কদিন আগে একবার হরিয়ানার রোহতকের পথে যাওয়ার প্রয়োজন হয়েছিল। শীতের সকালে দিল্লির সীমা পেরোবার সময়ে মনে পড়ল, বছর তিনেক আগে এমন সময়ে রাস্তার দুপাশে, এমনকি মাঝে – ডিভাইডারের উপরেও – দেখা যেত সারিবদ্ধ কুটির। সেই ছোট ছোট অস্থায়ী কাঠামোগুলোই হয়ে দাঁড়িয়েছিল আন্দোলনকারীদের ঘর সংসার। ওই কুটিরগুলোতেই থাকতেন সংযুক্ত কিষান মোর্চার নেতা-কর্মীরা, কখনো কখনো পরিবার সমেত। একটা খোলা জায়গায় থাকত মঞ্চ, যেখানে প্রায় সারাদিনই চলত বক্তৃতা, স্লোগান বা গ্রাম্য সঙ্গীত। একবছরের বেশি চলেছিল সেই আন্দোলন। সড়ক পথে রাজধানী পৌঁছনো কার্যত প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।
যে তিনটি আইনের প্রতিবাদে উত্তাল হয়েছিল উত্তর ভারত আর কিছুটা মধ্য ভারত, সে আইন তো কবেই বাতিল হয়ে গিয়েছে। তাই তো প্রতিরোধের পাট তুলে দিয়ে যে যার ঘরে ফিরে গেছেন আন্দোলনকারী কৃষকরা। কিন্তু আন্দোলন গোটাবার আগে সরকারের হাতে ধরিয়ে দিয়ে গেছিলেন একটি ফর্দ। সেই ফর্দে ছিল আরও কিছু শর্ত। জানতে ইচ্ছে করল কী হল সেই দাবিদাওয়ার।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
তালিকার আধ ডজন দাবির প্রথমেই ছিল ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের সংশোধন। এই মূল্য, যাকে এমএসপি বলা হয়, সরকারের তরফ থেকে প্রতি বছর ধার্য করা হয় ২৩টি ফসলের জন্য, যাতে কৃষকদের কোনো আর্থিক ক্ষতি না হয়। কিন্তু এই মূল্য শুধুমাত্র সরকার পরিচালিত মান্ডিতেই পাওয়া যাবে আর এই ধরনের পাইকারি বাজার হবে কি হবে না তা রাজ্যের বিচারাধীন। যেমন বিহারে কিন্তু এই ব্যবস্থা নেই। তাই বিহারের অনেক কৃষক তাঁদের ধান, গম নিয়ে প্রত্যেক বছর পাড়ি দেন পাঞ্জাবে। পাঞ্জাব সরকার তাঁদের রুখতে পুলিস মোতায়ন করে। এরকম নানা সমস্যা, নানা নিয়মের প্যাঁচ রয়েছে।
ওদিকে আবার এই ন্যূনতম সমর্থন মূল্য ধার্য করার ক্ষেত্রেও বিভেদ রয়েছে। অর্থাৎ আরও সমস্যা, আরও প্যাঁচ। যেহেতু এই মূল্যের পরিমাণ আইনগতভাবে বাধ্যতামূলক নয়, উপরন্তু রাজ্য এবং ফসলভিত্তিক, তাই দেশের মাত্র ১০ শতাংশের মত কৃষক এর আওতায় পড়েন। তাই আইন সংশোধনের দাবি তোলা হয়েছিল। কিন্তু সব ফসলে সব কৃষককে ন্যূনতম সমর্থন মূল্য দেওয়া আইনগতভাবে বাধ্যতামূলক করা সরকারের পক্ষে অসম্ভব। কারণ তার খরচ বিশাল, কোষাগার খালি হয়ে যেতে পারে। তাই যেভাবে চলছে, চলতে দাও।
প্রতিবাদী কৃষক ইউনিয়নগুলির অবরোধ তোলার সময়কার দাবির ফর্দ দেখে সরকার একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটি বয়কট করে প্রতিবাদের প্রধান মুখ – সংযুক্ত কিষান মোর্চা। তারা বলে যে কমিটিতে কৃষকের সংখ্যা কম রেখে বাড়ানো হয়েছে আমলাদের সংখ্যা। কাজেই তারা ওই কমিটির থেকে ন্যায়বিচার পাওয়ার আশা করে না। কমিটির বেশ কয়েকটি মিটিং হয়েছে বিভিন্ন রাজ্যে। অন্যান্য বিষয়ে মোটমুটি ঐকমত্য বা সকলের পছন্দ হওয়ার মত মাঝের রাস্তা খুঁজে পাওয়া গেলেও ঝুলে আছে এমএসপির মত বিষয়টি।
দিল্লির শীতাতপনিয়ন্ত্রিত আধুনিক বহুতল আবাসে বসে জানা যায় না যে প্রচণ্ড গরমে, ভারি বর্ষায়, হাড় হিম করা শীতে কৃষকরা যেমন খেটেছেন খাদ্যশস্যের জোগান দিতে, তেমনই চালিয়ে গেছেন তাঁদের দাবির জন্যে লড়াই।
এমাসের মাঝামাঝি পাঞ্জাবের জলন্ধরে মোর্চার সর্বভারতীয় কনভেনশন আয়োজিত হয়। সেখানে কৃষকদের উপর ‘কর্পোরেট লুটপাট’ বন্ধ করার সংগ্রাম তীব্র করার এবং ১৬ ফেব্রুয়ারি ভারত জুড়ে গ্রামীণ বনধ ও ব্যাপক বিক্ষোভ পালনের ঘোষণা করা হয়। এই কনভেনশন থেকে কৃষক, শ্রমিক এবং সাধারণ জনগণকে ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে, ট্র্যাক্টর এবং অন্যান্য যানবাহন নিয়ে প্যারেড সফল করার জন্যও আবেদন জানানো হয়।
এখানে বলে রাখা ভাল, মোর্চা জানিয়েছে যে ২৬ জানুয়ারি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুধুমাত্র জেলা পর্যায়ে ট্র্যাক্টর প্যারেডের পরিকল্পনা রয়েছে, রাজধানীতে নয়। প্রায় দুমাস ধরে শান্তিপূর্ণ কৃষক আন্দোলন চলার পর ২০২১ সালের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে মোর্চার একটি ট্র্যাক্টর মিছিল নির্ধারিত পথ থেকে সরে যায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। কিছু আন্দোলনকারী ঢুকে পড়ে লালকেল্লায় এবং জাতীয় পতাকার জায়গায় তুলে দেয় ধার্মিক পতাকা এবং মোর্চার প্রতীক। টেলিভিশনের পর্দায় সেই আক্রমণাত্মক দৃশ্য আন্দোলনের প্রতি সহানুভূতিশীল বহু মানুষকে বিরূপ করেছিল। তিলে তিলে গড়ে তোলা কৃষক আন্দোলন প্রায় ভেঙে পড়েছিল সেদিন। আন্দোলনকে বাঁচিয়েছিলেন রাকেশ টিকায়েতের মত কিছু বিচক্ষণ নেতা। তাই বোধহয় দিল্লির রাস্তায় আর ট্র্যাক্টর না নামানোর সিদ্ধান্ত।
আরো পড়ুন আন্দোলনই সম্প্রীতি রক্ষার গ্যারান্টি, শিখিয়ে দিল কৃষকদের লড়াই
আবার ১৬ ফেব্রুয়ারি এই মোর্চা কিছু ট্রেড ইউনিয়নের সঙ্গে যৌথভাবে সারা ভারত জুড়ে শ্রমিক ও কৃষকদের ব্যাপক সমাবেশের আহ্বান জানিয়েছে। তাতে থাকবে রেল রোকো, রাস্তা রোকো, জেল ভরো, গ্রামীণ বনধ, মিছিল এবং কেন্দ্রীয় সরকারের অফিসের সামনে পিকেটিং কর্মসূচি। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার তাদের দাবিগুলি পূরণ না করা পর্যন্ত সংগ্রাম চলবে। তবে সে দাবির যা ফর্দ, তা সরকারের পক্ষে মেনে নেওয়া দুষ্কর:
- সব ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের পরিমাণ সংশোধন করতে হবে এবং বাধ্যতামূলক করতে হবে
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনিকে বরখাস্ত করতে হবে এবং লখিমপুর খেরিতে ‘কৃষক হত্যার’ দায়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে
- ঋণগ্রস্ততা থেকে মুক্তির জন্য ক্ষুদ্র ও মাঝারি কৃষক পরিবারের সমন্বিত ঋণ মকুব করতে হবে
সরকারি ক্ষেত্রে সমন্বিত শস্য বিমা, শ্রমিকদের জন্য প্রতিমাসে ন্যূনতম মজুরি ২৬,০০০ টাকা, ৪টি (নতুন) শ্রম কোড বাতিল করা - মৌলিক অধিকার হিসাবে কর্মসংস্থানের নিশ্চয়তা
- রেল, প্রতিরক্ষা, বিদ্যুৎ সহ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ চলবে না
- চুক্তির ভিত্তিতে কাজ করানো যাবে না
- নির্দিষ্ট মেয়াদের কর্মসংস্থান বাতিল করতে হবে
- প্রতিবছর মাথাপিছু ২০০ দিন কাজ এবং দৈনিক মজুরি হিসাবে ৬০০ টাকা দিয়ে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পকে শক্তিশালী করতে হবে
- পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনতে হবে
- সবার জন্য পেনশন ও সামাজিক নিরাপত্তা
- ভূমি অধিগ্রহণ আইন ২০১৩ বাস্তবায়িত করা
২০২১ সালের ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার টিকুনিয়া শহরের কাছে বিক্ষোভরত কৃষকদের চারজন গাড়ি চাপা পড়ে মারা যান। অভিযোগ, গাড়িটি স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী টেনির ছেলে আশিসের। ইচ্ছাকৃতভাবেই কৃষকদের চাপা দেওয়া হয়েছিল। আশিসের বিরুদ্ধে পুলিসি মোকদ্দমা চলছে।
মোর্চার দাবিদাওয়া রাজনৈতিক তো বটেই, কিছু দাবি কৃষিক্ষেত্রের বাইরেরও বটে। কিন্তু মোর্চা প্রতিবাদ প্রতিরোধকে আরো ধারালো করার জন্যই শ্রমিক ইউনিয়নগুলির সঙ্গে হাত মিলিয়ে চলতে চায়। অন্যদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কৃষক সংগঠন ভারতীয় কিষান সংঘ, মোর্চাকে রাজনৈতিক উদ্দেশ্যে চালিত বলে অভিযোগ তুলেছে। তারা বলছে আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব, তাই সেটাই চালিয়ে যেতে হবে। দাবিদাওয়া, প্রতিবাদ-প্রতিরোধ, সবই রাজনীতির অঙ্গ। আর যেখানে আলাপচারিতার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না, সেখানে রাজনৈতিকভাবেই এগোতে হবে – এমনটাই মনে করছেন মোর্চার নেতারা।
যে যার মত লড়াই চালিয়ে যাচ্ছেন, আবার মাঠের ফসলও তুলছেন – এই জানা গেল শেষ পর্যন্ত।
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







