ত্রিয়াশা লাহিড়ী
গত শনিবার, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি, আমেরিকার মদতে ইরানে ফের হামলা চালায় ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই অভিযানের নাম রেখেছেন ‘লায়ন’স রোর’। ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সাইরেনের শব্দ ইরানের সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। গতবছর জুন মাসে ইজরায়েল যখন ইরানে যুদ্ধাভিযান চালিয়েছিল, তখন তার নাম রাখা হয়েছিল ‘রাইজিং লায়ন’। তেহরান থেকে প্রায় ১৪০ মাইল দক্ষিণে নাতানজে অবস্থিত ইরানের একটি পারমাণবিক কেন্দ্রে ইজরায়েল হামলা চালায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কয়েক ঘন্টা পর ইরান পালটা জবাব দেয়। এর ফলে ইরানে ৯৩৫ জন এবং ইসরায়েলে ২৮ জন নিহত হন। সেই সংঘাত প্রায় ১২ দিন ধরে চলে।
এবারে ইতিমধ্যেই আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় ইরানের মিনাবে মেয়েদের এক প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা দেড়শো ছাড়িয়েছে, প্রায় সকলেই শিশু। ভাঙাচোরা কংক্রিটের নিচে আরও কত লাশ চাপা পড়ে আছে কেউ জানে না। এই প্রবন্ধে ইরানে নারী অধিকার আন্দোলন নিয়ে আলোচনা করব।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
১৯৭৯ সালের বিপ্লব: গণঅভ্যুত্থান, শ্রমিক শক্তি ও রাষ্ট্র গঠন সংকট
ইরানের সংগ্রাম বুঝতে প্রথমে একটু পিছনে ফিরে তাকানো যাক। ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে মহম্মদ রেজা শাহ পহলভির রাজতন্ত্র এক বহুস্তরীয় গণআন্দোলনের মুখে ভেঙে পড়ে। সেই বিপ্লবের কেন্দ্রীয় শক্তি ছিল শ্রমিক শ্রেণি, বিশেষ করে খুজেস্তানের তেল শ্রমিকরা। তাঁদের ধর্মঘট রাষ্ট্রের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বন্ধ করে দেয়। তেহরান সহ বড় শহরগুলোতে লাখো লাখো মানুষ রাস্তায় নামে এবং শেষ পর্যন্ত পহলভি রাজবংশের অবসান ঘটে। এই পরিস্থিতি আকস্মিকভাবে তৈরি হয়নি। ১৯৫১ সালে তেল জাতীয়করণের চেষ্টা এবং ১৯৫৩ সালের বিদেশি সমর্থিত অভ্যুত্থান ইরানের রাজনৈতিক চেতনাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। শাহের শাসনে রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ হয়। আন্দোলনকারীদের উপর পুলিশের দমনপীড়ন বেড়ে যায়। একই সময়ে দ্রুত শিল্পায়ন ও কৃষি সংস্কারের ফলে বিপুলসংখ্যক মানুষ গ্রাম থেকে শহরে চলে আসেন এবং একটি শক্তিশালী শ্রমিক শ্রেণি গড়ে ওঠে। সাতের দশকের অর্থনৈতিক সংকট সেই জমে থাকা ক্ষোভকে বিস্ফোরণের রূপ দেয়।
১৯৭৮ সালে ছাত্রদের উপর গুলিবর্ষণের পর আন্দোলন সাধারণ ধর্মঘটে পরিণত হয়। দাবিগুলোও সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সীমা ছাড়িয়ে রাজনৈতিক রূপ নেয়। তেল শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দিলে রাজতন্ত্র কার্যত অচল হয়ে পড়ে। ১১ ফেব্রুয়ারি ১৯৭৯, শাহের পতন ঘটে। কারখানায় কারখানায় শ্রমিকরা ‘শোরা’ গঠন করে উৎপাদন ও ব্যবস্থাপনায় অংশ নিতে শুরু করেন, ফলে এক নতুন সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু এই নতুন শক্তির কোনো সুসংগঠিত সমাজতান্ত্রিক নেতৃত্ব ছিল না। তুদেহ পার্টি ও অন্যান্য বাম সংগঠনগুলো ঐক্যবদ্ধ বিকল্প রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হয়। সেই শূন্যতার সুযোগ নিয়ে ধর্মীয় নেতৃত্ব উঠে আসে। মসজিদভিত্তিক যোগাযোগ ব্যবস্থা এবং রুহোল্লা খোমেইনির আহ্বান দ্রুত জনপ্রিয় হয়। ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং অল্প সময়ের মধ্যেই শ্রমিক পরিষদগুলো ভেঙে দেওয়া শুরু হয়। প্রথমদিকে কিছু সামাজিক সুবিধা দেওয়া হলেও, ১৯৮০ সালের মধ্যে রাষ্ট্র কঠোর হয়ে ওঠে। ধর্মঘট নিষিদ্ধ হয়, বিপ্লবী আদালত গঠিত হয় এবং বিরোধীদের দমন করা হয়। ইরান-ইরাক যুদ্ধ ও জাতীয়তাবাদী আবেগ সরকারকে আরও কঠিন অবস্থান নিতে সাহায্য করে। কয়েক বছরের মধ্যেই বামপন্থী সংগঠনগুলো নিশ্চিহ্ন হয়ে যায়।
বিপ্লব-পরবর্তী রাষ্ট্র, বাম রাজনীতি ও দমননীতি
১৯৭৯ সালে একদিকে শ্রমিক ও সাধারণ মানুষের বিপুল শক্তির প্রকাশ, অন্যদিকে সেই শক্তির রাজনৈতিক দিকনির্দেশনার অভাবে অন্য এক কর্তৃত্ববাদী কাঠামোর উত্থান ঘটে। বিপ্লব রাজতন্ত্র ভেঙেছিল, কিন্তু ক্ষমতার চূড়ান্ত রূপ নির্ধারণে শ্রমিক শ্রেণি টিকে থাকতে পারেনি। ১৯৭৯ সালের বিপ্লব কোনো ধর্মীয় অভ্যুত্থান ছিল না। সেই অভ্যুত্থান ছিল প্রকৃত গণঅভ্যুত্থান— শ্রমিক, ছাত্র, নারী, শহুরে দরিদ্র ও ধর্মনিরপেক্ষ বামপন্থীদের অংশগ্রহণে গড়ে ওঠা এক সাম্রাজ্যবাদবিরোধী গণজাগরণ। সেই গণজাগরণ এমন এক রাজতন্ত্রকে উৎখাত করেছিল, যা পশ্চিমা সামরিক ও অর্থনৈতিক কাঠামোর গভীরে প্রোথিত ছিল। লক্ষ লক্ষ মানুষের কাছে ওই অভ্যুত্থান ছিল সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও জাতীয় মর্যাদার পুনরুদ্ধারের সংগ্রাম। কিন্তু বিপ্লবের শেষ রাজতন্ত্রের উৎখাতেই হয় না, বিপ্লবের সার্থক হয় রাষ্ট্রের পুনর্গঠন ঠিকমত হলে। সেখানেই ইরানের গতিপথ গোলমেলে হয়ে যায়।
বিপ্লবোত্তর ইরান ধীরে ধীরে একটি আমলাতান্ত্রিক ধর্মীয় রাষ্ট্রে পরিণত হয়, যা স্বায়ত্তশাসিত শ্রেণি সংগঠনগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। স্বাধীন ইউনিয়ন ভেঙে দেওয়া হয়, বাম দলগুলোকে দমন করা হয়, শ্রমিক পরিষদগুলো শোষিত বা বিলুপ্ত করা হয়। বিপ্লবের ভাষা টিকে থাকে, তবে তার মুক্তিকামী সত্তা ক্রমে অবদমিত হয়ে যায়।
ইরানের ইতিহাসে স্থিরতা নেই। ইরানি সমাজে শ্রমিক অসন্তোষ, নারীর অধিকার আন্দোলন, ছাত্র আন্দোলন সারা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিপ্লবের অমীমাংসিত প্রশ্নগুলো মুছে যায়নি। রাষ্ট্র তার নিজস্ব ভাষায় বিপ্লবকে ধারণ করেছে, কিন্তু সমাজ তার অপূর্ণ প্রতিশ্রুতির মুখোমুখি দাঁড়িয়েই আছে। ১৯৭৯ সালের গণজাগরণ তাই কেবল অতীতের ঘটনা নয়; বরং বর্তমানের ক্ষমতার কাঠামো ও ভবিষ্যতের সম্ভাবনার মধ্যে চলমান এক দ্বন্দ্ব।
ইরানে নারী অধিকার আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট
গতবছর ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী আলোচনায় আবার পুরনো বয়ানগুলো ফিরে এসেছে। সেসবের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে নারীর অবস্থান নিয়ে বহুলচর্চিত বয়ান। পশ্চিমা সংবাদমাধ্যম আবার তুলে ধরছে যে ইরানের মেয়েরা অমানবিক অবস্থায় বাস করছেন এবং দিনের পর দিন নিপীড়িত হচ্ছেন। ইরানে লিঙ্গবৈষম্য ও নিপীড়ন যে গভীর সমস্যা, তা অনস্বীকার্য। কিন্তু সাম্রাজ্যবাদী নারীবাদ মধ্যপ্রাচ্যের নারীর সংগ্রামকে ব্যবহার করে অবৈধ যুদ্ধকে ন্যায়সঙ্গত প্রমাণ করতে চায়— একথাও রূঢ় বাস্তব। তারা গর্বের সঙ্গে দাবি করে যে তারা মুসলমান মহিলাদের মুক্তি দিতে লড়ছে। সেই মহিলাদেরই দেশে বোমাবর্ষণ করে আমেরিকা আর ইজরায়েল, ইরানের মহিলাদের স্বাধীনতা সুনিশ্চিত করবে? তারা অন্য দেশের এক জনগোষ্ঠীকে মুক্ত করার কে?
ইরানি নারীদের অধিকার নিয়ে যে কোনো আলোচনা তাঁদের সামাজিক-রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট না বুঝে শুরু করা যায় না। করলে আন্দোলন ও লিঙ্গ সংক্রান্ত ন্যায়বিচারের অতিসরলীকৃত ও ভুল উপস্থাপন হবে। ১৯০৬-১৯১১ সালের সাংবিধানিক বিপ্লবের পর ইরানের মেয়েরা নিজেদের অধিকারের লড়াই লড়তে সক্রিয় হয়। সোসাইটি ফর উইমেন্স ফ্রিডম ও উইমেন্স রেভল্যুশনারি অ্যাসোসিয়েশন-এর মত সংগঠন গড়ে ওঠে। সমাজে নারীর অবস্থান সম্পর্কে সচেতনতা এবং তাঁদের রাজনীতিতে অংশগ্রহণ ও শিক্ষার অধিকার আদায়ের আকাঙ্ক্ষা থেকেই এই আন্দোলন জন্ম নেয়। ইরানের নারী আন্দোলন বহু ক্ষেত্রেই উপনিবেশবাদবিরোধী ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনার সঙ্গে যুক্ত ছিল। ইরান সরাসরি কোনো দেশের উপনিবেশ না হলেও, রাশিয়া ও ব্রিটেনের প্রভাব ছিল প্রবল। ১৯৫৩ সালে সিআইএ এবং ব্রিটিশ গুপ্তচর বাহিনির সমর্থনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মহম্মদ মোসাদ্দেককে উৎখাত করা হয়, কারণ তিনি তেল জাতীয়করণ করতে চেয়েছিলেন। এই ঘটনার পর দেশে মার্কিনবিরোধী মনোভাব তীব্র হয়ে ওঠে। ফলে নারী অধিকার কর্মীদের একদিকে সাম্রাজ্যবাদী শক্তির থেকে দূরত্ব বজায় রাখতে হয়, অন্যদিকে ব্যক্তিস্বাধীনতা ও মানবাধিকারের জন্য লড়তে হয়।
পহলভি যুগ: সংস্কার, আধুনিকীকরণ ও দ্বৈত বাস্তবতা
পহলভি রাজাদের আমলে, বিশেষত ১৯৬৩ সালের ‘হোয়াইট রেভল্যুশন’-এর সময়ে, মহিলারা ভোটাধিকার সহ আরও কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। তার মধ্যে ‘ফ্যামিলি প্রোটেকশন ল’ ছিল অন্যতম বড় অর্জন। এতে বহুবিবাহের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়, বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়ায় নারী-পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠিত হয়, সন্তানের অভিভাবকত্ব নির্ধারণে পারিবারিক আদালতের ভূমিকা নিশ্চিত করা হয়। ১৯৭১-১৯৭৮ কলেজে মহিলাদের ভর্তির হার ৭৯ শতাংশে পৌঁছায়। কর্মক্ষেত্রেও মহিলাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
তবে একই সময়ে ১৯৩৬ সালের ‘আনভেইলিং অ্যাক্ট’ নারীদের বাধ্যতামূলকভাবে হিজাব ত্যাগে বাধ্য করে, যার ফলে অনেক মহিলা সামাজিক চাপে ঘরে থাকতে বাধ্য হন। আধুনিকীকরণের পাশাপাশি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও স্বৈরশাসনও জোরদার হয়। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লব ইরানে নারীর অধিকার আন্দোলনের গতিপথ বদলে দেয়।
ইসলামিক প্রজাতন্ত্র, শরিয়তি আইন ও লিঙ্গ রাজনীতি
১৯৭৯ সালে বিপ্লবের মাধ্যমে ইরান রাজতন্ত্র থেকে আয়াতোল্লা রুহোল্লা খোমেইনির নেতৃত্বে ইসলামি প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। শরিয়ত অনুসরণ করে আইন প্রণয়ন করা হয় এবং পহলভি আমলের বহু সংস্কার বাতিল করা হয়। বিপ্লবে মহিলাদের সক্রিয় ভূমিকা ছিল, অথচ তাঁরা রাতারাতি আগের বহু অধিকার হারান। পুরুষরা একতরফা তালাক দেওয়ার অধিকার পান, বহুবিবাহ ইত্যাদি পুনর্বহাল হয়। বাধ্যতামূলক হিজাব চাপিয়ে দেওয়া হয়। নারীর শরীর ও আচরণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কেন্দ্রে পরিণত হয়। ‘হুদুদ’, ‘দিয়াহ’, ‘কিসাস’-এর মত শাস্তিমূলক বিধান পুনরায় কার্যকর হয়। লিঙ্গবৈষম্য রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে জড়িয়ে যায়। এতকিছুর পরও আন্দোলন থেমে যায়নি।
গ্রীন মুভমেন্ট থেকে ‘নারী, জীবন, স্বাধীনতা’-র লড়াই
২০০৯ সালের গ্রীন মুভমেন্টে নারীরা অগ্রণী ভূমিকা নেন। ‘আমার ভোট কোথায়?’ স্লোগান দিয়ে লাখো লাখো মানুষ রাস্তায় নামেন। ডিজিটাল যুগে মাই স্টেলদি ফ্রিডম আন্দোলনের মাধ্যমে মহিলারা বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এর এক যুগ পরে, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর, ২২ বছর বয়সী কুর্দি তরুণী জিনা মাহসা আমীনীকে পুলিশ আটক করে। অভিযোগ ছিল— তিনি সঠিকভাবে হিজাব পরেননি। তিনদিন পর তিনি মারা যান। মাথায় আঘাতজনিত কারণে তাঁর মৃত্যু হয়। তার মৃত্যুর পর ‘উইমেন, লাইফ, ফ্রিডম’ আন্দোলন শুরু হয়, ৮২ দিন ধরে ১৬০ খানা শহরে বিক্ষোভ চলে। সেইসময় মহিলাদের হিজাব পোড়ানো, লম্বা চুল কেটে ফেলার ছবি আমরা দেখেছি। অন্তত ৫৩০ জন নিহত হন, স্কুলছাত্রীরাও সেই আন্দোলনে যুক্ত হয়।
সাম্রাজ্যবাদী নারীবাদ, ‘হোয়াইট সেভিয়ার’ ও মিডিয়ার বয়ান
কিম্বার্লে ক্রেনশ প্রবর্তিত ‘ইন্টারসেকশনালিটি’ তত্ত্ব থেকে জানা যায়— জাতি, শ্রেণি, ধর্ম, লিঙ্গ, যৌনতা ইত্যাদি কীভাবে ওতপ্রোতভাবে জড়িত। এই সম্পর্ককে উপেক্ষা করলে পাশ্চাত্যের মধ্যবিত্ত নারীর অভিজ্ঞতাকেই সর্বজনীন নারীবাদ বলে ধরে নিতে হবে। রাফিয়া জাকারিয়ার লেখা এগেনস্ট হোয়াইট ফেমিনিজম বইতে বলা হয়েছে, ‘হোয়াইট ফেমিনিস্ট’ বলতে এমন নারীবাদীদের বোঝানো হয় যাঁরা চামড়ার রঙের কারণে অগ্রাধিকার পান এবং যাঁরা শ্বেতাঙ্গ নারীদের অভিজ্ঞতা, উদ্বেগ, উদ্দেশ্য ও বিশ্বাসকেই নারীবাদ এবং সমস্ত নারীবাদীর অভিজ্ঞতা হিসাবে সার্বজনীন করে তুলেছেন, এখনো করে তুলতে চাইছেন। ‘হোয়াইট ফেমিনিস্ট’ মানেই যে শ্বেতাঙ্গ তা কিন্তু নয়। ওই শব্দবন্ধ দিয়ে মূলধারার পাশ্চাত্য নারীবাদের মধ্যে প্রোথিত কিছু নির্দিষ্ট ধারণা, অনুমান ও আচরণের ধরনকে বোঝানো হয়। আর ‘হোয়াইট সেভিয়ার্স’ হল সেই মনোভঙ্গি, যাতে শ্বেতাঙ্গ পশ্চিমা ব্যক্তিরা নিজেদের অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর উদ্ধারকর্তা মনে করে। পশ্চিমা মিডিয়া ইরানি মহিলাদের প্রায়ই নীরব ও অসহায় হিসাবে দেখায়, অথচ তাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস উপেক্ষিতই থেকে যায়।
আফগানিস্তান, ইরাক, ইরান— এইসব দেশে নারীমুক্তির ভাষা সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখতে ব্যবহৃত হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি মহিলাদের ধর্মীয় মৌলবাদী শাসন থেকে মুক্ত করার অজুহাত দেখিয়েছেন হামলার যুক্তি হিসাবে, অথচ গাজায় হাজার হাজার নারী ও শিশুর মৃত্যুর দায় কিন্তু তাঁর সরকারেরই। এই ঘটনা প্রমাণ করে, কীভাবে সাম্রাজ্যবাদী নারীবাদ নারীমুক্তির আন্দোলনকে নির্যাতনের হাতিয়ার বানায়।
তবে পাশ্চাত্যের নারীবাদীরা সমালোচনার যোগ্য মানে এই নয় যে তাঁদের আন্তর্জাতিক সংহতি দেখানোর অধিকার নেই। তবে সত্যিকারের সংহতি দেখানো মানে নিপীড়িত মহিলাদের কথা শোনা, তাঁদের লড়াই থেকে শেখা এবং নিজেদের আধিপত্যবোধ ত্যাগ করা। চন্দ্রা তলপাড়ে মোহান্তি সার্বজনীন ‘সিস্টারহুড’-এর ধারণা প্রত্যাখ্যান করে বলেন, ভিন্ন সামাজিক-ঐতিহাসিক অবস্থানে থাকা নারীরা নিজেদের মত করে নারীবাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুললে সেই প্রক্রিয়া অনেক বেশি সহজাত।
সুতরাং সত্যিকারের সংহতি মানে ইরানের মহিলাদের কণ্ঠস্বর পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, পশ্চিমা উদারনৈতিক ছাঁচে তাঁদের সংগ্রামকে বন্দি করে ফেলা নয়। আমাদের কাজ মুক্তি দেওয়া নয়, বরং তাঁদের লড়াইকে দৃঢ়ভাবে সমর্থন করা, প্রসারিত করা।
বাছাই করা শোকের রাজনীতি ও দৃশ্যমানতার প্রশ্ন
ইরানে মহিলারা প্রতিদিন সাহসিকতার সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। আমাদের দায়িত্ব রাষ্ট্রীয় দমনপীড়নের বিরুদ্ধে তাঁদের কণ্ঠকে জোরদার করা। বিশেষত কুর্দি ইরানি নারী ও মেয়েদের অভিজ্ঞতা তুলে ধরা। যে নারীবাদ আন্তঃসংযোগবাদী ও ঔপনিবেশিক ভাবনামুক্ত নয়, তা প্রকৃত নারীবাদই নয়। ইরানি নারী ও শিশুরা সাম্রাজ্যবাদী আগ্রাসনের হাতে নিহত হচ্ছেন, তাঁদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। এমন এক সময়ে পশ্চিমা নারীবাদীরা নিভৃতে নীরবতা পালন করছেন। ইজরায়েলি নেতারা যখন গর্ব করে বলছেন— তাঁরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেক, অনেক পিছনে ঠেলে দিয়েছেন। পাশ্চাত্যের মূলধারার সংবাদমাধ্যম কৌশলগত সাফল্য নিয়ে ব্যস্ত। কিন্তু এইসব শিরোনামের আড়ালে আছে অসংখ্য বিধ্বস্ত ঘরবাড়ি ও ছিন্নভিন্ন দেহ— মা, মেয়ে, গর্ভবতী ও সেবিকাদের লাশ। তাঁদের মৃত্যু ফুটনোটে পরিণত হয়েছে। সেখানে আছেন শোকাহত ক্ষুব্ধ প্রবাসীরাও। উদারপন্থী নারীবাদীরা দুনিয়া জুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফাঁদে পা দিচ্ছেন। প্যালেস্তাইনের মত ইরানেও ইজরায়েল মহিলাদের জীবন দুর্বিষহ করে তুলছে, আর পশ্চিমা উদার নারীবাদ গণহত্যার ব্যাপারে স্পিকটি নট।
২০২২ সালে যখন মাহসা আমীনী নিহত হন, বিশ্ব জুড়ে আন্দোলনের জোয়ার উঠেছিল। পশ্চিমা নারীবাদীরা হ্যাশট্যাগ সহ বিভিন্ন ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন, নিজেদের চুল কেটেছিলেন, আরও নানাভাবে ওই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। পাশ্চাত্যের রাষ্ট্রনেতারা হঠাৎ হিজাব পরা মহিলাদের জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। সবার মুখে তখন একটাই স্লোগান— নারী, জীবন, স্বাধীনতা। তখন সহমর্মিতা দেখানো সহজ ছিল। কিন্তু এখন যখন ইসরায়েল তেহরান, শিরাজ, ইসফাহানে বোমাবর্ষণ করছে, মহিলারা নিজেদের ঘরে বসেই নিহত হচ্ছেন, মায়েরা সন্তানহারা হচ্ছেন, তখন কোনো প্রতিবাদ নেই। নেই কোনো হ্যাশট্যাগ, কোনো শোকবার্তা। যে নারীবাদীরা একসময় ইরানের মেয়েদের স্বাধীনতার প্ল্যাকার্ড ধরেছিলেন, আজ তাঁরা প্রতিবাদের মহল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কেন? কারণ এখন যুদ্ধে অবতীর্ণ হয়েছে পাশ্চাত্য শক্তি। এক্ষেত্রে সহমর্মিতা দেখানো মানে সাম্রাজ্যবাদ, যুদ্ধবাজি, ঔপনিবেশিকতা, জায়নবাদকে প্রশ্ন করা।
যদি আপনার নারীবাদ আজ নিহত ইরানি মহিলাদের জন্য একইরকম রাগ ও শোক অনুভব করতে না পারে, তবে সেই নারীবাদ অর্থহীন। পশ্চিমা সংবাদমাধ্যম খুললেই দেখা যাচ্ছে সামরিক মানচিত্র, ‘নির্ভুল হামলা’-র মত শব্দ, ইসরায়েলের ‘কৌশলগত লক্ষ্য’ বিশ্লেষণ। কিন্তু ধ্বংসস্তূপ থেকে যে ছোট ছোট শিশুদের মৃতদেহ তোলা হচ্ছে, তাদের নাম কোথায় হারিয়ে গেছে? তাদের গল্প দেখাবে কারা? তাদের মায়েদের কান্না, বন্ধুদের স্মৃতি অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে কেন? মৃত ইরানি মহিলারা কেউ কেন শিরোনামে আসতে পারছেন না?
আরো পড়ুন হিজাববিরোধী ইরান: বিপ্লব চাপিয়ে দেওয়া যায় না
অসামরিক ইজরায়েলি নিহত হলে আন্তর্জাতিক মূলধারার সংবাদমাধ্যম থেকে আমরা তাঁদের নামধাম, শিক্ষাজীবন সম্পর্কে জানতে পারি। তাঁদের ছবি দেখি, পরিবার পরিজনের অশ্রুসিক্ত সাক্ষাৎকার দেখি। সেটাই উচিত। কিন্তু ইরান বা প্যালেস্তাইনের মহিলারা যখন মর্গে শুয়ে থাকেন, তাঁরা স্রেফ সংখ্যা। আসলে ধ্বংস হয়ে যাওয়া হাসপাতাল দেখানো না হলে, ভিতরে মারা যাওয়া সেবিকাদের নাম না বললে গাজা ধ্বংস সমর্থন করা সহজ হয়। সংবাদমাধ্যমের দৃষ্টি পিতৃতান্ত্রিক, সাম্রাজ্যবাদী ও শ্বেতাঙ্গকেন্দ্রিক কিছু শোককে উচ্চকিত করে, আর অন্যদের অস্তিত্ব মুছে দেয়। যেসব নারীবাদী প্রকাশনা সংস্থা মাহসাকে নিয়ে বিশেষ সংখ্যা বের করেছিল, তারা এখন কোথায়? আপনার নারীবাদ যদি আমেরিকা-ইজরায়েলের বোমায় নিহত ইরানি নারীদের দেহের দিকে তাকাতে না পারে, তবে তা নারীবাদ নয়, আপনার দুর্বলতা।
ইরান নিয়ে প্রচলিত ধারণা বনাম বাস্তব
ইরানের মহিলাদের নিয়ে বহু ভুল তথ্য বাজারে ছড়ানো আছে। যেমন ইরানে মহিলারা মেক আপ ব্যবহার করতে পারেন না, পড়াশোনা করতে পারেন না, কাজ করতে পারেন না, গাড়ি চালাতে পারেন না, ভোট দিতে পারেন না। সকলেই নিপীড়িত। এগুলো আসলে মার্কিন প্রোপাগান্ডা। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ প্রসাধনীর বাজার। তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, ইউরোপীয়, কোরিয় ও চীনা ব্র্যান্ডে পরিপূর্ণ। ওই বাজারের অল্প অংশই আমেরিকান কোম্পানিগুলোর দখলে। এদিকে ইউনেস্কোর ২০২২ সালের তথ্য অনুযায়ী ইরানে নারী সাক্ষরতার হার প্রায় ৮৫%। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ৫০%-৬০% নারী। বিজ্ঞান, চিকিৎসা, মানবীবিদ্যা ও অন্যান্য বিষয়ের শিক্ষায় বর্তমান প্রজন্মের মহিলারা পুরুষদের তুলনায় বেশি অংশগ্রহণ করছেন।
নারীমুক্তির প্রশ্নটাকে আর্থসামাজিক বাস্তবতা থেকে পৃথক করে দেখা যায় না, বরং সেটাই মুখ্য আলোচনার দাবিদার। বুর্জোয়া নারীবাদের চোখে মহিলাদের সাংস্কৃতিক স্বাধীনতাই নারীমুক্তির একমাত্র মাপকাঠি, তার সাংস্কৃতিক সংকটই যেন শোষণের একমাত্র শৃঙ্খল। সাজপোশাক ও সামাজিক জীবনের স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক অবস্থা, বাসস্থানের বন্দোবস্ত, কাজের পরিবেশ, শ্রমবাহিনীর অংশীদারিত্ব— সবই কিন্তু নারীমুক্তির বিভিন্ন মানদণ্ড। ইরান সহ গোটা বিশ্বের নারীমুক্তির লড়াইকে এই বহুমাত্রিকতার আধার দেওয়া প্রয়োজন। বইকে নারীমুক্তি নিছক দেখনাই হয়ে দাঁড়ায়।
ইরানের মহিলাদের সংকটের পিছনে নিহত আলি খামেনেইয়ের গোষ্ঠীর আইনগত, নৈতিক ও আচরণগত বৈষম্যের নীতি যেমন দায়ী, তেমনই দেশের অর্থনৈতিক দুর্দশাও দায়ী। ইরানে চলমান অর্থনৈতিক সংকটের কারণে মহিলাদের আয় কমেছে। বুর্জোয়া ব্যবস্থায় মুদ্রাস্ফীতির দরুন ছাঁটাই শুরু হলে তার কোপ প্রথমেই মহিলাদের উপর পড়ে। অর্থনৈতিক সংকট থেকে সৃষ্ট হতাশা পারিবারিক ক্ষমতাকাঠামোভিত্তিক শোষণ আরও তীব্র করে তোলে, গার্হস্থ্য হিংসার প্রবণতা বাড়ে। নিরাপদ জীবনযাপন বস্তুত অকল্পনীয় হয়ে ওঠে। এসব ঘটলে যে আপাত গণতান্ত্রিক দেশে কোনো ধর্মীয় শাসন নেই, সেখানেও নারী শিকলবন্দি হয়ে পড়ে।
মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে বহুদিন ধরে সংকটাপন্ন করে রেখেছে। ফলে আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি, কর্মী ছাঁটাই, ভোগ্যপণ্যের অপ্রতুলতা, অনিশ্চয়তা, অস্থিরতা ক্রমশ জনজীবনের টুঁটি টিপে ধরছে। ফলে নারীজীবনের সমস্ত দিকই ক্ষতিগ্রস্ত। তাই ইরানে নারীমুক্তির জন্য ইসলামিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যেমন দরকার, ততোধিক প্রয়োজন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা। সাম্রাজ্যবাদী দমনপীড়নে নীরব ভূমিকা পালন করে ইরানি মহিলাদের জন্য কুম্ভীরাশ্রু বিসর্জন সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র অথবা নিষ্ঠুর ঠাট্টা।
ভারত রাষ্ট্রের অবস্থান, ভারতীয় নাগরিকের স্বাধীনতা ও রাজনৈতিক দায়
ইরানের উপর আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে ভারত সরকার কোনো বিবৃতি জারি করেনি। উপরন্তু ২৮ ফেব্রুয়ারি অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারগুলোকে বলেছে, সোশাল মিডিয়ায় ইরান প্রসঙ্গে ‘উস্কানিমূলক’ মন্তব্য করা হচ্ছে কিনা তার উপর যেন কঠোর দৃষ্টি রাখা হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ভারতীয় নাগরিক হিসাবে আমাদের সকলকে জায়নবাদীদের পক্ষ নেওয়ার হুকুম দিচ্ছেন মোদী-শাহ? সাম্রাজ্যবাদ আর ফ্যাসিবাদের করাল গ্রাসে যাঁরা লিঙ্গ রাজনীতিকে বিচ্ছিন্নভাবে দেখছেন, বলতে দ্বিধা নেই, তাঁরা আসলে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সাম্রাজ্যবাদেরই হাত শক্ত করছেন।
নিবন্ধকার বামপন্থী ছাত্র আন্দোলনের সংগঠক। মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







