ফুল হাতে নিয়ে ভালুকায় দাঁড়িয়ে ছিলেন আশমানি বিবি। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার ক্যারাভ্যান সামনে আসতে ছুড়ে দিয়েছেন ফুল। সেটা ছিল গাঁদা। কিছু দূরে পুখুরিয়ায় রাহুলের হাতে লাল গোলাপের তোড়া তুলে দিয়েছেন গ্রামের মানুষ। হাজার হাজার কণ্ঠে শোনা গিয়েছে রাহুলের নাম, কার্যত জয়ধ্বনি। বুধবার ছিল ভারত জোড়ো ন্যায় যাত্রার পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের দ্বিতীয় পর্যায়। কংগ্রেস নেতা জয়রয়াম রমেশের কথায় “ওয়েস্ট বেঙ্গল পার্ট টু”। এই দ্বিতীয় পর্বের পথে যদিও প্রথম দিন থেকেই কাঁটা বিছানো ছিল। কিন্তু কাঁটা বিছানো রাস্তা থেকেও ফুল কুড়িয়ে এগিয়েছে যাত্রা।
প্রথম পর্যায়ে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ঘুরেছে ন্যায় যাত্রা। যাত্রাপথে একমাত্র রায়গঞ্জ কেন্দ্র ছাড়াও কোথাও উল্লেখযোগ্য শক্তি নেই কংগ্রেসের। তবে দ্বিতীয় পর্যায়ে এই যাত্রা মালদা, মুর্শিদাবাদ, বীরভূম দিয়ে যাবে। যার মধ্যে প্রথম দুটি জেলা লোকসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই জেলায় ভাল ফল করা নিয়ে কংগ্রেস শিবির চরম আশাবাদীও বটে। কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে রাস্তা জুড়ে বিছিয়ে রয়েছে কাঁটা। কাঁটা যেমন সরকারি অসযোগিতা, তেমনই ইন্ডিয়া জোটের আভ্যন্তরীণ দড়ি টানাটানি। রয়েছে সংগঠন নিয়ে দুশ্চিন্তাও।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
সরকারি অসযোগিতার অভিযোগ আবার উঠেছে বুধবার। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অভিযোগ তুলেছেন নিরাপত্তা নিয়েও। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রতুয়া থানার ভালুকায় সেচ দফতরের গেস্ট হাউসে রাহুলের মধ্যাহ্নভোজের অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুমতি দেয়নি রাজ্য সরকার। মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে দেওয়া হয়নি প্রকাশ্য সভা করার অনুমতিও।
এদিন রাহুলের গাড়ির পিছনের কাঁচ ভাঙা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অধীর রতুয়ায় পৌঁছে সাংবাদিকদের বলেছেন, “বুঝে নিন কে ভাঙতে পারে?” আর তারপরেই নিজস্ব ভঙ্গিতে তুলেছেন ন্যায় যাত্রায় অসহযোগিতার অভিযোগ। যদিও কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই ঘটনাকে লঘু করেই দেখতে চেয়েছেন।
গোটা দিনের মধ্যে শুধু ইংলিশবাজারেই ক্যারাভ্যানে বসে সংক্ষিপ্ত সভা করেছেন রাহুল। সেখান থেকে নিশানা করেছেন বিজেপি-আরএসএসকে। কেন ন্যায় যাত্রা? ইংলিশবাজারে রাহুল সাফ বলেছেন, বিজেপি-আরএসএসের লোকেরা দেশজুড়ে ২৪ ঘন্টা ঘৃণা, হিংসা ছড়াচ্ছে। সংবাদমাধ্যমকেও ওরাই নিয়ন্ত্রণ করছে। তাই দেশে ভালবাসার বার্তা ছড়াতেই পথে নামা। আরও বলেছেন, বিভিন্ন রকমের অন্যায় নরেন্দ্র মোদীর সরকার করছে। রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, সুভাষচন্দ্র বসুর উদাহরণ টেনে ঘৃণার ভাবনার বিরুদ্ধে বাংলার মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

আরো পড়ুন মোদী নয় তো কে? উত্তর রাহুল গান্ধী
অন্যদিকে এদিনই মালদায় ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনিক সভা। ইংলিশবাজারের প্রশাসনিক সভা ঘিরে মালদা কার্যত অবরুদ্ধ ছিল, রাস্তা থেকে সিংহভাগ বাস তুলে নেওয়া হয়েছিল। এটাও অন্যতম দুশ্চিন্তা ছিল কংগ্রেসের। সিকন্দপুর, নিয়ামতপুর থেকে রতুয়ায় পৌঁছবেন কী করে – বাস না থাকায় প্রশ্ন ছিল কুতুবুদ্দিন সেখ, ফারুক সেখদের। তাই টুকটুকই ছিল ভরসা। টুকটুক ভাড়া করে আশপাশের গ্রামের মানুষ এসেছিলেন রতুয়া স্টেডিয়ামের মোড়ে।

রাহুলের সফরের সকালেও বাঁকিপুর, শ্যামসুন্দরী, মথুরাপুরে কান পাতলে শোনা গেছে বিজেপির পক্ষ থেকে স্থানীয় মানুষকে ভয় দেখানোর কথা। এই এলাকায় বিজেপির খুল্লমখুল্লা প্রচার, “মোদী হারলে বাংলাদেশের গেট খুলে যাবে”। তৃণমূলের পক্ষ থেকে চলছে পাল্টা প্রচার, যা কিছুটা একই ধরণের। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার পরিষ্কার চেষ্টা। ন্যায় যাত্রায় প্রচারে নামা কংগ্রেস কর্মীদের উত্তর দিতে হয়েছে এই প্রচারেরও। ন্যায় যাত্রা যদিও জবাব দিয়েছে ভালোবাসার বাণীতে।
মালদা জেলার দুটো লোকসভা আসনের মধ্যে মালদা উত্তর আসন বিজেপির দখলে, অন্যদিকে মালদা দক্ষিণ আসন জিতেছিল কংগ্রেস। হাবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, মালদা – এই সাতটি বিধানসভা এলাকায় বিজেপি, কংগ্রেস ও তৃণমূলের উপর চাপ বাড়াচ্ছে। লোকসভা ভোটে কংগ্রেস, বিজেপি আর তৃণমূলের সমানে সমানে টক্কর হলেও এই কেন্দ্র দখল করে বিজেপি।
মালদা দক্ষিণ লোকসভা আসনে ২০১৯ সালে জেতে কংগ্রেস। এই কেন্দ্রেও তিন দলের লড়াই হয়েছিল সমানে সমানে। মানিকচক, ইংলিশবাজার, মোথাবাড়ি সুজাপুর, বৈষ্ণবনগর ছাড়াও মুর্শিদাবাদের ফরাক্কা ও সামসেরগঞ্জ রয়েছে এই লোকসভায়। বিধানসভা ও পঞ্চায়েত ভোটের ফল এবং দুর্বল সংগঠন কংগ্রেসের নেতাদের কপালে ভাঁজ ফেলেছে। রাজনৈতিক মহলের ধারণা, রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ঘিরে সাধারণ মানুষের উৎসাহে কিছুটা কাটবে দুশ্চিন্তার মেঘ। তবে এই যাত্রার ফলে কংগ্রেসের সংগঠন কতটা শক্তিশালী হবে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







