ফরেনার্স ট্রাইব্যুনাল, ডিটেনশন ক্যাম্প, সন্দেহজনক ভোটার – আসামে বহু ব্যবহৃত ও পরিচিত শব্দগুলি অচিরেই গোটা দেশে পরিচিত হতে চলেছে। এক দেশ, এক আইনের এমন সার্থক রূপায়ণ বিশ্বগুরুর রাজত্বেই সম্ভব। স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী অনুপ্রবেশ ও জনবিন্যাস পরিবর্তনের সমস্যাকে সামনে তুলে ধরেন। সেদিনই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেন। এই যুদ্ধের নিশানা যে বাঙালি, বিশেষত তাঁদের মধ্যে মুসলমানরা, তা রাখঢাক না রেখেই বারবার তিনি বলে চলেছেন। সেপ্টেম্বর মাসে দেশে চালু হল দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫, অর্থাৎ অভিবাসন ও বিদেশি আইন। আইনটি কার্যকর করতে রাজ্যগুলিকে ডিটেনশন সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের নানা প্রান্তে বাঙালি প্রবাসী শ্রমিকদের উপর আক্রমণ, এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার আবহে এই আইন ও সরকারি নির্দেশ বহু মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করবে।

২০১৯ সালে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে বলেছিল যে রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন, এমনকি জেলা সমাহর্তা বা শাসকও ফরেনার্স ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। অর্থাৎ ১৯৬৪ সালে আসামে গঠিত ফরেনার্স ট্রাইব্যুনালের আদলে বিভিন্ন রাজ্যে ট্রাইব্যুনাল গঠনের ছাড়পত্র দেওয়া হয়েছিল। সদ্য বলবৎ হওয়া অভিবাসন ও বিদেশি আইনে রাজ্যগুলিতে ডিটেনশন সেন্টার আবশ্যক করার পাশাপাশি ফরেনার্স ট্রাইব্যুনালের ক্ষমতা ও গুরুত্ব বাড়ানো হয়েছে। তারা সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পারবে, প্রামাণ্য নথি জোগাড় করতে না পারলে অথবা আদালতে জামিন না পেলে, সেই ব্যক্তিকে ডিটেনশন সেন্টারে আটক রাখা হবে। আসাম মডেল অনুযায়ীই, এক্ষেত্রেও অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যে তিনি বিদেশি নন। আইনের ২৬ ও ২৭(২) ধারায় পুলিশের হেড কনস্টেবল বা তার উচ্চ পদমর্যাদার পুলিসকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। সন্দেহের বশে ওয়ারেন্ট ছাড়াই একজন হেড কনস্টেবলও যে কোনো লোককে গ্রেফতার করতে পারবেন।

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

বৈধ পাসপোর্ট, ভিসা, ভ্রমণ নথি সহ প্রয়োজনীয় কাগজ না থাকলে একজন বিদেশিকে অবৈধ অনুপ্রবেশকারী বলে গণ্য করা হবে। আইন অনুসারে, পাসপোর্ট, ভিসা ছাড়া কোনো বিদেশি এদেশে থাকলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল ও পাঁচ লক্ষ টাকা জরিমানা হবে। জাল পাসপোর্ট, ভিসা নিয়ে ধরা পড়লে দুই থেকে সাত বছরের জেল, এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। জাল নথি সরবরাহকারীর শাস্তির কথাও বলা আছে আইনে। ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর কোনো বিদেশি ভারতে থাকলে তারও শাস্তি হবে।

আইনের ৮ নং ধারা অনুসারে, হোটেল, হোম স্টে-র মত বাণিজ্যিক কাজে ব্যবহৃত ঘরে বিদেশি থাকলে, তাঁদের তথ্য রেজিস্ট্রেশন অফিসারকে জানাতে হবে। ৯ ও ১০ নং ধারা অনুসারে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বিদেশি ছাত্রছাত্রীদের তথ্য (ডোনাল্ড ট্রাম্পের শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারির সঙ্গে কী মিল!), হাসপাতাল, নার্সিং হোমগুলিকে বিদেশি রোগী ও তার পরিজনদের তথ্য রেজিস্ট্রেশন অফিসারকে জানাতে হবে। বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও রয়েছে নানা বিধিনিষেধ।

বিদেশ থেকে ভারতে আসার নানা নিয়মকানুন আগেও ছিল, সব দেশেই থাকে। এর জন্য ভারতে বিদেশি আইন, পাসপোর্ট আইন, অভিবাসন আইন সহ বেশকিছু আইন ছিল। সেগুলি তুলে দিয়ে এখন অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫ চালু হল। আপাতভাবে মনে হতে পারে, এর মধ্যে কোনো বিপদ নেই। কিন্তু যেভাবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে পুলিশের হেড কনস্টেবল পর্যন্ত বিপুল ক্ষমতার অধিকারী হলেন, তাতে দেশের প্রকৃত নাগরিকরাও আক্রান্ত হতে পারেন।

আইন বলছে সন্দেহভাজন হিসাবে কাউকে ধরলে সেই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে তিনি বিদেশি নন। যেখানে ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি জন্মের শংসাপত্র দেখালেও বাঙালি প্রবাসী শ্রমিকদের অনেক ক্ষেত্রে অত্যাচারের শিকার হতে হচ্ছে, সেখানে এই আইন বলে হেনস্থা ও অত্যাচার আরও বাড়ার আশঙ্কা কি অমূলক? বাঙালি মাত্রেই সম্ভাব্য বাংলাদেশি – এমন এক ভাষ্য দেশজুড়ে নির্মাণ করা হচ্ছে। নতুন এই আইনের বলে পুলিসও যখন তখন বাঙালি শ্রমিকদের সন্দেহভাজন হিসাবে বন্দি করে ডিটেনশন সেন্টারে রাখতে পারে। এই অবস্থায় অন্য রাজ্যে বাড়ি বা হোটেল ভাড়া নিতেও অসুবিধায় পড়তে পারেন বাঙালিরা। বিপদ অবশ্য কেবল বাঙালিদের নয়, যে কোনো ভারতীয়েরই হতে পারে। সবচেয়ে বেশি বিপদ মুসলমানদের।

গত ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা এই আইন সংক্রান্ত আদেশে বেশকিছু ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হয়েছে। যেমন নেপাল, ভুটান থেকে কেউ সেদেশের সীমান্ত পেরিয়ে এলে অথবা কোনো তিব্বতি নথিভুক্ত হওয়ার শংসাপত্র দেখালে ছাড় পাবেন। তিব্বতিদের ক্ষেত্রে ভারতে আসার সময় অনুসারে ছাড়ের কিছু নিয়ম রয়েছে। ২০১৫ সালের ৯ জানুয়ারির মধ্যে শ্রীলঙ্কা থেকে ভারতে আশ্রয় নেওয়া তামিলদের নাম নথিভুক্ত থাকলে পাসপোর্ট, ভিসা ইত্যাদির দরকার হবে না। প্রসঙ্গত উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), ২০১৯ অনুযায়ী শ্রীলঙ্কা থেকে আসা তামিলদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না বলে প্রশ্ন উঠেছিল। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে অথবা তার ভয়ে কোনো হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্শি বা খ্রিস্টান ধর্মাবলম্বী ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজ ছাড়া এদেশে এলে এই আইনে তাঁর/তাঁদের শাস্তি হবে না। সিএএ, ২০১৯ এর সঙ্গে এক্ষেত্রে কিছু মিল রয়েছে। যদিও মনে রাখতে হবে, এই ছাড় পেলেই তাঁরা কিন্তু দেশের নাগরিকত্ব পাবেন না। তার জন্য সিএএ ২০১৯ অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আসতে হবে। তার সঙ্গে রয়েছে নানা নথি দেখানোর শর্তাবলী। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এই ধরনের ধর্মভিত্তিক ছাড়ের বৈধতা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। বিজেপিও চাইছে এই বিতর্ক উঠুক। তাহলে মুসলমানবিদ্বেষের রাজনীতি আরও পাকাপোক্ত হবে।

দেশজুড়ে এনআরসি চালু নিয়ে বিতর্ক হওয়ায় বিজেপি সরকার ২০১৯ সালে নাগরিকত্ব আইন সংশোধন করেছিল। এনআরসি এবং সিএএ যে একে অপরের সঙ্গে যুক্ত, তা সুকৌশলে গুলিয়ে দিয়েছিল। আসামে এনআরসি নবীকরণের সময়ে দাবি করেছিল, বাংলাদেশি মুসলমানদের তাড়ানো হবে। ২০১৯ সালের অগাস্ট মাসে আসামে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে দেখা যায়, ১৯ লক্ষের বেশি মানুষের নাম বাদ পড়েছে। তাঁদের মধ্যে প্রায় ১৪ লক্ষ বাঙালি হিন্দু। বিজেপি তখন চটজলদি নাগরিকত্ব আইন সংশোধন করে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দানের আশ্বাস দেয়। পশ্চিমবঙ্গে দেশভাগের পর আসা মানুষগুলিকে সিএএ-এর মাধ্যমে নাগরিকত্বের টোপ দেওয়ার রাজনীতি আবার গতি লাভ করেছে। প্রবাসী বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের পর বিজেপি বিভিন্ন এলাকায় সিএএ অনুসারে আবেদনের শিবির খুলেছে। মানুষের মনে ভয় ঢুকিয়ে প্রথমে স্বীকার করিয়ে নেওয়া হচ্ছে যে তাঁরা এদেশের নাগরিক নন। নয়া অভিবাসন ও বিদেশি আইন লাগু হওয়ার পর বিজেপি মিথ্যা প্রচারে নেমেছে যে, ২০২৪ সালের মধ্যে হিন্দুরা বাংলাদেশ থেকে এই দেশে এলে নাগরিকত্ব পাবেন। এই আইনের সঙ্গে নাগরিকত্ব দেওয়ার কোনো সম্পর্ক না থাকলেও, এই মিথ্যা প্রচারে রাজ্যে ধর্মীয় বিভাজন বাড়বে। অন্য রাজ্যে যেমন বাঙালি মাত্রেই সম্ভাব্য বাংলাদেশি বলে গণ্য করা হচ্ছে, তেমন এই রাজ্যে মুসলমান মানেই বাংলাদেশি বা রোহিঙ্গা – এই ভাষ্য নির্মাণ করা হচ্ছে। সারা বিশ্বে রোহিঙ্গা জনসংখ্যা যেখানে ২০ লক্ষের কম, সেখানে বিজেপি বলছে এ রাজ্যে কোটি কোটি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশকারীর সংখ্যা নিয়ে সীমাহীন গুজব ছড়াতে বিজেপির জুড়ি নেই। আসলে গুজবের মাধ্যমে এক কল্পিত শত্রু সম্পর্কে আতঙ্ক সৃষ্টি না করলে অতি দক্ষিণপন্থী রাজনীতির চলে না।

ধর্ম ও ভাষাভিত্তিক জনবিন্যাসের কথা বলে বিজেপি আসলে ভারতের জনবিন্যাসগত সুবিধার কথা আড়াল করছে। বয়সভিত্তিক জনবিন্যাস অনুসারে ভারতে বিপুলসংখ্যক মানুষ কর্মক্ষম। ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে কর্মপ্রার্থীর সংখ্যা ১ কোটি ২০ লক্ষ বাড়বে। যাঁদের কাজে লাগিয়ে ‘সব কা সাথ সব কা বিকাশ’ সম্ভব করা যেত। কিন্তু হচ্ছে তার উলটো। প্রার্থীর তুলনায় কাজের সুযোগ এত কম যে যুবসমাজের কাছে যা আশীর্বাদ হতে পারত, সেটাই অভিশাপে পরিণত হয়েছে। শস্তা শ্রমের বাজারে লাভ হচ্ছে কোম্পানিগুলির। সরকার সত্য আড়াল করে ভুল পরিসংখ্যান দেয়। কর্মপ্রার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি স্বনিযুক্ত মানুষ, অস্থায়ী কর্মীর সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় সরকারেরই ২০২৪-২৫ সালের আর্থিক সমীক্ষা জানাচ্ছে, ২০২৩-২৪ সালে কাজ করা মানুষের মধ্যে ৫৮.৪% স্বনিযুক্ত। মহিলাদের বড় অংশ বিনা মজুরিতে নানা পারিবারিক কাজে যুক্ত থাকেন। সরকারি সমীক্ষায় তাঁদেরও কর্মী হিসাবে ধরে বেকারত্বের হার কম দেখানো হয়েছে। গ্রামীণ ভারতে মোট কর্মরত মহিলাদের ৪২ শতাংশের বেশি বিনা মজুরিতে কাজ করেন। কাজ ও মজুরির নিশ্চয়তা ক্রমশই কমছে। বাড়ছে আর্থিক অসাম্য। সরকারি সমীক্ষা দেখাচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিচারে শ্রমজীবী মানুষের প্রকৃত আয় কমেছে। এইসব সত্যকে ধামাচাপা দিতে অনুপ্রবেশের সমস্যাকে সামনে আনা হচ্ছে। বিজেপি নেতারা সরাসরি বলছেন, বিদেশিরা এসে ভারতীয়দের চাকরি খাচ্ছে। বেকারত্বের সমস্যায় জর্জরিত দেশে চাকরি খাওয়ার গল্প শাসকের অস্ত্র।

কেবল আর্থিক সংকট তীব্র হচ্ছে না, নরেন্দ্র মোদী সরকার সম্পর্কে তৈরি হওয়া মিথও ভাঙছে। সরকারের বিদেশনীতির ব্যর্থতা আড়াল করা যাচ্ছে না। আমেরিকার এত গুণগান করার পর পরম মিত্র ডোনাল্ড ট্রাম্প যে এমন ব্যবহার করবেন, তা মোদী এবং তাঁর ভক্তদের স্বপ্নের অতীত ছিল। এতদিন চীন, রাশিয়ার বিরোধিতা করার পর তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে বাধ্য হওয়াও স্বস্তির নয়। পহলগামের নারকীয় হত্যাকাণ্ডের পর যুদ্ধোন্মাদনা সৃষ্টির চেষ্টাও কাজে আসেনি। তাই বিদ্বেষের রাজনীতিকে আরও তীব্র করতে অনুপ্রবেশ সমস্যাকেই ঢাল করেছে তারা।

আরো পড়ুন বিজেপির ডানা ছাঁটা গেছে, গণহত্যার চোখরাঙানি কাটেনি

কৌশলটা অবশ্য নতুন নয়। অনুপ্রবেশের কথা বলে সাম্প্রদায়িক বিভাজন বরাবরই বিজেপির অস্ত্র। এখন অবশ্য বিভিন্ন দিক থেকে ধেয়ে আসা নানা অস্ত্রে কোন ধর্ম, ভাষা বা লিঙ্গের মানুষ যে কখন নিশানা হবেন তা গুলিয়ে যেতে বসেছে। এই সবকিছু গুলিয়ে দেওয়াই আসলে বিজেপির কাজ। এর প্রত্যুত্তরে বিজেপিবিরোধী কয়েকটি আঞ্চলিক দল নির্মাণ করে চলেছে পালটা পরিচয় সত্তার রাজনীতি, যার অবশ্যম্ভাবী পরিণাম পারস্পরিক সন্দেহ ও বিভাজনের আবহে মানুষের আসল সমস্যাগুলি গুলিয়ে যাওয়া, নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু না হয়ে ওঠা। সন্দেহ নেই, এসআইআর এবং অভিবাসন ও বিদেশি আইনকে ইস্যু করে বিজেপি পশ্চিমবঙ্গ ও আসামে আগামী বছরের বিধানসভা নির্বাচনে লড়বে। পশ্চিমবঙ্গ বিধানসভায় এর আগে বিজেপি ও তৃণমূল বিধায়কদের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখতে শোনা গেছে। বিধানসভার চলতি অধিবেশনে চাকরি দুর্নীতি, বেকারত্ব ইত্যাদি জ্বলন্ত সমস্যা গুরুত্ব না পেয়ে অনুপ্রবেশ ইস্যু গুরুত্ব পাচ্ছে। বিজেপি বাঙালিদের মধ্যে ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতিকে আরও জোরদার করছে, আর তৃণমূল পড়ে পাওয়া চোদ্দ আনার মত বাঙালি পরিচয় সত্তার রাজনীতিকে পুঁজি করছে। আসামের বিজেপি মুখ্যমন্ত্রী বিদ্বেষমূলক মন্তব্যে ক্রমশ বেপরোয়া হয়ে উঠছেন। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের হাতে অস্ত্র রাখার কথা বলছেন। ১৯৫০ সালের দি ইমিগ্রেশন (এক্সপালশন ফ্রম আসাম) অ্যাক্ট কাজে লাগিয়ে বাঙালিবিদ্বেষের রাজনীতিকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে চাইছেন।

বিহারে ইন্ডিয়া জোটের এসআইআর-বিরোধী আন্দোলন বিজেপির তৈরি রাজনৈতিক ভাষ্যকে চাপে ফেলেছে। ভোটাধিকার কেড়ে নিয়ে, বেনাগরিক করার ভয় দেখিয়ে কীভাবে দেশের শ্রমজীবীদের বিরুদ্ধে সরকার যুদ্ধে নেমেছে তা অনেকখানি পরিষ্কার হয়ে গেছে মানুষের চোখে। ভোটাধিকার ও নাগরিকত্ব কেড়ে নিয়ে দেশের সংবিধান বদলের চেষ্টার বিরুদ্ধে ইন্ডিয়া জোট প্রচার করছে। ২০১৯-২০ সালে দেশজোড়া এনআরসি-সিএএবিরোধী আন্দোলনের ফলে সরকার সাময়িকভাবে হলেও ধীরে চলার নীতি গ্রহণে বাধ্য হয়েছিল। বিভাজনের রাজনীতির প্রতিস্পর্ধায় নাগরিকদের মধ্যে গড়ে উঠেছিল সংহতি। এসআইআর এবং নয়া অভিবাসন ও বিদেশি আইনের বিরুদ্ধে তেমন আন্দোলনের পথেই বিজেপির বিভাজনের রাজনীতিকে রুখতে হবে।

মতামত ব্যক্তিগত

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.