ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর দ্য রাইটস অফ দ্য ডিসেবলড-এর পক্ষ থেকে ২০১৭ সালের জুন মাসে জি এন সাইবাবার জেলে থাকার সময়ে যে অসুবিধাগুলি হচ্ছিল সেগুলি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। সেই ডেপুটেশন জমা দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন ওই প্ল্যাটফর্মের জেনারেল সেক্রেটারি মুরলীধরন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নন্দিতা নারায়ণ এবং সাইবাবার স্ত্রী বসন্ত কুমারী। তাঁদের দাবি ছিল, দেশের প্রতিবন্ধী অধিকার আইন এবং UN Resolution 70/175 on Standard Minimum Rules for the Treatment of Prisoners (নেলসন ম্যান্ডেলা রুলস নামেও পরিচিত) মেনে নিয়ে সাইবাবার শারীরিক অসুস্থতার যথাযথ চিকিৎসা করা হোক। এই খবর জানতে পেরে সাইবাবা তাঁর স্ত্রীর হাত দিয়ে নিম্নলিখিত চিঠিটি মুরলীধরনকে পাঠিয়েছিলেন। এই চিঠি প্রমাণ করে, কারাগারে চরম শারীরিক ও মানসিক যন্ত্রণার সময়েও তিনি নতুন লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছিলেন।
২৮ অক্টোবর ২০১৭
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
প্রিয় মুরলীধরনজি,
আশা করি আপনি ভাল আছেন।আমার জন্যে আপনার উদ্বেগ এবং আপনাদের সংগঠনের পক্ষ থেকে আমাকে সাহায্য করার জন্য আমি কৃতজ্ঞ। আট মাস হয়ে গেছে, কিন্তু বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে আমার জামিনের আবেদন এখনো জমা দেওয়া যায়নি। আমার পরিবার এখনো কোনো সিনিয়র আইনজীবীকে নিয়োগ করা চূড়ান্ত করতে পারেনি – এটাই মূল কারণ। এর মধ্যে আমার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। আমি এখন বুঝতে পারছি যে আমার শরীরের ভিতরের কলকব্জার অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। গত একমাস ধরে আমার জ্বর ছাড়ছে না। আমার পেটে, বাঁ হাতে এবং পায়ে অসহ্য ব্যথা হয়েছে।
আমাকে জেলের বাইরের এক সরকারি হাসপাতালে নিয়ে যেতে চাইলে আমি রাজি হইনি। কারণ একবার আমাকে বস্তার মত করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমার আত্মসম্মান বলে কিছুই থাকছে না। মানুষ পোষা জীবজন্তুকেও সম্মানের সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। আমি ওরকম অসম্মান সহ্য করে যেতে রাজি হইনি বলে আমাকে বিনা চিকিৎসায় থাকতে হচ্ছে। জানি না এভাবে কতদিন বাঁচতে পারব।
আপনি জানেন আমার বিরুদ্ধে করা মামলাটি আমার সোশাল অ্যাক্টিভিজমের কারণে সাজানো এবং মিথ্যা প্রমাণের ভিত্তিতে তৈরি অপরাধের অভিযোগের আদর্শ উদাহরণ। আমার বিরুদ্ধে এক বিন্দু প্রমাণ নেই। দয়া করে আমার মামলায় এ যাবৎ আদালত যে আদেশ দিয়েছে এবং মামলা সংক্রান্ত অন্যান্য কাগজপত্র পড়ে দেখুন। আমার মামলা সংক্রান্ত সত্য উদ্ঘাটন করতে এবং মানুষের সামনে তা তুলে ধরতে আপনার সাহায্য প্রয়োজন। নব্বই শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে, হুইলচেয়ার ব্যবহারকারী একজন মানুষ হিসাবে জেলে থাকা আমার পক্ষে দ্বিগুণ শক্ত। যেহেতু আমার জামিনের আবেদন করা যায়নি, তাই অদূর ভবিষ্যতে স্বস্তি পাওয়ার কোনো আশা দেখছি না। আপনার পক্ষে যা যা করা সম্ভব সবটুকু করতে আপনাকে অনুরোধ জানাচ্ছি।
আরো পড়ুন মনু আর উমর: ও দয়াল, বিচার করো
আমি ডিসেবিলিটি স্টাডিজ সম্পর্কে বইপত্র পড়তে আগ্রহী। আমাদের দেশের ১৯৯৫ সালের প্রতিবন্ধী আইনের বদলে ২০১৭ সালে যে নতুন আইন লাগু হয়েছে, সেই সম্পর্কে সমালোচনামূলক প্রবন্ধও আমি পড়তে চাই। আমাকে দয়া করে নতুন আইনের কপি এবং এই আইনের বিশ্লেষণমূলক লেখাপত্র পাঠাবেন। আমি ভারতবর্ষের প্রতিবন্ধীদের অধিকার নিয়ে লড়াই করার প্রশিক্ষণ নিতে চাই। আমার স্বাস্থ্যের অবনতির জন্য গত তিন দশক ধরে যে বিষয়ে অ্যাক্টিভিজমে যুক্ত ছিলাম, সেই বিষয়ে আর কাজ করতে পারব না তা বুঝতে পারছি। যা-ই হোক, আমাকে আমার সীমাবদ্ধতা অনুযায়ীই চলতে হবে। হয়ত খুব ছোট করে হলেও ভবিষ্যতে আমি প্রতিবন্ধীদের লড়াইয়ে কিছু অবদান রাখতে পারব। সেইজন্যেই আমি চাইছি জেলে বসে এ বিষয়ে পড়াশোনা করে সময়টাকে কাজে লাগাতে। হয়ত এই পড়াশোনা আমাকে ভবিষ্যতে ডিসেবিলিটিজ অ্যাক্টিভিস্ট হতে সাহায্য করবে।
আশা করি এই ধরনের লেখাপত্র খুঁজে আপনি আমাকে জেলের ঠিকানায় পাঠাতে পারবেন।
অনেক ধন্যবাদ নেবেন।
জি এন সাইবাবা
সি-৯৫৫৬
আন্ডা সেল
সেন্ট্রাল প্রিজন
নাগপুর ৪৪০০২০
মহারাষ্ট্র
ভাষান্তর: শম্পা সেনগুপ্ত
মতামত পত্রলেখকের
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।





