ধরেই নিলাম রাম এই যুগের ‘হাই প্রোফাইল’ দেবতা হিসাবে অন্তর্যামী। তাঁর ভক্তদের তিনি জানিয়ে দিতে পেরেছেন যে পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর হলে এক কোটি ভোটারের নাম বাদ পড়বে। এর মধ্যে কিছু মৃত, কিছু স্থানান্তরিত, বেশিরভাগটাই ‘ভুয়ো’। মানে ‘অনুপ্রবেশকারী’, ‘রোহিঙ্গা’। অন্তত পঞ্চাশ লাখ তো না হয়ে যায় না। স্বপ্নের পোলাওয়ে ঘি মিশে চলেছে বেশ কয়েক বছর ধরে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন দু কোটি ‘ঘুসপেটিয়া’। আমাদের বিধানসভার ‘সনাতনী’ বিরোধী দলনেতা সেটাকে একটু কমিয়ে এনে দেড় কোটি, দেশের জাহাজমন্ত্রী বললেন এক কোটি ২০ লক্ষ। এখন সেটা এক কোটিতে এসে দাঁড়িয়েছে।
সেনসেক্সের সূচক, আইপিএলের ক্রিকেটার, রাসেল স্ট্রিটের নিলামখানা, অথবা এসআইআর। মানে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন। বিশেষ নিবিড় সংশোধনী। আগে ‘ইনটেন্সিভ’ শব্দটা ছিল না। এবার আছে। ‘স্পেশাল’ আবার ‘ইনটেন্সিভ’। দুটো শব্দ জুড়লে কি জোর বাড়ে? ডবল ইঞ্জিন? সংস্কৃত সাহিত্যে এইভাবে একাধিক বিশেষণ জুড়ে বাক্যকে পোক্ত আর নান্দনিক করা হত। সংস্কৃত তো শুনি এদেরও আরাধ্য ভাষা। এসআইআর মানে সেই পোক্ত কাজ। দেশ থেকে বেনাগরিক খুঁজে খুঁজে বের করে দেওয়া মানেই গণতন্ত্রের গাঁথনি আরও শক্ত করা, বহিঃশত্রুর গাঁইতি শাবলে তা যাতে সহজে ভেঙে না পড়ে। বাবরি মসজিদের মত।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
আচ্ছা, বেশ কমিয়ে সমিয়ে না হয় ৫০ লাখই হল। কীসব যেন নিয়ম-টিয়ম ঘোষণা হল? ২০০২ সালের আগে নাম, ২০০২ সালের পরে নাম? কীসব যেন ম্যাপিং-ট্যাপিং হবে, বিএলও-রাই সব ঠিক করে দেবেন? ঠিক আছে বাপু, ওসব ইনটেন্সিভ নিয়ম মেনে-টেনে ৫০ লাখ মানুষকে খুঁজে পাওয়া গেল যাদের ভোটার লিস্টে নাম তোলা যাচ্ছে না। তার মানে কী দাঁড়ায়? এঁরা অনুপ্রবেশকারী? না, এসআইআর যাঁরা করছেন তাঁদের তো এক্তিয়ারই নেই অনুপ্রবেশকারী বা শরণার্থী চিহ্নিত করার। তাঁরা বড় জোর বলতে পারেন, এই ৫০ লাখের নাম আমরা বাদ দিলাম, কারণ এঁদের উপযুক্ত নথি আমরা পাইনি। এমনকি পরে ঠিক ঠিক কাগজ নিয়ে এলে আমরা তাঁদের নাম তুলে দিতেও পারি। তারপর কী হবে? রামভক্তরা তো ইতিমধ্যে বলেই দিয়েছেন এক কোটির মধ্যে মৃত আর অন্যত্র চলে যাওয়া ভোটার ছাড়া বাকিরা সব ‘ঘুসপেটিয়া’। তাহলে তো তাদের সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে দেশের স্বরাষ্ট্র দফতরকে। কারণ নাগরিকত্ব দেওয়া, না দেওয়ার ক্ষমতা তাঁদেরই হাতে। আর কাকে কীভাবে নাগরিকত্ব দেওয়া যেতে পারে বা পারে না, তার বিধি লেখা আছে সংবিধানের পাতায়। আলাদা করে নিবিড় সংশোধন ঘটিয়ে গড়পড়তা নাগরিকত্ব দেওয়া বা ফিরিয়ে দেওয়া তো মুখের কথা নয়। আজ অবধি এমন কোনো উদাহরণ নেই। এমনকি এনআরসি-র যে বিধি, সেখানেও এই কাজটা চেকে সই করার মতো ঝটাকসে করে ফেলার নয়। উঁহু বাবা, ঝাড়া তিন বছর সময় নিয়ে প্রচুর মাথা চুলকে, সাত মণ তেল পুড়িয়ে ওইসব বিধি আমরা লাগু করেছিলাম। মনে আছে তো?
তাহলে কী হবে ? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে এই রাজ্যের ৫০ লাখ বেআইনি নাগরিককে আগে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালু করতে হবে। দেশের আইন অনুসারে, ‘অভিযুক্ত’ যাঁরা, তাঁদের পক্ষ সমর্থনের সুযোগও দিতে হবে। আদালত দুই পক্ষকেই সময় ও সুযোগ দেবেন – এটাই স্বাভাবিক। মানে ৫০ লাখ মানুষের সঙ্গে যদি মোটামুটি ২০ লক্ষ পরিবার যুক্ত থাকে, তাহলে অন্তত ২০ লাখ মামলা জমা হবে আদালতে। এদিকে সংবিধানের রীতি মেনে সীমান্তে কোনো বেআইনি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে সীমান্তরক্ষী বাহিনী, কিন্তু অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দেশের আইন ভাঙার জন্য এফআইআর করতে হয় স্থানীয় থানায়। সেই মামলা পরিচালনা করেন রাজ্যের পুলিশকর্মী ও সরকারি আইনজীবীরা। কারণ আইনশৃঙ্খলা রক্ষা রাজ্যের সাংবিধানিক দায়িত্ব ও এক্তিয়ার। আনুমানিক কুড়ি লাখ বাড়তি মামলা নতুন করে বিভিন্ন থানায় যুক্ত হলে নিশ্চয়ই লোকবলের অভাবে ধুঁকতে থাকা থানাগুলো আরও ‘ফিল গুড’, ফুরফুরে মনে করবে নিজেদের। হাজার হোক, এগুলো হল অনুপ্রবেশকারীদের ঝেঁটিয়ে বিদেয় করার বিষয়, যাকে বলে ‘ইনটেন্সিভ’ বিতাড়ন। ভাবলেই রক্ত ফুটতে থাকে না, বলুন?
ধরেই নেওয়া গেল, ২০ লাখ মামলার খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে এবং প্রত্যেকটাতেই সরকার জিতে যাবে। তাহলে তখন এই ৫০ লাখকে বেনাগরিক করতে হবে। এঁরা কিন্তু ছড়িয়ে আছেন সারা রাজ্যের সব জেলায়। পাহাড় থেকে সাগর। নিয়মানুযায়ী কাউকে এই দেশের অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করলে তিনি আদপে কোন দেশের বাসিন্দা তা নিশ্চিত করে বলতে হয়। ধরেই নিলাম, এঁরা সবাই বাংলাদেশের নাগরিক, যাঁদের নিত্য চলাচল এই রাজ্যে। অন্তত রামবাবুরা তাই বলে থাকেন। তাহলে এঁদের বাংলাদেশেই ‘পুশব্যাক’ করতে হবে। আহা কী আনন্দ আকাশে বাতাসে! ‘ইনটেন্সিভ পুশব্যাক’। কিন্তু তার জন্য তো প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক স্তরে কথা বলতে হবে, তাঁদের রাজি করাতে হবে। কোনো দেশ নিজের দেশে ৫০ লাখ বাড়তি নাগরিকের বোঝা নিতে চাইবে? মানে খুশি মনে? সুতরাং সে বড় সুখের সময় নয়। ভারত আর তার প্রতিবেশী দেশ আবার এক দ্বিপাক্ষিক কূটনৈতিক সংকটে জড়াবে। ওপারের জামাতিরা বলবেন – এসব ভারতের শয়তানি, ওরা আমাদের গ্রাস করতে চায়। কলকাতায় রামের অনুচররা হাঁক ছাড়বেন – চট্টগ্রাম দখল করে নেব। কেন ঢাকার বদলে চট্টগ্রাম জানেন তো? মিস্টার আদানি অনেকদিন ধরে চেষ্টা করছেন ওই বন্দরটা কিনে নেওয়ার, সুবিধে করতে পারছেন না। এই তালেগোলে যদি ভক্তরা তার দখল নেয়, হাতফেরতা হয়ে তাঁর ঝুলিতেই তো যাবে। পঞ্চাশ লাখ নিয়ে তাঁর তেমন মাথাব্যথা নেই। গৌতম আদানিরা মানুষের মুখে উপভোক্তা দেখেন। যাক ওসব কথা। কী হবে ওই ৫০ লাখের?
প্রতিবেশী দেশ এই মানুষগুলোকে কিছুতেই নিতে চাইবে না। তাছাড়া এই জনসংখ্যা আদানপ্রদানের কিছু আন্তর্জাতিক আইনকানুন আছে, যা সব দেশকেই মেনে চলতে হয়। তাতে এইভাবে বিপুলসংখ্যক মানুষকে ভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া যায় না। এখন তো আর সেই কনসেন্ট্রেশন ক্যাম্পের জমানা নেই, যদিও স্বস্তিক চিহ্ন আমাদের এনাদের গুরুদেবের পতাকায় লেপটে ছিল। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, সম্মিলিত জাতিপুঞ্জের নিয়ম মেনে চলতে সদস্য দেশগুলো দায়বদ্ধ। তাছাড়া শরণার্থী ও অনুপ্রবেশকারীর যে তত্ত্ব ইতিমধ্যেই রামবাদীরা এনআরসি-র মাধ্যমে লাগু করেছেন, তার ভিত্তি যথেষ্ট গোলমেলে। এই ৫০ লাখের মধ্যে যদি এমন কেউ থাকেন যিনি ভিনদেশে ধর্মীয় উৎপীড়নের শিকার, তাহলে শরণার্থী বিবেচনা করে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) মেনে তাঁকে এই দেশের নাগরিকত্ব দেওয়া হবে। এই অনুপাত কত, কেউ জানে না। না নির্বাচন কমিশন না স্বরাষ্ট্র মন্ত্রক। আচ্ছা, এটা তো বলা হয় যে পড়শি দেশে সংখ্যালঘুরা আক্রান্ত আর তাই তাঁরা দেশ ছেড়ে এই রাজ্যে পাড়ি দিচ্ছেন। ওই একই মুখে এটাও বলা হয় যে ওপার থেকে ‘জিহাদি জামাতি রোহিঙ্গা’ – সবাই দেশে ঘাঁটি গেড়েছেন, আর তাই এসআইআর করার সঙ্গে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নও জড়িত। ঠিক কথা। কিন্তু যদি বেশিরভাগ মানুষ ধর্মের কারণে লাঞ্ছিত হয়ে এসে থাকেন, তাহলে জিহাদিদের সংখ্যা কম পড়ে। আর জিহাদিরা যদি উইপোকার মত এদেশে স্থায়ী ঘাঁটি গেড়ে থাকে, তবে ধর্মের কারণে নির্যাতিতের সংখ্যা কমে যায়। তাহলে এই ৫০ লাখের মধ্যে কে কতটা? কতজন নিপীড়িত সংখ্যালঘু, কতজন জিহাদি?
হিসাবের সুবিধার জন্য ধরলাম আধাআধি – ২৫ লাখ, ২৫ লাখ। তাহলে সিএএ অনুযায়ী ২৫ লাখ নাগরিকত্ব পাবেন এবং তাঁরা আবার কাগজ দেখিয়ে ভোটের তালিকাতেও নাম তুলতে পারবেন। তাহলে এসআইআরে যে ৫০ লাখের নাম বাদ গেল তাঁদের মধ্যে ২৫ লাখ আবার ফিরে এলেন ভোটার তালিকায়। রইল বাকি ২৫ লাখ জিহাদি জামাতি ইত্যাদি গোলমেলে মানুষ।
আরো পড়ুন নিষ্ফল আক্রোশ দেখাচ্ছে নির্বাচন কমিশন
এঁদের কী হবে? ফেরত পাঠানো হবে পড়শি দেশে? কীভাবে? আবার সেই গোলমাল। ধরা যাক, এঁদের ডিটেনশন ক্যাম্পে রাখা হল। যাবতীয় নাগরিক অধিকার কেড়ে নেওয়া হল। কিন্তু এঁদের ন্যূনতম খাওয়া পরার ব্যবস্থা তো করতে হবে। কোথায় করবেন? কে ব্যয় বহন করবে? কতদিন করবে? আরও একটা মুশকিল আছে। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা চললে তারা তো গোড়াতেই জানতে চাইবে – এই ২৫ লক্ষ যে ওই দেশ থেকেই এসেছেন তার অকাট্য প্রমাণ কী? সীমান্তরক্ষীরা এঁদের ইতিপূর্বে আটক করেননি, এঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। এখন এক লপ্তে ২৫ লাখ মানুষের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ করলে কোথাও তো সেটা ধোপে টিকতে হবে। বিবাদ তো আন্তর্জাতিক আদালতেও যেতে পারে। সেখানে ঠিক কী যুক্তি দেওয়া হবে? এঁদের অনেকের কাছেই আবার নাকি ভোটার কার্ড, আধার কার্ড আছে। হতে পারে সেগুলো জাল। কিন্তু জাল বলে দাবি করলে একথাও তো উঠবে যে সরকারি নথি জাল করা গুরুতর অপরাধ। কারা সে কাজ করল? ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশন, তার জালিয়াতি হলে নৈতিক দায় তারই। তাহলে কি নোটবন্দির মতো এপিকবন্দি করা হবে? যাঃ! তাহলে তো আসল, নকল সব মিলেমিশে একাকার! তারপর কী হবে ওই ২৫ লাখের?
তারপর কী হইল জানে রামলাল!
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







