বঙ্গ রাজনীতিতে উত্তরবঙ্গ বিজেপির গড় হিসাবে পরিচিতি পেয়েছিল গত লোকসভা নির্বাচনের সময়ে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে চমৎকার ফল করেছিল বিজেপি। কিন্তু তারপর থেকেই সংগঠন মজবুত করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে তারা। তবে লোকসভা নির্বাচনের আছে কিছু নিজস্ব অঙ্ক। উত্তরবঙ্গে তৃণমূল ও বিজেপি ছাড়াও চারটি আসনে প্রবল উপস্থিতি রয়েছে কংগ্রেসের। তাই উত্তরবঙ্গের লড়াই রীতিমত চিত্তাকর্ষক হতে চলেছে।
একদম প্রথমেই আসা যাক কোচবিহার আসনটির প্রসঙ্গে। গত কয়েকদিনে নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহর সংঘাতকে কেন্দ্র করে বারবার শিরোনামে উঠে এসেছে কোচবিহার। রাজ্যবাসী বিস্ফারিত চোখে দেখেছে নিশীথ এবং উদয়ন প্রকাশ্য রাজপথে হাতাহাতি করছেন। একজন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী। অন্যজন প্রবীণ বিধায়ক এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য। বাঙালির এমনই দুর্ভাগ্য, যে কমল গুহর মত প্রবাদপ্রতিম রাজনৈতিক নেতার কর্মক্ষেত্রে এসব দৃশ্য দেখতে হচ্ছে।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
কোচবিহার আসনে ২০১৯ সালের নির্বাচনে বিজেপি জয়ী হয়। নির্বাচনের কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে নিশীথ টিকিট পান এবং সফল হন। এবারেও বিজেপির প্রার্থী নিশীথই। বিপক্ষে তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া। এই আসনে জোট হয়নি। বাম, কংগ্রেস দুপক্ষই প্রার্থী দিয়েছে। ফরোয়ার্ড ব্লকের প্রার্থী নীতীশ চন্দ্র রায়। কংগ্রেসও প্রিয়া রায়চৌধুরীকে টিকিট দিয়েছে। তবে তাদের শক্তি তলানিতে। মূল লড়াই বিজেপি বনাম তৃণমূলের।
নিশীথ নিঃসন্দেহে শক্তিশালী প্রার্থী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ। কোচবিহারের সর্বত্র তাঁর নিজস্ব সংগঠন রয়েছে। তবে দাপুটে নেতা হিসাবে পরিচিত নিশীথের এবারের লড়াই খুব সহজ নয়। কারণ সিতাইয়ের বিধায়ক জগদীশেরও তৃণমূল স্তর পর্যন্ত যোগাযোগ। তার সঙ্গে যুক্ত হবে উদয়ন গুহর মত গুরুত্বপূর্ণ নেতার সংগঠন এবং শাসক দল তৃণমূলের সাংগঠনিক শক্তি। এই আসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজবংশী ভোট। অনন্ত মহারাজ কতখানি সক্রিয় হবেন তার উপর অনেকখানি নির্ভর করবে বিজেপির ভোট ভাগ্য।
চা বাগান অধ্যুষিত আলিপুরদুয়ার লোকসভা একসময় ছিল বামপন্থী দল আরএসপির দুর্ভেদ্য ঘাঁটি। ননী ভট্টাচার্যের মত কিংবদন্তি নেতারা কাজ করতেন এই এলাকায়। এখন সেসব অতীত। বাম আমলের শেষ দিকে আদিবাসী বিকাশ পরিষদের শক্ত সংগঠন ছিল এখানে। তার অধিকাংশই এখন গেরুয়া শিবিরে। আলিপুরদুয়ারে আরএসএসের কাজ দীর্ঘদিনের। গত কয়েকবছর ধরেই এই এলাকা বিজেপির শক্ত ঘাঁটি। গত লোকসভা নির্বাচনে বিজেপির জন বার্লা জিতেছিলেন। এবার প্রার্থী বদল করেছে বিজেপি। পদ্মফুল চিহ্নে লড়াই করছেন বিধায়ক মনোজ টিগগা। তৃণমূলের প্রার্থী প্রকাশ চিক বড়াইক। স্থানীয় রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী নেতা তিনি। তবে এই আসনে মনোজের লড়াই তুলনামূলকভাবে সহজ। প্রার্থী না হতে পেরে প্রথমে ক্ষোভ প্রকাশ করেছিলেন বার্লার অনুগামীরা। বার্লা নিজেও অভিমানী হয়েছিলেন। তবে বিজেপির শীর্ষ নেতৃত্ব শেষ পর্যন্ত বরফ গলাতে পেরেছে। এই আসনে আরএসপির মিলি ওরাওঁ লড়ছেন। যদি বামপন্থীদের শক্তি খুব উল্লেখযোগ্য নয়।
জলপাইগুড়িতে গত নির্বাচনের জয়ী প্রার্থী, বিশিষ্ট চিকিৎসক জয়ন্ত কুমার রায়কেই আবার টিকিট দিয়েছে বিজেপি। তৃণমূল প্রার্থী করেছে নির্মলচন্দ্র রায়কে। সিপিএমের তরুণ প্রার্থী দেবরাজ বর্মনও ময়দানে আছেন। জয়ন্তবাবু চিকিৎসক হিসাবে পরিচিত এবং জনপ্রিয়। স্থানীয় পর্যায়ে তাঁর যোগাযোগও নিবিড়। তবে তৃণমূলের প্রার্থীও রীতিমত শক্তিশালী। গত এক-দেড় বছরে সংগঠনও অনেকখানি শক্তিশালী করেছে তৃণমূল। ফলে লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা।
দার্জিলিং আসনে বিজেপি গতবারের জয়ী সাংসদ রাজু বিস্তাকেই ফের টিকিট দিয়েছে। এখানে আলোচনায় ছিল হর্ষবর্ধন স্রিংলার নাম। তিনি ভারত সরকারের প্রাক্তন বিদেশ সচিব। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তাঁকে প্রার্থী করতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয় বিজেপি কর্মীদের সমর্থন ছিল রাজুর দিকেই। একজন ছাড়া বাকি বিজেপি বিধায়করাও রাজুকেই চেয়েছিলেন। বিমল গুরুংও এই নির্বাচনে বিজেপির সঙ্গে।
দার্জিলিং আসনে তৃণমূল গোপাল লামাকে প্রার্থী করেছে। তাদের সঙ্গে আছে অনীত থাপার সমর্থন। এখন পর্যন্ত কংগ্রেস প্রার্থী দেয়নি। তবে হামরো পার্টির অজয় এডওয়ার্ডস এবং বিনয় তামাং কংগ্রেসের সঙ্গে আছেন। তাঁদের মধ্যে কেউ একজন কংগ্রেসের টিকিট পেলে লড়াই নিঃসন্দেহে ত্রিমুখী হবে। সেক্ষেত্রে এই প্রথম পাহাড়ের তিনটি বিধানসভার ভোট তিনভাগ হতে পারে।
গোপাল লামা পাহাড়ের ভূমিপুত্র, রাজু তা নন। তিনি মণিপুরের মানুষ। কিন্তু সংসদীয় ক্ষেত্রে তাঁর যোগাযোগ নিবিড়। সেই কারণেই স্রিংলার বদলে তিনিই টিকিট পেলেন। পাটিগণিতের বিচারে বিজেপির সহজ কেন্দ্র। কিন্তু অনীত থাপা এবং কংগ্রেস বহু হিসাব উল্টে দিতে পারে।
রায়গঞ্জ আসনে ত্রিমুখী লড়াই। ২০১৯ সালে জয়ী হয়েছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী। তৃণমূল প্রার্থীকে ছাড়াও তিনি হারিয়েছিলেন দুই হেভিওয়েট – কংগ্রেসের দীপা দাশমুন্সি এবং সিপিএমের মহম্মদ সেলিমকে। বহুদিনের আরএসএস নেত্রী দেবশ্রীকে এবার কঠিন আসন দক্ষিণ কলকাতায় প্রার্থী করেছে বিজেপি। রায়গঞ্জ আসনে তৃণমূল প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে, যিনি বিজেপি থেকে তৃণমূলে এসেছেন। বিজেপির প্রার্থী অপেক্ষাকৃত লাইটওয়েট – কার্তিক পাল। স্থানীয় নেতা। বাম-কংগ্রেসের জোটের প্রার্থী আলি ইমরান রামজ (ভিক্টর)। জবরদস্ত প্রার্থী। দীর্ঘদিন ওই এলাকায় ফরোয়ার্ড ব্লকের নেতা ছিলেন এবং বিধায়ক। তার সঙ্গে কংগ্রেসের পুরনো সংগঠন। আছেন মোহিত সেনগুপ্তের মত নেতা। এখনো কিছুটা আছে প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রতি আবেগ। এই লোকসভায় মুসলিম ভোট পরিমাণ উল্লেখযোগ্য। বিজেপি এবং তৃণমূল সংখ্যাগুরু প্রার্থী দেওয়ায় বাড়তি সুবিধা পেতে পারেন কংগ্রেসের ভিক্টর।
আরো পড়ুন রাজবংশী ভোটব্যাঙ্ক হাতছাড়া, বিজেপির উদ্বেগ বাড়াল ধূপগুড়ি
বালুরঘাটে লড়বেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। নিঃসন্দেহে ওজনদার প্রার্থী। এই এলাকায় বিজেপির সংগঠনও ভাল। তাঁর বিরুদ্ধে তৃণমূলের শক্তিশালী প্রার্থী বিপ্লব মিত্র। জেলার বহুদিনের নেতা, নিবিড় গণসংযোগ। ফলে সুকান্তের লড়াই এবার বেশ কঠিন। বিপ্লবের কারণেই এই আসনে লড়াই হাড্ডাহাড্ডি। এখানে বামফ্রন্টের প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। তবে বাম, কংগ্রেসের সংগঠন ভোটে জেতার মত নয়।
মালদা উত্তর আসনেও লড়াই ত্রিমুখী। ২০১৯ সালে বিজেপির খগেন মুর্মু জিতেছিলেন। এবারও তিনিই প্রার্থী। খগেনবাবু ছিলেন সিপিএম নেতা ও বিধায়ক। উত্তর মালদার আদিবাসীদের মধ্যে তাঁর এবং বিজেপির জনপ্রিয়তা বিপুল। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়াই করা মৌসম বেনজির নূর এবার টিকিট পাননি। তৃণমূলের হয়ে লড়ছেন প্রাক্তন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস এই আসনে প্রার্থী করেছে মোস্তাক আলমকে। অর্থাৎ এই কেন্দ্রে এবার গণি খান চৌধুরীর পরিবারের কোনো প্রার্থী নেই। আইএসএফ এখানে মহম্মদ সোহেলকে টিকিট দিয়েছে। রায়গঞ্জের মত সংখ্যালঘুপ্রধান এই আসনেও তৃণমূল এবং বিজেপি সংখ্যাগুরু সম্প্রাদায়ের প্রার্থী দেওয়ায় খানিকটা সুবিধা পেতে পারে কংগ্রেস। টিকিট না পেয়ে ক্ষুব্ধ মৌসম। তবে তিনি জানিয়েছেন তৃণমূলের পক্ষেই প্রচার করবেন।
মালদহ দক্ষিণ আসন কংগ্রেসের গড় হিসাবে পরিচিত। আসনটির কিয়দংশ মুর্শিদাবাদ জেলায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। বামেরা তাঁকে সমর্থন করেছিল। এবার এই আসনে কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী। তৃণমূলের প্রার্থী অক্সফোর্ডের গবেষক, রাজনীতিতে নবাগত শাহনওয়াজ আলি রায়হান। অত্যন্ত উচ্চশিক্ষিত, স্থানীয় ছেলে। কিন্তু তাঁর হয়ে তৃণমূলের গোটা সংগঠন নামবে তো? এই আসনে ভীষণ গুরুত্বপূর্ণ কোতোয়ালি। গণি খান সম্পর্কে আবেগে লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়ার মানসিকতাও আছে। যদিও গত বিধানসভা নির্বাচনে নিজেদের দুর্গেই ভরাডুবি হয়েছিল কংগ্রেসের। তৃণমূলের শক্ত সংগঠন শাহনওয়াজের পক্ষে সক্রিয় হলে কংগ্রেসের বিপদ। যদি তা না হয়, তাহলে ঈশাই এগিয়ে। এখানে বিজেপির প্রার্থী শ্রীরূপা চৌধুরী। নিঃসন্দেহে শক্তিশালী প্রার্থী। তিনি ইংলিশবাজারের বিধায়কও। তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে মুসলিম ভোট ভাগ হলে তাঁর লাভ। যে অঙ্কে গত লোকসভা নির্বাচনে উত্তর মালদহে জিতেছিল বিজেপি, সেই অঙ্ক এই আসনেও কাজ করতে পারে।
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







