বিশ্বনাথ পুরকাইত

জাতীয় শিক্ষানীতি ২০২০-র তিন-ভাষা নীতি নিয়ে বিতর্ক এখন কিছুটা স্তিমিত, কিন্তু সমস্যা মেটেনি। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা তিন-ভাষা নীতি গ্রহণ করেনি। বিজেপি নেতা ও আইনজীবী জি এস মানি এই তিনটে রাজ্যের বিরুদ্ধে জাতীয় শিক্ষানীতির সব সিদ্ধান্ত না মানার জন্যে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন। সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

সব থেকে উত্তাল অবস্থা মহারাষ্ট্রে। সেখানে প্রথম যে সরকারি বিজ্ঞপ্তি বেরোয়, তাতে বলা হয়েছিল হিন্দি ভাষা শেখানো ‘আবশ্যক’। তীব্র প্রতিবাদের পর ‘আবশ্যক’ শব্দটা প্রত্যাহার করা হয়। কিন্ত প্রতিবাদ বন্ধ হয়নি। পরিণামে জেগে ওঠে ‘মারাঠি অস্মিতা’, অর্থাৎ বাইরে থেকে যাঁরা মহারাষ্ট্রে যাবেন তাঁদের সবাইকে মারাঠিতে কথা বলতে হবে – এই দাবি। জনৈক রসিক ব্যক্তি মন্তব্য করেছেন, নরেন্দ্র মোদীর উপর জমে থাকা রাগ আপামর সাধারণ মানুষের উপর গিয়ে পড়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন যেচে মহারাষ্ট্রের ভাষানীতি নিয়ে মতপ্রকাশ করেছিলেন। তিনি মহারাষ্ট্রে আবশ্যিকভাবে হিন্দি পড়ানোর বিরোধিতা করেন। উত্তরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ তাঁকে শুনিয়ে দিয়েছেন – মহারাষ্ট্র সরকার ছাত্রছাত্রীদের পছন্দ অনুযায়ী হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, সংস্কৃত বা অন্য যে কোনো ভাষা শেখার বন্দোবস্ত করতে রাজি, কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার প্রবর্তিত জাতীয় শিক্ষানীতি প্রয়োগে দায়বদ্ধ। পরিহাস কাকে বলে!

ওদিকে দক্ষিণের কংগ্রেসশাসিত রাজ্যগুলো কিন্তু ইতিমধ্যেই তিন-ভাষা নীতি চালু করে দিয়েছে। তিন-ভাষা নীতি, সঙ্গে ‘আবশ্যিক’ হিন্দি বস্তুত কংগ্রেসেরই পরিকল্পনা। ১৯৬৫ সালে কংগ্রেস হিন্দিকে জাতীয় ভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বিক্ষোভে ফেটে পড়েছিল তামিলনাড়ু। মিছিল, জমায়েতের উপর গুলি চালিয়েছিল তামিলনাড়ুর তৎকালীন কংগ্রেস সরকার। সি সুব্রহ্মণ্যম কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। অতঃপর কেন্দ্রীয় সরকার হিন্দি ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দানের পথ থেকে সরে আসে। ইংরিজি ও হিন্দি যোগাযোগের ভাষা (সংবিধান বর্ণিত ‘অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ’) হিসাবেই চালু থাকে।

আরো পড়ুন লড়াই ক্ষ্যাপা: লোরেটো, জাতীয় শিক্ষানীতি ও বাঙালির প্রতিরোধ

কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস হিন্দির প্রচার ও প্রসারে চেষ্টার ঘাটতি রাখেনি। কেন্দ্রীয় সরকারি অফিসগুলোতে হিন্দি সপ্তাহ, হিন্দি পক্ষ পালন, হিন্দি রচনা প্রতিযোগিতা, কর্মচারীদের প্রবীণ, প্রাজ্ঞ নামক হিন্দি কোর্স পাশ করিয়ে নগদ টাকা দেওয়া, অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া ইত্যাদি কার্যক্রম চালিয়ে গেছে। যদিও হিন্দিকে যোগাযোগের ভাষা হিসাবে বাধ্যতামূলক করেনি। সেই ধারা এখনো চলছে।

এবছর লোকসভার বাদল অধিবেশনে মন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন – ২০১৪-১৫ আর্থিক বর্ষ থেকে ২০২৪-২৫ পর্যন্ত ‘অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ’ দফতরের জন্য খরচ হয়েছে ৭৩৬.১১ কোটি টাকা এবং পুরোটাই গেছে হিন্দির খাতে।

কংগ্রেস অবশ্য জাতীয় প্রকল্প ও জাতীয় সংস্থাগুলোর নাম ইংরিজিতেই রেখেছিল। যেমন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো), ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল ট্রেনিং (এনসিইআরটি), ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাংকিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) ইত্যাদি। এখনকার বিজেপি সরকার কিন্তু সব নামই রাখছে হিন্দিতে। ‘Vikshit Bharat’, ‘Abhilekh Patal’ (পোর্টাল ফর ন্যাশনাল আর্কাইভ) ইত্যাদি। আমাদের বাংলা ভাষার সঙ্গে হিন্দি ভাষার ধ্বনি-অর্থ সাযুজ্য থাকলেও ‘Abhilekh Patal’ কথাটা বোঝার জন্য জবরদস্ত হিন্দি জ্ঞান থাকা দরকার। দক্ষিণ ভারতীয়দের সঙ্গে কথা‌ বলে বুঝেছি, এসব তাদের কাছে হিব্রু। ‘অপারেশন সিন্দুর’ কথাটার অর্থ আমরা যতটা সহজে বুঝেছি, তামিলরা পারেনি। তাদের ভাষায় সিঁদুর জিনিসটাকে কুমকুম বা কুমকুমা বলা হয়। অমিত শাহ তো বলেই দিয়েছেন, কিছুদিন পরে আমরা ইংরিজি বলার জন্য লজ্জা পাব। এ ব্যাপারে জনৈক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মন্ত্রী কিরণ রিজিজু মূল প্রসঙ্গ এড়িয়ে বলে দেন – সমস্ত ভারতীয় ভাষাই আমাদের জাতীয় ভাষা। আহা, তাই যদি হত!

কেন তিন-ভাষা নীতি শিশু শিক্ষার্থীদের উপর একটা ভাষার অতিরিক্ত চাপ? জাতীয় শিক্ষানীতিতে অজস্র গালভরা কথা লেখা আছে, তবে সবচেয়ে সহজবোধ্য ও গুরুত্বপূর্ণ কথাটা হল জাতীয় সংহতি। ভারতবাসী একে অন্যের ভাষা শিখে ভারতীয় হিসাবে আরও সংহত হবে। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কমিশন (ন্যাক)-এর প্রধান অনিল সহস্রবুদ্ধে চেন্নাইতে গিয়ে বলেছেন – তামিলদের অবশ্যই হিন্দি শিখতে হবে। তবে হিন্দিভাষীদেরও তামিল শেখা উচিত।

এখন প্রশ্ন হল, হিন্দিভাষী রাজ্যগুলোতে তৃতীয় ভাষা (হিন্দি ও ইংরিজি ছাড়া) হিসাবে কী শেখানো হচ্ছে? প্রধানত সংস্কৃত। উর্দু, মাগধী, ইত্যাদিও শেখানো চলছে কোনো কোনো এলাকায়। এই ভাষাগুলো কিন্তু অন্য কোনো রাজ্যের প্রধান ভাষা নয়। জাতীয় সংহতির দিক থেকে দেখলে কোনো কাজেই লাগবে না। কার কী এসে যায়? ওরা এমনিতেই জাতীয়ভাবে সংহত। এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে – বেঙ্গালুরুর জনৈকা ব্যাংক কর্ত্রী বলছেন, আমি হিন্দিতেই কথা বলব, কারণ এটা ভারত (ইন্ডিয়া)। যেন ভারতবর্ষে থাকলেই কারোর সর্বত্র হিন্দিতে কথা বলার অধিকার জন্মে যায়; অন্যদের দায়িত্ব সেই ভাষা বুঝে নেওয়া। মোহন ভাগবত মহাশয় অবশ্য বলেই দিয়েছেন – অদূর ভবিষ্যতে সংস্কৃতই হবে ভারতীয়দের যোগাযোগের প্রধান ভাষা। তখন পরিস্থিতি আলাদা হবে।

যে এনসিইআরটি পাঠ্যপুস্তকে অদলবদল, কাটছাঁট, ভুল তথ্য ইত্যাদির কারণে এখন বিতর্কের কেন্দ্রবিন্দু্, যার সম্পর্কে বিজেপি বিধায়ক বিশ্বরাজ সিং মেওয়ার এবং তাঁর সাংসদ স্ত্রী মহিমা কুমারীই প্রশ্ন তুলেছেন – এনসিইআরটির শিক্ষাবিদদের শিক্ষিত করবে কে, তারাই সবার চেয়ে এগিয়ে। তারা প্রথম শ্রেণির ইংরিজি পাঠ্যবইয়ের নাম রেখেছে ‘Mridang’, তৃতীয় শ্রেণির ‘Santoor’, ষষ্ঠ শ্রেণির ‘Poorvi’। অঙ্ক বইয়ের নাম ‘Maths Mela’, কারিগরি শিক্ষার বই ‘Kaushal Bodh’। ইংরিজি বইয়ের নাম হিন্দিতে কেন? নানাদিক থেকে সমালোচনা শুরু হল। কেরালার শিক্ষামন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চিঠি লিখে প্রতিবাদ জানালেন। এনসিইআরটি যুক্তি স্বীকার করে নিল যে বইয়ের নাম হিন্দিতেই দেওয়া। তাদের যুক্তি – Mridang (যা বাংলা ভাষায় মৃদঙ্গ) কর্ণাটকী সঙ্গীতে ব্যবহৃত যন্ত্র, Poorvi (বাংলায় পূরবী) ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের একটা রাগ। এসব শিশুরা জানবে, জেনে ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ শিকড় সম্পর্কে অবগত হবে। এই নামকরণ জাতীয় শিক্ষানীতি অনুসারী, তাই যথাযথ।

প্রাথমিক স্কুলে পড়াশোনা করা শিশুরা কর্ণাটকী সঙ্গীত, পূরবী রাগ জানবে? এ তো জন্মান্ধ মেয়েকে জ্যোৎস্নার ধারণা দেওয়ার মত দুরূহ!

মনে পড়ে গেল, আটের দশকে কলকাতা বইমেলায় এক সান্ধ্য দৈনিক এক মজার প্রতিযোগিতার আয়োজন করেছিল। তারা পাঠকের কাছে জানতে চেয়েছিল কিছু অবাস্তব বা অসম্ভব বইয়ের নাম। প্রথম দুটো মনে আছে – ১. নিরক্ষরের অভিধান, ২.শিশুদের যৌনবিদ্যা।

ধন্য এনসিইআরটি, ধন্য তিন-ভাষা নীতি।

নিবন্ধকার কবি

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.