হপ্তা দুয়েক পরে ৭ অক্টোবর – গাজা সীমান্তবর্তী ইজরায়েলে হামাসের আচমকা হামলা, তথা গাজার উপর একতরফা ইজরায়েলি আক্রমণের সূত্রপাতের দ্বিতীয় বর্ষপূর্তি। এই দুবছরের একটানা হত্যাযজ্ঞের পরেও গাজার প্যালেস্তিনীয় বাসিন্দাদের শেষ করতে পারেনি ইজরায়েল। শিশু, নারী – কাউকেই বাদ না রেখে গণহত্যা, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রাতের অন্ধকারে আক্রমণ, ত্রাণের জন্যে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষের উপর গুলিবর্ষণ, একের পর এক হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া – এতরকম দমনপীড়নের পরেও গাজার মানুষের বেঁচে থাকার লড়াই অব্যাহত।

গুলি, বোমার চেয়েও ভয়ানক যে অস্ত্রে গাজাবাসীকে পদানত করতে চেয়েছে ইজরায়েল – তা হল ক্ষুধা। কেবল স্বীকৃত পরিসংখ্যান মতেই, বর্তমানে গাজায় চরম দুর্ভিক্ষের কবলে রয়েছেন ২১ লক্ষ মানুষ। দুর্ভিক্ষপীড়িত শিশু, বৃদ্ধ এবং গর্ভবতী মহিলারা হাসপাতাল ভরিয়ে ফেলছেন।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

জরুরি পণ্য আটকে দেওয়ার পাশাপাশি গাজার চিকিৎসা ও উদ্ধারকার্যের পরিকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। মারা পড়েছেন চিকিৎসা কর্মী থেকে শুরু করে সম্মিলিত জাতিপুঞ্জ, রেড ক্রস, রেড ক্রেসেন্ট সহ বহু সংস্থার সেবাকর্মী। গত দুবছরে ৬৫ হাজারের কাছাকাছি মানুষ মৃত, আহত হয়েছেন ১,৫১,০০০-এর বেশি। গাজার শিশুদের কাফন মোড়া ছোট্ট ছোট্ট দেহ, রক্তাক্ত মুখ, ভাষাহীন ভীত বিহ্বল চাহনির অসংখ্য ছবির সামনে দাঁড়িয়েও পশ্চিমি বিশ্ব দিনের পর দিন সমর্থন করে গেছে আত্মরক্ষার নামে ইজরায়েলের গণহত্যাকে।

২০২৩ সালে যুদ্ধ শুরুর দু-তিন মাস পর থেকেই গাজায় খাবার, ওষুধ ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন আটকাতে শুরু করে ইজরায়েল। ইজরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের তরফে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এক সমীক্ষা করা হয়। তা থেকে দেখা যাচ্ছে, ইজরায়েলের দুই তৃতীয়াংশের বেশি মানুষ গাজায় মানবিক সাহায্য পাঠানোর বিপক্ষে ছিলেন। ২০২৪ সালের অক্টোবরে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্বাস্তু সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) ইজরায়েলের মাটিতে নিষিদ্ধ করা হয়। এর আগেই ওই সংস্থার প্রতি সমস্ত আর্থিক সাহায্য বন্ধ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইজরায়েল ও আমেরিকা যৌথভাবে তৈরি করে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। মার্চ মাস থেকে গাজায় অন্যান্য সমস্ত ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এবং ২০২৫ সালের মে মাস থেকে এই নতুন সংগঠন গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্র চালাতে শুরু করে। জাতিপুঞ্জের প্রায় ৪০০টি বিতরণ কেন্দ্র বাতিল করে তারা নিজেদের বিতরণ কেন্দ্র খোলে এবং এই সেগুলি হয়ে ওঠে গণহত্যার নতুন অস্ত্র।

জুন মাসে একদিনে ১২০ জনকে হত্যা করে ইজরায়েলি বাহিনি, যার বেশিরভাগই কোনো না কোনো ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছাকাছি। রেডক্রসের ফিল্ড হসপিটাল জানাচ্ছে, এই নতুন কেন্দ্রগুলি তৈরি করার কয়েক মাস পর থেকেই যে বিপুলসংখ্যক অস্ত্রাঘাতে আহত মানুষের চিকিৎসা তাঁদের করতে হয়েছে, তা ছাপিয়ে গিয়েছে ২০২৪ সালে এই ধরনের চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যাকে।

গাজার পরিকাঠামোকে ইজরায়েল যেভাবে ধরে ধরে ধ্বংস করেছে, তাতে খাদ্য, পানীয়, ওষুধ সবকিছুরই নিরাপত্তা নষ্ট হয়েছে বহু আগেই। গাজার খাদ্যসংকট চরমে পৌঁছয় চলতি বছরের জুন মাস থেকে। অগাস্ট মাসে আন্তর্জাতিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়। অনেকের আশঙ্কা, চলতি মাসের শেষে গাজার এক তৃতীয়াংশ মানুষ মারাত্মক দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবেন। গাজার শিশুদের মৃত্যুমিছিল যথেষ্ট ছিল না, যথেষ্ট ছিল না তাদের ভীত দিশেহারা মুখের ছবি। এখন সোশাল মিডিয়া জুড়ে তাদের কঙ্কালসার দেহের ছবি যথেষ্ট হবে কি?

ইতিমধ্যে ইজরায়েল শুরু করেছে গাজা নগরী (‘গাজা সিটি’) নির্মাণের পরিকল্পনা, যা হবে ইজরায়েলের অংশ। ওয়েস্ট ব্যাংকের বিস্তীর্ণ অঞ্চলে ইজরায়েলি বসতির বিস্তার ঘটিয়ে চলেছে তারা। গাজার দুৰ্ভিক্ষকে অস্বীকার করেছে তো বটেই। উলটে অভিযোগ করেছে, হামাসই নাকি ত্রাণসামগ্রী লুঠপাট করেছে। যদিও ইজরায়েলি সেনাবাহিনি সূত্রে তেমন কোনো খবর পাওয়া যায়নি। বরং সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ত্রাণ আটকাতে ইজরায়েলের সাধারণ মানুষ, এমনকি শিশুদের পর্যন্ত ব্যবহার করা হচ্ছে।

ইজরায়েলের চূড়ান্ত বিধ্বংসী যুদ্ধনীতির প্রতিবাদে, বিশেষত গাজায় দুর্ভিক্ষ শুরু হওয়ার পর থেকে, বিভিন্ন দেশের শান্তিকামী মানুষ আরও সচেষ্ট হয়েছেন নিজ নিজ সরকারের উপর চাপ বাড়াতে। ইতিমধ্যে স্পেন জানিয়েছে যে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইজরায়েল খেললে তারা খেলবে না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ফিফা যেভাবে ২০২২ সালের বিশ্বকাপে রাশিয়াকে নিষিদ্ধ করেছিল, সেই একই বিধান ইজরায়েলেরও প্রাপ্য।

গত রবিবার, ২১ সেপ্টেম্বর, প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটিশ যুক্তরাজ্য এবং পর্তুগাল। পরের দিন, ২২ সেপ্টেম্বর, নিউ ইয়র্কে জাতিপুঞ্জের সাধারণ সভা আয়োজিত দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনের মঞ্চে একই পথে হেঁটেছে ফ্রান্স, বেলজিয়াম, অ্যান্ডোরা, লুক্সেমবুর্গ, মাল্টা এবং মোনাকো। উল্লেখ্য, এই দেশগুলির প্রত্যেকটিই কিন্তু দ্বি-রাষ্ট্র সমাধানের কাঠামোর মধ্যে স্বাধীন প্যালেস্তাইনকে স্বীকৃতি দিয়েছে এবং স্পষ্ট করে জানিয়েছে যে স্বাধীন প্যালেস্তাইন সরকারে হামাসের উপস্থিতি থাকা চলবে না। বেলজিয়াম, ফ্রান্স আরও যোগ করেছে যে হামাসের হাতে বন্দি সমস্ত ইজরায়েলি নাগরিকের মুক্তির আগে এই স্বীকৃতির আইনি প্রয়োগ – যেমন প্যালেস্তাইনের মাটিতে বিদেশি দূতাবাস নির্মাণ বা দুই দেশের সরকারের মধ্যে কোনো চুক্তি সম্ভব নয়। বন্দিমুক্তি এবং হামাসের নিরস্ত্রীকরণের শর্ত পূরণ হলে ডেনমার্ক, নেদারল্যান্ডসও প্যালেস্তাইনকে স্বীকৃতি দিতে প্রস্তুত বলে জানিয়েছে।

প্যালেস্তাইনের রাষ্ট্রপতি তথা, প্যালেস্তিনিয়ান অথরিটির প্রধান মাহমুদ আব্বাস এই সম্মেলনের মঞ্চ থেকে হামাস ও অন্যান্য সশস্ত্র সংগঠনগুলিকে অস্ত্র সমর্পণের ডাক দিয়েছেন। স্বীকৃতি প্রদানকারী রাষ্ট্রগুলিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ভবিষ্যৎ সরকারে হামাসের অংশীদারিত্ব থাকবে না। ‘আমরা একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র চাই যেখানে এক আইন এবং একটি আইনসম্মত নিরাপত্তাবাহিনী থাকবে, অস্ত্রের প্রয়োজন থাকবে না।’ তিনমাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সংবিধান প্রস্তুত করে নতুন প্যালেস্তাইন রাষ্ট্রের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথাও তিনি বলেন।

আরো পড়ুন রমজান মাসে ইফতার নয়, দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড়িয়ে গাজা

অনেকগুলি দেশ একসঙ্গে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলে সেই স্বীকৃতির রাজনৈতিক ওজন বেশি হয়। এই কারণেই, বছরখানেক আগে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড একযোগে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিয়েছিল। অতীতে ক্যারিবিয়ান দেশগুলিও একত্রে তাদের স্বীকৃতি জানিয়েছিল। জাতিপুঞ্জের সাধারণ পরিষদের সাম্প্রতিক সম্মেলনের উদ্যোক্তা ছিল ফ্রান্স ও সৌদি আরব। ওয়েস্ট ব্যাংকে ইজরায়েলি আগ্রাসন এবং গাজাকে ইজরায়েলের অংশে পরিণত করার পরিকল্পনার নিরিখে দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে পড়ছে দেখেই এই সম্মেলনের উদ্যোগ নেওয়া হয় বলে জানান ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রঁ।

প্রথম জি-৭ দেশ হিসাবে প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্র কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যদিও বলেন ‘স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সমস্ত শর্ত পূরণ হওয়া অবধি অপেক্ষা করার অর্থ দ্বি-রাষ্ট্র সমাধানের ধারণাকে তাকের উপর তুলে রাখা, কেন না ইজরায়েলের সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে প্যালেস্তাইন রাষ্ট্র কোনোভাবেই হবে না।’

তাঁর এই কথায় সিলমোহর লাগিয়ে নেতানিয়াহুর মন্তব্য ‘৭ অক্টোবরের ভয়াবহ হত্যাকাণ্ডের পরেও প্যালেস্তাইনকে যাঁরা স্বীকৃতি দিচ্ছেন, সেইসব রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা: আপনারা সন্ত্রাসকে পুরস্কৃত করলেন।’ তিনি গর্বের সঙ্গে জানান যে ওয়েস্ট ব্যাংকে ইজরায়েলি বসতি ইতিমধ্যে দ্বিগুণ হয়েছে এবং সেই আগ্রাসন চালিয়ে যেতেই তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ। গাজা প্রসঙ্গে বহির্বিশ্বের নাক-গলানো তাঁরা মেনে নেবেন না জানিয়ে তিনি আরও হুমকি দেন ‘আমাদের দেশের মাঝখানে জোর করে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্রকে চাপিয়ে দেওয়ার এই চেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে গিয়ে দেব। অপেক্ষায় থাকুন।’

জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে রাশিয়া ও চীন প্যালেস্তাইনকে স্বীকৃতি দিয়েছিল ১৯৮৮ সালেই। এখন ব্রিটিশ যুক্তরাজ্য ও ফ্রান্সের স্বীকৃতির পর বাকি রইলো শুধু মার্কিন যুক্তরাষ্ট্র – ইজরায়েলের গলায় গলায় বন্ধু। অন্যদিকে জি-৭ দেশগুলির মধ্যে কানাডা, ব্রিটিশ যুক্তরাজ্য, ফ্রান্স ছাড়া রয়েছে ইতালি, জাপান, জার্মানি ও যুক্তরাষ্ট্র। জাপান, ইতালি ও জার্মানির বিদেশমন্ত্রীরা দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি পরোক্ষ সমর্থন জানালেও স্বাধীন রাষ্ট্র হিসাবে প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চুপ। বিশেষত জার্মানিতে দক্ষিণপন্থী সরকার ও দক্ষিণপন্থী রাজনীতির ক্রমবিস্তারের নিরিখে তার কাছ থেকে খুব কিছু এখনই আশা করার নেই বলে মনে হয়।

তবে ইতালিতে দক্ষিণপন্থী সরকার থাকলেও ২২ সেপ্টেম্বর প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ধর্মঘট করে পথে নেমে ইতালির ৮০টি শহরের রাস্তাঘাট অচল করে দিয়েছিলেন হাজার হাজার শ্রমিক। রোম থেকে ভেনিস, মিলান থেকে তোরিনো – বিভিন্ন শ্রমিক সংগঠনের পতাকা, লাল পতাকা এবং ইজরায়েলের পতাকা নিয়ে রেলস্টেশন বা শহরের মূল চত্বর ভরিয়ে ফেলেন শ্রমিকরা – মজুরি বৃদ্ধি বা অন্য কোনো দাবি নয় – শুধুই প্যালেস্তাইনের স্বীকৃতির দাবিতে।

পশ্চিমি বিশ্বে গাজার মানবিক সংকট নিয়ে আন্দোলন তীব্র হয়ে উঠলেও গাজার মাটিতে খুব হেরফের হচ্ছে না। একদিকে ইজরায়েল উত্তরোত্তর অনমনীয় হয়ে চলেছে। অপরদিকে হামাস, স্বাভাবিকভাবেই, জাতিপুঞ্জ সহ আন্তর্জাতিক নেতৃত্বের কাছে ইজরায়েলের সঙ্গে যাবতীয় বোঝাপড়া, সহযোগিতা বন্ধ করে ইজরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং ইজরায়েলের নেতৃত্বকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করার আহ্বান জানিয়েছে।

এই টানাপোড়েনের মাঝে কয়েকটি রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি প্যালেস্তাইনের মানুষের পাশে দাঁড়ানোর একরকম বার্তা দিলেও, তাতে তাঁদের বর্তমান অবস্থা থেকে আশু মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। ইজরায়েল যেখানে বিশ্বাসই করে না যে দুটি রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব, সেখানে হামাসও ইজরায়েলের পাশাপাশি প্যালেস্তাইনের স্বাধীন অস্তিত্বের আশ্বাসে ভরসা রাখবে – এমন আশা ক্ষীণ। তদুপরি, স্বীকৃতি প্রদানকারী প্রতিটি দেশই যেখানে হামাসকে নির্মূল করার কথা বলেছে, সেখানে শেষ রক্তবিন্দু না দেওয়া পর্যন্ত তারা কোনো সমঝোতায় আসবে – এ যুক্তি দেওয়ারও মানে হ্য় না। সহজ কথায়, আমেরিকা যতদিন ইজরায়েলের পাশে থাকবে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও সমস্ত আন্তর্জাতিক মঞ্চে ইজরায়েলকে যতদিন না সম্পূর্ণ বয়কট করা যাবে, ততদিন বাদবাকি রাষ্ট্রের সম্মতি স্বাধীন প্যালেস্তাইনের স্বপ্নকে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে না।

মতামত ব্যক্তিগত

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.