সৌভিক গুহ সরকার

শোকের একটা ভেতরের ঘর থাকে, শোকের একটা বাইরের ঘর থাকে।

শোক বাইরে এলে ভদ্র হয়ে পরিমিত হয়ে পোশাক পরে আসে। ভেতরের ঘরে শোক নগ্ন, বেসামাল, ভয়ঙ্কর। কোনো কোনো আঘাত এমন আসে যখন শোকের ভেতরের ঘর আর বাইরের ঘর এক হয়ে যায়। তখন শোক ঝড় হয়ে উঠে মনের প্রতিটি গ্রন্থিকে টেনে টেনে ছিঁড়তে থাকে। তখন বহুদিনের অর্জিত ব্যক্তিত্ব ভেসে যায় শোকের জলে।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

আজ তেমনই ঝড় উঠেছে সান্যাল বাড়িতে। ঘর তীব্র বিষাদে ভারী হয়ে আছে।

অনেকক্ষণ ধরে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে। এক ধরনের বিলাপ।

অতিনাটকীয়তা মনে হতে পারে।

পেঁপে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের নরম আলো এসে পড়েছে গাঁদা আর গোলাপের শরীরে। নীল আকাশে নারকেল গাছ হেলে রয়েছে। সেই গাছে দুটি কাঠঠোকরা রোদ্দুরে ভিজে ক্রমাগত টি-টি-টি-টি শব্দ করে চলেছে। শালিক চড়ুই এই সান্যাল বাড়ির বাগানে খেলে বেড়াচ্ছে। তারা তেমন কিছু বুঝতে পারছে না। একটা দুর্গাটুনটুনি কিসের আশায় ফুড়ুৎ করে উড়ে গেল? সে যা চাইছে, তা কি সে পাবে?

যে ঘরে মৃতদেহ শায়িত, সেখান থেকে ভেসে আসছে ধুপ আর অগুরুর গন্ধ।

বাসন মাজতে আসে যে মেয়েটি, সেও শাড়ির খুঁট দিয়ে চোখের জল মুচছে।

ইস্ত্রি করা কাপড় ফেরত দিতে এসে চুপ করে দাঁড়িয়ে রইল লালবিহারী। সবার মুখ থমথমে।

যে ব্যক্তি মৃত, তার জন্যে তারা চিন্তিত নয়, তারা অন্য কারণে স্তব্ধ।

আজ তারা রজনী সান্যালকে বিলাপ করতে দেখছে।

রজনী সান‍্যাল বিলাপ করার মহিলা নন। এ কথা তাঁর পাড়াপ্রতিবেশীরা সকলেই জানে।

সারাজীবন সরকারি অফিসে চাকরি করেছেন তিনি দক্ষতা ও তেজের সঙ্গে।

তাঁর সঙ্গে চাকরি করেছেন যাঁরা, তাঁদের মধ্যে অতি ঘোড়েল প্রমথ রায় পর্যন্ত একথা স্বীকার করবেন যে রজনী সান্যালকে ঘাঁটানো ঠিক নয়। হিতে বিপরীত হতে পারে।

পাড়ার দোকানে সান্যাল বৌদিকেও সকলেই সমীহ করে চলেছে।

এমনকি রজনীকে তাঁর পরিবারের লোকেরাও সমঝে চলেছে।

সেই রজনী সান‍্যাল আজ কেঁদে কেঁদে বিলাপ করছেন!

২

রজনী সান্যালের তিন সন্তান।

ছোট ছেলে অরুণাভ ইঞ্জিনিয়ার। আমেরিকায় চাকরি করে। বিবাহিত। তার এক পুত্র, এক কন্যা।

মেয়ে অবন্তিকা আইটিতে আছে – বিবাহিত। তার এক পুত্র।

কিন্তু প্রথম সন্তান? তাঁর বড় ছেলে অরিন্দম?

সে মাধ্যমিকে স্টার পেয়েছিল সেই যুগে, যখন পরীক্ষায় নম্বর পাওয়া সহজ ছিল না। শেষমেশ কী হল তার?

সে তো বিজ্ঞাপনে চাকরি করতে মুম্বাই গিয়েছিল। তারপর?

রজনী সান্যাল বা তাঁর স্বামী সুমন্ত সান্যালের এটা মোটেই পছন্দ ছিল না। তাঁদের ইচ্ছে ছিল বড় ছেলে সরকারি চাকরি করুক। কিন্তু অরিন্দমের কিছু বন্ধু তাকে বোঝাল যে সরকারি চাকরিতে মজা নেই। নতুন যুগের ছেলেরা কেন নিজেদের অন্যদিকে ঠেলবে না? বন্ধুদের কথায় মুম্বাই চলে গেল অরিন্দম।

সেইখানে কোনো নারীকে ভালবেসেছিল? তার কোনো বন্ধু বলে, হ‍্যাঁ। কোনো বন্ধু বলে, না।

অরিন্দমের ঘনিষ্ঠ বন্ধু ইন্দ্রজিৎ অবশ‍্য বলেছিল, ‘কাকিমা, ও পতিতাপল্লীর একটি মেয়েকে ভালবেসেছিল, কিন্তু স্বাভাবিকভাবেই সেটা একতরফা ছিল। সেই থেকে ও ড্রাগের নেশা ধরল।’

লিলুয়ায় যখন ফিরে এল অরিন্দম, তখন ব্রাউন সুগার আর কোকেন তার জীবনের অংশ হয়ে উঠেছে।

ছেলের এই অবস্থা দেখে তেলেবেগুনে জ্বলে উঠলেন সুমন্ত। কিন্তু রজনী শান্ত।

অরিন্দমকে রিহ‍্যাবে ভর্তি করলেন। দিনের পর দিন কাউন্সেলিং সেশনে যাওয়া শুরু করলেন।

ড্রাগ নিয়ে পড়াশোনা শুরু করলেন।

মেয়ে আর ছোট ছেলে অরিন্দমের দিকে বাঁকা চোখে তাকাত।

‘কী যে করল দাদা’ বা ‘জীবনটা নষ্ট করল দাদা’ বা ‘আমাদের পরিবারের নাম ডোবাল’ – এইসব উক্তি উচ্চারিত হলে ঝলসে উঠতেন রজনী – ‘তোমরা নিজেদেরটা নিয়ে ভাবো। দাদা কী করেছে, আর কী করেনি তা নিয়ে তোমাদের ভাবতে হবে না।’

অরুণাভ তো একদিন বলেই ফেলল, ‘মা, তুমি দাদাকে নিয়ে বড্ড বেশি আদিখ্যেতা করছ!’

রজনী বলেছিলেন, ‘তোমার মতামত অনুযায়ী আমায় জীবন চালাতে হবে?’

চুপ করে গিয়েছিল অরুণাভ।

রাতে সুমন্ত সান্যাল ও রজনী সান্যালের ঘর থেকে যে চাপা কথা কাটাকাটির আওয়াজ পাওয়া যায়নি, একথা বলা যায় না। রিহ‍্যাব থেকে দিন তিন-চারেকের জন্য অরিন্দম ফিরে আসত।

তখন বাড়িতে অদ্ভুত নীরবতা।

সুমন্ত তাঁর পুত্রের সঙ্গে কয়েকটা কথা বলার পরেই ক্ষেপে উঠতেন।

রজনী মধ‍্যস্থতা করতেন।

অবন্তিকা আর অরুণাভ এড়িয়ে চলত দাদাকে। তারা জানত দাদাকে পাহারা দিচ্ছেন তাদের মা।

অবন্তিকা এবং অরুণাভর বিয়ের সময়েও অরিন্দমকে নিয়ে কথা উঠেছিল।

যে পরিবারের একটি ছেলে ড্রাগ-অ্যাডিক্ট, সেই পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করা কতটা যুক্তিযুক্ত কাজ হবে? সুমন্ত একটু অপ্রস্তুত হয়েছিলেন। রজনীর কোনো দ্বিধা ছিল না।

তিনি সোজা উত্তর দিয়েছিলেন, ‘আমার বড় ছেলে আমার কাছে লজ্জার বিষয় নয়। ও কাউকে খুন করেনি, যে তার জন্যে আমাদের অপরাধবোধে ভুগতে হবে। ও ড্রাগ নিয়েছে, তবে এখন চেষ্টা করছে ছাড়ার। আপনাদের যদি মনে হয় যে এর জন্য আপনারা আমাদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আসতে চাইছেন না, তাহলে আসবেন না।’ সুমন্ত রজনীর এই উত্তরে চমকে উঠেছিল।

তবু বিয়ে হয়েছে অবন্তিকা, অরুণাভ – দুজনেরই। প্রেম করেই।

বিয়েগুলোতে অরিন্দমও যোগদান করেছে। গান গেয়েছে।

অবন্তিকার ননদ ফিসফিস করে তাকে জিজ্ঞেস করেছে, ‘বৌদি, তোমার দাদা ড্রাগ খায়?’

অবন্তিকা চুপ করে গেছে। কথা বলেনি।

অরুণাভ অবশ্য জানতে পেরেছে যে বিয়ের ফাঁকেই দাদা একদিন মাদক সেবন করেছে।

মায়ের ওপর সে গিয়ে চিৎকার করেছে, ‘দাদাকে ড্রাগের জন্য পয়সা দিচ্ছ? আর কত প্রশ্রয় দেবে মা? তুমিই তো দাদার বারোটা বাজাচ্ছ। আমি হলে চামড়া তুলে দিতাম।’

সপাটে একটি চড় পড়ল অরুণাভর গালে। অরুণাভ ভাবতে পারেনি যে মা এই বয়সে তাকে চড় মারবে। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।

রজনী বললেন, ‘যা বোঝো না, তা নিয়ে কথা বোলো না। আর চোখ রাঙাতে হলে অন্য কোথাও যেতে পারো।’

অরুণাভ বিয়ে করে আমেরিকা চলে গেল। মায়ের সঙ্গে তার যোগাযোগ নেই।

চার বছর আগে সুমন্তর মৃত‍্যুর সময় সে তার পুত্র কন্যা আর স্ত্রীকে নিয়ে এসেছিল।

বাবাকে সে বড় ভালবাসত। কিন্তু মায়ের সঙ্গে কথা বলল না।

রজনী অবশ্য তাঁর নাতি নাতনিদের সঙ্গে খুব মজা করলেন। বৌমাকে তাঁর স্নেহাশিস দিলেন।

যেদিন স্বামীর মরদেহ বাড়ি ছেড়ে চলে গেল, তিনি তাকিয়ে রইলেন শুধু পাথরের মত। অশ্রুপাত করলেন না। দীর্ঘশ্বাস ফেললেন। সুমন্তর মুখাগ্নি করেছিল অরুণাভ। যদিও অরিন্দম শ্মশানে গিয়েছিল।

কিন্তু অরুণাভ খবর পেয়েছিল দাহকার্যের পরেই অরিন্দম আবার ড্রাগ নিয়েছে।

টাকা কে দিয়েছিল, সে প্রশ্ন অবান্তর।

সুমন্ত যে বছর চলে যান, সে বছর চাকরি থেকে অবসর নেন রজনী।

রিহ‍্যাব থেকে অরিন্দম ফিরে আসে।

সে লড়াই করছে ড্রাগের টান থেকে মুক্ত হবার। রজনী অরিন্দমের বিয়ের ঠিক করেন।

পরিবার ও আত্মীয়স্বজনের ভেতর থেকে কথা ওঠে, এ পাগলামি! এ বিয়ে টিকবে না।

রজনী স্থির। সমাহিত।

পালটা প্রশ্ন করেন, ‘এ সমাজে সবার বিয়ে টেকে কি? যারা ড্রাগ নেয় না, তাদেরও তো বিয়ে ভেঙে যায়। তাও তো বিয়ে হয়, হচ্ছে। অরিন্দম আর পাঁচজনের মতই বাঁচবে।’

আরো পড়ুন অশ্বজাতিকা

বিয়ে হল। ঘরোয়া একটি মেয়ের সঙ্গে। চৈতালি।

নৈহাটিতে একটা কাপড়ের দোকান রয়েছে তার বাবার। তারা চার বোন। বাবা সংসার টানতে পারছেন না।

মেয়ের বয়স পঁয়ত্রিশ। সেও সামান্য চাকরি করে। সেই মেয়েকে ঘরে আনলেন রজনী।

অল্প কিছু মানুষ উপস্থিত ছিল রেজিস্ট্রির দিনে। রজনী নতুন বউকে বললেন, ‘তুমি তো সব জেনেই বিয়ে করছ। আমি তোমার হাতে অরিন্দমকে দিয়ে যাব। তোমরা সুখে সংসার করবে।’

অরিন্দম কখনোই বেশি কথা বলত না। তার দু-একজন বন্ধু ছাড়া বিশেষ কেউ ছিল না কথা বলার।

স্বভাবত সে ছিল মুখচোরা, মাদক তাকে অসামাজিক বানিয়েছিল।

তবু বিয়ের পরে পাড়ার লোকে তাকে বাজারে মাছ নিয়ে দরাদরি করতে দেখেছে।

সে আর পাঁচজনের মত হয়ে ওঠার চেষ্টা করেছে। রজনী ছেলে ও পুত্রবধূকে নিয়ে পুরী ঘুরে এলেন।

অরিন্দম একটা চাকরিও পেয়ে গেল। নাইট শিফট। অবন্তিকা চৈতালিকে নিয়ে রেস্তোরাঁয় খেতে গেল।

অবন্তিকা চার বছরের ছেলে রিম বলতে শিখল, ‘মা-ম্মি-মা!’

একদিন কথা প্রসঙ্গে অবন্তিকা রজনীকে বলল, ‘দাদা বড্ড বেশি সিগারেট খাচ্ছে মা!’

রজনী বললেন, ‘ড্রাগ যারা ছাড়ে, তাদের অন্য কিছু একটা লাগে। পরে হয়ত এটাও ছাড়বে।’

তবু শেষরক্ষা হল না। একদিন পৌষের নরম সকালে চলে গেল অরিন্দম। হৃদযন্ত্র বিকল হল তার‌।

রজনী ভেঙে পড়লেন। যে রজনীকে কেউ কখনো কাঁদতে দেখেনি, সেই রজনী বুকফাটা বিলাপ করতে লাগলেন অরিন্দমের মৃতদেহর পাশে বসে।

সেই কান্নার আওয়াজ সারা পাড়ায় ভারি কুয়াশার মত ছড়িয়ে পড়ছিল।

মানুষের সর্বস্ব গেলে মানুষ যে কান্না কাঁদে, এ তেমন কান্না।

অবন্তিকা অনেকক্ষণ ধরে এটা লক্ষ‍ করার পর রজনীর কাছে গিয়ে বলল, ‘মা, এবার চুপ করো। দাদার শরীর তো এমনিতেই ঝাঁঝরা হয়ে গিয়েছিল। এটা তো একদিন না একদিন হতই! এই জন্য এত কাঁদছ কেন?’

রজনী চোখের জল মুছে তীক্ষ্ণ কন্ঠে মেয়েকে বললেন, ‘তোর নিজের সন্তান মরলে তখন বুঝবি কোথা থেকে কান্না আসে!’

‘মা!’ শিউরে উঠল অবন্তিকা।

রজনীর সান্যালের চোখ তখন দাউদাউ করে জ্বলছে।

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.