দুঃখ কিসে যায়, দুঃখ কিসে যায়?
প্রাসাদেতে বন্দী রওয়া বড় দায়।
একবার ত্যজিয়ে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়
তবে রাজা শান্তি পায়।
আজকাল রাজা-রানিদের কেউ প্রাসাদ থেকে নেমে হাওয়া খাওয়ার পরামর্শও দেয় না, দড়ি ধরে টান মেরে খানখান করার আহ্বান তো দূর অস্ত। উল্টে দিগ্বিদিক থেকে রাজতন্ত্রের আধুনিক সংস্করণ উগ্রবাদী রাজনীতির আজ রমরমা। আমরাও শক্তের ভক্ত। তাই সুস্থ আলোচনা করতে দ্বিধাহীন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পিছপা নন – এরকম রাহুলদের আমরা মিনমিনে তকমা দিয়ে হুলধারী বিষাক্ত নেতাদের সামনে প্রণত হই।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
ব্যতিক্রমী সঙ্গীতপ্রতিভা অনুপ ঘোষালের জীবনাবসান নিয়ে লিখতে বসে এসব কথা এড়াতে পারলাম না। ব্যতিক্রমী তো, কিন্তু ব্যতিক্রমটা কিসের? তা নির্দিষ্ট করে বলতে হলে রীতিমত সঙ্গীতবোধ থাকতে হয়, অত গভীরতা আমার নেই। তবে খুব উপর উপর বিচার করলেও, এটুকু লক্ষ না করে উপায় নেই যে অনুপ সঙ্গীতের প্রথাগত শিক্ষার সর্ব্বোচ ডিগ্রিধারী হয়েও যে বাণিজ্যিক সাফল্য পেয়েছিলেন তা খুব সাধারণ ঘটনা নয়। বরং গানবাজনা নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছেন মানেই গানের ব্যাকরণ নিয়ে আজীবন ব্যস্ত থাকেন – এমনটাই সাধারণত দেখা যায়।
তাহলে কি দরাজ, দৃপ্ত কণ্ঠের অবাধ গতিবিধিই অনুপকে এক পৃথক আসনে স্থান দিয়েছে? একদিকে নজরুলগীতির নানা সুরের মারপ্যাঁচ সামলেছেন, অন্যদিকে গুপির গলার মেঠো সারল্য, আবদাল্লার আবেগমথিত “না না, না না মর্জিনা…”, উদাত্ত কণ্ঠের মন খারাপ করিয়ে দেওয়া “ছিল চাঁদ মেঘের পারে” বা “জীবনে যারে তুমি দাওনি মালা…” (যা অনেকেই তাঁর আগে এবং পরে রেকর্ড করেছেন) গেয়েছেন। সাগিনা মাহাতো ছবির “ছোটি সি পঞ্ছী ছোট্ট ঠোঁটে রে”-র সেই অবিস্মরণীয় মিষ্টতা, সামাজিক বার্তার (বা নিছক মজার) সোনা না পেলে বিয়ে না করার অঙ্গীকার, দেশাত্ববোধক “মুক্তির মন্দির সোপানতলে”, নির্মলা মিশ্রর সঙ্গে অতিনাটকীয় এবং মজার “চুপ করে বসে থাকো নড়াচড়া কোরো না, এমন সারথি খুঁজে ভূভারতে পাবে না”, দুষ্টুমিতে ভরা “এক যে আছে কন্যা, তার শ্যামলা শ্যামলা বরণ” তাঁর গায়নক্ষমতার বৈচিত্র্যের পরিচায়ক। আর যা না বললেই নয়, উচ্চারণে বিস্তর খামতি সত্ত্বেও “তুঝসে নারাজ নহি জিন্দগি” বাংলার বাইরের আপামর সঙ্গীতপ্রেমীর মনে তাঁর জায়গা পাকা করেছে।
আরো পড়ুন বার্ধক্যেও কণ্ঠমাধুর্য ধরে রেখেছিলেন নির্মলা মিশ্র
একথা হয়ত অনস্বীকার্য যে সত্যজিৎ রায়ের পরশ না থাকলে আরও অনেক প্রতিভার মত ঘোষাল মশাইকেও আমরা এভাবে পেতাম না। শিশুশিল্পী হিসাবে আকাশবাণীতে পরিচিত অনুপ ঘোষালের সঙ্গীতে হাতেখড়ি খুব ছোটবেলাতেই। তবুও, কে জানে, উনি নজরুলগীতি গায়কের তকমা নিয়েই থেকে যেতেন কিনা!
অবশ্য এ প্রশ্নও তোলা যায়, এমন বহুমুখী সঙ্গীতজ্ঞের সঠিক মূল্যায়ন বা উপযুক্ত ব্যবহার মূলধারার গানবাজনার জগৎ করতে পেরেছে কিনা। বয়সের সঙ্গে সঙ্গে সবই বদলায়। কিন্তু অনুপের লম্বা দম, শ্রোতার কানে এবং রন্ধ্রে রন্ধ্রে অনুরণন তোলা সহজ সুস্পষ্ট উচ্চারণ – সেসব নানা কারণে পরের দিকে আর তাঁর নিজেরই স্থির করা উঁচু মাপকাঠি ছুঁতে পারত না। কিন্তু সেসব চুলচেরা বিশ্লেষণ বিদগ্ধরা করবেন। আমাদের মত সাধারণ শ্রোতার কাছে অনুপ আজও অপরিহার্য।
শেষে কিছুটা ধৃষ্টতা করেই একটা কথা বলি। সিনেমার গানের দুনিয়ায় এমন অনেক গায়ক-অভিনেতা জুটি আমরা পেয়েছি, যাঁদের প্লেব্যাক এত সার্থক হয়েছে যে মুখ আর কণ্ঠ আলাদা করে ভাবাই যায় না। যেমন হেমন্ত মুখোপাধ্যায়-উত্তমকুমার, কিশোরকুমার-রাজেশ খান্না। তপেন চট্টোপাধ্যায় আর অনুপের জুটিকেও কি ওই তালিকায় রাখা উচিত নয়? আরও মজার হল, রবি ঘোষ আর অনুপের জুটি। তাঁদের যুগলবন্দি অন্যরকমের। কিন্তু গুপির গানের মাঝে বাঘার ফুট কাটা বাদ দিলে মাধুর্য অর্ধেক হয়ে যায় না কি? এই লেখার শুরুতে উদ্ধৃত গানে বা “পায়ে পড়ি বাঘমামা” গানে রবির কথা আর অনুপের গান যেভাবে মেলে তা কি রস ঘনীভূত করে না?
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







