পঞ্চানন পোদ্দার
উত্তাল বাংলাদেশ। কোটা সংস্কার চেয়ে পথে ছাত্রসমাজ। সবুজবরণ পতাকার গায়ে লাল চাঁদ নিয়ে জোছনা রাত্রে সামিল সালাম, রফিক, বরকতের উত্তরাধিকারীরা। যা খবর পাওয়া যাচ্ছে, এখন পর্যন্ত প্রায় ৬০ জন ছাত্রছাত্রী মৃত। বাংলা ভাষায় লেখা পুলিসের ট্যাঙ্কার থেকে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে মৃতদেহ। আমি ভাবছি, এটা কি প্যালেস্তাইন? মৃতদেহের গায়ে বাঙালির পতাকা জড়িয়ে নামাজ পড়ছেন হাজার হাজার তরুণ।
যুদ্ধের মত ট্যাঙ্কার নিয়ে হাসিনা সেনা চলেছিল ছাত্র মারতে। বুক চিতিয়ে বন্দুকের সামনে দাঁড়ানো ছেলেটি প্রমাণ দিচ্ছে আরও একবার – ‘বাঙালি মরে না, প্রাণ দেয়।’
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
যে বাঙালিকে আমরা গত এক দশকে দেখতে খুব একটা অভ্যস্ত নই অন্তত কলকাতায় বা পশ্চিমবঙ্গে। যে বাঙালি চাকরির দাবিতে পুলিসের লাঠির বাড়িতে প্রাণ যাওয়া মইদুল ইসলাম মিদ্যার পক্ষে না দাঁড়িয়ে অমিত শাহের সভামঞ্চে দাঁড়ায়। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে লাড্ডু নিয়ে ফেরে, সিরিয়াল এবং গেরুয়া রঙা খাবারের প্যাকেটে যাদের জীবন আজকাল ‘দু ছক্কা পাঁচ’, সেই বাঙালির খুব একটা তাপ উত্তাপ নেই এসবে। যখন এই নিবন্ধ লিখছি, তখন বন্দুকের সামনে দাঁড়িয়ে বুক পেতে দিচ্ছে ‘আশাদের নবজন্ম’। শার্ট উড়ছে না যদিও। তবু গমগমে এভিনিউয়ের আনাচে কানাচে, কারখানার চিমনিচূড়ায়, ডালিম গাছের মৃদু ছায়ায়, চৈতন্যের প্রতিটি মোর্চায় আশাদের মতো দেখতে ছেলেরা বুক পেতে দিচ্ছে, গলা চিরে দিচ্ছে স্লোগানে। প্রতিকূলতা, আসবাব আর জরাজীর্ণতার বাঁধন ছিড়ে বেরিয়ে আসছে হাজার হাজার প্রীতিলতা। লাল, হলদে, সবুজ – হরেক রঙের সালোয়ার কামিজ রাত জেগে রবীন্দ্রনাথ গাইছে, ক্যাম্পাসের প্রদীপের আলো মনে করাচ্ছে এক টুকরো শাহবাগ, এক টুকরো চট্টগ্রামের কথা।
ফেসবুক স্ক্রলে একটি ছবি এসে পৌঁছল। কালো কাপড়ের গায়ে বড় অক্ষরে লেখা, ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’!
যুগে যুগে ছাত্রসমাজ জাতিগঠনে প্রেরণা যোগায়। তারাই প্রেসিডেন্সির হিন্দু হোস্টেলের জন্যে স্তব্ধ করে দিয়েছিল কলেজ ব্যবস্থা, ওরাই প্যারিসে ফাগুন এনেছিল ভরা জ্যৈষ্ঠে, ওদের একজন আনন্দ হাইত, অন্যজন নুরুল ইসলাম হয়ে দাপিয়ে বেড়ায়। ওদের নিয়ে কবিতা লেখেন শামসুর রাহমান, গপ্পো ফাঁদেন মাণিক বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন করলে মাওবাদী, খালিস্তানি, বাংলাদেশি বলে দেগে দেওয়ার যে প্রবণতা আমাদের দেশের শাসকের, সে প্রবণতার বাইরে নেই কোনো ক্ষমতার অলিন্দে বসে থাকা শাসকই। এপারে দিদি ওপারে আপা – উচ্চারণ বদলায়, অভ্যাস নয়। কাশ্মীরের মত বাংলাদেশেও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। তাজ্জব বনে যাচ্ছি দেখে, যে বাংলাদেশ প্রশাসন ছাত্রছাত্রীদের আটকাতে ট্যাঙ্কার নামিয়েছে। পাকিস্তান সীমান্তগামী যে ট্যাঙ্কারের ছবি দেখতে আমরা অভ্যস্ত, সেই ট্যাঙ্কার নিয়ে ‘সমরে’ চলেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। বঙ্গবন্ধু এভিনিউতে পিচের উপর শুধুই রক্ত, পাটকেল আর ছেঁড়া চটি। সে চটির মালিক অজানা। কেউ চিরতরে চলে গিয়েছে, কেউ কেউ হাসপাতালে যুঝছে মৃত্যুর সাথে। যে দেশটা একদিন শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলবে বলে, চিৎকার করে কাঁদবে বলে, ভালবাসবে বলে লড়েছিল, প্রাণ দিয়েছিল – তারা ফের রাস্তায়। ফের উত্তাল শাহবাগ চত্বর। ফের মধুর ক্যান্টিনে বসে কারা যেন বিপ্লবের স্বপ্ন দেখছে।
সেই কবে, কত বছর আগে ঢাকা শহরের মিছিল মিলেছিল আমার কলকাতায়। আজ মেলে না আর। ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি, আরও নানা সংগঠনের তরফে কয়েকটা ছোটখাটো মিছিল হয়েছে, বাংলাদেশ দূতাবাস অবরোধের চেষ্টাও হয়েছে। কিন্তু তার ব্যাপকতা নেই। নিশ্চুপ নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, মীনাক্ষী মুখার্জি। যে বাঙালি একদিন নিজের পায়জামার দড়ি ঠিক করে বাঁধতে না পারলেও ‘ফাটিয়ে দিত’ ভিয়েতনাম যুদ্ধ নিয়ে, সেই বাঙালি চুপ। যে একদিন ডেভিড ম্যাকনামারাকে কলকাতায় নামতে দেয়নি খাদ্য আন্দোলনে সংহতি জানিয়ে, সেই বাঙালি চুপ। একদল বুদ্ধিজীবী মনে করছেন, মুক্তিযুদ্ধের শত্রুরাই এই ছাত্র আন্দোলনকে উস্কানি দিচ্ছেন।
আরো পড়ুন বাংলাদেশ: জেগে থাকা স্মৃতি
চাকরি চুরি, রেশন দুর্নীতি, গরু-কয়লা-বালি নিয়ে চুপ বাঙালি বুদ্ধিজীবীরা। কৃষক ফসলের ন্যায্য দাম না পেলে আজ আরেকটা চারু মজুমদার, আরেকটা কানু সান্যাল ময়দানে নামেন না। নকশাল নামটাকে আর ভয় করে না পুঁজিপতি, গুদামের মালিকরা। ট্রাম উঠে গেল, বাসও উঠে যেতে বসেছে। চালের কেজি পঞ্চাশ টাকা। অসীম চ্যাটার্জিদের (কাকা) মত প্রেসিডেন্সির কোনো ছাত্রনেতা আজ আর নেই। তাই ট্রাম পোড়ে না শহর কলকাতায়। মিছিল দেখলে বিরক্ত হয় পশ্চিমবঙ্গের বাঙালি বাবু। কলকাতার ছাত্র আন্দোলন আজ স্কলারশিপের টাকা আর প্রেমিকার কাজলে আবদ্ধ। পেটে খিদেও নেই, আন্দোলনের তাগিদও নেই।
কৃষককে নিয়ে সিনেমা হয়, কিন্তু সেই ছবি দেখতে যেতে পান না স্বয়ং কৃষক। হেলদোল নেই কারোর। ওরা যেন কোথায় হারিয়ে গেছে, যারা দেওয়াল জুড়ে লিখত ‘লক্ষ্য আমার ক্ষমতা নয়, লক্ষ সমাজতন্ত্র’ কিংবা ভিয়েতনামের সমর্থনে যারা মেট্রো সিনেমার দেওয়ালে লিখেছিল ‘কিক আউট ইয়াঙ্কিস’।
বাঙালির স্বপ্ন মরে গেছে দামি জুতো, ঘড়ি, মোবাইলের কাছে!
যখন লিখছি তখন চট্টগ্রাম থেকে রংপুর, খুলনা থেকে সিলেটে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। যেহেতু ইন্টারনেট পরিষেবা ব্যাহত, তাই সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। কোটা ব্যবস্থার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল, তা আজ প্রায় সরকারবিরোধী এক আন্দোলনে পরিণত হয়েছে। যে সরকার প্রায় এক দশক ধরে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, মানুষের ভোটদান করতে পারাই যে দেশে আজ বিস্ময়, সে দেশের যুবসমাজের ক্ষোভের বিস্ফোরণ সামলাতে গিয়ে সরকার নাজেহাল। ছাত্রছাত্রীরা সামনের সারিতে থাকলেও বাংলাদেশের এই আন্দোলনকে গণআন্দোলন বলতে মনে হয় না কারোর কোনো অসুবিধা থাকবে।
তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের কাছে যেমন বিজেপি নামক একটা হিন্দুত্ববাদী জুজু আছে, বিজেপির কাছে মুসলমান নামক একটা জুজু আছে, যা দিয়ে ভোট জোগাড় হয়, তেমনি আওয়ামী লীগ তথা শ্রীমতি হাসিনারও হাতেও একটা জুজু আছে। তা হল মুসলিম মৌলবাদ। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) যদি ক্ষমতায় চলে আসে তাহলেই মৌলবাদী শক্তির হাতে দেশ চলে যাবে, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে – এই ভয়ের ওদেশের বিরাট অংশের বাঙালির রয়েছে। বিশেষত মধ্যবিত্ত, শিক্ষিত মানুষের এবং হিন্দুদের। শ্রীমতি হাসিনা জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, সেখানেও তিনি ওই ফাটা রেকর্ডই বাজিয়েছেন। ছাত্র আন্দোলনের সঙ্গে মুসলিম মৌলবাদ, বিরোধীদের উস্কানি ইত্যাদি পাওয়া গেল বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথায়। মুক্তিযোদ্ধাদের পরিবার পিছু ৩০% কোটা নিয়ে ছাত্রদের শুরু হওয়া এই আন্দোলন সম্পর্কে কোনো সহানুভূতি ছিল না তাঁর কথায়। যাঁরা মারা গেলেন, তাঁদের প্রতিও সংহতি জানালেন না মুজিবকন্যা।
কলকাতায় মইদুল, সুদীপ্ত গুপ্ত, ঢাকায় আবু সাঈদরা জন্মায় একটা গোটা জাতিকে শিক্ষা দেবে বলে, রক্ত টগবগ করে ফোটাবে বলে। ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজেটাকে ইতিহাসের রঙ্গমঞ্চে উপহার দেবে বলে। লেখা যখন শেষ করছি, তখন রাত এগারোটা তেত্রিশ। বাংলাদেশের এক ফেসবুক বন্ধু লিখছেন – ‘অসহায় লাগছে। মৃতের সংখ্যাটা এই মুহূর্তে ৬৪।’
বারবার ধন্দে পড়ে যাচ্ছি, এটা বাংলাদেশ না প্যালেস্তাইন? তারপর খুঁজছি সেই ছবিটা, যেখানে একজন ইজরায়েলি সৈনিক পিয়ানো বাজাচ্ছেন।
নিবন্ধকার পেশায় সাংবাদিক। মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







