অমর্ত্য বন্দ্যোপাধ্যায়

‘উৎসবের দিন থেকে হীরকাব্দ শুরু!’ ঠিক যেমনভাবে অমৃতকালের ঘোষণা হয়েছিল আমাদের প্রধানমন্ত্রীর তরফে।

সত্যজিৎ রায়ের মত স্রষ্টারা সত্যিই দূরদ্রষ্টা। তা সেই মহামহিম নরেন্দ্র মোদীর শাসনে সবকিছুই এখন নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে। পাহাড় থেকে অরণ্য, নদী থেকে সমুদ্র, জলাভূমি থেকে বসতি অঞ্চল – সবকিছুই এখন বিক্রয়ের বস্তু। বড় বড় বাবুদের বাজারে দাম উঠলেই হল। কেটেকুটে, ওজন করে হাতে ধরিয়ে দেওয়ার অপেক্ষা।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

এতটুকুও অত্যুক্তি করছি না। ২০২৩ সালে অরণ্য সংরক্ষণ আইনের বিশেষ সংশোধনী ঘোষণার মাধ্যমে ঠিক যেভাবে বর্তমান সরকার দেশের অরণ্যকে পুঁজিপতিদের হাতে সম্পূর্ণ তুলে দেবার রাস্তা পরিষ্কার করেছে, ঠিক সেভাবেই ২০২৫ সালে এসেছে পাহাড়ের পালা। চলতি মাসেই দেশের সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় পরিবেশমন্ত্রক, ভারতীয় বনসমীক্ষা বিভাগ (ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া) ও ভারতীয় ভূতাত্ত্বিক সংস্থা (জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া)-র সম্মিলিত পরামর্শ অনুসারে পাহাড় কথাটাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। নতুন সংজ্ঞা অনুসারে বলা হচ্ছে, ১০০ মিটারের কম উচ্চতায় অবস্থিত কোনো এলাকাকে, অথবা পাশাপাশি দুটি ১০০ মিটারের চেয়ে বেশি উঁচু শৃঙ্গের সাপেক্ষে ৫০০ মিটার বা তার চেয়েও দূরবর্তী কোনো স্থান বা এলাকাকে আর সরকারিভাবে পাহাড় বলে চিহ্নিত করা যাবে না। আপাতদৃষ্টিতে এই নতুন সংজ্ঞাকে নিরীহ বলে মনে হতে পারে। তাই সরাসরি এর অভিঘাত সবচেয়ে প্রথমে দেশের যে অংশে যেভাবে পড়তে চলেছে তার উপর আলোকপাত করা জরুরি।

নতুন এই সংজ্ঞা অনুসারে দেশের প্রাচীনতম আরাবল্লী পর্বতমালা আর খাতায় কলমে পাহাড় রইল না। নতুন সংজ্ঞা মানলে, আরাবল্লী পর্বতমালার ৯০% এলাকাকেই আর পাহাড় বলে চিহ্নিত করা যাবে না। ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়ার সমীক্ষা বলছে, এই নতুন মাপকাঠি মানলে একাধিক রাজ্যে বিস্তৃত আরাবল্লী পর্বতমালার মোট ১২,০৮১টি পাহাড়ের মধ্যে মাত্র ১,০৪৮টি অবশিষ্ট থাকবে। অর্থাৎ কলমের এক আঁচড়ে গোটা এক ভূমিরূপের বিপক্ষে আমলাতান্ত্রিক মৃত্যু পরোয়ানা জারি করা হল। কিন্তু এতে মাননীয় মোদী-অমিত শাহের ভাই বেরাদরদের লাভ কী? সেটা বুঝতে আরাবল্লীর ভূমিরূপের ব্যাপারে সম্যক ওয়াকিবহাল থাকার প্রয়োজনীয়তা।

আসলে নিউ দিল্লি সংলগ্ন গুরুগ্রাম, ফরিদাবাদ, নূহ ও নয়ডার যে বিস্তীর্ণ অঞ্চল – সেই অংশের যে সমস্ত পাহাড়ি, ঢেউ খেলানো এলাকায় এখন অবধি প্রোমোটারের বুলডোজার নামেনি, আদতে সেগুলি অধিকাংশই আরাবল্লী পর্বতমালার ছড়ানো শিরা উপশিরার অংশ। নতুন সংজ্ঞা প্রণয়নের প্রেক্ষিতে তারা সেই তকমা ও নিরাপত্তা হারাল। গুরুগ্রাম, নয়ডা, ফরিদাবাদ ছাড়িয়ে বর্গকিলোমিটারের পরে বর্গকিলোমিটার এলাকার পাহাড় সম্পূর্ণ ধূলিসাৎ করে উন্নয়নের মহাযজ্ঞের ভয়াবহ সূচনা এখন সময়ের অপেক্ষা।

অবশ্য মোদী সরকারের ভক্তেরা বলবেন, পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির দেশ ভারতে এখন উন্নয়নের জয়রথ চলছে, চলবে। ঠিক যে কারণে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকাকে হংকং তুল্য পরিকাঠামোয় উন্নীত করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। তার ফলে কেবল ভারতবর্ষ নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক ভারসাম্য ও বাস্তুতন্ত্রের উপর যে চরম আঘাত নেমে আসবে, সে বিষয়ে মাথা ঘামিয়ে সরকারি প্রভুরা আর এতটুকুও সময় নষ্ট করতে চাননি। উন্নয়ন প্রসঙ্গে এখন এদেশের মন্ত্র হল ‘ডু ইট নাও’। কাজেই পরিবেশ সংক্রান্ত সংজ্ঞাগুলিতেও ক্রমশ আমলাতন্ত্রের সেই একমুখী, উদ্ধত, পুঁজি-আশ্রয়ী, নাক উঁচু মনোভাবেরই প্রতিফলন দেখা যাচ্ছে। যেন রাজার নিয়মনীতি অনুসারে পাহাড়কে আজ হতেই হবে সুউচ্চ, সুতীক্ষ্ণ, ঝকঝকে ধারালো তরবারির মত। নদীকে হতে হবে উচ্ছল, সুস্পষ্ট, স্রোতস্বিনী, বেগবান, পুষ্ট জলধারার মত। অরণ্যকে হতে হবে গভীর, গহন, ঘন সবুজ, অভেদ্য আচ্ছাদনের মত। না হলেই পাহাড়ে নামবে বুলডোজার, আপন খেয়ালে বয়ে চলা নদীতে পড়বে মাটি ও বালির আস্তরণ, অরণ্যে হানা দেবে উন্নয়নের কুড়ুল। গা জোয়ারিরই যুগ এখন।

আরো পড়ুন বিপন্ন লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

তাহলে কী হতে চলেছে আগামী দিনে? দিল্লির বায়ুদূষণের বিষয়ে আশা করি কাউকে কিছু মনে করাতে হবে না। ওই বিস্তীর্ণ এলাকায় যত বুলডোজার চলবে, বায়ুবাহিত ধূলিকণার পরিমাণও তত অনিয়ন্ত্রিত হারে বাড়তে শুরু করবে। কাজেই স্বল্প মেয়াদে দিল্লির বায়ুদূষণজনিত সমস্যারও আর কোনো সমাধান মিলবে না। ভক্তেরা বলবেন, সে তো মাত্র কয়েক বছরের ব্যাপার। ‘আজকের যন্ত্রণা কালকের আশীর্বাদ’ ইত্যাদি। একটু সহ্য করে নিতে পারলেই তো এসে যাবে ‘অচ্ছে দিন’। সাধারণ মানুষ এই ‘অচ্ছে দিন’-এর গল্পে আর কতদিন বিশ্বাস রাখবেন জানি না। কেবল বিজ্ঞান ও যুক্তির নিরিখে বলতে পারি, আরাবল্লী ধ্বংসের পর দিল্লি ও সংলগ্ন অঞ্চল যতই সিলিকন ভ্যালি তুল্য হয়ে পড়ুক না কেন, আসল বিপত্তির সূচনা হবে তখনই।

আমাদের স্মরণে রাখা উচিত, হিমালয়ের চেয়েও বহুগুণ প্রাচীন এই পর্বতমালার আনুমানিক বয়স প্রায় ৬৭ কোটি বছর। পরিবেশ ও বাস্তুতন্ত্রের নিরিখে কেবল আরাবল্লী কেবল প্রাকৃতিক বিস্ময় নয় – দিল্লির পশ্চিম ও উত্তর-পশ্চিম অংশে অবস্থিত এই পর্বতমালা আদতে এক প্রাকৃতিক দেওয়ালের কাজ করে। থর মরুভূমির উপর দিয়ে বয়ে আসা শুকনো গরম বাতাস এবং বালুকণাকে সে নিজের বুক দিয়ে আটকায়। ফলে সে নিজে যেমন লক্ষ কোটি বছর ধরে ক্রমশ ক্ষয়ে চলে, নুয়ে চলে, ছিন্নভিন্ন হয়ে চলে – তেমনই দিল্লি শহরের উপর মরুবায়ুর চূড়ান্ত আগ্রাসন আটকাতে এই আরাবল্লীই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আরাবল্লী ধূলিসাৎ হলে সেই মরুবায়ুর আগ্রাসন থেকে দিল্লিকে রক্ষা করার কিছু থাকবে না। দিল্লির আবহাওয়া ক্রমেই শুষ্কতর ও উষ্ণতর হবে। কয়েক লক্ষ বছর ধরে যে ঘটনা ঘটতে পারত – মোদী-শাহ জুটির নয়া ‘চিহ্নিতকরণ ও পরিচ্ছন্নকরণ’ নীতির অভিঘাতে কয়েক দশকেই আমরা সেই দুর্ঘটনা নিশ্চিত করার মাধ্যমে দিল্লিকে মরু কবলিত স্থান বলে ঘোষণা করতে পারব।

ভক্তকুল এই প্রসঙ্গে আবারও তাঁদের গতানুগতিক আক্রমণ পদ্ধতিতে ফিরতে পারেন। বলতে পারেন –

প্রথমত, পরিবেশ দূষণের যে ভয়াবহ প্রভাবের কথা আমরা বলছি তা কেবলই দিল্লি শহর সম্পর্কে। এ কেবল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মানুষকে বিভ্রান্ত করা।

দ্বিতীয়ত, বৃহৎ পুঁজি অথবা প্রোমোটার-সমতুল ব্যবসায়িক গোষ্ঠীগুলির স্বার্থ দেখতে গিয়েই যে এই সরকারি প্রস্তাব বা পদক্ষেপ, তাও আসলে আদতে অপপ্রচার।

এই দুই প্রশ্নের উত্তরে কিছু তথ্য ও ইতিহাস তুলে ধরা দরকার। শুনানির বিবরণ ঘাঁটলে দেখা যাচ্ছে, এক বিশেষ মামলা প্রসঙ্গে আজ সুপ্রিম কোর্টের এই রায় এসেছে। আরাবল্লী পাহাড়ে খননকার্য চালানোর বিষয়ে ১৯৮৫ ও ১৯৯৫ সালে দায়ের হওয়া দুটি পুরনো মামলার একাধিক খুঁটিনাটি তথ্য ও পর্যবেক্ষণ, সাম্প্রতিক মামলার শুনানি এখানে বিশেষ গুরুত্ব পালন করেছে। পুরনো দুটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে দেখেছে – যথাক্রমে হরিয়ানা (এম সি মেহতা বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া, ১৯৮৫) ও রাজস্থানের (টি এন জি থিরুমালপাড বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া, ১৯৯৫) ব্যাখ্যা অনুসারে আরাবল্লী পাহাড়ের সংজ্ঞা বা চিহ্নিতকরণ নিয়েই ভিন্নতা রয়েছে। তথ্য বলছে, এই রায় আসার আগে অবধি বিভিন্ন রাজ্যে আরাবল্লী পাহাড়ের নির্দিষ্ট সংজ্ঞা ছিল বিভিন্ন। এমনকি হরিয়ানায় সে অর্থে আরাবল্লী পাহাড় জিনিসটার কোনো সরকারি সংজ্ঞাই ছিল না। বন ও পরিবেশ মন্ত্রকের পাহাড় ও অরণ্য সংক্রান্ত কিছু সাধারণ, সর্বব্যাপী সংজ্ঞা অনুসারে আরাবল্লী পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চল কার্যত এক বালির বাঁধের আড়ালে সংরক্ষিত ছিল। সেটুকু নিরাপত্তাও আজ আর নেই। সরকার ও আদালত একত্রে খননকার্যের নিয়ম সুনির্দিষ্ট করতে (এবং নাকি পরিবেশের নিরাপত্তার উপর নজর রাখতে) সম্মতি দিয়েছে। মনে করেছে যে আরাবল্লীর অস্তিত্বের সরকারি ও একমুখী সংজ্ঞা জরুরি। তারই ফলশ্রুতি এই সাম্প্রতিক রায়। যা দেখে একথা স্পষ্ট, আরাবল্লীর চেয়ে খননকার্যের অর্থকরী (পড়ুন, পুঁজিকেন্দ্রিক) প্রেক্ষিতটিই সরকার ও আদালতের কাছে অধিকতর গুরুত্ব পেয়েছে।

উল্লেখ করা প্রয়োজন, এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত নিযুক্ত বিশেষ দূত অথবা এ্যামিকাস কিউরি কে পরমেশ্বর স্বয়ং আদালত নির্ধারিত এই সংজ্ঞার বিরোধিতা করেছেন। আরাবল্লী পাহাড়ে লাগাতার খননকার্যের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, এমন এক সংজ্ঞার মাধ্যমে আদতে সংশ্লিষ্ট পর্বতমালার বিস্তীর্ণতাকে জায়গায় জায়গায় ব্যাহত করে নতুন এলাকায় আরও খনন চালানোর পথই প্রশস্ত করা হল। পরিবেশ ও বাস্তুতন্ত্রের উপর এর মারাত্মক প্রভাব পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক এই নতুন সংজ্ঞার প্রতি তাদের সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছে।

আদালত বিচার করেনি যে সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারেই ২০১৮ সালে পেশ করা এক বিস্তারিত সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে – আরাবল্লী ভূমিরূপের অন্তর্গত রাজস্থানের মোট ১২৮টি পাহাড়ের ৩১টিই অবৈধ খননের কারণে মাত্র কয়েক দশকের ব্যবধানে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। তারপর থেকে এই বিস্তীর্ণ পর্বতমালার মধ্যবর্তী অংশে অন্তত ১০-১২টি চওড়া খাত উন্মুক্ত হয়ে পড়েছে। আদালত একথাও মনে রাখেনি যে এই আরাবল্লী পাহাড় সরিস্কা, রণথম্ভোর সহ বিরাট অরণ্য অঞ্চলের জন্যেও এক প্রাকৃতিক সুরক্ষা বলয়ের কাজ করে। এই পাহাড় আছে বলেই অন্ধ-সভ্যতা ও উন্নয়নের বিপরীতে বিরাট এক বন্যপ্রাণী-সমৃদ্ধ বাস্তুতন্ত্রকে নিভৃতে রাখা গিয়েছে। ভূতাত্ত্বিক ও আবহবিদরা বলছেন, আরাবল্লী পাহাড়ের উপস্থিতি কেবল দিল্লি শহরই নয়, তার পাশাপাশি গুজরাট, রাজস্থান, ও হরিয়ানার বিরাট অংশে বৃষ্টিপাত ও বাতাসে আর্দ্রতার পরিমাণ নিয়ন্ত্রণে রেখে খরার সম্ভাবনা প্রতিহত করে। সুপ্রিম কোর্টে জমা পড়া রিপোর্টেই উল্লেখ রয়েছে, অবৈধ খননের কারণে রাজস্থানের আজমেঢ় ও ঝুনঝুনু জেলার মাঝে আরাবল্লী পর্বতমালায় যে একাধিক খাত উন্মুক্ত হয়েছে, সেই খাত বেয়েই থর মরুভূমির বালুকণা আজ সরাসরি হরিয়ানা ও দিল্লির বিস্তীর্ণ অংশে ঢুকতে শুরু করেছে।

এতকিছু জানা থাকা সত্ত্বেও এই রায় বেরিয়েছে। ‘জো হুজুর, জো হুজুর’ বলে চলা একেকটি মন্ত্রক, সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান দেশের গণতন্ত্র থেকে শুরু করে পরিবেশ অবধি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়কে লাগাতার ক্ষমতা ও পুঁজি নিয়ন্ত্রিত ভোট-রাজনীতির যূপকাষ্ঠে নিক্ষেপ করে চলেছে। এই অন্ধকার সময়ে দাঁড়িয়ে সব বিষয়ে খোলাখুলি আলোচনা ও মত বিনিময়ের পরিসরও যে ক্রমেই সংকুচিত হচ্ছে সে নিয়েও বোধ করি কোনো দ্বিমত নেই। তবু কোনোদিন আমরা আবার ন্যায় ও যুক্তির পথে ফিরতে পারব – এই বিশ্বাসে এমন প্রতিটি বিশ্লেষণ ও পর্যবেক্ষণ সকলের সঙ্গে ভাগ করে নেওয়া জরুরি।

নিবন্ধকার পেশায় প্রযুক্তিবিদ। পরিবেশ ও রাজনীতি নিয়ে লেখালিখি করেন। মতামত ব্যক্তিগত

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.