নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে আবার একটা ভয়াবহ রেল দুর্ঘটনা নিয়ে পত্রপত্রিকায় এবং সোশাল মিডিয়ায় চর্চা চলছে স্বাভাবিক কারণেই। রেলের অব্যবস্থার বলি হয়ে গেল দশটি অমূল্য প্রাণ। দমদমের বাসিন্দা ৩৬ বছরের বিশ্বপ্রতাপ মিশ্র শেষপর্যন্ত জীবিত অবস্থায় পৌঁছতে পারলেন না বাড়িতে তাঁর মা, স্ত্রী এবং কিশোর পুত্রের কাছে। এমনই সব মর্মন্তুদ কাহিনীতে ওই দশ সংখ্যাটি সংখ্যামাত্র তো নয়, অতল অশ্রুর মহাকাব্য হয়ে থেকে যাবে। তার সন্ধান পাবে কোন মিডিয়া? ২০২২ সাল পর্যন্ত গত ছয় বছরে ৪৪৯টি দুর্ঘটনা ঘটে গেল ভারতীয় রেলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই দুর্ঘটনাগুলো কি এড়ানো যেত না? প্রাণ বাঁচানো যেত না দুর্ঘটনাগ্রস্ত অভিশপ্ত ট্রেনযাত্রীদের? আসলে রেলের দুর্ঘটনা প্রকৃতপক্ষে রেলব্যবস্থার সামগ্রিক অব্যবস্থা ও ছন্নছাড়া অবস্থার চরম রূপ। দুর্ঘটনা ছাড়াও এই অব্যবস্থার আরও নানা রূপ আছে। নিত্যযাত্রী মাত্রেই তা জানেন, কারণ তাঁরা প্রত্যক্ষ ভুক্তভোগী। অব্যবস্থা যখন চরমে ওঠে, মাত্রাছাড়া হয়ে যায় সবকিছু, তখন ঘটে যায় একেকটা ভয়াবহ দুর্ঘটনা। বিনা দোষে অকালে ঝরে যায় বেশকিছু প্রাণ। ভেসে যায় কত পরিবার। রেলের এক বা একাধিক কর্মচারীর উপর দায় চাপিয়ে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। কারণ তারাই সরকারের প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, কেষ্টবিষ্টু। অথচ প্রকৃত দোষী তারাই। তারাই হত্যাকারী। কারণ দেশের সরকার, রেলমন্ত্রক এবং তার আধিকারিকদের জনবিরোধী দৃষ্টিভঙ্গির মধ্যেই নিহিত রয়েছে এই সামগ্রিক অব্যবস্থার কারণ।

আমার পেশার সূত্রে যেহেতু আমাকে ঘনঘন সারা দেশে রেলযাত্রা করতে হয়, তাই ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করা যাক। গতবছরের ঘটনা। একবার এক জরুরি সভায় আমি আর আমার পার্টির সাধারণ সম্পাদক দিল্লি থেকে হায়দরাবাদ যাচ্ছি। অন্য কোনো ট্রেনে টিকিট না পাওয়ায় আমরা কিছু অতিরিক্ত পয়সা খরচ করে দুরন্ত এক্সপ্রেসের টিকিট কেটেছি। পার্টি অফিস থেকে বেরোবার সময়ে ট্রেনের হাল হকিকত জানার চেষ্টাও আমরা করিনি। দামি টিকিট, দামি ট্রেন। নিশ্চিন্ত মনে স্টেশনে পৌঁছে শুনলাম ট্রেন পাঁচ ঘন্টা দেরিতে ছাড়বে। ঝঞ্ঝাটে পড়া গেল। এখন যদি আবার দুই ঘন্টার পথ পেরিয়ে অফিসে যাই, তাহলে ফিরে আসতেও দুই ঘন্টা লাগবে। মানে চার ঘন্টা এতেই চলে যাবে। ফলত, স্টেশনে বসেই আমরা বই-টই পড়ে সময় কাটানোর উদ্যোগ নিলাম। আমাদের মত অবস্থা অনেকেরই। ওয়েটিং রুমে ভিড়। ঘন্টা তিনেক পরে জানানো হল ট্রেন পাঁচ ঘন্টা নয়, সাত ঘন্টা দেরিতে ছাড়বে। খুব রাগ হল একথা ভেবে, যে এটা আগে জানানো হলে ফিরেই যেতে পারতাম। যাকগে, সাত ঘন্টা পরও ট্রেনের কোনো ঘোষণা নেই। আমরা আর অপেক্ষা না করে নির্ধারিত প্ল্যাটফর্মে চলে গেলাম। গিয়ে দেখি, ট্রেন দাঁড়িয়ে আছে। অনেকেই উঠে বসে আছে। আমরাও উঠে আমাদের নির্ধারিত কামরায় গিয়ে বসলাম। হঠাৎ ঘোষণা হল, এবার ট্রেন ছাড়বে। তার মিনিট দুই-তিনের মধ্যে ট্রেন ছেড়ে দিল। তখনো অনেক পরিবার, বিশেষ করে যাঁদের সঙ্গে বাচ্চা বা বয়স্ক মানুষ আছেন, তাঁরা ওয়েটিং রুম থেকে ওই দুই মিনিটে দুটো চলন্ত সিঁড়ি, একটা সাধারণ সিঁড়ি ডিঙিয়ে নির্ধারিত প্ল্যাটফর্মে আসতেই পারেননি। ট্রেন বেরিয়ে গেল। আমার মালয়ালী সাধারণ সম্পাদক আমায় বললেন, “কমরেড, মালয়ালম ভাষায় দুরন্তম্ শব্দের অর্থ হল বিপর্যয়।” হলও তাই। সাত ঘন্টা দেরিতে ছেড়ে রাস্তায় আরও দুই ঘন্টা দেরি করে মোট নয় ঘন্টা দেরিতে হায়দরাবাদে যখন পৌঁছনো গেল, তখন আমরা বিপর্যস্ত।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

এ অভিজ্ঞতা আমার একবার নয়, বারবার হয়েছে। হয়েই চলেছে। এ অভিজ্ঞতা দূরপাল্লার সমস্ত রেলযাত্রীর। কোনো ট্রেন ঠিক সময়ে চলে না। ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছনো এক বিরল ব্যাপারে পরিণত হয়েছে। কেন? পরিষ্কার ব্যাপার। আমাদের দেশের রেলব্যবস্থার লাগাতার উন্নয়নের জন্যে সরকারের কোনো উদ্যোগ নেই। পর্যাপ্ত বাজেট নেই, পরিকাঠামোর উন্নয়ন নেই, পর্যাপ্ত কর্মী নেই, নিরাপত্তার আধুনিক ব্যবস্থা নেই, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ নেই। কিচ্ছু নেই। সবটাই চলছে যাকে বলে ‘রাম ভরোসে’, অর্থাৎ ‘রামের ভরসায়’। অনেকেই বলেন, ভারত গরীব দেশ, সরকারের পয়সা নেই। সুতরাং অনেক সমস্যা তো থাকবেই। কিন্তু বাস্তবটা ঠিক সেরকম নয়। খেয়াল করলে দেখবেন, এর মধ্যে অনেকগুলো রুটে অনেক দামি ট্রেন ‘বন্দে ভারত’ চালু হয়েছে – ১২ জুন পর্যন্ত ৫১টি রুটে। এরপর এই সংখ্যা হয়ত আরও বেড়েছে। এর পিছনে কিন্তু সরকার লাগাতার পয়সা খরচ করে চলেছে। এর আগে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল কর্পোরেট যাত্রীদের কথা ভেবে। আসলে সবটাই হচ্ছে দৃষ্টিভঙ্গির সমস্যা। ভারতীয় রেলের দৃষ্টিভঙ্গিটাই প্রবলভাবে জনবিরোধী। সব সমস্যার মূলে এটাই।

দেরিতে ট্রেন চলা যদি সমস্যার একটা চেহারা হয়, তাহলে সময় মত ট্রেনের টিকিট না পাওয়া সমস্যার অন্য রূপ। যাঁরাই দূরপাল্লার ট্রেনে নিত্যযাত্রী, তাঁরাই জানেন দেশের কিছু রুটে টিকিট পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। দুর্ভাগ্যজনকভাবে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ রুটই এই টিকিট না পাওয়ার সমস্যায় আচ্ছন্ন। পশ্চিমবঙ্গ থেকে যদি আপনি দক্ষিণ ভারতে যেতে চান, তাহলে চট করে টিকিট পাবেন না। একই অবস্থা পশ্চিমবঙ্গ থেকে দিল্লি, মুম্বাই, গুজরাট প্রভৃতি রুটগুলোতে। দুই মাস আগে কাটলেও অধিকাংশ সময়েই নিশ্চিত টিকিট পাবেন না। প্রায়ই ঝুলে থাকতে হবে ওয়েটিং লিস্টে। শেষ মুহূর্ত পর্যন্ত উৎকণ্ঠা – টিকিট কনফার্মড হবে কি হবে না। অনেকসময়েই দেখবেন শেষ পর্যন্ত হল আরএসি। অর্থাৎ রিজার্ভড এগেন্সট ক্যানসেলেশন। অর্থাৎ আপনি পাবেন শোওয়ার জায়গার অর্ধেক। বাকি অর্ধেকে অন্য এক যাত্রী। ট্রেনে উঠে যদি সিট খালি থাকে, এবং যদি চেকার সাহেব যদি সেটা গোপনে তৃতীয় কোনো ব্যক্তিকে বেচে না দেন, তাহলে আপনি তা পেলেও পেতে পারেন। এই হল গিয়ে অবস্থা। এই অবস্থা যে শুধুমাত্র শীতাতপ নিয়ন্ত্রণবিহীন সাধারণ সংরক্ষিত কোচের ক্ষেত্রে সত্য তা নয়, অনেক বেশি পয়সা দিয়ে টিকিট কেটে শীতাতপনিয়ন্ত্রিত কোচেও আপনাকে একই অবস্থার মুখোমুখি হতে হবে।

কিন্তু কেন এই অবস্থা? ট্রেনে টিকিটের এই হাহাকার কেন? এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে তাকাতে হবে ট্রেনের যাত্রীদের দিকে। পর্যবেক্ষণ করতে হবে তাঁদের। তাঁরা কারা? তাঁরা যাচ্ছেন কোথায় বা কী কাজে, তা জানতে হবে। বাঙালী মধ্যবিত্ত মানুষজন যাঁরা এখনও দেশের অন্য জায়গায়, অন্য রাজ্যে যেতে গেলে মূলত রেল পরিষেবার উপরই নির্ভরশীল, তাঁরা সাধারণত এদিক ওদিক বেড়াতে যান। উচ্চমধ্যবিত্তরা আজকাল বিমানেই যাতায়াত করেন। উচ্চপদস্থ কর্পোরেট চাকুরেদেরও নিয়মিত দেশের বিভিন্ন স্থানে যেতে হয়। তাঁরাও বিমান পরিষেবা ব্যবহার করেন। সুতরাং ঘুরতে বেড়াতে যাওয়া মধ্যবিত্ত মানুষ ছাড়া ট্রেনে অন্য কেউ ওঠেন না। কিন্তু তাঁরা যাত্রীসংখ্যার খুব সামান্য অংশ। খেয়াল করলে দেখবেন, বর্তমানে রেলযাত্রীদের অধিকাংশই কিন্তু প্রবাসী শ্রমিক। আসলে দেশের অর্থনীতির পরিবর্তিত চেহারার সঙ্গে তাল মিলিয়ে দেশের রেলমন্ত্রক চলতে পারছে না বা চলতে চাইছে না। শ্রমিকদের মধ্যে এই বিপুলসংখ্যক প্রবাসী আগে ছিল না। এটা মূলত বিশ্বায়ন পরবর্তী ঘটনা। আমরা তার কারণ এখানে আলোচনা করব না, বা বিষয়টার গভীরেও ঢুকব না। আমরা শুধু এটুকুই বলতে চাইছি, যে দেশের শ্রমিকদের এই যে বিপুলভাবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া-আসা আমরা আজ দেখছি, এই শ্রমিকদের প্রতি দেশের সরকার ন্যূনতম দায়িত্বও পালন করে না। পশ্চিমবঙ্গ থেকে এঁদের যাতায়াত মূলত আমাদের পূর্বকথিত রুটগুলোতেই হয়। পশ্চিমবঙ্গ থেকে দিল্লি, মুম্বাই, সমগ্র দক্ষিণ ভারত, গুজরাট ইত্যাদি রাজ্যে তাঁরা কাজ করতে যান। ফলে এই রুটগুলোতে টিকিটের জন্য সারাবছর হাহাকার থাকে। এদিকে ট্রেন বাড়ছে না, লাইন বাড়ছে না, রেল কর্মচারী বাড়ছে না, বরং হু হু করে রেলের শ্রমিক-কর্মচারী কমানো হয়েছে। শূন্য পদে নিয়োগ হচ্ছে না, কম লোক দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে। আর যাত্রীদের জন্য তোলা থাকছে নরকযন্ত্রণা।

কেমন নরকযন্ত্রণা শুনবেন? ধরুন আপনি কলকাতা থেকে ট্রেনে কেরালা যাবেন। শালিমার স্টেশন থেকে কেরালা যাবার কয়েকটা ট্রেন ছাড়ে। আপনি স্টেশনে পৌঁছে দেখলেন স্টেশনে প্ল্যাটফর্মে থিকথিক করছে সাদা জামা কালো প্যান্ট পরিহিত এক ধরনের টিকিট পরীক্ষকের দল। তাঁদের হাতে রসিদ বই। দলে দলে ছেলেরা কাঁধে বিরাট বিরাট ব্যাগ নিয়ে তাঁদের কাছে যাচ্ছে আর টাকাপয়সা দিয়ে রসিদ কাটছে। এই ছেলেরা সব প্রবাসী শ্রমিক, কেরালা যাবে। কিন্তু ট্রেনের টিকিট নেই। তাহলে উপায়? রেলমন্ত্রক কিন্তু ট্রেনের সংখ্যা বাড়ায়নি। কুড়ি বছর আগে এখান থেকে কেরালা পর্যন্ত যতগুলো ট্রেন চলত, আজও তাই চলে। ফলে রেল এক নতুন ফন্দি বার করেছে। অসংরক্ষিত টিকিট কেটে যাঁরা ট্রেন ধরতে যাচ্ছেন, তাঁদের সংরক্ষণ মূল্য ধার্য করে প্ল্যাটফর্মেই রসিদ ধরিয়ে দিচ্ছে। এই রসিদের মালিক হলে আপনি যে কোনো সংরক্ষিত কামরায় উঠে যেতে পারেন। আপনার কোনো আসন নেই। কিন্তু সংরক্ষিত কামরায় ভ্রমণের অধিকার আছে। ফলে হচ্ছে কি, একেকটা কামরায় যেখানে ৭২ বা ৮০ জনের জন্য বন্দোবস্ত থাকে সেখানে দেড়শো বা দুশো যাত্রী সফর করছেন। এই রসিদের মালিক যাত্রীরা রেলকে পুরো ভাড়াই দিচ্ছেন, ক্ষেত্রবিশেষে এঁদের কাছ থেকে জরিমানাও নেওয়া হচ্ছে। অর্থাৎ এঁরা বেশি পয়সা দিচ্ছেন কিন্তু কোনো পরিষেবা পাচ্ছেন না। প্রায় ৪০ ঘন্টার সফর এঁদের ট্রেনের মেঝেতে বসে করতে হচ্ছে। অন্যদিকে যাঁরা আগে থেকে সংরক্ষিত টিকিট কেটেছেন, তাঁরা না পারছেন নড়তে চড়তে, না পাচ্ছেন বাথরুমে যেতে। পারলেও তা আর ব্যবহারযোগ্য থাকছে না। সব মিলিয়ে সাক্ষাৎ নরক। এইভাবে ট্রেন চলছে। এই ঘটনা শুধু কেরালা রুটেই চলছে এমন নয়, দিল্লি বা মুম্বাই রুটেও চলছে। এ যদি রেলের জনবিরোধী ও অপরাধী মনস্তত্ত্বের নিদর্শন না হয় তাহলে আর কী?

আরো পড়ুন বেসরকারিকরণে বেলাইন ভারতীয় রেল

ভারতীয় রেল শুধু যে জনবিরোধী তাই নয়, তারা প্রবলভাবে শ্রমিকবিরোধীও বটে। ধাপে ধাপে রেলের শ্রমিক-কর্মচারীর সংখ্যা কমানো হয়েছে। কম লোককে দিয়ে মাত্রাতিরিক্ত কাজ করানো হচ্ছে। আজ থেকে প্রায় ১৫ বছর আগে একজন ট্রেনচালকের সঙ্গে কথা হচ্ছিল। কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘শুনুন ভাই, আমার গাড়ি চালিয়ে নিয়ে যাবার কথা ছিল মোগলসরাই পর্যন্ত। ওখানে যাবার পর বলা হল পরবর্তী চালক নেই, আপনাকে কানপুর যেতে হবে। এই তো অবস্থা।’ আজ এই অবস্থা যে আরও সঙ্গীন হয়েছে তা বলাই বাহুল্য। পর্যাপ্ত চালক নেই, রেলের নিরাপত্তার কাজে যুক্ত কর্মচারীর ঘাটতি আছে। বর্তমানে সমস্ত সিগনালিং ব্যবস্থা স্বয়ংক্রিয়। কিন্তু এই সব যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ করা হয় না। ভয়ঙ্কর অবস্থা। তার মধ্যে শুরু হয়েছে ব্যাপক আকারে বেসরকারিকরণ। এমনকি যাত্রী নিরাপত্তার সঙ্গে যুক্ত কাজগুলোকেও চুক্তির ভিত্তিতে বেসরকারি হাতে দেওয়া হচ্ছে। রেলের ক্যাটারিং, খাবার দাবার, ট্রেন পরিষ্কার ইত্যাদি কাজ তো আগেই দেওয়া হয়েছিল। এই সমস্ত ক্ষেত্রে আজ গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠছে, যাতে রেল কর্তৃপক্ষ মোটেই কর্ণপাত করছে না। এ থেকে শেখার ছিল, রেল শেখেনি। উলটে বেসরকারিকরণের গতি ও ব্যাপ্তি বাড়ানো হয়েছে। এ অবস্থায় আরও বহু প্রাণহানি যে রেলে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে উঠবে তাতে আশ্চর্যের কিছু নেই।

ভারতীয় রেলের পত্তন করেছিল ব্রিটিশ শাসকরা। ভারতীয় জনগণের সুবিধার কথা ভেবে নয় অথবা ভারতীয় অর্থনীতির স্বার্থেও নয়। তারা ঔপনিবেশিক স্বার্থেই রেলব্যবস্থা চালু করেছিল। সুতরাং তাদের মানসিকতাই ছিল ভারতীয় জনগণবিরোধী। স্বাধীনতার পরও অন্যান্য বহু ক্ষেত্রের মত রেলব্যবস্থাতেও একই ধারাবাহিকতা চলছে। বাকি সব কিছু তারই পরিণাম।

মতামত ব্যক্তিগত

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.