আগামী রবিবার (২৪ ডিসেম্বর) নাকি ব্রিগেডে আবার একটা জনসভা হবে। তবে এবারের সভা প্রচলিত জনসভার চেয়ে আলাদা ধরনের। সেদিন নাকি এক লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করবেন। পাঠ করাবেন কারা? কয়েকটি নাম না জানা সংগঠন। যেমন অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন ইত্যাদি। শোনা যাচ্ছে, এরা সকলেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের শাখা সংগঠন। দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিও আমন্ত্রিত। শোনা যাচ্ছে তাঁরা নাকি আসবেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও আমন্ত্রিত হয়েছেন, সঙ্গে থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। নিশ্চয়ই আরও অনেক মান্যগণ্য লোককে দেখা যাবে। বোঝাই যাচ্ছে, মাঠ ভরাবেন মূলত বিজেপির কর্মী সমর্থকরা। রাজ্যের বাইরে থেকেও তেমন অনেকে আসবেন শোনা যাচ্ছে। সব মিলিয়ে ধর্মের আড়ালে রাজনীতি-ব্যবসার কটু গন্ধ হাওয়ায় ভাসছে। তার পূর্ণ প্রস্তুতিও চলছে জোরকদমে।
এদিকে তৃণমূলও বুঝেছে, আগামী লোকসভা ভোটের আগে এটা আর কিছুই নয়, ভোট কামানোর গৈরিক ছক। সুতরাং তারাও যথেষ্ট স্নায়ুর চাপে পড়েছে। মমতা ব্যানার্জি বলেছেন তৃণমূলও এসব ব্যাপারে মোটেও পিছিয়ে থাকবে না। তারাও লোকজন জুটিয়ে চণ্ডীপাঠ করাবে। গীতার জবাবে চণ্ডী! যদিও তাতে তৃণমূলের আশঙ্কা দূর হচ্ছে না। গত রবিবার হুগলীর মাহেশের জগন্নাথের মন্দিরে হয়ে গেল গীতাপাঠের আসর। সে আসর জমালেন তৃণমূলের স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের বেশ কিছু ছোট, বড়, মেজ, সেজ নেতা। গীতার মোকাবিলা চণ্ডী দিয়ে আদৌ হবে কিনা তা নিয়ে বোধহয় খুব একটা নিশ্চিত হতে পারেননি তৃণমূল নেতৃত্ব। রাজ্য বামফ্রন্ট এখনো জুতসই জবাব হাতড়ে চলেছে আর তৃণমূল ঘনিষ্ঠ সংস্কৃত বিশেষজ্ঞ মন্তব্য করেছেন, “গীতাপাঠ তো ভাল জিনিস। কিন্তু তা এখনই রাজ্যে করার দরকার কী ছিল?” মোটের উপর শীত পড়তে না পড়তে যাত্রাপালার ঢাক একেবারে চড়াম চড়াম করে বেজে উঠেছে।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে মোটের ওপর ৮০% মানুষই নিজেকে কোনো না কোনো প্রকারে এবং কারণে হিন্দু বলে মনে করে। সুতরাং আরএসএস তার জন্মলগ্ন থেকেই বুঝে নিয়েছিল, এখানে যদি হিন্দুধর্মকে ভিত্তি করে একটা মারমুখী সাম্প্রদায়িক রাজনীতি গড়ে তোলা যায় তাহলে জনসমর্থন অনিবার্য। রাজক্ষমতা পাওয়া এবং তাকে সুরক্ষিত রাখা তাতে খুবই সম্ভব। সুতরাং রাজনৈতিক হিন্দুত্ব গড়ে উঠতে সময় লাগল না। এর একটা ভিত্তি আমাদের দেশের অতীত ইতিহাসের মধ্যেই লুক্কায়িত ছিল। ভারতে ধর্মীয় প্রতিযোগিতা, সংঘাত ও হানাহানির সুদীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাসের প্রতি চোখ বুজে থাকা উদারনৈতিক বুর্জোয়া বুদ্ধিজীবী আর বামপন্থীদের একটা পুরনো রোগ। তা স্বতন্ত্র আলোচনা এবং বিতর্কের বিষয়। বর্তমান প্রবন্ধে তার মধ্যে ঢুকছি না। কিন্তু একথা পরিষ্কার, আরএসএসের মারকাটারি সাম্প্রদায়িক রাজনীতি যেমন সমসাময়িক রাজনীতি থেকে তার পুষ্টি পেয়েছে, তেমনই আমাদের দেশের সুদীর্ঘ ইতিহাস থেকেও পেয়েছে।
‘জাতির জনক’ মহাত্মা গান্ধীকে হত্যা করে কলঙ্কিত না হলে রাজনৈতিক হিন্দুত্ববাদ আরও আগেই ভারতের চালকের আসনে বসতে পারত। এতে কোনো সন্দেহ নেই। জমি প্রস্তুতই ছিল। প্রয়োজন ছিল উপযুক্ত সংগঠনের। সে অভাব যখন মিটল, তখন যা হওয়ার তাই হল। রাজনৈতিক হিন্দুত্বের সাম্প্রদায়িক রাজনীতি ফুলে ফলে পল্লবিত হয়ে দেখা দিল, যা আজ পুঁজির সার্বিক সংকটের যুগে ফ্যাসিবাদের চেহারা নিয়ে দেশের শাসনযন্ত্র দখল করেছে। গত ১০০ বছরের রাজনৈতিক হিন্দুত্বের এই যে যাত্রা, তার কুশীলবরা নিশ্চয়ই বুঝে নিয়েছেন, হিন্দুত্ববাদী রাজনীতিকে যদি জোরের সঙ্গে হাজির করা যায় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই বিরোধীরা কথা খুঁজে পান না। যেহেতু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই হিন্দু, তাই সাহস করে এই রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো বিরোধী রাজনৈতিক নেতাদের পক্ষে খুব একটা সম্ভব হয় না। যেমন ঠিক এই এখন, যখন সবাই এটা বুঝছেন যে, সঙ্ঘ পরিবারের এই গীতাপাঠের আসর বসানোর মধ্যে রাজনৈতিক চাল ছাড়া আর কিছুই নেই, তখনো ঠিক কীভাবে এর বিরোধিতা করা যাবে তা নিয়ে চরম বিভ্রান্তি রয়েছে এবং ফলত, আতঙ্কিত তৃণমূল কংগ্রেস। বামেদের অবস্থা আরও খারাপ। বিজেপি আর তৃণমূল যে আসলে একই – এটা দেখানোর চেষ্টাতেই তাঁদের সব রাজনীতি আটকে। বিজেপিকে ঠেকানো যাবে কী করে, সে ভাবনা তাঁদের নেই।
ভারতীয় রাষ্ট্র ও রাজনীতিতে গীতা চিরকালই এক জটিল ভূমিকা পালন করেছে। এই তথাকথিত ধর্মগ্রন্থ সম্পর্কে যাঁরা সম্যক জানেন, তাঁরা জানেন যে এতে ধর্ম-টর্ম কিছু নেই। যা আছে তা হল পরিষ্কার যুদ্ধঘোষণা। যুদ্ধে প্রবৃত্ত হবার পক্ষে দাঁড় করানো হচ্ছে একটা যুক্তিকাঠামো, অবশ্য যদি তাকে আদৌ যুক্তিকাঠামো বলা যায়। কথাটা একটু ভুল বলা হল। গীতা আসলে একটা উৎকৃষ্ট ধর্মগ্রন্থ। অর্থাৎ ধর্ম বলতে যা প্রচার করা হয় তার কিছুই এখানে নেই, কিন্তু ধর্ম আসলে যা, তা পুরোদস্তুর এতে বিদ্যমান। কারণ, অভিজ্ঞজন জানেন, ধর্ম আর যুদ্ধ একই মুদ্রার এপিঠ ওপিঠ। কারণ উভয়ই রাজনীতির প্রতিশব্দ। অন্তত ভারতবর্ষের প্রেক্ষিতে দেখলে ব্যাপারটা তাই। বিজেপি ঠিকই বলে, ধর্মনিরপেক্ষ রাজনীতি বলে কিছু হয় না, অন্তত ভারতে। এখানে একদিকে চিরকাল ধর্মভিত্তিক রাজনীতি হয়েছে, যা শাসকবর্গের রাজনীতি। অন্যদিকে তাকে বিরোধিতা করে ধর্ম নাকচকারী রাজনীতি হয়েছে, যা শোষিত মানুষের রাজনীতি। দুটোর কোনোটাই ধর্মনিরপেক্ষ নয়।
বিষয়টা বোঝার জন্যে অবশ্য এখানে মাথায় রাখতে হবে, ধর্ম কথাটা কোন অর্থে বলা হচ্ছে। ভারতে ধর্ম কথাটা নানা সময়ে নানা অর্থে ব্যবহার করা হয়েছে। বক্তাবিশেষে কথাটার অর্থও পাল্টেছে। কৃষ্ণ যখন বলেন “আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব”, আর গৌতম বুদ্ধ যখন বলেন “ধর্মদীপ হও”, তখন দুজনে একই কথা বোঝান না। কিন্তু বর্তমানে আমরা ধর্ম কথাটা ব্যবহার করি ইংরিজি ‘রিলিজিয়ন’ অর্থে, অর্থাৎ ঈশ্বরতত্ত্ব। এক সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, অনাদি অনন্ত জগৎ নির্মাতা এবং জগৎ নিয়ন্ত্রণকারী ঈশ্বরকে কেন্দ্র করে বিশ্বাস ও আচার অনুশীলনকেই আমরা আজকাল বলি ধর্ম। এই অর্থে ধর্ম তখনই উদ্ভূত হল, যখন সমাজটা শ্রেণিতে বিভক্ত হল। তার উৎপত্তি ঘটল সামাজিক উদ্বৃত্ত আহরণের পথ হিসাবে, আর যেহেতু সামাজিক উদ্বৃত্তের মুষ্টিমেয় মানুষের ব্যক্তিগত মালিকানায় কেন্দ্রীভূত হবার প্রক্রিয়া হিংসাত্মক ও রক্তাক্ত, সেহেতু ধর্মের পথ চিরকালই রক্তাক্ত। তাই ধর্ম মানেই হল যুদ্ধ।
সামাজিক শ্রমের ফলকে যাঁরাই মুষ্টিমেয় মানুষের ব্যক্তিগত মালিকানায় অর্পণ করতে অস্বীকার করেছেন, তাঁদের তাই খুব স্বাভাবিকভাবেই ধর্মের বিরোধিতা করতে হয়েছে। ঈশ্বরতত্ত্বকে অস্বীকার করতে হয়েছে। উদয় হয়েছে অ-ধর্মের। যখনই অ-ধর্মের বাড়াবাড়ি হয়েছে; বিদ্রোহ, বিপ্লব, নৈরাজ্যে ভারতভূমি প্লাবিত হয়েছে, তখনই আবির্ভাব হয়েছে কৃষ্ণের। অর্থাৎ তখনই প্রয়োজন পড়েছে রাষ্ট্রের কঠিন শাসনকে প্রতিষ্ঠা করার, সংকটাপন্ন এবং অত্যাচারী শাসক যাকে ভাবতে চেয়েছে সুশাসন বলে, জনমানসে প্রতিষ্ঠা করতে চেয়েছে ধর্মরাজ্য বলে। তাই গীতায় কৃষ্ণ ঘোষণা করেন
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্।। ৪/৭
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম্।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।। ৪/৮
অর্থাৎ এই ভারতে যখনই ধর্মের পতন হয়, অধর্মের উত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। সাধু ব্যক্তিদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতিদের বিনাশের জন্য, ধর্ম স্থাপনের উদ্দেশ্যে আমি যুগে যুগে অবতীর্ণ হই।
ধর্মস্থাপন করতে গেলে কী লাগে? যোগ্য শাসক লাগে, যে লৌহমুষ্টিতে ধর্মের শাসন (আজকের কথায় আইনের শাসন অথবা পুঁজির শাসন, যে কোনো একটা কথা বসিয়ে নেওয়া যেতে পারে) প্রতিষ্ঠা করবে। বিলাসব্যসনে মত্ত, সদা আভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত কৌরবদের দ্বারা সে কাজ হচ্ছিল না। সুতরাং যুদ্ধ করতে হবে অর্জুনকে। শাসিতের উপর শাসকের শাসনকে চাপিয়ে দিতে যেমন যুদ্ধ চাই, তেমনই ‘যোগ্য’ শাসককে ক্ষমতায় আনতেও যুদ্ধ চাই। কারণ বিনা যুদ্ধে কেউ সূচ্যগ্র মেদিনীও দিতে প্রস্তুত নয়। আর এই সবটাই, এই সব যুদ্ধই শাসকের চোখে যা ধর্মরাজ্য তা প্রতিষ্ঠার নীল নকশামাত্র। গীতা এই লৌহশাসন প্রতিষ্ঠার ইশতেহার। তার বেশি কিছু নয়।
কিন্তু গীতাকে তো আমরা এই চোখে কখনো দেখিনি। এই যে ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের সময়ে আমাদের বিপ্লবীরা দলে দলে গীতা পড়ে উদ্বুদ্ধ হতেন, তা তাহলে কী বুঝে? এই যে লক্ষ লক্ষ মানুষ ঘরে ঘরে গীতার একটা চটি সংস্করণ হলেও রাখেন, তা-ই বা কী বুঝে? এখানেই প্রচারের মাহাত্ম্য। যা বাস্তব, জনমানসে তাকে উল্টো করে দাঁড় করাও। তাতে সর্বশক্তি নিয়োগ করো, শতমুখে প্রচার করো। বাস্তবটা শাসিতকে দেখাও শাসিতের চোখ দিয়ে নয়, শাসকের চোখ দিয়ে। বলা বাহুল্য, ব্রাহ্মণ্যবাদীরা এতে সফল। দেশের আমজনতা গীতাকে দেখল লোভ, মোহ পরিত্যাগের মহামন্ত্র হিসাবে। দুষ্কৃতি দমনের উদাত্ত আহ্বান হিসাবে। বিপ্লবীরাও দেখল দুষ্টের বিরুদ্ধে অস্ত্রধারণ করার অনুপ্রেরণা হিসাবে। কেউই তলিয়ে দেখল না, ‘দুষ্কৃতি’, ‘দুষ্ট’ বলতে কাদের বোঝানো হয়েছে। ফলে ঘরে ঘরে গীতা জনপ্রিয় হয়ে গেল, পূজ্য হয়ে গেল। ভারতে উত্তরসত্য জমানার ইতিহাস বহু প্রাচীন। বিষয়টা বোঝার স্বার্থে আমাদের আলোচনা আরও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া যাক।
আমরা সকলেই জানি, মহাভারতে গীতার অংশটি হল প্রক্ষিপ্ত অংশ। মানে পরে ঢোকানো হয়েছে। উদ্দেশ্য হল ধর্মের গুণাগুণ প্রচার। ধর্মের শাসন মানে কী? শাসকের লৌহকঠিন শাসন। গীতা একটা বিতর্ক – কৃষ্ণ এবং অর্জুনের। যুদ্ধের প্রারম্ভে দুই সেনাদলের মাঝে দাঁড়িয়ে পাণ্ডবপক্ষের দুই গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে তুমুল তর্ক লেগেছে। তর্কের বিষয় কী? উৎকৃষ্ট শাসন প্রণালী বা তথাকথিত ধর্মরাজ্যের চরিত্র কিন্তু নয়। সে ব্যাপারে অর্জুন এবং কৃষ্ণ একমত। বিতর্ক বেধেছে অর্জনের পথ নিয়ে। অর্জুন একটা ধ্বংসাত্মক যুদ্ধের মধ্যে দিয়ে ধর্মরাজ্য অর্জিত হবে না বলে মনে করছেন। তাঁর মতে, বরং এতে উলটো হবে। ধর্মরাজ্য বিপন্ন হবে। আর কৃষ্ণ মনে করছেন, ক্ষত্রিয় যদি যুদ্ধের মুখোমুখি হয়ে গাণ্ডীব ফেলে দেয়, তাহলেই বরং বর্ণানুযায়ী কর্মদায়িত্ব বিপন্ন হবে। ধর্মরাজ্য প্রশ্নের মুখে পড়বে। কারণ এই ধর্মরাজ্যের গুরুত্বপূর্ণ স্তম্ভ হল বিনা বাধায় সামাজিক উদ্বৃত্তের হাত বদল, ভারতের প্রেক্ষিতে যার নির্দিষ্ট অর্থ হল বর্ণভেদ ব্যবস্থা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে। তবেই তো সামাজিক উদ্বৃত্ত তৈরি করবে যারা, তারা তা পাবে না। যারা তৈরি করবে না, তারাই হবে উদ্বৃত্তের মালিক। শুদ্র উৎপাদন করবে, কিন্তু ভোগ করবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়। বর্ণব্যবস্থার কঠোর প্রয়োগ চাই। সব বর্ণের লোকেরা নিজ নিজ কাজ নিষ্ঠা ভরে করবে। এই হল কৃষ্ণের যুক্তি।
তাহলে অর্জুনের যুক্তি কী? অর্জুন বলতে চাইছেন, আরে বাবা যুদ্ধের ফলে তো বহু ক্ষত্রিয় পুরুষ মারা পড়বে। ফলে আন্তঃবর্ণ বিবাহের ঘটনা বেড়ে যাবে। আন্তঃবর্ণ বিবাহ থাকলে তো আর বর্ণকেন্দ্রিক উদ্বৃত্ত আহরণ সম্ভব নয়। কারণ সমাজ বর্ণসংকরে ছেয়ে যাবে। তাই যুদ্ধ নিয়ে তাঁর সংশয় ব্যক্ত করতে গিয়ে অর্জুন বলছেন
কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনাঃ।
ধর্মে নষ্টে কুলং কৃৎস্নমধর্মোহভিভবত্যুত।। ১/৩৯
অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদ্যুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ।
স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসংকরঃ।। ১/৪০
(অর্জুনবিষাদযোগ)
অর্থাৎ এত লোক মারা গেলে কুলক্ষয় হবে। তাতে স্ত্রীরা বিপথগামী দুশ্চরিত্রা হবে। মানে অজাত কুজাতের বাচ্চা বিয়োবে। সমাজটা বর্ণসংকরে ছেয়ে যাবে। কুলধর্ম সনাতন গভীর সমস্যায় পড়ে যাবে। অর্জুনের মোদ্দা কথা হল এইটে। একাধিক শ্লোক তিনি বলছেন এই নিয়ে। পক্ষান্তরে কৃষ্ণ তাঁকে বহু কথা বলছেন ক্ষাত্রধর্ম নিয়ে। ক্ষত্রিয় যদি ক্ষাত্রধর্ম রক্ষা না করে, তাহলে তো বিষম কাণ্ড হবে। কাল তো অন্যরাও বলবে তারা নিজের কাজ করবে না। তখন? কৃষ্ণ অর্জুনকে লোকনিন্দার ভয় দেখাচ্ছেন, যুদ্ধে জিতলে রাজ্যলাভের লোভ দেখাচ্ছেন আর যুদ্ধে মারা গেলে স্বর্গলাভের লোভ দেখাচ্ছেন। বর্ণভেদ ব্যবস্থা নিয়ে তাঁকে চিন্তা করতে বারণ করছেন। বলছেন, ও নিয়ে চিন্তা কোরো না, ও আমিই সৃষ্টি করেছি, আমিই রক্ষা করব।
চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ।
তস্য কর্তারমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্।। ৪/১৩
আর লোকক্ষয় নিয়ে কী বলছেন? বলছেন তুমি নির্দ্বিধায় মারো। তাতে কিছু হবে না। তুমি আসলে কাউকেই মারতে পারো না। কারণ কাউকেই মারা যায় না। অদ্ভুত কথা, তাই না? এখানে কৃষ্ণ একেবারে মাস্টারের মত চাল দিচ্ছেন। কঠোপনিষদের কথাকে সামান্য বদলে নিয়ে বলছেন,
য এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম্।
উভৌ তৌ ন বিজানীতো নায়ং হন্তি ন হন্যতে।। ২/১৯
ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্ত্বা ভবিতা বা ন ভূয়ঃ।
অজো নিত্য শাশ্বতোহয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে।। ২/২০
অর্থাৎ, এই আত্মা অজেয়, অমর, অক্ষয়। তাই শরীর হত হলেও আত্মা হত হন না। ফলত, কেউ কাউকে হত্যা করতে পারে না। হত্যাকারী যদি মনে করে সে কাউকে হত্যা করছে, আর যে হত হচ্ছে সে যদি মনে করে আমাকে হত্যা করা হচ্ছে, সেক্ষেত্রে দুজনেই জানে না যে, না তো কাউকে হত্যা করা যায়, না তো কেউ হত হয়। সুতরাং? সুতরাং, হে অর্জুন, তুমি যত খুশি হত্যা করতে পারো। বুঝুন! ব্রহ্মবাদ কীভাবে গণহত্যার যুক্তি হিসাবে ব্যবহৃত হয় তা আমরা কৃষ্ণের কাছ থেকে শিখলাম।
এই হল গীতার সারকথা। তাহলে গীতা থেকে মর্মবাণী কী পাওয়া গেল? এক, বর্ণভেদ ব্যবস্থা (অর্থাৎ শ্রেণিভেদ ব্যবস্থা, শ্রেণিসমাজ) অটুট রাখতে হবে। তার জন্যে চাই লৌহদৃঢ় শাসন, যাকে বলা হচ্ছে ধর্মরাজ্য। আর দুই, তা প্রতিষ্ঠা করার জন্য এবং রক্ষা করার জন্য যত ইচ্ছা হিংসা ও হত্যার আশ্রয় নেওয়া যেতে পারে। ব্যাস। এইটুকু বুঝলেই গীতা বোঝা হয়ে যায়। ওতে বাদবাকি আর যা আছে তা হল কলেবরের চোটে আসল কথা লুকিয়ে রাখার কৌশল।
সময়ে সময়ে এই কথা উপলব্ধি করার মানুষ অনেক আছেন। রবার্ট ওপেনহাইমারের কথা তো সবারই মনে আছে। সম্প্রতি একটি ছায়াছবিও তো হয়েছে তাঁকে নিয়ে। নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম আণবিক বোমাটির পরীক্ষামূলক বিস্ফোরণের পর যে কুণ্ডলী পাকিয়ে উঠল আকাশে তা দেখে তিনি বলেন উঠেছিলেন এই গীতারই শ্লোক “কালোহস্মি লোকক্ষয়কৃৎ প্রবৃদ্ধো লোকান্ সমাহর্তুমিহ..” ইত্যাদি। অর্থাৎ আমিই জগৎ সংহারী মহাকাল, লোকসমূহ সংহার করতে প্রবৃত্ত হয়েছি।
ওপেনহাইমারের কথা অনেকেই জানেন। কিন্তু রবীন্দ্রনাথের কথাও আমাদের জানা উচিত। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়। ক্রমশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে। ১৯৩২ সাল। রবীন্দ্রনাথ প্লেনে চড়ে ইরানে গিয়েছিলেন। গিয়েছিলেন ইরাকেও। বাগদাদে ব্রিটিশ বাহিনীর বিমানহানার বিবরণ শুনে স্তম্ভিত হয়ে যান রবীন্দ্রনাথ। তাঁর কাছে এই গণহত্যার কোনো যুক্তিসিদ্ধতা ছিল না। তাঁর বিখ্যাত পারস্যে রচনায় রবীন্দ্রনাথ তাঁর বিমানে চড়ার অভিজ্ঞতার আলোকে খুঁজে পেয়েছিলেন বিমান থেকে নিচে বোম ফেলে নির্বিচারে মানুষ হত্যা করার মনস্তত্ত্ব। তিনি লিখলেন “বায়ুতরী যতই উপরে উঠল ততই ধরণীর সঙ্গে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যোগ সংকীর্ণ হয়ে একটা মাত্র ইন্দ্রিয়ে এসে ঠেকল, দর্শন-ইন্দ্রিয়ে, তাও ঘনিষ্ঠভাবে নয়। নানা সাক্ষ্য মিলিয়ে যে পৃথিবীকে বিচিত্র ও নিশ্চিত করে জেনেছিলুম সে ক্রমে এল ক্ষীণ হয়ে, যা ছিল তিন আয়তনের বাস্তব তা হয়ে এল দুই আয়তনের ছবি। সংহত দেশকালের বিশেষ বিশেষ কাঠামোর মধ্যেই সৃষ্টির বিশেষ বিশেষ রূপ। তার সীমানা যতই অনির্দিষ্ট হতে থাকে, সৃষ্টি ততই চলে বিলীনতার দিকে। সেই বিলয়ের ভূমিকার মধ্যে দেখা গেল পৃথিবীকে, তার সত্তা হল অস্পষ্ট, মনের উপর তার অস্তিত্বের দাবি এল কমে। মনে হল, এমন অবস্থায় আকাশযানের থেকে মানুষ যখন শতঘ্নী বর্ষণ করতে বেরয় তখন সে নির্মমভাবে ভয়ংকর হয়ে উঠতে পারে; যাদের মারে তাদের অপরাধের হিসাববোধ উদ্যত বাহুকে দ্বিধাগ্রস্ত করে না, কেননা, হিসাবের অঙ্কটা অদৃশ্য হয়ে যায়। যে বাস্তবের ‘পরে মানুষের স্বাভাবিক মমতা, সে যখন ঝাপসা হয়ে আসে তখন মমতারও আধার যায় লুপ্ত হয়ে।”
এই অবধি লিখেই হয়ত রবীন্দ্রনাথের মনে পড়ে গিয়েছিল গীতার কথা। রবীন্দ্রনাথ আবাল্য উপনিষদের পরিমণ্ডলে মানুষ। তাঁর লেখায় বহুবার তিনি উপনিষদ থেকে উদ্ধৃতি দিয়েছেন। কিন্তু গীতায় প্রতিফলিত উপনিষদের বাণীর প্রকৃত তাৎপর্য কী, তা তিনি একমাত্র উড়োজাহাজে বসেই হয়ত উপলব্ধি করেছিলেন যুদ্ধের বিভীষিকার মাঝে। তার পরের লাইনেই তাই লেখেন রবীন্দ্রনাথ: “গীতায় প্রচারিত তত্ত্বোপদেশও এই রকমের উড়ো জাহাজ–অর্জুনের কৃপাকাতর মনকে সে এমন দূরলোকে নিয়ে গেল, সেখান থেকে দেখলে মারেই-বা কে, মরেই-বা কে, কেই-বা আপন, কেই-বা পর। বাস্তবকে আবৃত করবার এমন অনেক তত্ত্বনির্মিত উড়ো জাহাজ মানুষের অস্ত্রশালায় আছে, মানুষের সাম্রাজ্যনীতিতে, সমাজনীতিতে, ধর্মনীতিতে।” গীতা এমন এক তত্ত্বনির্মিত উড়োজাহাজ যা মানুষকে বানিয়ে তোলে খুনি, হত্যাকারী। তার প্রতি প্রচণ্ড ঘৃণা বর্ষণ করেন রবীন্দ্রনাথ।
আরো পড়ুন চর্চার অভাবের সুযোগে রবীন্দ্রনাথ আরএসএস হেফাজতে
তা এহেন গীতা এখন লক্ষ কণ্ঠে পাঠ করার পরিকল্পনা নিয়েছে সঙ্ঘ পরিবার। ঠিকই আছে। ফ্যাসিবাদীরা তাদের উপযুক্ত কাজই করেছে। কিন্তু কী করছেন আমাদের বিরোধী নেতারা? তাঁরা কেউ চণ্ডীপাঠ, সঙ্গে গীতাপাঠ করছেন, কেউ বা নীরব। যেন তেমন কিছুই ঘটছে না। অথচ আজই এসবের সামনাসামনি দাঁড়িয়ে নতুন করে শপথ নেওয়ার সময়। নতুন দিনের নতুন শপথ কি রচনা করা যেত না, যা পালটা সমাবেশে লক্ষ কণ্ঠে উচ্চারিত হত? সকল বর্ণ, জাতি, ধর্মের মানুষের এক ঐক্যবদ্ধ ভারতবর্ষ গড়ার শপথ? সংবিধান পাঠ করে সামান্য কিছু মানুষ, কিছু গণসংগঠন হয়ত তা করবেন। কিন্তু বিরোধী রাজনীতি এত দেউলিয়া কেন? এত শূন্যতা নিয়ে কি আদৌ কিছু গড়া যায়?
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







