জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার চূড়ান্ত অভিব্যক্তিই গণতন্ত্র। রাষ্ট্রীয় শক্তি যখন জনতার রায়ের তোয়াক্কা না করে নিজের ক্ষমতাবলে সিদ্ধান্ত নেয়, গণতন্ত্রের উল্লঙ্ঘন হয়। এই উল্লঙ্ঘনের নানারকম চেহারা। একদিকে যখন এক তরুণীর নির্মম হত্যাকে ঘিরে অন্যায় ও দুর্নীতি মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাত জাগছে পশ্চিমবঙ্গ, কিম্বা পড়শি বাংলাদেশের নবীন ছাত্রছাত্রীরা যখন দেশের গণতন্ত্র রক্ষার প্রয়োজনে বারবার রাস্তায় নামার কথা বলছেন, পশ্চিম ইউরোপেও তখন অনুরূপ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ফরাসী গণতন্ত্র।
গত ৭ সেপ্টেম্বর (শনিবার) ফরাসী প্রধানমন্ত্রী হিসাবে মিশেল বার্নিয়েরের নিযুক্তির প্রতিবাদে প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন শহরে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। প্রতিবাদের কারণ জুলাই মাসের নির্বাচনের জনাদেশের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁর বার্নিয়েরকে নিয়োগ করা। জুলাই নির্বাচনকে তাই চুরি হয়ে যাওয়া নির্বাচন আখ্যা দিয়ে ম্যাক্রঁর পদত্যাগ দাবি করছেন মানুষ।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
জুন মাসে ইউরোপিয় পার্লামেন্টের নির্বাচনের পরে পরেই ফ্রান্সের আইনসভা ভেঙে দিয়ে আচমকা নির্বাচনের ডাক দেন ম্যাক্রঁ। দুই দফার নির্বাচনে দেশের ৫৭৭টি আসনের মধ্যে সব থেকে বেশি আসন (১৯৩টি) পায় বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট। মোট ১৬৮ আসন জিতে দ্বিতীয় স্থানে ছিল মধ্যপন্থী এনসেম্বল এবং ১৪৩ আসনে জিতেছিল অতি দক্ষিণপন্থী ন্যাশনাল র্যালি। নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (২৮৯) না পেলেও ফ্রান্সের রাজনৈতিক প্রথা অনুযায়ী এই ফলাফলের নিরিখে বামপন্থীদের আশা ছিল নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করা হবে নিউ পপুলার ফ্রন্ট সমর্থিত প্রতিনিধিকে।
সোশালিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি, গ্রীন পার্টি এবং অতি বামপন্থী দল লে ফ্রান্স ইনসুমিকে নিয়ে গঠিত নিউ পপুলার ফ্রন্টের সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী প্রতিনিধি ছিলেন ফ্রান্স ইনসুমি থেকে। তারপরেও ইনসুমির শীর্ষনেতা জঁ লুক মেলঁশোঁ জোটের স্বার্থে প্রধানমন্ত্রিত্বের দাবি ছেড়ে দেন। কিন্তু আচমকা নির্বাচনের মুখে তৈরি হওয়া পাঁচমিশালি নিউ পপুলার ফ্রন্টের তরফে প্রধানমন্ত্রী পদের জন্য একজন প্রতিনিধি স্থির করা সহজ ছিল না। নির্বাচনের পরে প্রায় হপ্তাদুয়েক আলাপ আলোচনার মাধ্যমে স্বল্পপরিচিত সরকারি আধিকারিক লুসি কাস্টেটকে তারা বেছে নেয় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে।
তবে জোট হিসাবে নিউ পপুলার ফ্রন্ট ও এনসেম্বল এগিয়ে থাকলেও একক দল হিসাবে সর্বাধিক ভোট কিন্তু গিয়েছিল ন্যাশনাল র্যালির পক্ষেই। তাই ত্রিশঙ্কু আইনসভায় তাদের সমর্থন ছাড়া প্রধানমন্ত্রী নিয়োগ করা ম্যাক্রঁর পক্ষে কঠিন ছিল। আর নিউ পপুলার ফ্রন্টের পছন্দের প্রতিনিধি লুসিকে প্রধানমন্ত্রী পদে মেনে নিতে নারাজ ছিল ন্যাশনাল র্যালি। বস্তুত, মধ্যপন্থী থেকে দক্ষিণপন্থী – সকলেরই মূল আশঙ্কা ছিল, নিউ পপুলার ফ্রন্ট সরকার গঠন করলে তাতে অতি বামপন্থী ফ্রান্স ইনসুমির প্রতিনিধিত্ব থাকবে, যা তাঁদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। সুতরাং আইনসভায় যথেষ্ট সমর্থন না পেয়ে লুসির প্রতিনিধিত্ব বাতিল হয়ে যাবে – এমন কারণ দর্শিয়ে নিউ পপুলার ফ্রন্টের সরকার গড়ার সম্ভাবনা উড়িয়ে দেন রাষ্ট্রপতি। প্যারিস অলিম্পিকের অজুহাতে নতুন সরকার গঠন সাময়িকভাবে স্থগিত রাখেন।
নির্বাচন ঘোষণার সময়ে রাষ্ট্রপতি ম্যাক্রঁ বলেছিলেন ‘একটি সার্বভৌম রাষ্ট্রের জনতাকে তাদের মতপ্রকাশ করতে দেওয়ার চেয়ে গণতান্ত্রিক কিছু হতে পারে না।’ কিন্তু তারপর সেই জনমতেরই তোয়াক্কা না করে ৫ সেপ্টেম্বর নতুন প্রধানমন্ত্রী হিসাবে ম্যাক্রঁ নিয়োগ করলেন প্রাক্তন ইউরোপিয় কমিশনার এবং ফ্রান্সের পুরনো দক্ষিণপন্থী দল লে রিপাবলিকানের সদস্য বার্নিয়েরকে। যে লে রিপাবলিকান দল জুলাই মাসের নির্বাচনে পেয়েছিল মাত্র ৪৬টি আসন।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী হিসাবে বার্নিয়েরকে বেছে নেওয়া সম্ভব হল, কেন না নির্বাচনের ফলাফলে তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল র্যালির নেত্রী মারিন ল্য পেন স্পষ্ট করে দিয়েছিলেন যে বার্নিয়ের প্রধানমন্ত্রী হলে তাঁরা সরাসরি বিরোধিতা করবেন না, বরং সরকারের নীতি অনুযায়ী সমর্থন করা বা না করার সিদ্ধান্ত নেবেন। এখানে মনে রাখা দরকার, যে এই ন্যাশনাল র্যালিকে ঠেকাতেই কিন্তু নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফায় বহু আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত হয়েছিল এনসেম্বল ও নিউ পপুলার ফ্রন্ট। অতি দক্ষিণপন্থাকে রুখতে মধ্যপন্থী ও বামপন্থীদের এই সমঝোতাকে রিপাবলিকান ফ্রন্ট নাম দেওয়া হয়েছিল। কিন্তু এখন প্রধানমন্ত্রী হিসাবে বার্নিয়েরকে শর্তসাপেক্ষ সমর্থন দিয়ে ন্যাশনাল র্যালি কার্যত আইনসভায় তাদের প্রভাব বাড়িয়ে ফেলল।
তিয়াত্তর বছর বয়সী বার্নিয়ের ছিলেন ব্রেক্সিট সংক্রান্ত আলাপ আলোচনায় ইউরোপিয় কমিশনের প্রতিনিধি। কাজেই পরস্পরবিরোধী স্বার্থের মধ্যে দর কষাকষির অভিজ্ঞতা তাঁর যথেষ্ট। বহুবিভক্ত আইনসভাতেও ভারসাম্য বজায় রেখে চলতে হবে তাঁকে। তা না হলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে সরকার পড়ে যেতে পারে, যদিও তেমন নজির ফ্রান্সের ইতিহাসে খুব বেশি নেই।
আরো পড়ুন বাম, ডানের চাপে চিঁড়েচ্যাপ্টা হতে পারে লেবার পার্টির সরকার
ফ্রান্স ইনসুমি এবং সোশালিস্টরা ইতিমধ্যেই সরাসরি বার্নিয়েরের বিরোধিতা করেছে। ন্যাশনাল র্যালি জানিয়েছে – তাদের সমর্থন নির্ভর করছে সরকারের নেওয়া নীতির উপর। অর্থাৎ ন্যাশনাল র্যালিকে চটিয়ে কোনো আইন বার্নিয়ের প্রণয়ন করতে পারবেন এমন সম্ভাবনা কম। অন্যদিকে ন্যাশনাল র্যালিকে খুশি রাখতে পারলে সরকার পড়ে যাওয়ার সম্ভাবনাও যথেষ্ট কম। কেন না ম্যাক্রঁর পছন্দের প্রতিনিধি হিসাবে এনসেম্বলের সমর্থন এবং তাঁর নিজের দল লে রিপাবলিকানের সমর্থন বার্নিয়ের পাবেন বলেই ধরে নেওয়া যায়।
অভিবাসন, আয়কর, মহিলাদের গর্ভপাতের অধিকার, সমকামীদের অধিকার ইত্যাদি নানা বিষয়ে বার্নিয়েরের ইতিপূর্বের অবস্থান স্পষ্টভাবেই দক্ষিণপন্থী। বার্নিয়ের তাঁর বক্তব্যে যদিও বলেছেন যে বামপন্থী প্রতিনিধিদেরও সরকারে অন্তর্ভুক্ত করতে তাঁর আপত্তি নেই, কিন্তু বাস্তবে বার্নিয়েরের সরকার যে ম্যাক্রঁ এবং ন্যাশনাল র্যালির স্বার্থেই কাজ করবে তা নিয়ে খুব একটা সন্দেহের অবকাশ নেই। ম্যাক্রঁ ইতিপূর্বেই আভাস দিয়েছিলেন যে অভিবাসন এবং নাগরিক নিরাপত্তার বিষয়ে নতুন সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। ল্য পেনও অভিবাসন বিষয়ে তাঁদের সঙ্গে বার্নিয়েরের দৃষ্টিভঙ্গিগত সাদৃশ্যকে স্বাগত জানিয়েছেন। ইতিমধ্যেই, রবিবার ৮ সেপ্টেম্বর, অভিবাসন, আভ্যন্তরীণ নিরাপত্তা, স্বাস্থ্য ইত্যাদি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে গণভোটের মাধ্যমে সরাসরি জনমত সংগ্রহের জন্য বার্নিয়েরকে আহ্বান জানিয়েছেন ল্য পেন। আগামী কয়েক সপ্তাহ নতুন সরকারের কার্যক্রমের উপর তীক্ষ্ণ নজর রাখবেন বলে হুমকিও দিয়েছেন।
মনে রাখতে হবে, নগরকেন্দ্রিক শিক্ষিত যুবসম্প্রদায়, সরকারি কর্মচারী, অভিবাসী এবং শ্রমিকশ্রেণির মধ্যে বামপন্থী দলগুলোর ব্যাপক সমর্থন থাকলেও তা গোটা দেশের ছবি নয়। তাই অভিবাসন ইত্যাদি বিষয়ে গণভোট হলে দক্ষিণপন্থী মনোভাবের জয়ের সম্ভাবনাই বেশি। জুলাই নির্বাচনের ফলাফল যে আশা জাগিয়েছিল, মাত্র দুমাসের মধ্যে তা বিশ বাঁও জলে চলে গেল।
প্রধানমন্ত্রী হিসাবে নতুন সরকারের বিভিন্ন মন্ত্রীর নাম প্রস্তাব করবেন বার্নিয়ের। নতুন সরকারের মুখ্য পরিকল্পনাগুলোর তালিকা পেশ করবেন এবং অক্টোবরের শুরুতে তাঁকে আগামী বছরের বাজেট পেশ করতে হবে। নতুন প্রতিনিধিরা মনোনীত হওয়ার আগে পর্যন্ত প্রাক্তন সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রীরাই কাজকর্ম চালাবেন। তাঁদেরও বড় অংশই কোনো না কোনো দক্ষিণপন্থী দলের সদস্য। সুতরাং বার্নিয়েরের সরকার দেশের শ্রমিক শ্রেণি এবং তরুণ প্রজন্মের জন্য কোনো ইতিবাচক পদক্ষেপ নেবে – এমন আশা করছে না ফ্রান্সের পরিবর্তনকামী জনতা। ছদ্ম নির্বাচনের আড়ালে নিজের ক্ষমতা কায়েম রাখতে চাওয়া ম্যাক্রঁকে সরানোর লক্ষ্য নিয়ে তাই পথে নামছেন তাঁরা।
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







