‘রাষ্ট্র মেরামতির কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’ ২০১৮ সালে বাংলাদেশে সড়ক মেরামতি আন্দোলনে ছাত্রদের এই স্লোগান বাংলাদেশের নাগরিক সমাজের একাংশকে নাড়িয়ে দিয়েছিল। বিশেষত যাঁরা দলদাস নন। সেই স্লোগান এবার উঠে এসেছে কলকাতার রাস্তায়, যখন ঠিক বাংলাদেশের মতই, একটি ইস্যুতে শুরু হওয়া আন্দোলন ক্রমশ বৃহত্তর দাবির দিকে এগিয়ে চলেছে।

বাংলাদেশে যে ছাত্ররা ২০১৮ সালে সড়ক নিরাপত্তা আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলন করেছিলেন এবং ২০২০ সালে ধর্ষণবিরোধী আন্দোলন করেছিলেন, মূলত তাঁরাই কিন্তু এবছরের জুলাই-অগাস্টের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ছুঁড়ে ফেললেন। আসলে সেই ২০১৮ থেকেই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে রাষ্ট্র (ব্যবস্থা) সংস্কারের একটা চিন্তা চলছিল। যে কারণে তাঁরা জুলাই-অগাস্ট আন্দোলনের সময়ে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে কাছে ঘেঁসতে দেননি।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

যদিও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পরিস্থিতির অনেক পার্থক্য আছে। ওদেশে হাসিনা ২০০৮ সালের পর থেকে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন করতে দেননি। এখানে, ২০১৯, ’২১ ও ’২৩ সালে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, বিপুল আধাসামরিক বাহিনীর উপস্থিতিতে হওয়া তিনটি নির্বাচনে জিতেছে তৃণমূল কংগ্রেস। ওখানে হাসিনা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব দখল করে নিয়েছিলেন। এখানে রাজ্য সরকারকে নিয়মিত হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের সঙ্গে লড়তে হয়। ওখানে হাসিনা ভারসাম্য রক্ষাকারী সবরকম ক্ষমতা স্বতন্ত্রীকরণ মুছে দিয়েছিলেন। এখানে রাজ্য সরকার ও শাসক দলকে সিবিআই, ইডি ও আয়কর বিভাগের মত কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে লড়তে হচ্ছে। সঙ্গে আছে অন্যান্য সব কেন্দ্রীয় সরকারি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ঠ প্রতিষ্ঠান। তাই তৃণমূলের নিয়ন্ত্রণ আওয়ামী লিগের মত সার্বিকভাবে দমবন্ধ করা নয়। হাসিনা পুরো মিডিয়াকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলেন। কিন্তু তৃণমূলকে বিজেপিপন্থী জাতীয় সংবাদমাধ্যমের চাপও নিয়মিত সহ্য করতে হয়।

আবার মিলও আছে। ভয়ের পরিবেশ এবং রাজনৈতিক হেজিমনি আছে দুই বাংলাতেই। ওখানে হাসিনা সুবিধা পেতেন জনতার জামাত-ভীতির। এখানেও তৃণমূল অনেকাংশেই মুসলিম ও উদারপন্থী হিন্দুদের বিজেপি-ভীতির সুবিধা পায়। তৃণমূলের বিকল্প বিজেপি কিনা – এই প্রশ্ন উঠলেই অনেকে আর তৃণমূলের সমালোচনা করতে চান না।

আরেকটি গুরুত্বপূর্ণ মিল হল, ছাত্র আন্দোলন কিন্তু ঢাকা আর কলকাতাকে যুক্ত রেখেছে। ২০১৮ সালে সড়ক নিরাপত্তা আন্দোলনে বাংলাদেশের ছাত্ররা পুলিসের মার খেলে কলকাতায় ছাত্ররা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও করতে যায়। সেখানে তারা লাঠির বাড়ি খেলে ঢাকায় ছাত্ররা তারও প্রতিবাদ করে। ২০১৯ সালেও সিএএ-এনআরসিবিরোধী আন্দোলনে কলকাতার ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকায় ছাত্র বিক্ষোভ হয়। ছাত্র রাজনীতি, সমাজ গঠন নিয়ে ঢাকা-কলকাতা ছাত্রদের আলাপ কিন্তু বজায় থেকেছে।

এই ২০২৪ সালের জুলাইতেও বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থনে কলকাতার ছাত্ররা বিক্ষোভ দেখিয়েছে। তারপর কলকাতার আর জি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে শুরু হওয়া নারী সুরক্ষা ও দুর্নীতিবিরোধী আন্দোলনের সমর্থনে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাত দখলের কর্মসূচি ও অন্যান্য বিক্ষোভ সংগঠিত করেছেন। আজ যে কলকাতার রাস্তায় ঢাকার ‘রাষ্ট্র মেরামতি’ স্লোগান উঠে আসছে, তা এই প্রেক্ষিত থেকেই দেখা প্রয়োজন।

এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। শুরুতেই বাংলাদেশের ‘দফা এক, দাবি এক’ স্লোগান ধার করে নিয়েছিল এখানকার কিছু শক্তি, মূলত বিজেপি ও সংঘ পরিবারের মস্তিষ্কপ্রসূত ছিল ধারণাটি। ওখানে দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ অবধি পৌঁছতে অনেকগুলি ধাপ পেরোতে হয়েছিল ছাত্র-নাগরিক আন্দোলনকে। অন্তত শ তিনেক মৃত্যুর পরে এই এক দফা এসেছিল। পশ্চিমবঙ্গে শুরুতেই ‘দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ দাবি নিয়ে এল গেরুয়া শিবির, যদিও অরাজনৈতিক মোড়কে। ছাত্র-চিকিৎসকদের আন্দোলন কিন্তু ধাপে ধাপে দাবি বাড়াচ্ছে।

এই ছাত্র-চিকিৎসক-নাগরিক আন্দোলনে বাম ও উদারপন্থী শক্তির প্রভাবই এখনো বেশি। কিন্তু তা কোনোরকম রাজনৈতিক নিয়ন্ত্রণের ভিত্তিতে নয়। কারণ এই বাম, এখনো, নানা কিসিমের সাংস্কৃতিক বাম – নির্দিষ্ট কোনো রাজনৈতিক বাম দল নয়।

বাংলাদেশে যেমন ধর্মনিরপেক্ষ বনাম মৌলবাদী রাজনৈতিক মেরুকরণের ফলে ব্যবস্থার ক্রমিক পচন নিশ্চিত হয়ে গিয়েছিল, তেমনি ছাত্র-নাগরিকদের আন্দোলন সমস্ত রাজনৈতিক শক্তিকে নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে রাখার মধ্য দিয়ে গোটা ব্যবস্থাকে ধাক্কা দিতে পেরেছে। তারা হাসিনা বনাম বিএনপি-জামাত – এই মেরুকরণের সম্ভাবনাকে বাতিল করেছিলেন বলেই একেবারে ব্যবস্থার মূলে আঘাত করার জায়গায় পৌঁছতে পেরেছেন। এখন হাসিনা নেই। কিন্তু বিএনপি ও জামাত থেকে শুরু করে সব দলকেই মানুষের মন পেতে অতীতের পাপের দাগ মুছতে সক্রিয়ভাবে উদ্যোগ নিতে হচ্ছে।

আরো পড়ুন ‘ভারতের সকলের সাথে বাংলাদেশের মানুষের বিদ্বেষ থাকার কারণ নাই’

এই রাজ্যেও, তৃণমূলের বিকল্প বিজেপি – এইরকম চাপিয়ে দেওয়া মতবাদকে চ্যালেঞ্জ ও খণ্ডন করার মধ্যে দিয়েই ছাত্র-চিকিৎসক-নাগরিকরা এই ব্যবস্থার শরিক সবাইকে চাপে রেখে বৃহত্তর কাঠামো সংস্কারের কথা ভাবতে পারেন। এর বিকল্প ও – এই মেরুকরণের বাইরে বেরোতে পারলে তবেই ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনা সম্ভব।

আর জি কর কাণ্ডকে ঘিরে তৈরি হওয়া আন্দোলন এখনো অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যাবে। শেষে কোথায় পৌঁছবে কেউ জানে না। সাধারণ মানুষ আন্দোলন হাইজ্যাক হওয়া কতদিন আটকাতে পারবেন, তা এখনই স্পষ্ট নয়। রাজ্যের মূল বিরোধী দল হিসাবে বিজেপি তো এই আন্দোলনের ঘাড়ে চেপে ক্ষমতায় আসতেই চায়। কিন্তু প্রশ্ন হল, যেসব ইস্যুতে আন্দোলন হচ্ছে, তাতে বিজেপির শাসনের খতিয়ান কী? সোমবার রাতে প্রাক্তন বিচারপতি, বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘গো ব্যাক’ স্লোগান শোনানোর মধ্যে দিয়ে আন্দোলনকারীরা তাঁদের লড়াইয়ের দলীয় রাজনীতিবিহীন চরিত্র স্পষ্ট করেছেন।

এই আন্দোলন তাই আশা জাগাচ্ছে, ব্যবস্থা মেরামতির কিছু গভীর উদ্যোগের সম্ভাবনা দেখাচ্ছে। সুবিধাবাদীদের সফলভাবে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে পারার উপর আন্দোলনের সাফল্য নির্ভর করবে। কতখানি গভীরে এই আন্দোলন আঘাত হানতে পারবে, ব্যবস্থার কতটা সংস্কার করতে পারবে তাও নির্ভর করবে।

মতামত ব্যক্তিগত

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.