আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় ৩ ডিসেম্বর। এবারে প্রতিবন্ধী দিবসের প্রাক্কালে পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী শিক্ষা সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন ডাক দিয়েছিল এক জনসভার। তাদের দাবি মূলত চারটি – ১) পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রতিবন্ধীদের জন্য বিশেষ কলেজ তৈরির উদ্যোগ বন্ধ করা, ২) প্রতিবন্ধীদের জন্য যেসব স্পেশাল স্কুল চলে সেগুলিকে রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসা, ৩) জাতীয় শিক্ষানীতি এবং ৪) রাজ্য শিক্ষানীতি, যা জনবিরোধী, তা বাতিল করা।
এ বছরের ২৭ জুলাই বিধানসভায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। কিছু মানুষ এরকম পরিকল্পনার প্রশংসা করবেন, কিন্তু একটু গভীরভাবে ভাবলে বোঝা যায়, সারা পৃথিবীতে যখন অন্তর্ভুক্তির কথা চলছে, তখন প্রতিবন্ধীদের জন্য আলাদা করে কলেজ তৈরি করা আসলে পিছন দিকে হাঁটা। স্পেশাল স্কুলের কিছু প্রয়োজনীয়তা থাকে, কারণ শিশু অবস্থায় অনেক প্রতিবন্ধী পড়ুয়ার কিছু বিশেষ সহায়তার দরকার হয়। তবে অন্তর্ভুক্তিমূলক সাধারণ স্কুলেই পড়াশোনা করে একজন প্রতিবন্ধী নিজের পায়ে দাঁড়িয়েছেন – এরকম উদাহরণও দেখতে পাওয়া যায়। বলে রাখা ভাল, আমাদের দেশের আইন অনুসারে শিশুর বাবা-মায়ের স্পেশাল স্কুল বা সাধারণ স্কুলে ভর্তি করার অধিকার আছে। একই আইন বলছে, দেশের সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য ৫% সংরক্ষণ রাখতে হবে। সুতরাং পশ্চিমবঙ্গে বিশেষ কলেজের কী প্রয়োজন তা একেবারেই বোঝা যাচ্ছে না।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
কলেজ বা বিশ্ববিদ্যালয় তরুণদের জন্য নতুন দিগন্ত খুলে দেওয়ার জায়গা। সেখানে তাঁরা বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হন। সেখানেও যদি তাঁদের আলাদা করে রাখা হয়, ভবিষ্যতে কী করে কর্মস্থলে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করবেন? আর পাঁচজনের মত ভবিষ্যৎ তাঁদের থেকে দূরে চলে যাবে। তাছাড়া এই বিশেষ কলেজ তৈরি হলে সাধারণ কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে আর এঁদের জন্য সংরক্ষণকে গুরুত্ব দেওয়া হবে না – এই আশঙ্কাও থেকে যায়। এই কলেজে কী পড়ানো হবে, কী ধরনের বিষয় থাকবে – কিছুই বলা হয়নি। অথচ মন্ত্রী জানিয়ে দিলেন, উত্তর ২৪ পরগনার বাণীপুরে এই কলেজ স্থাপন করার জন্য জমি অধিগ্রহণ করা হয়ে গেছে।
এখানে উল্লেখ করা ভাল, পশ্চিমবঙ্গের স্পেশাল স্কুলগুলোর অবস্থা বেশ খারাপ, পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক বা শিক্ষাকর্মী নেই। ফলে এই শিশুরা ঠিকমত শিক্ষাগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত। অন্যদিকে সাধারণ স্কুলগুলোতে অন্তর্ভুক্তির নামে ছেলেখেলা চলছে। নেই শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য সঠিক পরিকাঠামো। স্পেশাল এডুকেটর নিয়োগ পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে খুবই কম। সত্তরটা স্কুলের জন্য একজন স্পেশাল এডুকেটর আছেন। এইভাবে যে বৌদ্ধিক প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের পড়াশোনা করানো যায় না, তা কি সংশ্লিষ্ট দফতর জানে না? তাছাড়া প্রতিবন্ধী শিশুদের পড়াশোনার দায়িত্ব কেন শিক্ষা দপ্তর নেবে না, তাও এক অদ্ভুত ধাঁধা। শিক্ষার অধিকার তো সব শিশুরই সমান।
আরো পড়ুন স্পেশাল স্কুলে দৃষ্টিহীন শিশুর মৃত্যু: আমাদের অবহেলা
জাতীয় শিক্ষানীতি নিয়ে নতুন করে খুব কিছু বলার নেই। ওই নীতির মূল কথাই হল বেসরকারিকরণ, যদিও প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের কথা এই নীতিতে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। যেহেতু আগে কোনো শিক্ষানীতিতে তা করা হয়নি, সেহেতু বেশকিছু এনজিও উচ্ছ্বসিত। কিন্তু ওই শিক্ষানীতি বিশ্লেষণ করলেই বোঝা যায় প্রতিবন্ধী শিশুদের জন্য ওটা কতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। প্রথমত, এই নীতিতে হঠাৎ করে স্পেশাল এডুকেশনের আওতায় বিভিন্ন প্রান্তিক শিশুদের একত্র করে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। ক্লাস্টার স্কুল তৈরি হলে যে এই শিশুরা সবথেকে বেশি বঞ্চিত হবে তা তো বলাই বাহুল্য। তবে প্রতিবন্ধী আন্দোলনের দৃষ্টি থেকে জাতীয় শিক্ষানীতির সবথেকে বড় সমালোচনা এই, যে উচ্চশিক্ষার অধ্যায়ে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের কথা একেবারেই নেই। যেন এরা চিরকাল শিশুই থাকবে অথবা স্কুলে পড়াশোনার পর এদের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। জাতীয় শিক্ষানীতি যেন ধরেই নিয়েছে, মাল্টিপল এক্সিট মাধ্যমে প্রতিবন্ধী শিশুরা সপ্তম-অষ্টম শ্রেণি অবধি পড়বে, তারপর বৃত্তিমূলক শিক্ষায় চলে যাবে। কোনোদিনই কলেজে পৌঁছবে না।
পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য শিক্ষানীতিতেও খুব বেশি আশার আলো দেখা যাচ্ছে না। প্রতিবন্ধী শিশুদের বাড়িতে বসে পড়াশোনা করাকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এই শিক্ষা যে আসলে কতখানি বঞ্চনা, তা আমরা লকডাউনের সময়ে দেখেছি।
মোটের উপর বোঝা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, কেউই প্রতিবন্ধী মানুষদের শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে না। বর্তমান যুগে মনে করা হয় প্রতিবন্ধকতা কোনো মানুষের ব্যক্তিগত বিষয় নয়, সমাজ প্রতিবন্ধকতা তৈরি করে বা বাধা সৃষ্টি করে। এইসব বাধা দূর করা সরকারের দায়িত্ব। আমাদের দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সরকার উলটে আরও বেশি বাধা সৃষ্টি করছে। শিক্ষা এমন এক হাতিয়ার যা একজন প্রতিবন্ধীকে অনেকটাই মূল স্রোতে ফিরিয়ে আনতে পারে। অথচ এদের শিক্ষাকে সম্পূর্ণ অবহেলা করে তাঁদের অন্যের উপর নির্ভরশীল করে রাখতেই সরকার উদ্যোগ নিচ্ছে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় সরকারের পক্ষ থেকে, অনেক এনজিওর পক্ষ থেকেও। কিন্তু প্রতিবন্ধী মানুষের শিক্ষার অধিকার সুরক্ষিত করে তাঁদের জীবন থেকে বাধা দূর করার কাজ কি অসম্পূর্ণই থেকে যাবে?
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।






