আমি ভাগ্যবান, কারণ ৮ মে রাত্তিরবেলা ঠিক সময়ে ঘুম এসে গিয়েছিল। সেইসময় পাকিস্তান সীমান্তবর্তী কোনো অঞ্চলে ছিলাম না, আর রাতদুপুরে টিভির খবর দেখার আগ্রহও ছিল না। একবার এক্স ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ঘুরে সোজা বিছানায়। অতএব আমি বেঁচে গেছি। পরদিন সকালবেলা সোশাল মিডিয়া জুড়ে যেসব টিভির খবরের ক্লিপ আসতে শুরু করল, তাতে ‘বেঁচে গেছি’ কথাটাই প্রথমে মাথায় এসেছিল। একেই পহলগাম হত্যালীলার পর থেকে সারাদিন খবরের দুনিয়ায় ঘুরে ফিরে মন ভারাক্রান্ত ছিলই। তারপর যদি ৮-৯ মে সারারাত ধরে অকারণ টিভির খবরের মিথ্যে তাণ্ডব দেখতে হত, তাহলে আরও অবসাদে ভেঙে পড়ার সম্ভাবনা ছিল।
ভারতীয় সেনা করাচি বন্দরের উপর হামলা করেছে। পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনা সে দেশে ঢুকে পড়েছে। লাহোর আর একটু হলেই দখল হয়ে যাবে – কী ছিল না খবরের চ্যানেলগুলোয়! স্টুডিও জুড়ে সাইরেনের শব্দ, বোমা-গুলির গ্রাফিক্স, যেখান থেকে পারা যায় সেখান থেকে যুদ্ধের ছবি আর অ্যাংকরদের গগনভেদী চিৎকার।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
আসলে ভারতীয় সংবাদমাধ্যম বহু বছরের প্রতীক্ষার পর এই প্রথম ঘরের কাছে একটা লাইভ যুদ্ধের গন্ধ পেয়েছিল। কারণ কার্গিল যুদ্ধের সময়ে বেসরকারি চ্যানেলের এই রমরমা কোথায়? তখনো এনডিটিভি বা জি নিউজের মত বেসরকারি খবরের চ্যানেল অনেক শান্ত ছিল। তবু বরখা দত্তের পিস টু ক্যামেরা চলাকালীন পাকিস্তানের দিকে ভারতীয় সেনার গোলা ছোড়া আর সেই শব্দে ক্যামেরার সামনেই মাথা নিচু করে ফেলার ভিডিও অনেক বছর পর্যন্ত এনডিটিভির প্রোমোয় ছিল। সেই যুদ্ধে তাঁর বিতর্কিত কভারেজ খবর-প্রিয় আমজনতাকে তৃপ্তি দিয়েছিল। তাঁর এমন কভারেজে অনুপ্রাণিত হয়েই অনেক মহিলা সাংবাদিকতায় যোগ দিয়েছিলেন। এমনকি অনেকে বলেন লক্ষ্য (২০০৪) ছবির প্রীতি জিন্টা অভিনীত চরিত্রটা নাকি বরখাকে দেখেই তৈরি।
তার পর থেকে দু-একটা সার্জিকাল স্ট্রাইক হলেও, তা লাইভ যুদ্ধের কাছে নস্যি। আরব বসন্ত, মধ্যপ্রাচ্য বা ইউক্রেন-রাশিয়া কিম্বা ইজরায়েলের গাজার আক্রমণে লোক পাঠাতে খবরের চ্যানেলগুলোর পয়সা লাগে। তাও ইউক্রেনে ভারতীয় সাংবাদিকরা সফর করে এসেছেন যুদ্ধের একেবারে শুরুর দিকে, ইজরায়েলে গিয়েছিলেন কেউ কেউ। সেই তুলনায় ঘরের কাছে যুদ্ধ হলে কভারেজ অনেক কম খরচে হয়ে যায়। তার উপর আবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দেশভক্তি বেচা খবরের চ্যানেলগুলোর মালিকরা দেশপ্রেম বেচার এমন সুবর্ণ সুযোগ ছাড়বেন কেন?
আমরা মানি বা না মানি, টিভির খবর আসলে নাটক। মানে দূরদর্শন-পরবর্তী ২৪ ঘন্টার খবরের চ্যানেলগুলো এসে যাওয়ার পর খবরকে কতটা নাটকীয়ভাবে পেশ করা যায়, তারই প্রতিযোগিতা চলে চ্যানেলে চ্যানেলে। প্রণয় রায়ের এনডিটিভিতেও বরখা দত্তরা সেই নাটকের সন্ধানেই থাকতেন। খাস বাংলার প্রথম জনপ্রিয় বেসরকারি খবরের ক্যাপসুল খাস খবর-ও সেই নাটকীয় ধারাতেই জনপ্রিয় হয়েছিল। আর ২০০৮ পরবর্তী টাইমস নাও বা ইন্ডিয়া টিভি বা আজ তক, হালের রিপাবলিক টিভি সেই নাটকীয়তাতেই ভরসা রাখে। পিছনে আগুন জ্বলছে আর তার সামনে রিপোর্টার পিটিসি দিচ্ছে বা ক্যামেরা ও মাইক নিয়ে কোনো দুর্নীতিপরায়ণ রাজনীতিকের পিছনে ধাওয়া করছে – এমন দৃশ্যেই তো দর্শকের তৃপ্তি হয়।
শুরুর দিকে টাইমস নাওয়ের ট্যাগলাইন দেওয়া হয়েছিল ‘ফিল দ্য নিউজ’। খবর অনুভব করবেন কীভাবে? যখন কোনো খবর দেখে আপনার শিরায় শিরায় অ্যাড্রিনালিন ছুটে বেড়াবে, রক্তচাপ বাড়িয়ে দেবে, হৃদস্পন্দন বেড়ে যাবে, পেশি, মস্তিষ্ক এবং হৃদযন্ত্রে রক্ত চলাচল বেড়ে যাবে, তখনই তো আপনি রক্তে রক্তে খবরটি অনুভব করবেন।
আপনি যুদ্ধে যেতে না পারুন, ড্রইংরুমে বসেই যুদ্ধের উন্মাদনা পেতে চাইছেন। সোশাল মিডিয়ায় যেভাবে পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার ডাক দিচ্ছিলেন নেট-নাগরিকরা, সেই যুদ্ধের অনুভবই তো জোগাতে চাইছিল ভারতীয় টিভি চ্যানেলগুলো।
আরো পড়ুন নির্বাচনের ফলে হেরে গেছে দেশের অসাধু মিডিয়া
কিন্তু দেশপ্রেমের সঙ্গে এমন নাটকীয় যুদ্ধকে গুলে নিয়ে খাওয়াতে গিয়ে নিজেরাই পাঁচ গোল খেয়ে গেল ভারতীয় টিভি মিডিয়া। এর মানে কি টিভি চ্যানেলগুলোতে যাঁরা বসে রয়েছেন তাঁর সবাই গবেট? মোটেই না। সবাই শিক্ষিত। কেউ কেউ উচ্চশিক্ষিত। খবর নির্বাচন ও পরিবেশনাতেও উঁচুতলার কর্তাব্যক্তিরা সবাই পারদর্শী। তবু এরকম ভুরি ভুরি ভুল খবর তাঁরা চালালেন কীভাবে?
আমার ধারণা কেউ ইচ্ছাকৃতভাবেই ভুল করা শুরু করেছিল। কারণ শুরু তো কাউকে করতেই হয়। তার পিছনে পাকিস্তানের সোশাল মিডিয়ার বয়ানের বিপরীতে গিয়ে খবর করার বাসনা বা ভারতীয় সোশাল মিডিয়ায় কোনো খবর দেখে সেই খবরে ধোঁয়া দেওয়ার ইচ্ছা থাকতে পারে। তা থেকেই ভারত-পাক যুদ্ধ যুদ্ধ আবহে এই বিপর্যয়ের সূচনা।
যখন একটা চ্যানেল পাকিস্তান প্রায় দখল হয়ে গেল, করাচি বন্দর ধ্বংস হয়ে গেল – এই জাতীয় ‘ব্রেকিং নিউজ’ চালাতে শুরু করে, তখন অন্য চ্যানেলগুলোর কর্মী থেকে কর্তাদের পক্ষে চাপ অগ্রাহ্য করা শক্ত। সেই রাতে এক সর্বভারতীয় টিভি চ্যানেলের নিউজরুমে থাকা এক পরিচিত সাংবাদিকের কথায়, ‘অনেকক্ষণ চেষ্টা করেছিলাম। তারপর আমাকেও দু-চারটে মিসাইল পাকিস্তানের দিকে ছাড়তেই হল।’
সেদিন রাতে ঠিক এটাই হয়েছিল। একজন ভুল খবর চালাতে শুরু করলে অন্যরাও চোখ বুজে সেই ভুল খবরই চালাতে থাকে। কারণ সাংবাদিকরা মনে করেন, সেই খবর তাঁর চ্যানেলে না চললে চ্যানেলটা পিছিয়ে পড়বে। ঠিক এইভাবেই ক্রমে সেই ভুল খবরই ভাইরাল হয়ে যায় চ্যানেলে চ্যানেলে। ঠিক যেমন সোশাল মিডিয়ায় ভুল খবর শেয়ারের পর শেয়ার হতে থাকে।
সোশাল মিডিয়া ব্যবহারকারীদের তো আর সংবাদকর্মীদের মতো খবর যাচাই করে পোস্ট করার মত দায়িত্ববোধ থাকে না। তাহলে এইসব খবর যাচাই করে চালায় না কেন চ্যানেলগুলো? অধিকাংশ খবরের চ্যানেলের কর্মী এবং কর্তাদের সে ধৈর্য থাকে না। কারণ অন্য চ্যানেলে একটা খবর চলছে, সেটা তাঁর চ্যানেলে নেই কেন – এই নিয়ে জবাবদিহি করতে হয় নিচুতলার সংবাদকর্মীদের। একদম মাটির কাছাকাছি যাঁরা কাজ করেন, সেই সাংবাদিকদের কোনো খবর যাচাই করার সময়টুকুও দেওয়া হয় না। বরং যাচাই না করা খবর নিয়েই লাইভ রিপোর্টিং করতে বলা হয়। নিউজরুমে থাকা সংবাদকর্মীরা অন্য চ্যানেল দেখেই খবরটা নিজের চ্যানেলে টুকে দেন। সঙ্গে আরও একটু মশলা জুড়ে দিয়ে সে খবর রমরমিয়ে চলে।
একদিকে যেমন প্রায়শই নিচুতলার সাংবাদিকদের কথা শোনা হয় না, তেমনি নিচুতলার সাংবাদিকদের মধ্যে অনেকেই আবার সোশাল মিডিয়াকেই তাঁদের ‘সোর্স’ ভাবতে শুরু করেন। না সিনিয়ররা, না তাঁরা নিজে আসল উৎস থেকে খবর যাচাই করার উদ্যোগটুকু নেন। ব্যাপারটা পরিশ্রমসাধ্য এবং কখনো কখনো সময়সাপেক্ষ। হোয়াটস্যাপ থেকে বা এক্স, ফেসবুক ইত্যাদি থেকে পাওয়া তথ্যই তখন খবর হয়ে দাঁড়ায়। সাংবাদিকরা চান সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার আগে এবং নিউজরুমে বসদের নজরে আসার আগেই যেন সেই খবর নিজের চ্যানেলে চলে যায়। যাচাই পরে করা যাবে।
নিউজরুমে থাকা সাংবাদিক বা রাস্তাঘাটে ঘুরে কাজ করা সাংবাদিক – সবার কাছেই কত দ্রুত খবরটা চ্যানেলে চালানো যায় সেই প্রতিযোগিতা বড় হয়ে ওঠে। তাঁদের মধ্যে অনেকেই চ্যানেলের সম্পাদকের থেকে পিঠ বাঁচাতে খবর ভাল করে যাচাই করার আগেই চালিয়ে দেন। তা নিয়ে স্টুডিওতে ‘নাটক’ বা ‘ঝগড়া’ করতে অ্যাংকররা তো প্রস্তুত আছেনই। এই স্রোতের বিপরীতে গিয়ে চ্যানেল কর্তাদের বিরাগভাজন হতে যেমন অনেকে চান না, ভুল খবর চালানোর প্রতিবাদ করতে গিয়ে কর্তাদের কোপেও পড়েন অনেক সাংবাদিক।
এবারের ভারত-পাক যুদ্ধের আবহে সরকার বা আমাদের সেনাবাহিনি ঠিক যতটা সংযত থাকতে চেয়েছে, খবরের চ্যানেল আর সোশাল মিডিয়া ততটাই উত্তেজিত থাকতে চেয়েছে। সরকারিভাবে মিডিয়া বিবৃতিতে বারবার বলার চেষ্টা হয়েছে যে ভারত শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলো চিহ্নিত করে সেগুলো উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের দিক থেকে আক্রমণ হলে তবেই সেনা যোগ্য জবাব দেবে। যে কারণেই হোক, দেশের প্রধানমন্ত্রী যখন যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার পর দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন, বাকি কাজ সেনাবাহিনীর উপর ছেড়ে দিয়েছেন, টিভি চ্যানেলগুলো কিন্তু তখনো স্টেপ আউট করে ছয় মারার চেষ্টা করে গেছে। আসলে দেশপ্রেমে মত্ত চ্যানেলগুলো পুরোদস্তুর যুদ্ধ না হলে শান্তি পাচ্ছিল না। তাই তো ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির থেকে সংঘর্ষ থামার খবর পেয়ে প্রকাশ্যেই দুঃখপ্রকাশ করেছেন দেশের অন্যতম প্রধান খবরের চ্যানেলের মালিক-সম্পাদক।
তার আগেই অবশ্য ভুয়ো খবর ভাইরাল করে দেশের মুখ পুড়িয়েছে ভারতীয় চ্যানেলগুলো। দেশের কূটনৈতিক বার্তা সঠিকভাবে বিদেশের দর্শকদের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে তারা। যুদ্ধের সময়ে প্রোপাগান্ডা খুব স্বাভাবিক ব্যাপার। সাধারণত সরকারি মিডিয়া ব্যবহার করে প্রোপাগান্ডা চালানো হয়। কিন্তু গত এক দশকে বেসরকারি মিডিয়া সরকারি মিডিয়ার চেয়ে এক কদম এগিয়ে গেছে। তবু পাকিস্তানি সোশাল মিডিয়া, সেদেশের শাসক-সেনার তৈরি করা বয়ানের সামনে দাঁড়িয়ে ভারতীয় মিডিয়া যেন কোনো প্রতিরোধই তৈরি করতে পারল না। ভুয়ো খবরের জালে পড়ে সারা বিশ্বের কাছেই বিশ্বাসযোগ্যতা হারাল ভারতীয় টিভি চ্যানেলগুলো। বরং সরকার পরিচালিত প্রেস ইনফর্মেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট অনেক পরিণত ভাবে যুদ্ধ সংক্রান্ত ভুয়ো খবরের মোকাবিলা করেছে সোশাল মিডিয়ায়।
ভারত-পাক যুদ্ধের আবহে কীভাবে ভারতীয় টিভি চ্যানেলগুলো ভুয়ো খবর ছড়াল তা নিয়ে আলোচনা করতেই এই নিবন্ধ। কিন্তু চ্যানেলগুলোকে নিয়ে এত ভাবনার কি বিশেষ কোনো কারণ আছে?
কারণ হিসাবে দুটো ব্যাপার উল্লেখ করা যায়। ডিজিটাল যুগেও যুদ্ধের টানা কভারেজের উত্তেজনা সোশাল মিডিয়ায় পাওয়া যায় না। ১৯৯১ সালে আমেরিকা যখন কুয়েত থেকে ইরাকের দিকে মিসাইল ছোঁড়া শুরু করল, তখন সিএনএনে দেখা প্রথম লাইভ যুদ্ধ থেকে আজকের ভারত-পাক সংঘর্ষ – লাইভ টিভিতে যুদ্ধ দেখার ‘মজা’-ই আলাদা। টুকরো টুকরো ভিডিও ভেসে এলেও ‘টোটাল মজা’ সোশাল মিডিয়ার ফিড থেকে পাওয়া যায় না।
তাই হয়ত ৮-৯ মে রাতে অনেকেই টিভিতে চোখ রেখেছিলেন। তাঁরা আতঙ্কিত হয়েছেন, কিন্তু সেই সপ্তাহের টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট দেখলে অনেকে চমকে উঠবেন। বার্ক ইন্ডিয়া বলে যে সংস্থা কোন চ্যানেল কতজন দর্শক দেখলেন প্রতি সপ্তাহে সেই রিপোর্ট দেয়, তাদের দেওয়া রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে টিভির লাইভ কভারেজ নিয়ে এত ভাবনার বোধহয় দরকার নেই। সংশ্লিষ্ট সপ্তাহের বার্ক ইন্ডিয়ার রিপোর্ট বলছে, সেই ‘ভয়াবহ’ রাতে ধর্মশালায় আইপিএল ম্যাচ বন্ধ হওয়ার আগে পর্যন্ত যুদ্ধের থেকেও ক্রিকেট ম্যাচে বেশি নজর ছিল ভারতবাসীর।
সেদিন সন্ধে সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত আইপিএল ম্যাচে প্রতি মিনিটে গড় দর্শক ছিল ৯,৩৪৫। সেখানে সব হিন্দি চ্যানেল মিলিয়ে গড় ছিল ৪,৮৩৪। সেনা ও বিদেশ মন্ত্রকের যৌথ মিডিয়া ব্রিফিংয়েও প্রতি মিনিটে সবচেয়ে বেশি গড় দর্শক ছিল ৩০০ থেকে ৬০০ মত।
তাহলে ধরে নেওয়া যায়, একদিকে যেমন ভারত-পাক যুদ্ধের থেকেও ক্রিকেট-যুদ্ধ বেশি উত্তেজিত করেছে টিভি দর্শকদের, অন্যদিকে টিভির থেকে বেশি ডিজিটাল মিডিয়া বা বিশেষ করে সোশাল মিডিয়ায় নজর ছিল ভারতবাসীর। কারণ সোশাল মিডিয়া জুড়ে যে উত্তেজনা দেখা গেছে, তাতে ধরে নিতে হবে টিভির চেয়ে অনলাইন মিডিয়া থেকেই যুদ্ধ সংক্রান্ত খবর সোশাল মিডিয়া ব্যবহারকারীরা বেশি পেয়েছেন।
কিন্তু সোশাল মিডিয়া জুড়ে যখন পাকিস্তানপন্থী, দক্ষিণপন্থী, অতি-দক্ষিণপন্থী, হিন্দুত্ববাদী, জাতীয়তাবাদী, মধ্যপন্থী, বাম ও অতি-বামপন্থী, পুঁজিবাদী সহ রামধনু শক্তির নানা মুনির নানা মত ঘুরে বেড়াচ্ছে; তখন সংবাদমাধ্যমেরই আরও সংযত ও সচেতন হয়ে খবর পরিবেশন করা দরকার ছিল। এত তথ্যের ভিড়ে সঠিক বা একটা সরকারি তথ্য সবার জন্যই জরুরি। কারণ যুদ্ধ পরিস্থিতি মানে শুধুই দেশপ্রেম নয়। যুদ্ধ পরিস্থিতিতে জরুরি পরিষেবা এবং জীবনযাত্রা সচল রাখার ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। ভুল ও ভুয়ো তথ্য তাই দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে দেশের রাজনীতি ও অর্থনীতির জন্যও ক্ষতিকারক। দেশপ্রেম দেখাতে গিয়ে ভারতের এক শ্রেণির সংবাদমাধ্যম সেই ক্ষতিই করেছে।
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







