ওয়েস্ট ইন্ডিজের কুড়ি বিশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি ২০২০ সালে ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার সময়ে বর্ণবৈষম্যবাদী কথা শুনতে হয়েছে অভিযোগ তুলে। স্যামি বলেছিলেন, ২০১৩ আর ২০১৪ মরশুমে তিনি যখন সানরাইজার্স হায়দরাবাদে খেলতেন, তখন ইশান্ত শর্মা তাঁর নামকরণ করেছিলেন ‘কালু’। দলের অনেকেই তাঁকে ওই নামেই সম্বোধন করতেন। স্যামি তখন জানতেও পারেননি, যত আদর করেই ওই নাম রাখা হয়ে থাক, ওটা আসলে তাঁর গায়ের রং নিয়ে নোংরা রসিকতা। ২০২০ সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড শ্বেতাঙ্গ পুলিসকর্মীর হাতে খুন হওয়ার পরে পৃথিবীজুড়ে বর্ণবৈষম্য নিয়ে প্রকাশ্যে কথাবার্তা চালু হয়ে যায়, তখন স্যামি ইশান্তের কীর্তি প্রকাশ্যে আনেন। তখনকার সতীর্থদের উদ্দেশে প্রশ্ন তোলেন, আমাকে কালু বলে তোমরা কী বোঝাতে চাইতে? এরপর কী হয়? কিচ্ছু না। এই ঘটনা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মত শ্বেতাঙ্গপ্রধান দেশে প্রকাশ্যে এলে হয়তো সানরাইজার্স বা আইপিএল কর্তৃপক্ষ অথবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনো তদন্ত শুরু করে দিত, যেমনটা আজীম রফিকের অভিযোগ নিয়ে ইয়র্কশায়ার কাউন্টি করেছিল। কিন্তু আমরা তো ভারতীয়, আমাদের তো ‘বসুধৈব কুটুম্বকম’, আরও নানা বকম বকম। অতএব আমরা বর্ণবৈষম্যবাদী হতেই পারি না। তাই স্রেফ ইশান্ত স্যামির সঙ্গে কথা বলে দুঃখপ্রকাশ করেছিলেন

কেন আবার এতদিন পরে এসব কথা? কারণ সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ ঘোষণা করেছেন যে তিনি আর ধারাভাষ্যকারের কাজ করবেন না। তিনি সোশাল মিডিয়ায় জানিয়েছেন এর কারণ— তিনি গায়ের রঙের কারণে বৈষম্যের শিকার হতে হতে ক্লান্ত। কালো বলে তাঁকে এত বছর ধারাভাষ্য দেওয়ার পরেও কোনোদিন টসের সময়ে মাঠে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়নি।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

একথা অবিশ্বাস করার কারণ আছে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন জোরে বোলার ইয়ান বিশপ এবং জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার পুমেলেলো বাঙ্গোয়াকে প্রায়ই টসে দেখা যায়। কিন্তু গতকাল দি ইন্ডিয়ান এক্সপ্রেস কাগজের দুই সাংবাদিক – শ্রীরাম বীরা ও আর ভেঙ্কট কৃষ্ণ – এক দীর্ঘ প্রতিবেদন লিখেছেন শিবরামকৃষ্ণণের সঙ্গে কথা বলে। সেই প্রতিবেদন পড়লে পরিষ্কার হয়, শিবরামকৃষ্ণণ নেহাত আন্দাজে এই অভিযোগ তোলেননি। আটের দশকে বিরল প্রতিভা হিসাবে চিহ্নিত এই লেগস্পিনার সেই খেলোয়াড় জীবন থেকেই গায়ের রঙের কারণে নিজের দেশে বৈষম্যের শিকার হয়ে আসছেন। সুতরাং শিকারি বেড়াল যে তিনি গোঁফ দেখলেই চিনতে পারবেন— এতে আশ্চর্যের কিছু নেই। আমরা চিনি বা না-ই চিনি। তাছাড়া নিজেদের দিকে ভালো করে তাকালেই টের পাওয়া যাবে— আমরা আফ্রিকা-জাত খেলোয়াড়দের প্রতি যে সম্ভ্রম নিয়ে তাকাই, তা আমাদের আশপাশের কালো মানুষদের জন্য বরাদ্দ করি না। একদা কলকাতা ফুটবল মাতানো চিমা ওকোরি, ক্রিস্টোফার, প্রয়াত চিবুজোর, ওমোলো, ওডাফা ওকোলিদের নিয়ে আমরা নাচানাচি করতাম ঠিকই; তা বলে পাড়া প্রতিবেশীদের মধ্যে ‘অমুক মেয়েটা কালো হলেও সুন্দর’ বলা বন্ধ করিনি। মজার কথা, ভারতীয়দের বর্ণবৈষম্য এমন বহুমাত্রিক যে তার মধ্যে এমন লিঙ্গবৈষম্যও মিশে থাকে যার শিকার ছেলেরা! কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে মেয়ে বন্ধুদের আলোচনা করতে শুনতাম ‘অত ফরসা ছেলে আমার ভালো লাগে না, একেবারে মেয়েদের মত টুকটুকে গায়ের রং।’ সুতরাং শিবরামকৃষ্ণণকে যে টিভি প্রোডিউসার বলেছেন ‘বসরা আপনাকে টসে বা প্রেজেন্টেশনে না রাখতে’, তিনি খুব অবিশ্বাস্য কিছু বলেননি।

ক্রিকেট মাঠ যে ভারতীয় সমাজের বাইরে নয় তা বুঝতে হলে শিবরামকৃষ্ণণের এই আখ্যান অবশ্যপাঠ্য। মাত্র ১৭ বছর বয়সে টেস্ট অভিষেক (শচীন তেন্ডুলকরের আগে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড) হওয়ার আগেই শিবরামকৃষ্ণণকে নেট বোলার থাকার সময়ে ভারতীয় দলের এক সিনিয়র ক্রিকেটার তাঁর জুতো পালিশ করে দিতে বলেছিলেন। টেস্ট দলে ঢুকে পড়ার পর এবং নিজের প্রতিভার স্বাক্ষর রাখার পরে কটুকাটব্য আরও বাড়ে। পাকিস্তান সফরে গিয়ে তাঁর জন্মদিন উপলক্ষে অধিনায়ক সুনীল গাভস্কর চকোলেট কেক আনান দলের সকলে মিলে জন্মদিন পালন করার জন্য। সেখানে দলের এক ক্রিকেটার বলেন ‘সানি, তুমি ঠিক রঙের কেক আনিয়েছ। কালো ছেলের জন্যে ডার্ক চকোলেট কেক।’ শিবরামকৃষ্ণণ বলেছেন, তিনি কেঁদে ফেলেন এবং কেক কাটতে চাননি। গাভস্কর বুঝিয়ে-সুঝিয়ে তাঁকে শান্ত করেন, কেক কাটা হয়।

আমরা শিবরামকৃষ্ণণের খেলা দেখেছি পরে সোশাল মিডিয়ার ক্লিপে বা ইউটিউবে, কারণ আমাদের জন্মের আগেই তাঁর স্বল্পমেয়াদি আন্তর্জাতিক ক্রিকেটজীবন শেষ হয়ে গিয়েছিল। যাঁরা দেখেছেন এবং তাঁর প্রতিভায় চমৎকৃত হয়েছেন, তাঁরা বরাবরই বলেন যে শিবরামকৃষ্ণণের কেরিয়ার লম্বা না হওয়ার পিছনে দায়ী তিনি নিজেই। জ্যেষ্ঠ সাংবাদিকদের মুখেও শুনেছি— শিবরামকৃষ্ণণ প্রথমে মদ খেতেন, পরে মদ তাঁকে খেয়েছে। কিন্তু এত বছর পরে তিনি বলছেন, ক্রমাগত টিটকিরি শুনতে শুনতে ওই ১৮-১৯ বছর বয়সে তিনি হীনমন্যতায় ভুগতেন এবং যখন স্বাভাবিক কারণেই ব্যর্থ হতে শুরু করেন, তখন কেউ পিঠে হাত দিয়ে ভুলগুলো ধরিয়ে দেয়নি। উলটে তিনি খুব মদ খান— এই গল্প ছড়িয়ে দেওয়া হয়েছিল। আরও চমৎকৃত হওয়ার মত কথা হল, ওই ছোট্ট আন্তর্জাতিক কেরিয়ারে শিবরামকৃষ্ণণ নিজের দলের ড্রেসিং রুমের চেয়ে বেশি স্বস্তি পেতেন ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিং রুমে। বলেছেন তাঁর সবচেয়ে কাছের বন্ধু ছিলেন ডেসমন্ড হেইনস। অধিনায়ক ক্লাইভ লয়েড তাঁকে সর্বদা স্বাগত জানাতেন। মনে পড়ে যায় মহম্মদ আলির কথা, যিনি ভিয়েতনাম যুদ্ধে যোগ দিতে অস্বীকার করে বলেছিলেন ‘ভিয়েত কংদের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই। কোনো ভিয়েত কং আমাকে কখনো নিগার বলেনি।’

আরো পড়ুন মার্কিন দেশেও জাতের নামে বজ্জাতি করি আমরা

শিবরামকৃষ্ণণ অবশ্য আলির মত সিংহহৃদয় লড়াকু কেউ নন। তিনি খুবই সাধারণ লোক, ফলে এই মানসিক চাপ সহ্য করতে পারেননি। ছিটকে গিয়েছিলেন। সোশাল মিডিয়া পোস্ট থেকে তাঁর রাজনৈতিক ভাবনাচিন্তা যেটুকু জানা যায়, তাও বেশ গোলমেলে। কিন্তু এখানে সে আলোচনা অপ্রাসঙ্গিক। দুর্ভাগ্যজনক হল— পরে ধারাভাষ্যকার হিসাবে যখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন, তখনো তাঁকে একই ব্যবহার সহ্য করতে হয়েছে। ভারতীয় সমাজ যে এগোবার বদলে পিছিয়ে যাচ্ছে তা আমরা আজকাল অনেক ঘটনাতেই বুঝতে পারি, শিবরামকৃষ্ণণ আরও একটা প্রমাণ জুগিয়ে দিলেন।

ভারতীয় ক্রিকেটের ধারাভাষ্য বেশ কিছুদিন হল আবর্জনায় পরিণত হয়েছে। চমৎকার ইংরিজি এবং গভীর বিশ্লেষণে একসময় মোহিত করে দেওয়া গাভস্কর, শিবরামকৃষ্ণণকে বুক দিয়ে আগলানো অধিনায়ক গাভস্কর এখন চটুল কথাবার্তা বলে নিজেকে জাতীয়তাবাদী বলে প্রমাণ করার চেষ্টা করেন সারাক্ষণ। রবি শাস্ত্রীর বরাবরই জনপ্রিয়তার কারণ ছিল অতিকথন আর গলা সপ্তমে চড়িয়ে কথা বলা, ইদানীং উত্তেজনার বশে খেলোয়াড়দের নামও ভুল করেন। টসে গিয়ে কার সঙ্গে কথা বলছেন গুলিয়ে ফেলেন, তবু তিনিই টসে যাবেন। একদা মুগ্ধ করে দেওয়া হর্ষ ভোগলেও এখন ভারতীয় ক্রিকেটার আর বিসিসিআইয়ের চাটুকারিতা ছাড়া কিছু করে উঠতে পারেন না। মহেন্দ্র সিং ধোনির অসন্তোষের কারণ হয়ে একবার ধারাভাষ্যের চুক্তি খুইয়েছিলেন, ফের কেন ঝুঁকি নিতে যাবেন? ঠেকে শেখেননি বলে সঞ্জয় মঞ্জরেকর তো ধারাভাষ্যের চুক্তি হারিয়েছেন চোখের সামনেই। রিকি পন্টিং, ম্যাথু হেডেনরাও হাওয়া বুঝে ভীষণ ভারতপ্রেমী হয়ে যান মাইক হাতে নিলেই। ফলে নিশ্চিত হওয়া যায়, শিবরামকৃষ্ণণের ব্যাপারটা নিয়ে কোথাও কোনো আলোচনা হবে না। ফ্লয়েড হত্যার পরে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন মাইকেল হোল্ডিং স্কাই স্পোর্টসের সরাসরি সম্প্রচারে বর্ণবৈষম্য নিয়ে এক অবিস্মরণীয় আলোচনা করেছিলেন। তাঁর সঙ্গী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু সাহেবদের মত ফরসা নাসের হুসেন, আর শ্বেতাঙ্গ এবোনি রেনফোর্ড-ব্রেন্ট।

অমনটা আমাদের এখানে হবে না। কারণ ভারতীয় সমাজে কোনো বৈষম্য নেই। আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, আমাদের দেশ একেবারে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’। তাই ফ্লয়েডের স্মৃতিতে সেবারের আইপিএলে কিছু করার কথা ভাবেনি কর্তৃপক্ষ। এক হাঁটু মুড়ে বসে মুষ্টিবদ্ধ হাত উপরে তোলার যে রীতি তখন প্রায় গোটা ক্রিকেট বিশ্বে চালু হয়েছিল, তা একক উদ্যোগে পালন করেছিলেন হার্দিক পান্ডিয়া। তাও ১৯ সেপ্টেম্বর চালু হওয়া আইপিএলে ২৬ অক্টোবরের ম্যাচে। এই হার্দিককে আবার ভারতীয় ক্রিকেটভক্তরা সোশাল মিডিয়ায় প্রায়ই ‘ছাপড়ি’ বলে গালি দেন। সদ্য কুড়ি বিশের বিশ্বকাপ জেতার পরেও দিয়েছেন। হার্দিকের অপরাধ? তিনি বান্ধবীকে খোলা মাঠেই চুমু খাচ্ছিলেন। ভেবে দেখুন, অন্যের বান্ধবীও নয়। নিজের বান্ধবীকেই চুমু খাচ্ছিলেন। অত্যন্ত অশ্লীল আচরণ সন্দেহ নেই। বান্ধবী বা বউকে প্রকাশ্যে চুলের মুঠি ধরে পেটানো যেতে পারে, চুমু খাওয়া কি কোনো ভদ্রলোকের কাজ? ওসব যারা ‘ছাপড়ি’, তারাই করে। কথাটার মানে জানেন তো? ছাপরবন্দ বলে এক ‘ডি-নোটিফায়েড’ জনগোষ্ঠীর মানুষ। ওঁদের সংস্কৃতি আর অসভ্যতা সমার্থক। বুঝলেন কিনা?

এতদ্বারা প্রমাণিত হইল যে, শিবরামকৃষ্ণণ বাজে কথা বলেছেন। আমরা ভারতীয়রা কোনোরকম বৈষম্যে বিশ্বাস করি না।

মতামত ব্যক্তিগত

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.