বাংলা ভাষায় স্বখাতসলিলে গিয়ে পড়া বলে একটা কথা আছে। অর্থাৎ নিজেকে ডোবানোর জন্য নিজেই পুকুর কাটা গোছের ব্যাপারসাপার। বিজেপির অবস্থা খানিকটা তাই। সম্প্রতি চীনের শাসক কমিউনিস্ট পার্টির এক প্রতিনিধি দল ভারতে আসে। এদেশের কয়েকটা কমিউনিস্ট পার্টির নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি বিজেপি ও আরএসএসের রাজধানীস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ওই দুই সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও দেখা করেন এবং বৈঠক করেন সেই প্রতিনিধি দলের সদস্যরা। স্বাভাবিকভাবেই এতে ভারতের রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। কংগ্রেস নেতারা বিজেপি নেতৃত্বকে নানা তির্যক প্রশ্নে ব্যতিব্যস্ত করে তুলেছেন। বিজেপি এবং সংঘের মুখপাত্ররা দৃশ্যত কিছুটা রক্ষণাত্মক। উগ্র জাতীয়তাবাদের ধুয়ো তুলে এই বিজেপি এবং সংঘ গত কয়েক বছরে প্রতিবেশী দেশগুলোর শাসকদের প্রতি যে ঘৃণা ও বিদ্বেষ গোটা দেশে জাগিয়ে তুলেছে, তা এই ঘটনায় ব্যুমেরাং হয়ে গেছে।

অথচ অন্য কোনো দল এটা করলে বিরাট হইচই ফেলে দিত সংঘ পরিবার। দেশপ্রেমের গগনবিদারী জিগির উঠে যেত। চীন ভারতের কত বড় শত্রু, তা নিয়ে ভয়ংকর উত্তেজিত আলোচনা শুরু হয়ে যেত। ইতিহাস, ভূগোলের পণ্ডিতদের মিডিয়া আলো করা জ্ঞান বিতরণ শুরু হয়ে যেত। সর্বোপরি, যারা বৈঠক করল তারা যে কত বড় দেশদ্রোহী তা নিয়ে বিরাট বক্তৃতা হত। বৈঠকে দেশদ্রোহীরা চীনের সঙ্গে কী কী ষড়যন্ত্র করল তা নিয়ে গবেষণা হত। ভারতকে টুকরো টুকরো করার কেমন পরিকল্পনা চলছে, কোন কোন ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ এতে জড়িত তা নিয়ে গবেষণধর্মী লেখাও বেরোত। পাড়ার চায়ের দোকানে দোকানে একের পর বিশেষজ্ঞের দেখা পাওয়া যেত। বলা যায় না, সিবিআই বা ইডিকেও লাগিয়ে দেওয়া হতে পারত। ভারতের কমিউনিস্টদের নিয়ে সংঘবাদীদের চিরকালীন অভিযোগ হল – কমিউনিস্টরা দেশের শত্রু চীনের সঙ্গে সম্পর্ক রাখে। এটা শুধু তাদেরই অভিযোগ নয় অবশ্য, সাধারণভাবে গোটা দক্ষিণপন্থী শিবিরই কমিউনিস্টদের সম্পর্কে এই অভিযোগ করে। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধের সময়ে যুদ্ধবিরোধিতার কারণে বহু কমিউনিস্টকে তৎকালীন ভারত সরকার জেলে পুরেছিল। সাম্প্রতিক চীন-ভারত সংঘর্ষের সময়েও কমিউনিস্টবিরোধী জিগির নতুনভাবে গড়ে তোলার কাজে উগ্র দক্ষিণপন্থী বিজেপি এবং সংঘ চীনের সঙ্গে কমিউনিস্টদের সম্পর্কের কথা নতুনভাবে উত্থাপন করতে শুরু করেছিল।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

কিন্তু বিজেপি বা আরএসএস চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করলে এতসব ঘটে না। বিজেপির মুখপাত্র তুহিন সিনহা বলেছেন ‘কী করব বলুন, এটা সৌজন্য সাক্ষাৎকার। তাঁরাই (চীনের প্রতিনিধিদল) দেখা করতে চেয়েছিলেন। আমরা একটা প্রকাশ্য এবং সরকারি মিটিং করেছি দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য।’ কী সুন্দর কথা! শুনতেও বেশ ভালো লাগে। কিন্তু প্রশ্ন হল, দেশের ভালো করার অধিকারটা বিজেপির একচেটিয়া হল কবে থেকে? আর বিজেপি বৈঠক করলে সেটা দেশের মঙ্গলের জন্যই করা হয়, আর অন্যরা সেই একই কাজ করলে সেটা দেশকে টুকরো টুকরো করার জন্য করা হয় – এ নিয়েই বা নিশ্চিত হওয়া গেল কী করে? তবে সিনহাবাবুর মুখে ওই ‘প্রকাশ্য মিটিং’ কথাটা শুনতে বেশ মজাদার। পাঠকের মনে পড়ে যেতে পারে, কিছুদিন আগেই বাংলাদেশের জামাত-এ-ইসলামী দলের প্রধান শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনৈতিক দলের গোপন বৈঠকের কথা।

গত বছর জুলাই মাসে বাংলাদেশের পটপরিবর্তনের পর থেকেই জামাত বিভিন্ন দেশের কূটনৈতিক দলের সঙ্গে নিয়মিত বৈঠক করেছে। প্রত্যেকটা বৈঠকের পরেই জামাত সাংবাদিক সম্মেলন করে তা নিয়ে কথা বলেছে, অথচ ভারতীয়দের সঙ্গে বৈঠক করার পর সেই বৈঠকের খবর গোপন রাখা হয়। কিন্তু শেষপর্যন্ত তা চাপা থাকেনি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকারে শফিকুল স্বীকার করেন যে এমন একটা বৈঠক হয়েছিল, কিন্তু ভারত সরকার তাঁকে সেই বৈঠকের খবর গোপন রাখতে অনুরোধ করে। বিজেপি যে বিভিন্ন শক্তির সঙ্গে বিভিন্ন ধরনের গোপন বৈঠক চালায়, সেই সন্দেহ ভারতের রাজনৈতিক মহলে ছিলই। ফলে সিনহাবাবু বেশ অস্বস্তির সঙ্গেই বলতে বাধ্য হয়েছেন যে, তাঁরা এবারে অন্তত গোপন বৈঠক তো করেননি, খোলাখুলিই করেছেন। তাতেই যেন দেশবাসীর ধন্য হয়ে যাওয়া উচিত। বিজেপি এসব ব্যাপারে নিজেই নিজেকে কোণঠাসা করেছে বোঝা গেল।

পৃথিবীর সমস্ত দেশের সরকার অন্য দেশের সরকারের সঙ্গে নিয়মিত বৈঠক করে থাকে। এক দেশের পার্টিও অন্য দেশের পার্টির সঙ্গে যোগাযোগ রাখে। রাষ্ট্রীয় কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে এগুলো খুবই সাধারণ ব্যাপার। বিশেষ করে প্রতিবেশী দেশের ক্ষেত্রে এ জিনিস অত্যন্ত স্বাভাবিক শুধু নয়, জরুরিও বটে। কিন্তু ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে বিজেপি এই সাধারণ ও স্বাভাবিক ব্যাপারগুলোকেই অস্বাভাবিকতার স্তরে নিয়ে গেছে। উগ্র জাতীয়তাবাদের ধুন্ধুমার প্রচার দিয়ে মানুষের মধ্যে সুপ্ত দ্বেষ, হিংসা, প্রতিযোগিতার তীব্র বাড়বাড়ন্ত ঘটিয়ে ভোটের বৈতরণী পার হতে চেয়েছে এবং সামগ্রিকভাবে গোটা সমাজে একটা ফ্যাসিবাদী মতাদর্শের চাষ করতে করতে চলেছে। এর ফলে স্বাভাবিক ব্যাপারগুলোও অস্বাভাবিক বলে বিবেচিত হচ্ছে। এই পরিমণ্ডল থেকে বিজেপি নিজেও রেহাই পাচ্ছে না।

আন্তর্জাতিক সম্পর্কের একটা মৌলিক কাজ হল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা। অথচ নরেন্দ্র মোদীর আমলে আন্তর্জাতিক সম্পর্কের এই দিকটাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ২০১৪ সালে প্রধানমন্ত্রী হবার পর থেকে আজ পর্যন্ত শ্রী মোদী কতবার বিদেশভ্রমণ করেছেন জানেন? মোট ৯৭ বার। এর মধ্যে সম্মিলিত জাতিপুঞ্জের বৈঠক আছে, আর আছে ৭৯টা দেশ ঘোরা। এর মধ্যে প্রতিবেশী দেশগুলোতে যাওয়া কিন্তু খুব কম। বিজেপি বা সংঘের নীতিই হল, তাদের উগ্র জাতীয়তাবাদের স্বার্থে প্রতিবেশীদের সঙ্গে ভয়ংকর বিদ্বেষমূলক সম্পর্ক তৈরি করা।

অথচ ভারত চিরকাল তো এমন ছিল না। ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পর ভারত এক জটিল আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। দেশভাগ, সীমান্ত বিরোধ, শরণার্থী সমস্যা এবং উপনিবেশ-উত্তর এশিয়ার রাজনৈতিক অস্থিরতা ভারতের বিদেশনীতিকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। এই প্রেক্ষাপটে ১৯৪৮-২০০৯ ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য নানা কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পদক্ষেপ গ্রহণ করেছিল।

প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি

স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভারতের বিদেশনীতির মূল ভিত্তি তৈরি করেন। তিনি বিশ্বাস করতেন যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়া ভারতের উন্নয়ন সম্ভব নয়। এই নীতির ফলস্বরূপ ভারত ‘পঞ্চশীল নীতি’ প্রণয়ন করে, যার মধ্যে পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অনাক্রমণ নীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান ছিল। এই নীতি ভারত-চীন সম্পর্ক সমেত অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

বলা বাহুল্য, প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সবচেয়ে জটিল ছিল। দেশভাগ পরবর্তী কাশ্মীর সমস্যা, যুদ্ধ ও অবিশ্বাস সত্ত্বেও ভারত বিভিন্ন সময়ে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি, ১৯৭২ সালের সিমলা চুক্তি এবং ১৯৯৯ সালের লাহোর ঘোষণাপত্র ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। যদিও এই প্রচেষ্টা সবসময় সাফল্য পায়নি, তবুও সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা ভারত অব্যাহত রেখেছিল।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সক্রিয় মদত দেয়, যা দুই দেশের সম্পর্ককে এক বিশেষ উচ্চতায় নিয়ে যায়। স্বাধীনতার পর ভারত বাংলাদেশকে দ্রুত স্বীকৃতি দেয় এবং পুনর্গঠনে সহায়তা করে। পরবর্তীকালে গঙ্গা জলচুক্তি (১৯৯৬), বাণিজ্য বৃদ্ধি, সীমান্ত সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়।

নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে সহযোগিতা

নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ। এই দুই দেশের সঙ্গে ভারত বাণিজ্য, জলবিদ্যুৎ, শিক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করে। ভুটানের সঙ্গে বিশেষ চুক্তির মাধ্যমে ভারত তার প্রতিরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে।

১৯৮৫ সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক (SAARC) প্রতিষ্ঠা ভারতের গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। সেই সংস্থার মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে যৌথ উদ্যোগ নেয়। বিভিন্ন রাজনৈতিক কারণে সার্ক সবসময় প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি, তবুও আঞ্চলিক সংলাপের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে কাজ করেছে।

১৯৯০-এর দশকে ভারতের স্বল্প সময়ের প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল ‘গুজরাল নীতি’ (Gujral Doctrine) প্রণয়ন করেন। সেই নীতির মাধ্যমে ভারত ছোট প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি উদারতা ও প্রতিদানের প্রত্যাশাহীন সহযোগিতার মনোভাব গ্রহণ করে। তার ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিশ্বাস ও সৌহার্দ্য বৃদ্ধি পায়।

আরো পড়ুন প্রতিবেশী দেশগুলোতে ভারতবিরোধী গণরোষ অহেতুক নয়

কিন্তু ২০১৪ সালের পর মোদীর ফ্যাসিবাদী উত্থান সবকিছু পালটে দেয়। ভারত প্রতিবেশীদের সঙ্গে যে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছিল, তা ধূলিসাৎ হয়ে যায়। দেশে দেশে ভারতবিরোধী মনোভাব তীব্র হয়ে ওঠে। ভারত সরকারের পক্ষ থেকেও ইচ্ছাকৃতভাবে, বিজেপির সংকীর্ণ স্বার্থে, এই সম্পর্কগুলো নষ্ট করা হয়। ‘মেরে ফেলব, কেটে ফেলব, ঘরে ঢুকে মারব’ – এই ধরনের আস্ফালনে আকাশ বাতাস মুখরিত করে তুলে একটার পর একটা নির্বাচনে জেতার চেষ্টার মধ্যে দিয়ে ভারতের বিদেশনীতির যে স্থায়ী ক্ষতি বিজেপি করেছে, তার তুলনা নেই।

কিন্তু কোনো রাষ্ট্রই এইভাবে বেশিদিন চলতে পারে না। অ্যাডলফ হিটলারের জার্মানিও পারেনি। সমস্ত ফ্রন্টে একের পর এক শত্রু বাড়াতে বাড়াতে অবশেষে তাকেও সমূলে ধ্বংস হতে হয়েছিল। বিজেপি তথা সংঘও নিজেদের ক্রমশ বন্ধুহীন করে তুলছে। তারা ভাবছে, গায়ের জোরে আর হিন্দুত্বের জোরে বোধহয় চিরকাল এই দেশ শাসন করবে। ওদিকে আন্তর্জাতিক স্তরেও এমন গাড্ডায় গিয়ে পড়ছে যে আন্তর্জাতিক বৈঠক হয় গোপনে করতে হচ্ছে, নয় বিরোধীদের তীব্র আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। এমনটা হচ্ছে নিজেদের নীতির কারণেই।

এখনো যদি তারা রাস্তা না বদলায়, তাহলে ওই স্বখাতসলিলে ডুবে মরা ছাড়া গতি থাকবে না। অবশ্য ফ্যাসিবাদের প্রায় একশো বছরের ইতিহাস বলছেন ফ্যাসিবাদীরা শিক্ষা গ্রহণ করতে অপারগ।

মতামত ব্যক্তিগত

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.