কলকাতার সীমা ছাড়িয়ে, বেশিদূর না, হাওড়ার গ্রাম-মফসসলের দিকে গেলেই নানা আঞ্চলিক ব্যঙ্গ-তাচ্ছিল্যের মধ্যে এক বিশেষ শব্দজোড়া কানে আসতে পারে – ‘গাদায় যা।’ গাদা বলতে সাধারণত বোঝানো হয় স্তূপাকার কিছু। এই বিশেষ তাচ্ছিল্য বাক্যের ক্ষেত্রে জঞ্জালের গাদা অর্থেই ব্যবহৃত হয়, সেদিক থেকে এটা অনেকটা ‘চুলোয় যা’ বা ‘উচ্ছন্নে যা’-এর সমার্থক।
ত্রিপুরার গ্রাম জলেবাসার গপ্পো নিয়ে কথা বলতে এসে হঠাৎ হাওড়ার ঠাট্টা তামাশার প্রসঙ্গ আনলাম কারণ, গপ্পের ‘হিরো’ সত্যি সত্যিই ওই গাদাতে গিয়েই ‘সব্বোনাশ’ করল। মানে সোজা কথায়, গাদার সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
আমাদের এ গপ্পের হিরোর নাম মহেন্দ্র। ব্যবসায়ী বাপের অপোগণ্ড ছেলে। তেমন বড় হয়নি, স্কুলেই পড়ে। পড়াশোনায় ওই যাকে বলে গাড্ডু মারা, ফি বছর তাই জোটে তার কপালে। আর জোটে বেদম মার। পরীক্ষায় গাড্ডু তো আছেই, তবে মার খাওয়ার অন্য কারণও আছে। না, এমন কিছু গর্হিত অপরাধ সে করেনি, কেবল পাড়ার চড়াইকে একখানা প্রেমপত্তর দিয়েছিল, তাতে গণ্ডাখানেক বানান ভুল ছিল। আর চড়াইও কী চুকলিবাজ মেয়ে রে বাপু! এমন দুর্লভ ভালোবাসা বুঝল না, মহেন্দ্রর অমন খাঁটি সোনার মত মনটাকে বুঝল না, সটান ওই প্রেমপত্তরখানা তার ব্যবসাদার, রাগী বাপের কাছে দিয়ে চলে এল। এমনিও প্রতিযোগিতার ‘স্মার্ট’ দুনিয়ায় বোকা-হাঁদা, ফেল্টুস ছেলের প্রেম করার অধিকার বিশেষ থাকে না, তার উপর অত বানান ভুল দেখে বাপের হাতে বেচারি মহেন্দ্র উত্তমমধ্যম পিটুনি খেল।
আর শুধু কি বাপের হাতে মার? এরপর আছে সংসারে বিরক্ত মায়ের হাতে মার, এমনকি প্রেমের ফাঁদে পড়ে হাঁটুর বয়সি ছেলের হাতেও মার। চাঁদ ঢাকা বাঁশবাগানে বসে, বেসুরো গান গাইতে গাইতে এসব নিয়ে দুঃখু করছে ঠিক সেই মুহূর্তেই তার সঙ্গে গাদার বন্ধুত্ব হয়ে গেল।
উল্টোদিকে ছোট্টখাট্ট গাদা। তার ওসব বালাই নেই। তার একচিলতে ঘর রয়েছে, ঘরে ঠাকুমা রয়েছে, ছাগল রয়েছে, গাছ, সবজি— এসবও রয়েছে। ঝুটঝামেলাহীন, পলকা জীবনে অন্ধকার বলে যে কিছু থাকতে পারে, তেমনটা বোঝার মত মাথা এখনো পাকেনি তার। সে বুদ্ধি অবশ্য মহেন্দ্ররও নেই।
তা এই দুই বোকা বন্ধুকে জড়িয়েই গড়ে উঠছে জলেবাসা আর জলেবাসার চরিত্ররা। যেমন চড়াই, তার সই বিল্লি, চড়াইয়ের অকালপক্ব ভাই বগা, পাগল ভ্যালা, গাদার ঠাম্মা, আরও এ জন, সে জন। গাদার ঠাম্মাও বেশ একজন মানুষ। বাপ-মা হারা নাতিটাকে নিয়ে তাঁর উষ্ণ ভাঙা ঘর। সেখানে ঘটনাচক্রে ছিটকে এসে পড়ে মহেন্দ্র। একের পর এক প্রশ্ন করে চলে। ঠাম্মা তাকে আদর করে খেতে দেন, কত অজানা গল্প বলেন।
হচ্ছে চাকদহ নাট্যজনের সাম্প্রতিক প্রযোজনা একটা ইস্কুল-এর কথা। নাটক লেখা থেকে শুরু করে মঞ্চসজ্জা, আবহ, আলো এবং নির্দেশনা দেবাশিসের।
হলে ঢুকে প্রথম দেখায় একটা বেশ মন ভাল করা আবহ তৈরি হয়ে যায় সেটটার জন্য। গোটা মঞ্চ জুড়ে একটা বিরাট নীল রঙের জাল টাঙানো, তার উপর সাজিয়ে রাখা গোছা গোছা তুলো। ব্যাস, সেট বলতে এই। সবচেয়ে বড় কথা, গোটা নাটক জুড়ে অত কান্না-হাসি, ভালো-মন্দের, মিলন-বিচ্ছেদের টানাপোড়েন চলছে, হয়ত দিন-রাতের পরিবর্তনও হচ্ছে, কিন্তু মাথার উপরের ওই নীল ছাতাটা সরছে না। ভালবাসা হোক বা ঘৃণা, সবেরই যে সাক্ষী থাকে ওই আকাশ, রং তার যা-ই হোক।
নাটকের একদম শুরুতে গাদা বেশ সরল মনে নতুন বন্ধু মহেন্দ্রকে বলে ‘শিখনের কোনও স্থান-কাল-পাত্র হয় নাকি!’ ভ্যাবাচ্যাকা মহেন্দ্রর সেসব বুঝতে স্বাভাবিকভাবেই সময় লাগে, মোটা মাথায় পুরো ব্যাপারটা সাজিয়ে তুলতে তুলতেও বেশ খানিক কথা পার হয়ে যায়। কিন্তু ওরই মধ্যে দর্শক বুঝতে পারছেন, ওই একখানা বাক্যে গোটা নাটকের মেজাজটিকে চিহ্নিত করে দিয়েছে ছোটখাট, ১২ বছরের গাদা, বা বলা ভালো, তার হয়ে করে দিয়েছেন অভিনেতা অমিত সাহা।
গাদা অবশ্য আরও অনেক কিছু বলে। হাঁ-মুখ মহেন্দ্র শুনে চলে, তারই মধ্যে পরিস্থিতির নিয়ন্ত্রণ খানিক পিছলে যায়। প্রচুর জ্ঞানগর্ভ কথায় ভারি হয়ে ওঠে মঞ্চের পরিবেশ। নাটকের পরিণতিতে রূপকথা-রূপকথা গন্ধ চলে আসে। নাটক মানে তা আজকের পরিস্থিতিকে খপ করে বাঘের মত চেপে ধরবে, প্রশ্ন করবে ব্যবস্থাকে, এসব প্রত্যাশা নিয়েই আমাদের যাওয়া-আসা, সেখানে এমনধারা জ্ঞানগর্ভ বক্তৃতা কিছুক্ষণের জন্য নাটককে দুর্বল করে তোলে।
কিন্তু এটা নিয়ে নির্দেশক দেখলাম যথাসম্ভব সচেতন।
‘সব ভালো’-র রূপকথার জগতে তিনি নাটককে বেঁধে রাখেন না। গাদা-ঠাম্মার সতেজ সংসারে, যেখানে মহেন্দ্রও অংশ হয়ে উঠেছে, সেখানে অন্য আরেক বিপদ এসে উপস্থিত হচ্ছে। অস্তিত্ব টিকিয়ে রাখার সংকট। যথাযোগ্য প্রতিরোধও তৈরি হচ্ছে, তাতে সামনের সারিতে থাকছেন ওই স্নেহাতুর ঠাম্মাই (অদিতি লাহিড়ী)। প্রতিরোধের ঘর হয় না, পথ হয়। সেই পথ আঁকড়ে পড়ে থাকলে পালটে পালটে যায় চিরায়ত মূল্যবোধ। তখন কী বা ন্যায়, কী বা অন্যায়, তারও হিসাবনিকাশে বদল আসে। আপনভোলা গাদাকে ঠাম্মা সেকথা বোঝান। এক ঝলকের জন্য দেখা দেয় গাদার আত্মহত্যা করা বাপ (বা বাপের ভূত) কলম্বাস পালও। কলম্বাসের ভূত চেপে রাখা স্মৃতিকে ফিরিয়ে আনে, রূপকথার সম্ভাবনাকে গুঁড়িয়ে নাটকও ফিরে আসে বাস্তবে। কিছুক্ষণের জন্য হতাশ হওয়া আমি বা আমরা স্বস্তি পাই।
আরো পড়ুন একা অমিত নয়, তৃণমূলের হাতে আক্রান্ত বাংলা থিয়েটার
মহেন্দ্রর গলায় সুর ছিল না– জানতে পারছি, তার বাপের (অভিনয় করেছেন দেবাশিস দে) এ গুণটা ছিল। কিন্তু মহেন্দ্রর মন্দ জুড়ে সুর আর রসেরই তালমিল। সে, ওই যাকে বলে, ন্যালাখ্যাপা। এমন এক চরিত্রে যিনি অভিনয় করছেন, তিনি অবশ্য স্কুলপড়ুয়া কেউ নন, প্রাপ্তবয়স্ক, দাড়ি-গোঁফের মানুষ। ফলে এ ধরনের চরিত্রে কাজ করতে গেলে অতিঅভিনয়ের আশঙ্কা ছিল। অভীক ধর সেখানে আদ্যন্ত পেশাদারিত্বের ছাপ রেখেছেন। ওই বয়সি ছেলেমেয়েদের চরিত্রে বাকি যাঁরা অভিনয় করেছেন, যেমন চড়াইয়ের চরিত্রে আদৃতা পাল, বিল্লির চরিত্রে পৌলমী বা বগার চরিত্রে উজান গাঙ্গুলি, তাঁরা মোটামুটি চলনসই। পাগলা ভ্যালার চরিত্রে অক্ষয়নারায়ণ ঝা বেশ ভালো কাজ করেছেন।
নাটক দেখতে দেখতে আরও মনে হচ্ছিল, নির্দেশকের আরেকটা গুণ— তিনি একটা সহজবোধ্য গল্প বুনতে জানেন। জানেন বলেই চূড়ান্ত যবনিকাপাতের আগে মূল ঘটনাপ্রবাহের খানিক বাইরের একটা দৃশ্যকে মঞ্চে নিয়ে এলেন। এতক্ষণ যেভাবে চলছিল, তাতে হয় মহেন্দ্র বা গাদা, কোনো একজনের দৃষ্টিকোণ থেকে ঘটনাপ্রবাহকে দেখা হচ্ছিল। এই দৃশ্যে এসে সে ধারাবাহিকতায় ছেদ পড়ল। আমরা পেলাম সলমান খানকে (সৌমেন ভট্টাচার্য), পেলাম চোখা চোখা প্রশ্ন করে যাওয়া পুলিশ অফিসারকে (অভিষেক), প্রশ্নোত্তরের টক্কর আর শেষ মুহূর্তে হো হো হাসির প্রাণখোলা সুযোগ। ওহো! এখানে বিলকিসের কথা কী করে ভুলি? হোক না সে ধেড়ে একখানা মোরগ, দু-একবার কুঁক-কুঁক করা ছাড়া বিশেষ কিছুই করার ক্ষমতা নেই তার, তাও নাটকের কুশীলব তো বটে!
এমন ভালবাসার নাটকে গান থাকবে না, তা কি হতে পারে? সুতরাং গানও আছে। এক্কেবারে মন-মাটি উর্বর করা ভাবের গান। দৃশ্যান্তরের ফাঁকে ফাঁকে কোরাসের সুরে বেজে ওঠে ‘ডুবে দেখ দেখি মন কী রূপ লীলাময়’ বা ‘না জেনে ভেদ বাতেন/হারাম তোমরা বলো কেন?/এ গান শুনছেন নবী ইয়াসিন।’ গানের পুরো আয়োজনটাই দেখভাল করেছেন সৌভিক বিশ্বাস।
কিন্তু এতকিছু তো হল, এরই মধ্যে ইস্কুলটা আসলে কোথায় বসছে? মানে, জলেবাসার সঙ্গে তার যে যোগ রয়েছে, সেটা তো কমবেশি পরিষ্কার, কিন্তু আসলে তা কি কেবল জলেবাসার মধ্যেই?
দু ঘন্টা জুড়ে ক্রমশ তারই খোঁজ দিয়ে চলে এই নাটক।
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







