বখতিয়ার আবিদ চৌধুরী

দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে বাংলাদেশের মধ্যবিত্ত-নিম্নবিত্ত শ্রেণি যেমন দৃশ্যত দিশেহারা, তেমনি পোশাক শিল্পের শ্রমিকরাও যে হাঁসফাঁস করছেন তা সহজেই অনুমেয়। আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলানো দায় হয়েছে। চলতি বছরের শুরু থেকেই দ্রব্যমূল্যের লাগাম ছাড়া বৃদ্ধির ফলে শ্রমিকরা আর টিকতে পারছিলেন না। পোশাক শ্রমিকদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন থেকে মজুরি বাড়ানোর জোরালো দাবি উঠতে থাকে।

এর প্রেক্ষিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণের জন্য গত এপ্রিলে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দায়িত্বশীল গোষ্ঠী থেকে নেওয়া হয়নি। তাই শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ কাজ করছিল। সেই ক্ষোভ অক্টোবরের শেষ সপ্তাহে দাবানলের রূপ নেয়। প্রথমে গাজীপুরের কয়েকটি কারখানায় শ্রমিকরা আন্দোলন শুরু করে, এরপর তা ছড়িয়ে পড়ে সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায়। সর্বশেষ ২০১৮ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করা হয়েছিল ৮,০০০ বাংলাদেশি টাকা। চার বছর পেরিয়ে গেলেও তাঁদের মজুরি আর বাড়ানো হয়নি। এর মাঝে দ্রব্যমূল্যের উত্থানপতন ঘটে গেছে, মজুরি ঠিক আট হাজারেই থমকে আছে।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

দেশি-বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত অক্টোবরে বোর্ডের চতুর্থ সভায় ২০,৩৯৩ টাকা ন্যূনতম মজুরির দাবি করেন শ্রমিকদের প্রতিনিধিরা। এর বিপরীতে কারখানা মালিকদের পক্ষ থেকে ১০,৪০০ টাকা মজুরি দেওয়ার প্রস্তাব আসে। মালিকপক্ষের এই প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে গত ২৩ অক্টোবর গাজীপুরের কয়েকটি কারখানায় আন্দোলন শুরু করেন শ্রমিকরা। তারপর এটি গাজীপুর ও ঢাকার আশপাশের কারখানায় ছড়িয়ে পড়ে।

আন্দোলন চলাকালীন পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় শ্রমিকদের। এতে এই আন্দোলনে চারজন পোশাক শ্রমিক মৃত্যুবরণ করেন। মালিকপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর গত ৭ নভেম্বর মূল মজুরি ৫৬.২৫% বাড়িয়ে ১২,৫০০ টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে গেজেট প্রকাশ করে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

আরো পড়ুন ঐতিহাসিক ফুলবাড়ি আন্দোলন: প্রতিস্পর্ধাকে ফিরে দেখা

শ্রমিকদের দাবি থেকে কয়েক যোজন দূরে থাকা এই সিদ্ধান্তের ঘোষণা শ্রমিকদের একটি পক্ষ মেনে নিলেও আরেকটি পক্ষ তা মেনে নেয়নি। তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত রাখে। এই পরিস্থিতিতে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজেএমইএ বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় কারখানা বন্ধের ঘোষণা করে।

দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার ১৪ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু গাজীপুর ও আশুলিয়া এলাকাতেই ৪০টি মামলা দায়ের করা হয়েছে। নাম উল্লেখ করে এবং না করে আসামি করা হয়েছে ১৯,০০০ মানুষকে। এই মামলাগুলিতে এখন পর্যন্ত ৯৫ জন গ্রেফতার হয়েছেন’। ১৪ ও ১৫ তারিখ থেকে কারখানাগুলো ধীরে ধীরে খুলতে শুরু করে, শ্রমিকরা কাজে যোগ দিতে শুরু করেন।

পুলিশ প্রশাসন আর মালিকদের বিরুদ্ধে লড়তে লড়তে এক পর্যায়ে হয়ত নিরাপত্তাহীনতা আর চাকরি হারানোর আশঙ্কা তাঁরা করেছেন। এমন আশঙ্কা অমূলক নয়, যখন তাঁরা দেখতে পাচ্ছেন যে সহকর্মীরা ছাড়া কোনো শক্তিই তাঁদের পাশে এসে দাঁড়াচ্ছে না। দমনপীড়ন নীতির সর্বোচ্চ প্রয়োগ হয়েছে পোশাক শ্রমিকদের আন্দোলনে। সামনেই জাতীয় সংসদ নির্বাচন। ক্ষমতাসীন দলও এ নিয়ে কিছুটা অস্বস্তিতে যে ছিল তার আঁচ পাওয়া যাচ্ছিল বেশ ভালভাবেই।

তবু মালিকপক্ষকে বাধ্য করা যায়নি শ্রমিকের দাবি মেনে নিতে। উলটে মালিকপক্ষের কথাই রইল। বেতন বাড়ানো হয়েছে, কিন্তু তা মোটেই যথেষ্ট নয়। শ্রমিকদের দাবি অযৌক্তিক ছিল না, বাজারদরের নিরিখে ন্যায্য দাবিই তাঁরা করেছেন। শ্রমিকবান্ধব একটি শক্তিশালী ট্রেড ইউনিয়নের অভাব এক্ষেত্রে হাড়ে হাড়ে টের পাওয়া গেছে। এমন ট্রেড ইউনিয়ন এখনো গড়ে ওঠেনি, যেখানে সমস্ত পোশাক শ্রমিক কেন্দ্রীভূত হতে পারেন। ফলত শ্রমিকরা দ্বিধাবিভক্ত হয়েছেন, আশাহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন। একটি স্বতঃস্ফূর্ত আন্দোলনের ফল পুরোপুরি পোশাক শ্রমিকদের ঘরে যায়নি, একথা হলফ করেই বলা যায়।

নিবন্ধকার ছাত্র রাজনীতির কর্মী

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.