন সংগঠনের বক্তাদের আলোচনায় উঠে এল, ‘উন্নয়ন’ রাজনীতির নানা দিক। পুঁজি নির্দেশিত সেই উন্নয়নের প্রতিস্পর্ধায় লড়াই এগিয়ে নিয়ে যেতে গ্রহণ করা হল ধারাবাহিক কর্মসূচি।

প্রশাসন এবং শাসকের প্রচারে মনে হবে, ভাবাদীঘির মানুষের জন্যই রেলপথ চালু করা যাচ্ছে না। বেশিরভাগ মানুষ এরকমই জানেন। অথচ বাস্তব হল, ভাবাদীঘির বাসিন্দাদের জন্য নয়, রেলপথ তৈরির কাজ থমকে আছে রেলের অযৌক্তিক জেদের জন্য। গ্রামবাসীরা রেল পরিষেবা চাইছেন। কিন্তু রেলমন্ত্রকের, রেল চালু করার থেকেও বেশি আগ্রহ দীঘি ধ্বংস করার দিকে। রেল চালু হোক বা না হোক, দীঘিটিকে তারা অতীত করেই ছাড়বে। রেলপথের দৈর্ঘ্য ও খরচ বাড়িয়ে ঘুরপথে রেললাইন পাতার জেদ কেন? পরিবেশ, বাস্তুতন্ত্রকে যথাসম্ভব রক্ষা করেই তো যে কোনো প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা উচিত। সরকারি প্রকল্পে ন্যূনতম কাণ্ডজ্ঞানের আশা করাই যায়। অথচ, এখানে  হচ্ছে ঠিক বিপরীত। অপ্রয়োজনীয় খরচ বাড়িয়ে, পরিবেশ ধ্বংস করেই রেলপথ নির্মাণ করতে বদ্ধপরিকর রেল।

গ্রামবাসীদের বক্তব্য, প্রথমে রেলপথ সোজাসুজি দীঘির উত্তর দিক দিয়ে নিয়ে যাওয়ার নকশা হয়েছিল। কিন্তু পরে একজন প্রভাবশালী ব্যক্তির জমি বাঁচাতে নাকি নকশা বদলে প্রায় পৌনে দুই কিলোমিটার ঘুরিয়ে দীঘির উপর দিয়ে রেলপথ নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়। ডাঙাজমির উপর দিয়ে না নিয়ে, ঘুরপথে জলাজমির ক্ষতি করে রেলপথ নিয়ে যাওয়ার পিছনে মাটি কারবারীদের প্রভাবও কাজ করছে বলে কয়েকজনের মত। দৈর্ঘ্য যত বাড়বে, দীঘি যত বোজানো হবে বা তার উপর সেতু তৈরি করা হবে, তত বেশি মাটি লাগবে। এই মাটির কারবারের সঙ্গে জড়িয়ে আছে বিরাট পরিমাণ অর্থ। বলার প্রয়োজন নেই, শাসক দলের কেষ্টবিষ্টুদের স্বার্থ ছাড়া এই কারবারও সম্ভব নয়। রেল এখন বলছে, ভাবাদীঘির দুদিক দিয়ে রেলপথের কাজ সম্পূর্ণ। এখন আর নকশা বদল সম্ভব নয়। তাহলে প্রথমে নকশা বদল হল কেন? গ্রামবাসীদের আপত্তিকে পাত্তা না দিয়ে, পরিবর্তিত নকশা অনুসারেই কাজ চালানো হল কেন? রেল পরিষেবার ভালমন্দের সঙ্গে গ্রামবাসীদেরও তো যোগ রয়েছে। পরিকল্পনায় তাঁদের অংশ নেওয়ার সুযোগ থাকবে না কেন? তাঁদের অন্ধকারে রেখে, আপত্তিকে অগ্রাহ্য করে সরকারি কাজ চালানো গণতন্ত্রের পক্ষে সুস্থতার লক্ষণ নয়।

কনভেনশনে প্রশ্ন তোলা হয়েছে, কলকাতার মেট্রো রেলপথের নকশা কাজ শুরু করার পরেও পালটানো হয়েছে। তাহলে এক্ষেত্রে হবে না কেন? বড় ব্যবসায়ীদের আপত্তিকে গ্রাহ্য করা হলেও গ্রামের গরিব তফসিলি জনগোষ্ঠীর মানুষের জীবিকা, পরিবেশ, বাস্তুতন্ত্র সরকারের কাছে মূল্যহীন? এই মানুষগুলি কি উন্নয়নের ‘কোল্যাটারাল ড্যামেজ’? দীঘির ক্ষতির পরিমাপ করবে কে? ক্ষতি কি শুধু ওই দীঘির উপর নির্ভরশীল মৎস্যজীবীদের জীবিকার? পরিবেশ, বাস্তুতন্ত্রের ক্ষতির পরিমাণও নির্ধারণ করা দরকার। দরকার ৫২ বিঘা দীঘিকে জড়িয়ে থাকা জনবিন্যাস, সংস্কৃতির উপর এর প্রভাব বিচার করা। অভিযোগ উঠেছে, এক্ষেত্রে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোস্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ আবশ্যক হলেও, সে কাজ করা হয়নি। আসলে পুঁজি নির্দেশিত উন্নয়নের সঙ্গে জড়িয়ে আছে পরিবেশ, বাস্তুতন্ত্রের ধ্বংসসাধন, জীবন জীবিকার বিপন্নতা, আঞ্চলিক-আর্থিক-সামাজিক বৈষম্য। তাই পুঁজি নির্দেশিত এই উন্নয়নের বিরুদ্ধে সর্বজনীন উন্নয়নের লড়াইটা রাজনৈতিক।

আরামবাগ-বিষ্ণুপুর রেলপথের পরিকল্পনা হয়েছিল বহুকাল আগে। আজকের মুখ্যমন্ত্রী তখন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন। কেন্দ্র ও রাজ্যে শাসক দল বদলেছে। কিন্তু শাসকের চরিত্র বদলায়নি। তাই কেন্দ্র-রাজ্যের দ্বন্দ্ব, দুই শাসক দলের দখলদারির প্রতিযোগিতায় ভাবাদীঘির মানুষ ঠাঁই পান না। দীঘির ক্ষতি করে রেলপথ নির্মাণের প্রশ্নে দুই দল ও দুই সরকারের মধ্যে কোনো মতানৈক্য নেই। শাসক পক্ষের নানা দলের মধ্যে উন্নয়নের প্রশ্নে এই সহমতের বিপরীতে বিকল্প উন্নয়নের লক্ষ্যে রাজনীতি নির্মাণ একান্ত জরুরি। কেবল ভাবাদীঘির জন্য জরুরি নয়। কারণ এই ধরনের উন্নয়নে পরিবেশ, বাস্তুতন্ত্রের ক্ষতির প্রভাব একটি গ্রাম বা ব্লকে সীমাবদ্ধ থাকে না।

কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক ও আইআইটি খড়্গপুরের যৌথ সমীক্ষায় বলা হয়েছে, হুগলী জেলার ছটি ব্লকের ভূগর্ভস্থ জলের স্তর বিপজ্জনকভাবে নেমে গেছে। ফলে জল দূষিত হচ্ছে। স্বাস্থ্য, জীবিকাসহ নানা ক্ষেত্রেই এর কুপ্রভাব অবশ্যম্ভাবী। এই ছটি ব্লকের মধ্যে গোঘাটের দুটি ব্লকই আছে। বাঁকুড়া জেলার সীমান্তবর্তী এই এলাকা তুলনামূলকভাবে রুক্ষ, আবার বন্যাপ্রবণও। রেলমন্ত্রক কেন্দ্রীয় সরকারেরই আরেক মন্ত্রকের সমীক্ষা থেকে শিক্ষা নেবে না! যারা দীঘির উপর দিয়েই রেলপথ তৈরি করার জন্য জেদ ধরে বসে আছে তারা বন্যা থেকেও শিক্ষা নেবে না। ‘ডিভিসির জল ছাড়া’ নিয়ে কেন্দ্র-রাজ্য তরজার শেষ নেই, অথচ রেলপথ নির্মাণের সময়ে বন্যার কথা ভাবা হবে না কেন?

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল হুগলী জেলার আরামবাগ মহকুমাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। গোঘাটের দুটি ব্লকও তার প্রকোপ থেকে বাঁচেনি। উঁচু রেলপথ নির্মাণ, সড়ক সম্প্রসারণের সময়ে নিকাশি ব্যবস্থার কথা না ভেবে উড়ালপুল নির্মাণে ক্ষতি বেড়েছে। তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত রেলপথ অনেকখানি উঁচু, তৈরি করার সময়ে নিকাশি ব্যবস্থার কথা ভাবা হয়নি। তাই এই রেলপথ সংলগ্ন গ্রামগুলি বন্যায় দীর্ঘদিন জলমগ্ন থাকে। দামোদর, মুণ্ডেশ্বরী, দ্বারকেশ্বর নদ-নদীর গতিপথে বিঘ্ন সৃষ্টি করে রেলসেতু নির্মাণ এমন বন্যাপ্রবণ এলাকায় কতখানি যুক্তিযুক্ত? নদী প্রবাহ পথের কথা ভেবে কি রেলসেতু করা যায় না? যে রাজ্যে গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল চলে, সেই রাজ্যেই নদী, দীঘি, জলাভূমি বাঁচিয়ে রেলপথ নির্মিত হবে না কেন? কেন জাতীয় সড়ক চওড়া করতে গিয়ে জলাভূমি, নিকাশি ব্যবস্থার কথা ভাবা হবে না?

আরো পড়ুন দেউচা-পাঁচামি খোলামুখ কয়লাখনি সর্বনাশের আঁতুড় ঘর

আসলে পুঁজি নির্দেশিত উন্নয়ন পরিকল্পনা সর্বদা বৈষম্যমূলক। তাই ভূগর্ভস্থ জলস্তর বিপজ্জনকভাবে নিচে নেমে গেলেও সরকারি জল জীবন মিশনে সেই মাটির তলার জলই ব্যবহার করা হয়। বহু বিজ্ঞাপিত জল ধরো জল ভরো প্রকল্প কথার কথা হয়েই থেকে যায়। সরকারি প্রকল্পেও পরিবেশ, বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। বন্যায় কৃষকের ফসল নষ্ট হয়, আবার বোরো মরশুমে সেই অঞ্চলের কৃষকদেরই জলাভাবে চাষের ক্ষতি হয়।

ঘাটাল, আরামবাগ মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র-রাজ্য তরজার শেষ নেই। মাস্টার প্ল্যানের নামে কোটি কোটি টাকা খরচ হয়। বিশ্বব্যাঙ্কসহ নানা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের থেকে ঋণও নেওয়া হয়। মুণ্ডেশ্বরী নদীর সংস্কারে বহু অর্থ ব্যয় করার পরেও গত সেপ্টেম্বরের বন্যায় সেই নদী হুগলী ও হাওড়া জেলায় ভয়ঙ্কর রূপ নিল। পরিবেশ আন্দোলনের কর্মীদের দাবি, প্রশাসনিক অঞ্চলভিত্তিক খণ্ড খণ্ড মাস্টার প্ল্যানের বদলে সমগ্র নদী অববাহিকার ভূমিরূপ ব্যবস্থাপনার পরিকল্পনা দরকার। ছোট নদী, দীঘি, খাল দখলমুক্ত করা এবং বাঁচিয়ে রাখা জরুরি। ছোট নদী বাঁচাতে তাই কতকগুলি পরিবেশ, বিজ্ঞান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মিলে এক কর্মসূচি নিয়েছে। ‘ছোট নদীর দিকে নজর দিন, প্রজন্মের যত্ন নিন’ – এই আহ্বান জানিয়ে আগামী ১৮ জানুয়ারি বীরভূম জেলার সিউড়ি থেকে তারা এক সাইকেল মিছিল শুরু করবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলী, হাওড়া জেলা অতিক্রম করে ২৯ জানুয়ারি কলকাতায় এই মিছিল শেষ হবে। দুচাকায় অতিক্রম করা হবে প্রায় ৬৫০ কিলোমিটার পথ।

ভাবাদীঘির বাসিন্দাদের দীঘি বাঁচানোর লড়াই এর থেকে বিচ্ছিন্ন নয়। ভাবাদীঘির আন্দোলনকারীরা নির্যাতন সহ্য করেও মনোবল অটুট রেখেছেন। এ লড়াই একা তাঁদের নয়, তেমন অরাজনৈতিকও নয়। পরিবেশ আন্দোলন কখনো অরাজনৈতিক হয় না। আন্দোলন সফল হলে মানুষই দেখাতে পারবেন বিকল্প উন্নয়নের পথ। সরকারি প্রকল্প সম্পর্কে নাগরিকদের মত প্রকাশ করার অধিকার আছে। রাষ্ট্রেরও জনগণের মত জানার এবং সবাইকে তার অবস্থান জানানোর দায় রয়েছে। নাগরিকদের অধিকার এবং রাষ্ট্রের দায়িত্ব প্রমাণের জন্যও এই আন্দোলন সফল হওয়া প্রয়োজন। জনস্বার্থের নামে একের পর এক উন্নয়ন প্রকল্প মানুষের জীবিকা, বসবাসের অধিকার, সুস্থভাবে বেঁচে থাকার অধিকার বিপন্ন করে জনগণেরই স্বার্থবিরোধী ভূমিকা পালন করবে – এ জিনিস বন্ধ করা দরকার। তাই ভাবাদীঘি রক্ষা করে রেলপথ নির্মাণের লড়াইতে চাই আরও মানুষ ও সংগঠনের অংশগ্রহণ। সরকার ও প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় চলা ঝুঁকিহীন আন্দোলন আর চলবে না। পরিবেশ আন্দোলনকে আজ প্রতিষ্ঠানকেই প্রশ্ন করতে হবে। ভাবাদীঘির আন্দোলনের সাফল্যও সেই স্পর্ধার উপর নির্ভর করছে।

তথ্য নিবন্ধকারের। মতামত ব্যক্তিগত

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.