পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার উজ্জ্বল প্রতীক যাদবপুর বিশ্ববিদ্যালয় ইদানীং কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনার লক্ষ্যে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে নির্বাচনী জনসভার মঞ্চ থেকে অভিযোগ করেছেন, ওই বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘রাষ্ট্রবিরোধী স্লোগান’ লেখা হয়েছে, যা নাকি ভারতের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ। এর বিপরীতে রাজ্য সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানটির সংখ্যাগরিষ্ঠ অংশ এই অভিযোগকে বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের উপর আঘাত বলে প্রতিবাদ জানিয়েছে।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
অনন্যা বাজপেয়ী তাঁর রাইটিয়াস রিপাবলিক গ্রন্থের রবীন্দ্রনাথ-বিষয়ক অধ্যায়ে (‘বিরহ: আত্মার আকুলতা’) ব্যাখ্যা করেছেন, রবীন্দ্রনাথের ভাবনায় ভারত কোনোদিন একটি আধুনিক ‘নেশন স্টেট’ বা ভৌগোলিক-সামরিক রাষ্ট্রের ধারণায় ধরা দেয়নি। বরং তিনি ইতিহাসের সঙ্গে আত্মার এক অনির্বচনীয় বিরহমধুর সম্পর্কের মধ্য দিয়ে ভারতকে অনুভব করেছিলেন। তাঁর কাছে ভারতবর্ষ দেশটা এক চিরকালীন আকুলতা, যা রাজনৈতিক ইচ্ছায় সম্পূর্ণরূপে জয় করা যায় না। এই লেখার উদ্দেশ্য অনন্যার রবীন্দ্রপাঠকে কাজে লাগিয়ে যাদবপুর বিতর্কের তাত্ত্বিক ভিত্তিটি পরীক্ষা করা এবং দেখানো যে, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদবিরোধী দর্শন আজকের দেশপ্রেমের একরৈখিক সংজ্ঞার বিরুদ্ধে একটি শক্তিশালী বিকল্প ভাষ্য গড়ে তুলতে পারে।
অনন্যা তাঁর অধ্যয়নে একটি গুরুত্বপূর্ণ পরিহাস তুলে ধরেছেন: আমরা রবীন্দ্রনাথকে ভারতের জাতীয় কবি হিসাবে মেনে নিয়েছি, অথচ তিনি নিজেই ১৯১৭ সালে ‘ন্যাশনালিজম’ নামক বক্তৃতায় দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন ‘আমি কোনো নির্দিষ্ট জাতির বিরোধী নই, বরং জাতি নামক একটি সাধারণ ধারণার বিরোধী।’ কী করে জাতীয় সংগীত রচয়িতা কবি একই সঙ্গে জাতীয়তাবাদের নীতিকে প্রত্যাখ্যান করলেন? এই আপাতবিরোধ নিরসনে অনন্যা কালিদাসের মেঘদূত কাব্যের রবীন্দ্রপাঠ বিশ্লেষণ করেছেন।
রবীন্দ্রনাথ ‘মেঘদূত’ (১৮৯০) ও ‘স্বপ্ন’ (১৮৯৭) কবিতায় একটি অনন্য রস সৃষ্টি করেছেন— বিরহ। যক্ষ যেমন অলকাপুরী থেকে নির্বাসিত হয়ে প্রিয়ার থেকে অলঙ্ঘনীয় বিচ্ছেদে ভুগছে, তেমনই আধুনিক ভারতীয় আত্মা তার নিজস্ব ইতিহাস থেকে, ‘কবিদের ভারত’ থেকে এক চিরন্তন ব্যবধানে বাস করছে। অনন্যা দেখিয়েছেন— এই বিরহ কোনো রাজনৈতিক প্রয়াসের দ্বারা মোচনীয় নয়; এখানে অতীতের সঙ্গে সম্পূর্ণ মিলন সম্ভব নয়। কেবল কাব্যই সেই আকুলতাকে বহন করে চলতে পারে। রবীন্দ্রনাথের কাছে উজ্জয়িনী বা অলকা কোনো জাতীয়তাবাদী অভিযানের গন্তব্য নয়; বরং ইতিহাস হল ‘অতীতের চির অস্ত-অন্ধকার’, যার থেকে আমরা চিরতরে বিচ্ছিন্ন। এই বোধ থেকেই তিনি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম-এর যুদ্ধং দেহি চিত্রকল্প তথা আক্রমণাত্মক জাতীয়তাবাদকে কোনোদিন গ্রহণ করেননি। তাঁর ‘বাংলার মাটি, বাংলার জল’ কোনো সীমান্তচিহ্নিত রাষ্ট্রের জয়গান নয়, বরং তা ভাষা, প্রকৃতি ও মানবিক সম্পর্কের জৈব বুনন।
রবীন্দ্রনাথের রাজনীতি কখনই রাষ্ট্রকেন্দ্রিক ছিল না, ছিল সমাজকেন্দ্রিক। তিনি সমাজকে সরকারের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। সমাজ বৌদ্ধিক আতিথেয়তা, সহযোগিতা ও বৈচিত্র্যের মাঝেও সামঞ্জস্যের ক্ষেত্র; সরকার বা রাষ্ট্র রবীন্দ্রনাথের চোখে মূলত শৃঙ্খলা আরোপ ও বলপ্রয়োগের যন্ত্র। স্বদেশী আন্দোলনের সময়ে যখন তিনি প্রত্যক্ষ করলেন যে তারই লালিত আন্দোলন সাম্প্রদায়িক দাঙ্গা, গরিব নিপীড়ন ও অন্ধ বিদ্বেষে পর্যবসিত হচ্ছে, তিনি নির্দ্বিধায় তা থেকে সরে দাঁড়ালেন; ঘরে বাইরে উপন্যাসে সন্দীপ চরিত্রের ভিতর দিয়ে সেই অন্ধ জাতীয়তাবাদের সর্বগ্রাসী ভয়াবহতা আঁকলেন। অনন্যা যথার্থই দেখিয়েছেন, রবীন্দ্রনাথের ‘একলা চলো রে’ গানের আহ্বান আসলে এই রাজনৈতিক একাকিত্বের ঘোষণা, যেখানে সত্যের সপক্ষে থেকে দলছুট হয়ে যাওয়ার ঝুঁকি নেওয়াকে মহিমান্বিত করা হয়েছে।
এবার প্রশ্ন উঠছে, যাদবপুর বিতর্কে প্রধানমন্ত্রী যে রাষ্ট্রবিরোধী স্লোগানের অভিযোগ করেছেন, তার নেপথ্যে সম্ভবত ‘আজাদি’, কিংবা সাম্প্রদায়িক রাজনীতির কঠোর সমালোচনামূলক কোনো স্লোগান ছিল। কিন্তু প্রকৃত বিচার্য বিষয় হল: এই সমালোচনা কি সত্যিই রাষ্ট্রদ্রোহ, নাকি তা রবীন্দ্রনাথেরই পথে হেঁটে জাতীয়তাবাদের এক বিশেষ সংকীর্ণ সংজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ?
রবীন্দ্রনাথের দৃষ্টিতে ভারতের ‘স্ব’ বা আত্মপরিচয় কোনো শাসকগোষ্ঠী বা রাষ্ট্রীয় প্রতীকের উপর নির্ভরশীল হতে পারে না। অনন্যা যেমন দেখিয়েছেন, রবীন্দ্রনাথের ভারত ছিল ‘কবিদের ভারত’— একটি নৈতিক ও নান্দনিক সম্প্রদায়, যার ভিত্তি ছিল ভিন্নতাকে অতিথির মত গ্রহণ করা। যাদবপুরের মত শিক্ষায়তন, যেখানে একদা স্বয়ং বুদ্ধদেব বসু, শঙ্খ ঘোষের মত কবি-শিক্ষকরা পড়িয়েছেন, তার দেয়ালে যদি ধর্মীয় সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে, রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে অথবা অসহিষ্ণু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উচ্চকণ্ঠ কোনো লেখা ফুটে ওঠে, তবে তা কি রবীন্দ্রভাবনার পরিপন্থী? বরং বলা যায়, তা রবীন্দ্রনাথের রাজনৈতিক বিরহেরই সমসাময়িক রূপ, যেখানে আধুনিক ভারতীয় আত্মা সংবিধানে প্রতিশ্রুত স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা ও সৌভ্রাতৃত্বের থেকে বিচ্ছিন্নতা বোধ করছে এবং সেই ক্ষোভ ভাষা পেয়েছে ক্যাম্পাসের দেওয়ালে।
অন্যদিকে, আজ আরএসএস-বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার জাতীয়তাবাদের যে অনমনীয় ধারণা চাপিয়ে দিতে চায়, রবীন্দ্রনাথ তাকে ‘সর্বগ্রাসী’ ও ‘যান্ত্রিক’ আখ্যা দিয়েছিলেন। গান্ধীর হিন্দ স্বরাজের মত তিনিও মনে করতেন, পশ্চিমী জাতিরাষ্ট্রের অন্ধ অনুকরণ ভারতীয় সভ্যতার আত্মহত্যার সামিল। যাদবপুরের শিক্ষার্থীরা যে অস্বস্তিকর সত্য উচ্চারণ করছে, তাতে গুরুত্বপূর্ণ মতবিরোধ লুকিয়ে আছে। সেই মতবিরোধকে রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে দমন করা মানে রবীন্দ্রনাথ কথিত সেই আত্মার স্বাধীনতাকেই অস্বীকার করা, যে আত্মা ইতিহাসের অন্তর্লীন ঘোর অন্ধকারেও প্রতিরোধের মশাল জ্বালাতে চায়।
অনন্যা একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পার্থক্য নির্মাণ করে দেখাচ্ছেন: স্বদেশী আন্দোলনের সময়ে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতার যে চিত্রটি এঁকেছিলেন; তাতে দেবীমূর্তির চার হাতে অস্ত্র নয়, ছিল অন্ন, বস্ত্র, পুথি ও জপমালা— অর্থাৎ খাদ্য, শিক্ষা, ধর্ম ও বস্ত্রের মত সমাজকল্যাণের উপকরণ। এটি ছিল রাষ্ট্রক্ষমতাহীন এক কল্যাণময়ী মাতৃমূর্তি।

কিন্তু বর্তমান ক্ষমতাসীন দলীয় হিন্দুত্বের রাজনীতি ভারতমাতাকে যুদ্ধং দেহি রাম-হনুমানের সঙ্গে যুক্ত করে জাতীয়তাবাদকে অস্ত্রের ভাষায় প্রকাশ করে। এই দুই মাতৃমূর্তির অন্তর্নিহিত দ্বন্দ্বই যেন যাদবপুরের দেওয়ালে স্পষ্ট হয়ে উঠেছে। শিক্ষার্থীসমাজ রাষ্ট্রের কাছে জবাবদিহি ও ন্যায় চায়, অথচ রাষ্ট্র তাদের দেশদ্রোহী আখ্যা দেয়।
আরো পড়ুন বাঙালির অরাজনৈতিক নিরপেক্ষতার নিচে চাপা পড়ছে ছাত্রছাত্রীরা
রবীন্দ্রনাথের এই রাজনৈতিক বিরহের ধারণা আমাদের শিক্ষা দেয় যে ইতিহাসের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো সম্পূর্ণ মিলনের নয়; বরং তা এক চিরন্তন আকুলতা, যা কেবল কাব্য, শিল্প ও কল্পনায় ধরা পড়ে। সেই কাব্যই পারে রাষ্ট্রের একনায়কতান্ত্রিক প্রবণতাকে মৌলিক প্রশ্ন করতে। যাদবপুরের দেওয়াললিখন যদি সেই বিরহের ভাষায় রচিত হয়— যেখানে ক্ষমতার কাছে আত্মসমর্পণ নয়, বরং হারিয়ে যাওয়া ন্যায়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদার জন্য এক তীব্র হাহাকার ধ্বনিত হয়। তাহলে তা কি ‘রাজনৈতিক’ হয়ে ওঠে না? অনন্যা স্মরণ করিয়ে দিয়েছেন, রবীন্দ্রনাথ তাঁর নিজের আঁকা ছবিতে কখনও ‘ভারত’ এঁকেছেন বলে জানা যায় না; কারণ যা দেখা যায় না, যা কেবল কাব্যের মাধ্যমেই অনুভব করা যায়, তা রাষ্ট্রের প্রচারণার উপাদান হতে পারে না। এই অদেখা, অধরা ভারতই হল সেই ‘স্বর্গপুর’, যেখানে যাওয়ার পথ রাষ্ট্রের নির্দেশিকা নয়, কেবলমাত্র স্বাধীন কল্পনা। যাদবপুরের শিক্ষাঙ্গনে সেই কল্পনার চর্চা হয় বলেই বোধ করি রাষ্ট্রীয় ক্ষমতার ধারক, বাহকরা এখানে স্বস্তি পান না।
রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন না যে নিছক রাজনৈতিক স্বাধীনতাই যথার্থ মুক্তি। প্রকৃত স্বাধীনতা হল আত্মার স্বাধীনতা— যেখানে মন নির্ভয়, জ্ঞান মুক্ত এবং সংকীর্ণ গার্হস্থ্য প্রাচীর বিশ্বকে খণ্ডবিখণ্ড করেনি। যাদবপুর যদি সেই চেতনার উত্তরাধিকার বহন করে, তবে সেখানে রাষ্ট্রপূজা বা একনিষ্ঠ আনুগত্যের পরিবর্তে রাষ্ট্রের যুক্তিনিষ্ঠ সমালোচনা হবেই। অনন্যা ‘ধর্মীয় প্রজাতন্ত্র’ বলতে যে নৈতিক ভিত্তির কথা বলেছেন, তা গড়ে ওঠে কেবল সেসব জায়গায়, যেখানে রবীন্দ্রনাথের ‘একলা চলো রে’-র দীক্ষায় দীক্ষিত মানুষ বিচরণ করে।
অতএব যাদবপুরকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ আমাদের আবার মনে করিয়ে দেয় সেই বিতর্ক: দেশপ্রেম বলতে কী বোঝায়, তা কে ঠিক করবে? রাষ্ট্র, না দেশের মানুষ? রবীন্দ্রনাথ বলে গেছেন, সত্য যদি নিঃসঙ্গ হয়ে পড়ে, তবুও তাকেই পথপ্রদর্শক মানতে হবে। তাঁর রাজনৈতিক বিরহ-দর্শন থেকে আমরা বরং এই শিক্ষা নিতে পারি: আমাদের আকুলতা কেবল কোনো হারানো অতীতের দিকে নয়, বরং এমন এক ভবিষ্যতের দিকেও ধাবিত—যে ভবিষ্যতে রাষ্ট্র ও ক্ষমতা নয়, মানবিক মমত্ব ও পারস্পরিক সহযোগিতা প্রধান হয়ে উঠবে। যাদবপুরের দেওয়ালের সেই লেখাগুলো যদি সেই ভবিষ্যতেরই প্রতিধ্বনি হয়ে থাকে, তবে সেগুলোকে রাষ্ট্রবিরোধী নয়, বরং আত্মার মুক্তির পক্ষে রাষ্ট্র-উত্তীর্ণ বলাই সমীচীন।
এই বিতর্ক আমাদের আরও একটি শিক্ষা দেয় যে, ভারতীয় বিশ্ববিদ্যালয়কে কখনও কেবল দক্ষতা উৎপাদনের কারখানায় পর্যবসিত হতে দেওয়া চলবে না, তাদের বাঁচাতে হবে। তাদের হতে হবে রবীন্দ্রনাথের কল্পনার সমাজের মত একেকটি প্রাণবন্ত মেলা, যেখানে সাধু ও সন্দেহবাদী, কবি ও বিজ্ঞানী— সকলের এক ‘সঙ্গত’ বসে; যে আসরে ভারতীয় আত্মার সেই বিচিত্র স্বরূপের সন্ধান চলে, যে আত্মা কখনো কোনো একক, চাপিয়ে দেওয়া পরিচয়ে বাঁধা পড়তে পারে না। সেই আত্মাই ভারতের ‘ধর্মীয় প্রজাতন্ত্র’-এর মূল ভিত্তি, যাকে রবীন্দ্রনাথ সারা জীবন কাব্যে ও কর্মে ধারণ করে গেছেন। যাদবপুর যদি সেই সাধনায় ব্যাঘাত না ঘটিয়ে, বরং তাকে আরও প্রসারিত করে, তবে তা কেবল বাঙালির নিশ্চিন্ত অহংকার নয়, গোটা ভারতের বুকে এই ঘনঘোর ফ্যাসিবাদী সময়ে এক উজ্জ্বল গৌরব হিসাবে টিকে থাকবে।
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







