ইমাম গাজ্জালী
৪

সবাই জানে মুক্তিযুদ্ধকালে আওয়ামী লীগের মধ্যে ছিল দুইটি অংশ। একাংশের নেতা তাজউদ্দীন আহমেদ। আরেকাংশের প্রতিনিধি খন্দকার মোস্তাক আহমেদ, যিনি যুদ্ধকালে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন গড়ার ষড়যন্ত্রের হোতা। তিনি ভারতের গোয়েন্দা সংস্থার সন্দেহের তালিকায় ছিলেন। যাতে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সেজন্য গোপন নজরদারিতে ছিলেন।

একইভাবে, ছাত্রলীগের মধ্যেও ছিল দুইটি অংশ। একাংশ স্বাধীনতাপন্থী, যার নেতা ছিলেন সিরাজুল আলম খান। আরেকাংশ স্বাধিকারপন্থী, যার নেতা ছিলেন শেখ ফজলুল হক মণি। মুক্তিযুদ্ধকালে মণির কাজ ছিল তাজউদ্দীনের কাজে বাগড়া দেওয়া। একবার তাঁকে হত্যা করার জন্য মণি পিস্তল নিয়ে গিয়েছিলেন বলে জানা যায়। ছাত্রলীগের নিউক্লিয়াসপন্থী নেতা স্বপন কুমারকে হত্যার অভিযোগ রয়েছে এই অংশের বিরুদ্ধে।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

২৬ মার্চের পাক আক্রমণের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ে ভারতে পলায়ন করে। স্বাধীনতার পর দেশে ফিরে তারাই স্বাধীনতার একমাত্র সংগ্রামী বলে জোরেশোরে প্রচার করতে থাকে। শেখ মুজিবের দৌলতে ক্ষমতার কেন্দ্রে জাঁকিয়ে বসে। ব্যাপক লুঠতরাজ, দুর্নীতি ও চুরিচামারিতে জড়িয়ে পড়ে। পাকিস্তানি ২২ পরিবারের ফেলে যাওয়া সম্পদ লুঠপাট করতে মেতে ওঠে। সেইসঙ্গে বাদ যায় না বিহারি ও হিন্দুদের বাড়িঘর, সম্পত্তি দখল ও লুঠপাট। এর বিরুদ্ধে কথা বললেই তাকে বলা হত স্বাধীনতাবিরোধী, পাক হানাদারদের দোসর, রাজাকার ইত্যাদি।

আগেই বলা হয়েছে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার মোস্তাক-মণির আওয়ামী লীগের ধারার। এই সরকার অবৈধ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় থেকেছে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে। যাবতীয় অপকর্ম করেছে মুক্তিযুদ্ধের নামে, শেখ মুজিবের নামে। লুঠপাট, অর্থ পাচার, জনতার সম্পদ আত্মসাৎ, গুমখুন করেছে মুক্তিযুদ্ধের নাম করে। হাসিনার আমলেও সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে রাজাকার, স্বাধীনতাবিরোধী, জামাত-বিএনপির দালাল তকমা দেওয়া হয়েছে। যেমন পাকিস্তান আমলে বলা হত ইসলামের শত্রু, কমিউনিস্টদের চর, ভারতের দালাল। এসব ঘটনার জুতসই জবাব মানুষ অতীতে দিয়েছে, বর্তমানেও দিচ্ছে।

ইতিহাসের ট্র্যাজেডি হল, ছাত্রলীগের নিউক্লিয়াসপন্থীরা বাহাত্তরে আলাদা অবস্থান নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করলেও তাঁরা আওয়ামী লীগের বিপরীতে স্বতন্ত্র রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে সক্ষম হননি। যখন শেখ মুজিবকে অতিক্রম করার উৎকৃষ্ট সময়, আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্বরত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিটি নেতাকর্মীর অন্তর জুড়ে তখনো তিনিই ছিলেন। শেখ হাসিনার অন্তরে ‘রাজনৈতিক শেখ মুজিব’- এর আসন যত না শক্ত রয়েছে, জাসদের হাসানুল হক ইনুর হৃদয়ে তার চেয়ে ঢের বেশি শক্ত অবস্থান রয়েছে শেখ মুজিবের। জাসদের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের ক্ষেত্রেও একই চিত্র পাওয়া যাবে। হাসানুল হক ইনু জাসদকে এমন জায়গায় এনেছেন, যে সেখানে দেখা যায় শেখ মুজিব ছাড়া জাসদ শূন্য। জাসদ ও আওয়ামী লীগ শুধু নামের প্রভেদ।

অথচ স্বতন্ত্র রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় জাসদ সক্ষম হলে মুক্তিযুদ্ধে মূল ধারা প্রবাহিত হত জাসদের খাতে আর আওয়ামী লীগের পরিণতি হত মুসলিম লীগের মত। জাসদ তিলে তিলে আত্মহনন করে আওয়ামী লীগকে তার অনিবার্য পরিণতি থেকে রক্ষা করে দলটিকে একটি দানবে পরিণত করেছে। কিছু কিছু ব্যতিক্রম ছাড়া এই কথা কমবেশি সব বামপন্থী সংগঠনের ক্ষেত্রেই খাটে। এ কারণেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের উপর একচ্ছত্র মালিকানা তৈরি করতে পেরেছে আর সেই মুক্তিযুদ্ধের বৈধতা ব্যবহার করে যা ইচ্ছে তাই করতে পেরেছে এতকাল।

সরকারের অনাচারের বিরুদ্ধে দাঁড়াতে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এতটাই আগ্রহী হয়ে উঠেছিল, যে আওয়ামী শাসকদের ঘৃণাবাচক শব্দগুলোতে তারা আর আমলে দিল না। বাস্তবতা দেখে দেখে তারা আওয়ামী মুক্তিযুদ্ধের বয়ান প্রত্যাখ্যান করল। মুক্তিযুদ্ধের চেতনায় যারা জামাত ঠেকানোর নামে ‘ডোন্ট ডিস্টার্ব আওয়ামী লীগ’ রাজনৈতিক লাইনে ছিলেন, তাঁরা সরকারের সমালোমূলক আন্দোলন করলেও কিন্তু উচ্ছেদের লড়াই থেকে বিরত ছিলেন। প্রকারান্তরে তাঁরা মুক্তিযুদ্ধের ঐতিহ্যের নামে সরকারের ফ্যাসিবাদী আচরণকে সমর্থন করেছেন, ফলে আজকের তরুণ প্রজন্মের ভাষা বুঝতে পারেননি।

এই প্রজন্ম দেখেছে মুক্তিযোদ্ধার ভুয়ো তালিকা, সেই তালিকা অনুযায়ী লোকেদের মুক্তিযোদ্ধা সাজিয়ে ভাতা প্রদান এবং তালিকা থেকে বাদ পড়া স্বীকৃতিহীন প্রচুর মুক্তিযোদ্ধা। এই প্রজন্ম দেখেছে, আওয়ামী লীগ করলেই একজন রাজাকার মুক্তিযোদ্ধায় পরিণত হয় আর না করলে মুক্তিযোদ্ধারা স্বাধীনতাবিরোধী তকমা পান। এই তরুণরা আরও দেখেছে, আওয়ামী লীগের অনাচারে তথাকথিত প্রগতিশীলদের অবাক করা নীরবতা। দেখেছে মুক্তিযুদ্ধের নামে লুঠপাট আর অরাজকতা, ছাত্রলীগের সীমাহীন দৌরাত্ম্য, টর্চার সেলের নানা অকথ্য নির্যাতন। তারা উপলব্ধি করেছে আওয়ামী মুক্তিযুদ্ধের স্বরূপ। সুতরাং সেই আওয়ামীর দেওয়া রাজাকারের তকমাকে এই প্রজন্ম পাত্তা দেয় না।

মুক্তিযোদ্ধাদের জনগণের বিরুদ্ধে, বিশেষত আজকের তরুণ প্রজন্মের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। ব্যাপক জনগোষ্ঠীর কাছে মুক্তিযোদ্ধারা যে মর্যাদায় আসীন ছিলেন, হাসিনার আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সেই মর্যাদা ধূলিসাৎ করে দিয়েছে। সরকার মুক্তিযোদ্ধাদের পাশাপাশি তরুণ প্রজন্মকেও অপমান করেছে।

ছয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যলয়কে ঘিরে একটি বিপ্লবী তরুণ প্রজন্মের উত্থান ঘটেছিল। বাহান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন ওই প্রজন্মকে শিক্ষিত করেছিল। মূলত স্বাধীনতার রাজনীতি তাদের অবদান। এরপর নয়ের দশকে স্বৈরাচারবিরোধী রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনের স্বরূপ প্রত্যক্ষ করেছে বাংলাদেশ। তার প্রায় তিন যুগ পরে ২০২৪ সালে আরেকটি অপ্রতিরোধ্য তরুণ প্রজন্মের উত্থান দেখল বাংলাদেশ। এই শিক্ষার্থীদের দমাতে শেখ হাসিনার সরকার যেভাবে গণহত্যা সংঘটিত করেছে, তাতে ইতিহাসে তাঁর জায়গা হবে আয়ুব-ইয়াহিয়ার পাশে।

২০১৫ সালে নিরাপদ সড়ক আন্দোলনের কিশোররাই আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মাঝখানে আরও কয়েকটি শিক্ষা বিষয়ক আন্দোলন হয়েছে। যেমন কোটা সংস্কার আন্দোলন, ভ্যাট প্রত্যাহার আন্দোলন ইত্যাদি। অর্থাৎ নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন, ভ্যাট প্রত্যাহার দাবির আন্দোলন ও বর্তমানে বৈষম্যবিরোধী আন্দোলন এই প্রজন্মকে শিক্ষিত করে তুলেছে, ছাত্রলীগকে চিনিয়েছে। এতদিন অভিযোগ ছিল এই তরুণরা ইন্টারনেটে বুঁদ হয়ে থাকে, নিজেদের কেরিয়ার ছাড়া আর কিছু বোঝে না ইত্যাদি। এই অভিযোগ নাকচ করে দিয়ে অভুতপূর্ব অভ্যুত্থানের ইতিহাস রচনা করল তারা। শত শত যুবক-যুবতীর আত্মত্যাগের মহিমায় আজকের তরুণরা ইতিহাসে অনন্য মর্যাদায় আসীন হয়ে থাকবে।

কিন্তু অতিশয় দুঃখের বিষয়, বাংলাদেশের বামপন্থী ও প্রগতিশীলদের প্রধান অংশ এই প্রজন্মের ভাষা বুঝতে সক্ষম হলেন না। যখন পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছিল, শত শত তরুণ আত্মাহুতি দিচ্ছিলেন; আওয়ামী লীগ, ছাত্রলীগ ও রাষ্ট্রের নিপীড়নে ক্ষুব্ধ ব্যাপক সংখ্যক মানুষ তখন শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিচ্ছিলেন, একাত্ম হচ্ছিলেন। সরকারের প্রভাবে আদালত আন্দোলনের কোটার পক্ষে রায় ঘোষণা করল, তখন সেই রায় ঘোষণার প্রতিক্রিয়া হিসাবে প্রথম বামপন্থীদের বিবৃতি দেখা গেল। সরকারপন্থী বাম বরাবরের মতই সরকারের নিপীড়নের পক্ষেই ছিল। বিএনপি-জামাত জুজু দেখিয়ে আন্দোলন থামাতে চেয়েছে, কিন্তু পারেনি। ছয়ের দশকের ও নয়ের দশকের ছাত্র আন্দোলনের অভিভাবক ছিল, কিন্তু বর্তমানের তরুণদের আন্দোলন অভিভাবকহীন। নেতৃত্বহীন নেতা।

৫

বাংলাদেশের ইতিহাসে যতগুলো পরিবর্তন সাধিত হয়েছে, তাতে জীবন বাজি রাখা জনগণের রক্তক্ষয়ী অভ্যুত্থানে শাসকদের উচ্ছেদ হয়েছে, বিজয়ী জনতা আনন্দে মাতোয়ারা হয়েছে। কিন্তু সত্যিকারের পরিবর্তন কিছু হয়নি। স্বপ্ন অধরাই থেকেছে। ঘুরে ফিরে পুরনো শাসনব্যবস্থাই জারি থেকেছে, শুধু শাসক পাল্টিয়েছে। ১৯৪৭, ১৯৬৯, ১৯৭১, ১৯৯০ – সব ক্ষেত্রেই এসব কথা প্রযোজ্য। এত উদাহরণের পরেও কি মানুষ সেই পুরনো ভুলই করবে? বারবার একই ভুল করবে। একটি উন্নত, আধুনিক, ধর্মনিরপেক্ষ, বৈষম্যহীন, সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ার সুনির্দিষ্ট কর্মসূচি নিয়েই পরিবর্তনের রাজনীতিতে সক্রিয় হওয়া ছাড়া পুরনো ভুল থেকে উত্তরণের উপায় কি? এমন প্রশ্ন পাশ কাটিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই। সত্যকার পরিবর্তন চাইলে এই শোষণমূলক ও লুণ্ঠনমূলক রাষ্ট্র বাতিল করতে হবে। প্রথমেই বাতিল করতে হবে সংবিধান।

অতি অবশ্যই নিম্নোক্ত কর্মসূচি থাকতে হবে

১. ভূমি জাতীয়করণ, বৃহৎ খাদ্য ব্যবসা জাতীয়করণ, বৃহৎ কলকারখানা ও ব্যাংক বিমা জাতীয়করণ; শিক্ষা, স্বাস্থ্য ও গণপরিবহণের ব্যক্তি মালিকানা বাতিল। পর্যায়ক্রমে বেতন স্কেল সমান সমান করার উদ্যোগ নেওয়া।
২. দুর্নীতিবাজ, ধর্মব্যবসায়ী, জনগণের সম্পদ আত্মসাৎকারীদের বিচার। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত, ভোটাধিকার বাতিল ও নির্বাচনে অযোগ্য ঘোষণা। পাচারের অর্থ ফিরিয়ে আনা। উন্নয়নের নামে লুঠপাটের বিচার শুরু করা।
৩. রাষ্ট্রীয় বাহিনীর হাতে সকল হত্যা, গুম, নির্যাতন এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে খুন ও নির্যাতনের ঘটনা সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ, দোষীদের বিচারের আওতায় আনা।
৪. মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পাদিত সকল গোপন চুক্তি প্রকাশ, অমর্যাদাকর গণবিরোধী চুক্তি বাতিল, ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির হিস্যা আদায়, সীমান্তে মানুষ হত্যা বন্ধ।
৫. নাগরিকের নিরাপত্তার বিধান, নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্র থেকে ধর্মের বিযুক্তি, নামমাত্র মূল্যে নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহনের ব্যবস্থা করা।
৬. বর্তমান সংবিধান বাতিল এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ গঠনের রাজনৈতিক উদ্যোগ গ্রহণ শুধু শাসক বদলের মধ্যে সীমাবদ্ধ থাকা মানে ইচ্ছে করে পুরনো ভুলে আত্মহুতি দেওয়া। এ বিষয়ে আমাদের একটি স্বতন্ত্র রাজনৈতিক প্রস্তাব রয়েছে।

আত্মপরিচয়ের ঘাটতি প্রসঙ্গে

বাংলাদেশে বিশ শতকের ছয়ের দশক থেকে তিনটি শক্তি পাশাপাশি ক্রিয়াশীল – বুর্জোয়া জাতীয়তাবাদী শক্তি, বামপন্থী শক্তি এবং ধর্মীয় সাম্প্রদায়িক শক্তি। যা এখনো ক্রিয়াশীল। বামপন্থীদের বিরুদ্ধে অভিযোগ, তারা যুগ যুগ ধরে নিজেদের রাজনীতি বাদ দিয়ে বুর্জোয়া রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিয়ে গিয়েছেন। সাতচল্লিশে, একাত্তরে এবং নব্বইয়ে। বিপ্লব ছেড়ে দেওয়া ক্লান্ত বামপন্থীরা এদেশে বিএনপি, আওয়ামী লীগ গড়ে তুলেছেন। বিভ্রান্তিকর রাজনীতির কারণে ক্ষয়িষ্ণু হতে হতে বামপন্থী শক্তি এখন প্রান্তিক অবস্থানে রয়েছে। তাদের প্রান্তিক অবস্থান যতটা না বেদনার, তার চেয়ে শতগুণ কষ্টের কারণ হল বিভ্রান্তিকর রাজনীতিটা বুঝতে না পারা, সেখানে আটকে থাকা, সেখান থেকে বের না হওয়া। আওয়ামী লীগের দুঃশাসনে অতিষ্ঠ জনগণ দীর্ঘদিন বামপন্থীদের দিকে তাকিয়েছিল। তারা জনগণকে হতাশ করেছে। সম্প্রতি বৈষম্যবিরোধী রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনও এই বামপন্থীদের আলোকিত করতে পারছে না।

বাংলাদেশ তথা ভারতবর্ষের ইতিহাসে দেখা গেছে, হিন্দু-মুসলমানের বৈরিতা যখনই স্থগিত হয়েছে, তখনই অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে উঠেছে। বিপরীতে ধর্মভিত্তিক রাজনীতি মানুষকে বিভক্ত করেছে, কখনোই এক করতে পারেনি।

ধর্মভিত্তিক জাতীয়তাবাদের বিপরীতে তখনকার পূর্ব পাকিস্তানে ছয়ের দশকে ভাষাভিত্তিক জাতীয় চেতনা পূর্ববাংলায় বাঙালির আত্মপরিচয়ের সংকট দূর করেছিল একাত্তর। সেটা আপাত সুরাহা হয়েছিল, পুরো নয়। পূর্ববাংলার ভাষাভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তি ছিল ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বহু দাম দিয়ে কেনা, মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান অর্জন। সদ্যস্বাধীন বাংলাদেশে তা ধূলিসাৎ হতে থাকে শেখ মুজিবের হাত ধরে। তিনি ওই সময়ে ভারত ও রাশিয়ার অসম্ভব প্রভাব কাটাতে ইসলামিক রাজনীতির দিকে ঝুঁকে পড়েন। তাঁর হাত ধরেই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, ওআইসির সদস্যপদ গ্রহণ এবং ইজতেমাভিত্তিক ইসলাম প্রচারণার পৃষ্ঠপোষকতা প্রদান করা হয়। জিয়া, এরশাদ সেই ধারাকেই ষোলোকলায় পরিপূর্ণ করেছেন মাত্র। দেশকে কে কতটা পাকিস্তানি ভাবাদর্শের কাছে নিয়ে যেতে পারে, যেন তারই প্রতিযোগিতা শুরু হয়। সেখানে হাসিনার ‘কৃতিত্ব’ হল, সরকারি টাকায় ৪৬০টি মডেল মসজিদ নির্মাণ, দারাওয়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়া। মজার বিষয়, এসব সত্ত্বেও সরকারপন্থী ধর্মনিরপেক্ষবাদীদের কাছে তিনি পাকা আসন বজায় রাখতে সক্ষম হয়েছেন। কিন্তু সরকারপন্থী ধর্মনিরপেক্ষতা আর সরকারপন্থী ধর্মচর্চার ভণ্ডামি তরুণ প্রজন্ম ধরে ফেলেছে।

আমরা জানি, গত তিন সাড়ে তিনশো বছরে পূর্ববাংলার মানুষ আটবার রাজধানী বদলাতে দেখেছে। রাষ্ট্রের সীমানা পাল্টিয়েছে কয়েকবার। মোগল আমলে রাজধানী ছিল দিল্লি, নবাব সিরাজউদ্দৌলার আমলে মুর্শিদাবাদ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কলিকাতা, তার শেষদিকে ফের রাজধানী দিল্লিতে চলে যায়। এরপর পাকিস্তানি আমলে রাওয়ালপিন্ডি, করাচি আর ইসলামাবাদও রাজধানী ছিল। একাত্তরের পর প্রিয় ঢাকা র্জন করে স্বাধীন দেশের রাজধানীর মর্যাদা। মোগল আমলের সুবা বাংলা এবং নবাব সিরাজ সিরাজউদ্দৌলার সময়ে বাংলার অন্তর্ভুক্ত ছিল পূর্ববাংলা, পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, আসাম, বিহার ও ওড়িশা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বেঙ্গল প্রেসিডেন্সির আয়তন ছিল আরও বিস্তৃত। সেখানে উভয় বাংলা ছাড়াও বিহার, ওড়িশা এবং মধ্যপ্রদেশ অন্তর্ভুক্ত ছিল। বঙ্গভঙ্গের আগেও পূর্ববাংলার সঙ্গে ছিল পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা। আরাকানও একসময় বাংলার অর্ন্তভুক্ত ছিল। এসব অঞ্চলের মানুষের ভাষা, সংস্কৃতির নৈকট্য রয়েছে। নৈকট্য রয়েছে নৃতত্ত্বের।

অভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক স্বার্থে নৈকট্য লাভের সম্ভাবনা রয়েছে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচলের সঙ্গে। এসব এলাকার জনগণকে বিভক্ত করে রেখেছে ধর্ম ও রাষ্ট্র। আমাদের অসমাপ্ত আত্মপরিচয়ের সন্ধান করতে গেলে এসব ইতিহাসের দিকে নজর ফেরাতে হবে। যে রাষ্ট্র মানুষকে বিভক্ত করে, সেই রাষ্ট্রের অধীনে কোনো সমস্যার সমাধান হয় না। যে রাষ্ট্র মানুষকে ঐক্যবদ্ধ করে, তেমন রাষ্ট্রই মানুষ আকাঙ্ক্ষা করে। ধর্ম দিয়ে মানুষকে বিভক্ত করার তিক্ত অভিজ্ঞতা এখনকার মানুষের রয়েছে।

মানুষকে এক করতে চাইলে ধর্মকে রাষ্ট্রের থেকে আলাদা করতে হবে। রাষ্ট্রের কাছে ধর্ম থাকলেই তা শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়। উন্নত স্বপ্ন, তাকে মূর্ত করার কর্মসূচি ছাড়া শাসক বদল করার কোনো মানে হয় না।

বাংলাদেশ দাঁড়িয়ে আছে পরিবর্তনের মুখে। হাসিনার হাতে রক্তের দাগ। তিনি গণহত্যাকারী। মুক্তিযুদ্ধের নামে শাসন করেছেন অথচ শাসনের নামে চলেছে অর্থ পাচার, ব্যাংক লুঠ, দুর্নীতি, জনতার সম্পদ আত্মসাৎ, লুঠপাট, অনিয়ম এবং দুর্বৃত্তায়ন। আওয়ামী মুক্তিযুদ্ধই হাসিনার শাসনের মতাদর্শিক ভিত্তি। আওয়ামী মুক্তিযুদ্ধের বিপরীতে মুক্তিযুদ্ধের গণভাষ্য নির্মাণ করলে, ওদের মুক্তিযুদ্ধ নিয়ে বাণিজ্যিক নৌকা মাঝদরিয়ায় ডুববে। পাকিস্তান আন্দোলনের আইকন ছিলেন মহম্মদ আলি জিন্না। অনুসারীরা তাঁকে কায়েদ-এ-আজম বলতেন। তাঁকে নাকচ করার পরই বাংলাদেশ আন্দোলন পালে বাতাস পেয়েছিল। বাংলাদেশ যে বড় ধরনের পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে, সেই পরিবর্তন যদি এই অঞ্চলের মানুষকে এক করতে চায়, তখন কাকে নাকচ করতে হবে? এইটি কোটি টাকার প্রশ্ন।

পাদটীকা

লেখাটি লিখেছিলাম দুই দিনে। শেষ করেই বঙ্গরাষ্ট্র ওয়েব পোর্টালের প্রতিষ্ঠাতা শামসুজ্জামান মানিক, অধ্যাপক আনু মুহম্মদ, অর্ক ভাদুড়িসহ কয়েকজনকে পাঠিয়েছিলাম কোনো তথ্যগত ভ্রান্তি আছে কিনা তা জানার জন্য।

প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব

মতামত ব্যক্তিগত

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.