বর্ণালী মুখার্জী
কুলবিন্দর কৌরের এত সাহস, যে নতুন সাংসদকে থাপ্পড় মারছে! তাঁর মা যখন কৃষকবিরোধী বিলের বিরুদ্ধে পথে বসে আন্দোলন করছিলেন, তখন কঙ্গনা রানাওয়াত বলেছিলেন ‘মহিলারা ১০০ টাকার বিনিময়ে রাস্তায় বসে পড়েছে।’ মায়ের এই অপমান সহ্য করতে পারেননি। কুলবিন্দর কঙ্গনাকে থাপ্পড় মারার কারণ এভাবেই ব্যাখ্যা করেছেন। কিন্তু প্রশ্ন হল, একজন সিআইএসএফ জওয়ান এত সাহস পেলেন কী করে? জনগণ যে পরিমাণ খুশি, তাতে মনে হচ্ছে এই চড় কুলবিন্দর একা মারেননি। যদিও ভদ্রলোকেরা হয়ত বলবেন, ব্যক্তি আক্রমণ বা ব্যক্তি ঘৃণা অনুচিত।
এই ভীরুতার চাষের ফলেই হয়ত নরেন্দ্র মোদী সম্পূর্ণ পরাজিত হল না।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
দুর্ভাগ্য হল, বহু দলে ছড়িয়ে থাকা মুক্তমনা, বামপন্থী ব্যক্তি এবং গোষ্ঠীগুলোই এই ধরনের ভীরুতায় নেতৃত্ব দিচ্ছে। তারাই যেহেতু সাধারণভাবে বিভিন্ন ঘটনার পক্ষে বিপক্ষে তত্ত্ব তৈরি করে থাকে, সেহেতু এবার এই ভীরুতার পক্ষে তত্ত্ব খাড়া করা হল।
আসুন একটু ব্যাখ্যা করা যাক।
২৪০ পেয়েও বিজেপির ঘরে সুখ, আনন্দ নেই। কিন্তু কেন? আবার জনগণের দিক থেকে বললে, ২৪০ আসন পেয়ে সবে নতুন সরকার গঠন করতে চলেছেন মোদী, অথচ কৌরের মনে ভয় নেই। কেন?
আসলে স্রেফ তিন নম্বর সরকার বানানোই বিজেপির লক্ষ্য ছিল না। ওরা শুধু জিততে চায়নি, ওরা চেয়েছিল ৪০০ পার করতে। অন্তত ৩০০ পার। যে ফল প্রকাশিত হলেই ওদের গুন্ডাবাহিনী রাস্তায় নামবে, নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত দেশে ওরা তাণ্ডব করবে। খুন, রাহাজানি, লুঠ, বিরোধীদের বাড়ি, অফিসে আগুন দেওয়া হবে। তার তিন-চারদিন পরে সেনাবাহিনী রাস্তায় নামবে। তারপর কতদিন সেনাবাহিনী দেশ চালাবে? হয়ত একমাস। কারণ মনোজ পাণ্ডের অবসর একমাসের জন্য পিছিয়ে দিয়েছিলেন মোদী। এদিকে সংসদ ভবন সিআইএসএফের হাতে (যদিও বিজেপি জানত না ওই বাহিনীতেই কুলবিন্দরের মত কেউ কেউ আছেন)।
সব থেকে মজার কথা, নির্দিষ্টভাবে না হলেও তিনশো পার মোদীর যে এরকমই কোনো পরিকল্পনা আছে তার আঁচ জনগণও পেয়েছিল। দাঁত নখ বের হবে তিন নম্বর মোদীর – সেই ভয়ে তারা ভীত ছিল। যদি মোদী ফিরে আসে তাহলে কী হবে? যে মুহূর্তে মোদীর ভয়াবহ পরিকল্পনা ভেস্তে গেল, বিজেপি একটি সাধারণ দক্ষিণপন্থী সংসদীয় গণতান্ত্রিক সরকারের রূপ নিল, অমনি ভোটের আগেই যে ঘৃণা মানুষ পুষে রেখেছিল তা বেরিয়ে আসতে শুরু করছে।
ভোটের আগে জনগণের এই ভয়কে লালনপালন করেছে বামপন্থীরা, যাদের দায়িত্ব ছিল সাহস দেখানো।
মোদীর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়নি বামেরা, ব্যক্তি আক্রমণ ছিল শূন্য। মোদীর বিরুদ্ধে ঢালাও বেসরকারিকরণের অভিযোগ আনা হল, ব্যাঙ্ক থেকে টাকা পাচার নিয়ে কথা বলা হলেও সেই আক্রমণ ছিল নৈর্ব্যক্তিক। মোদী সাম্প্রদায়িক, ব্যাঙ্ক লুঠ করার নীতিতে চলে, মোদী আদানি-আম্বানির বন্ধু (বন্ধু মানে নীতিগত ঐক্য, টাকাপয়সার লেনদেন সেখানে থাকে না) ইত্যাদি। কিন্তু আশ্চর্যের কথা, মমতা ব্যানার্জির বিরুদ্ধে সিপিএমের আক্রমণ কিন্তু নৈব্যক্তিক নয়। ভয়ানক ব্যক্তি আক্রমণ! চুরি। নেতাদের চুরি। অর্থাৎ যাদের সিপিএম হারাতে চেয়েছে তাদের বেলায় এই পদ্ধতি তারা নির্দ্বিধায় গ্রহণ করেছে। অথচ মোদীর বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ তোলা হয়নি। মোদী কি চোর নয়? সংসদীয় গণতন্ত্রে প্রতিটি আঞ্চলিক দলেই চোর আছে, কিন্তু তাদের নয়-ছয়ের পরিমাণ মোদীর তুলনায় এতই কম, যে জনগণ তাদেরই জিতিয়েছেন।
জিএসটির দুই লক্ষ কোটি টাকা, পেট্রোল ডিজেলের উপর বসানো করের টাকা, রিজার্ভ ব্যাঙ্ক থেকে পাঁচ লক্ষ কোটি টাকা, বহু ব্যাঙ্ক তুলে দেওয়ার পর সেখানকার টাকা, কর্পোরেটদের ঋণ মকুব করা টাকা দিয়ে দেশের কী কী মঙ্গল হল? কোথায় সেইসব টাকা লাগানো হল? ঋণমুক্ত বহুজাতিক কোম্পানিগুলো কতগুলো নতুন চাকরি সৃষ্টি করল – এসব হিসাব চায়নি বামেরা। আসলে যে সে টাকা মোদী, শাহ সহ হাতে গোনা আরএসএস লবির কয়েকজন নিজেদের গোপন অ্যাকাউন্টে পাঠিয়েছে, নিজেদের পকেট ভরেছে, মোদী কাটমানি খেয়েছে – এমন অভিযোগ বামপন্থীদের মুখে শোনা যায়নি। মোদী চোর, সে অশিক্ষিত, সে চুরি করে দেশের সম্পদ ফাঁক করেছে – এই আক্রমণ করতে দ্বিধা ছিল সর্বত্র।
আরো পড়ুন গণতান্ত্রিক থেকে সামরিক রাষ্ট্রের পথে এক বছর
হয়ত তাই কুলবিন্দরদের ঘৃণা, ভয়ের আড়ালে ছিল। যে মুহূর্তে বিজেপি আর পাঁচটা দলের মতই একটা দলে রূপান্তরিত হল, অমনি সেই ঘৃণা ফুটে বেরোচ্ছে।
আসলে কিন্তু ফ্যাসিবাদীদের পরাজিত করার বড় হাতিয়ার ব্যক্তি আক্রমণ। কারণ তাদের জেতার একমাত্র হাতিয়ার অতিমানবের পুজো করা। এক্ষেত্রে সেই অতিমানবের নাম নরেন্দ্র মোদী। ফলে তাকে হারাতে হচ্ছে আমাদের, একটা দলকে নয়।
ভোট চলাকালীন অনেকেই আমার বক্তৃতার প্রশংসা করেছেন। আসলে জনগণ যে ‘ব্যক্তি আক্রমণ’ শুনতে চাইছিলেন, সেটুকুই আমি করেছি। সাধারণ পরিস্থিতিতে যে ব্যক্তি আক্রমণ সঙ্গত নয়, সকলেই জানে। কিন্তু এই অসাধারণ ভয়ের পরিবেশ কাটানোর সূচক যে কুলবিন্দর কৌরের মারা এই থাপ্পড় নয়, একথা জোর দিয়ে বলার সাহস কারোর আছে কী?
লেখিকা বামপন্থী রাজনৈতিক কর্মী। মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







