বিজেপি-তৃণমূলের নেতারা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে যে এত শ্রদ্ধা করেন, সেটা ৩ মার্চ বিভিন্ন ধারার বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ঐক্যবদ্ধ স্বতঃস্ফূর্ত ধর্মঘট না হলে জানা যেত না। বিজেপি-তৃণমূলের বুদ্ধ প্রেম আরও প্রবল হল যখন মাওবাদী ছাত্র সংগঠনের আহত ছাত্র ইন্দ্রানুজ রায়কে হাসপাতালে দেখতে গেলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং ঠিক তার পরদিন ইন্দ্রানুজের সঙ্গে দেখা করলেন হিন্দুত্ববাদ-ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে মমতার পাশে দাঁড়ানো লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।
তবে এই সংহতি নতুন কিছু নয়। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ২০১৩ সালেই মমতা সরকারের পুলিস হেফাজতে খুন হয় ভারতের ছাত্র ফেডারেশনের নেতা সুদীপ্ত গুপ্ত। সেই সময় আইসা, ইউএসডিএফ (অধুনা আরএসএফ) ইত্যাদি বামপন্থী সংগঠনের তরফে বিভিন্ন ক্যাম্পাসে, রাস্তায় বিক্ষোভ দেখানো হয়। অথচ সেইসময় সদ্য ক্ষমতা হারানো সিপিএমের ঘনিষ্ঠ ছাত্র সংগঠন এসএফআইয়ের সঙ্গে স্বাভাবিকভাবেই নকশালপন্থী ছাত্র সংগঠনগুলো বা এআইডিএসও-র তিক্ততা আজকের চেয়ে অনেক বেশি ছিল। এছাড়াও পশ্চিমবঙ্গে যখন নকশালপন্থীরা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, তখন কিন্তু আজকের তেলেঙ্গানার খাম্মামে সিপিএমের ভূমিহীন কৃষক আন্দোলনে সেখানকার রাজ্য সরকারের গুলি চালানোর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। কারণ মন্ত্রীর ছাত্রকে গাড়ি চাপা দেওয়া হোক, পুলিসি হেফাজতে ছাত্র খুন হোক আর কৃষক আন্দোলনে গুলি চালানো হোক আর প্যালেস্তাইনের সমর্থনে কর্মসূচিই হোক – প্রশ্নটা ন্যায়-অন্যায়ের, ঠিক-ভুলের। নির্বাচনী সমীকরণ বা দলীয় প্রতিযোগিতার প্রেক্ষিতে এগুলোর বিচার করা যায় না। নিপীড়নের বিরুদ্ধতায় বামপন্থার অঙ্গীকারই সেখানে বড় কথা। তাৎক্ষণিক রাজনৈতিক বাস্তবতাকেই সেখানে অগ্রাধিকার দিতে হয়।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
ইন্দ্রানুজের গাড়ি চাপা পড়ার ঘটনাটা আঘাতের পরিমাণ এবং পর্যাপ্ত ছবি, ভিডিও থাকার কারণে বেশি প্রচার পেলেও, গাড়ি চাপার ঘটনা কিন্তু আসলে একটা নয়, দুটো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি চাপা দিয়েছে ইন্দ্রানুজকে। ঠিক তারপরেই অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র গাড়ি থেকে নেমে অনুজ্ঞা রায়ের নাকে বেশ কয়েকবার বীরত্বের স্বাক্ষর রেখে গাড়ি চেপে বেরিয়ে যাওয়ার সময়ে অভিনব বসু বলে আরও এক ছাত্রের পা ভেঙে দিয়ে চলে যান।
২০১৮ সাল থেকে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছিলই। ব্রাত্য কি জানতেন না যে তাঁদের বিক্ষোভের মুখে পড়তে হবে? নাকি কীভাবে কোন ভাষায় ছাত্রদের মোকাবিলা করতে হবে তা নিয়ে আগেই দলীয় সিদ্ধান্ত হয়ে গিয়েছিল? তাই কি ঠান্ডা মাথায় পরপর দুটো গাড়ি চাপার ঘটনা ঘটিয়ে হেভিওয়েট তৃণমূল নেতৃত্ব বেরিয়ে গেলেন? ব্রাত্য বা ওমপ্রকাশ কি ইন্দ্রানুজ বা অভিনবর দলীয় পরিচয় জেনে গাড়ি চালিয়ে দিয়েছেন? আসলে তাঁরা ছাত্রদের ভিড়ে গাড়ি চালিয়ে দিয়েছেন। চালিয়েছেন সামগ্রিকভাবে বাম ছাত্র আন্দোলন বা বৃহৎ বাম শিবিরের উপর। এই ব্যাপারটা বোঝা দরকার। ফলত তার প্রতিক্রিয়া সামগ্রিকভাবে বৃহত্তর বাম শিবির থেকেই এসেছে, সেটাই হওয়া উচিত।
গাড়ি চাপা পড়ার পরবর্তীকালে ইন্দ্রানুজের মেডিকাল রিপোর্ট চার দিন ধরে ‘পলিসি’-র দোহাই দিয়ে আটকে রাখে হাসপাতাল। কেন এমন করা হয়? যাতে চার দিন ধরে প্রচার করা যায় যে কিছুই হয়নি, মিথ্যা কথা বলছে ছাত্ররা। চার দিন পরে যখন রিপোর্ট প্রকাশিত হল, তখন ছাপা রিপোর্টে যেভাবে হাত-পা ভাঙার বর্ণনা আছে, তাকে অস্বীকার করে উলটো প্রচারে নামল শাসকদলের ঘনিষ্ঠ কয়েকজন ডাক্তার।
৩ মার্চ মেদিনীপুরে ধর্মঘটরত এআইডিএসও-র ছাত্রীদের থানায় নিয়ে গিয়ে ওসি বেল্ট খুলে পিটিয়েছেন, পায়ের তলায় ডান্ডা দিয়ে মেরেছেন, গায়ে মোম ঢেলে দিয়েছেন বলে অভিযোগ। ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার হওয়া সাহিলকে ১২ দিনের পুলিসি হেফাজত দেওয়া হয়েছে। অভিজ্ঞরা জানেন, এরকম সাধারণ কেসে এত লম্বা পুলিসি হেফাজত আসলে মানসিক নির্যাতন এবং আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে। তৃণমূলী হামলায় আক্রান্ত ১৮ জনের উপর জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

বর্তমান লেখকের বামফ্রন্ট ও তৃণমূল – দুই সরকারের আমলেই রাজনৈতিক কারণে বহুবার লক আপে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। কখনো ব্যক্তিগতভাবে এমন অভিজ্ঞতা হয়নি। হয়ত অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান, দলীয় পদের ভার বা কলকাতা শহরের ছাপের কারণে হয়নি, পরিস্থিতি বা এলাকা ভেদে অন্যান্য রাজনৈতিক কর্মীরা অন্য ব্যবহার পেয়ে থাকতে পারেন। কিন্তু এটা বুঝতে হবে যে, কলকাতার অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ছাত্রদের উপর মারণ হামলা হওয়া মানে বাকি রাজ্যে কী ঘটানো হতে পারে।
২০২২ সালে হাওড়া জেলার প্রত্যন্ত গ্রামে পুলিশ ছাত্র নেতা আনিস খানকে চারতলার ছাদ থেকে ফেলে দিয়ে খুন করেছিল বলে অভিযোগ। এবার খোদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মত অভিজাত প্রতিষ্ঠানে ছাত্রদের অবরোধের উপর একদিনে পরপর দুবার গাড়ি ছুটিয়ে দেওয়া হল। এক্ষেত্রে ছাত্র আন্দোলনের প্রতি প্রশাসনিক দৃষ্টিভঙ্গির বিবর্তনটা বুঝতে ভুল করলে চলবে না।
বাংলার মানুষের বিজেপির ফ্যাসিবাদী উত্থানকে রোখার আকাঙ্ক্ষা কখনোই তৃণমূল কংগ্রেসকে যা খুশি তাই করতে দেওয়ার ছাড়পত্র হতে পারে না। অবশ্যই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের অর্থ নির্দিষ্টভাবে ক্ষমতা কুক্ষিগত করা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বাকি সবার সঙ্গে একজোট হওয়ার মত রাজনৈতিক বিচক্ষণতা। কিন্তু পশ্চিমবঙ্গ প্রমাণ করছে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের অর্থ যদি বুর্জোয়া দলের নির্লজ্জ লেজুড়বৃত্তি হয়ে দাঁড়ায়, তাহলে সেটা বিপজ্জনক। নির্বাচনের সময়ে অনেককে দেখেছি বিজেপির ফ্যাসিবাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে সমালোচনামূলক সমর্থন দিতে। এখন প্রশ্ন হচ্ছে, সমর্থন তো দেখেছি। সমালোচনা কোথায়?
এ প্রসঙ্গে বলি, ভারতকে নয়া উদারবাদের রাস্তায় টেনে নিয়ে গেছে কংগ্রেস। এই বাংলায় নকশালপন্থী ছাত্রদের খুনি হিসাবে যাঁদের নাম মূলত উঠে আসে, তাঁদের মধ্যে অন্যতম সুব্রত মুখার্জি, সোমেন মিত্ররা। এঁরা দুজনেই দীর্ঘদিন কংগ্রেস করেছেন, শেষদিকে তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন। সিপিএম এবং নকশালপন্থী খুনে অভিযুক্ত কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের ঘনিষ্ঠ অনুচর ছিলেন মমতা ব্যানার্জি। তাঁর বিরুদ্ধে আবার ২০১১ সালে নকশাল নেতা কিষাণজিকে পরিকল্পিতভাবে হত্যা করানোর অভিযোগও তোলা হয়ে থাকে।
আরো পড়ুন আপনি কি বামপন্থী রাজনৈতিক কর্মী? ফেসবুক ছেড়ে বাইরে বেরোন
এতকিছুর পরেও কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নানা ধরনের বামেদের নানারকম ঐক্য হতে পারলে, সিপিএমের সঙ্গে উগ্র দক্ষিণপন্থা বা ফ্যাসিবাদবিরোধী ঐক্যের সমস্যা কোথায়? দক্ষিণপন্থীদের সঙ্গে যারা উসেন বোল্টের থেকেও দ্রুতগতিতে জোট করতে পারে, কিন্তু বাম ঐক্য তৈরি করার প্রশ্ন উঠলে অসংখ্য ‘যদি’, ‘তবে’, ‘কিন্তু’ টেনে আনে, তাদের স্বৈরতন্ত্রবিরোধী এবং ফ্যাসিবাদবিরোধী সদিচ্ছা নিয়ে প্রশ্ন না তুলে উপায় নেই। সন্দেহ হয়, এরা আসলে দক্ষিণপন্থীদের বাম মুখ কিনা।
লেনিন বলতেন, মার্কসবাদ হল মূর্ত পরিস্থিতির মূর্ত বিশ্লেষণ। আজকের মূর্ত পরিস্থিতি হল, সামগ্রিকভাবে দক্ষিণপন্থার উত্থানের যুগে দার্শনিক এবং সাংগঠনিকভাবে বামপন্থা বিপন্ন। বিভিন্ন মত এবং পথের যে দলগুলো মূলত শ্রমিক, কর্মচারী, কৃষকদের প্রতিনিধিত্ব করে, সেই বামপন্থীদের মানুষের অধিকার নিয়ে লড়াই করা, দরাদরি করার ক্ষমতা আজ সংকটে। ফলত উগ্র দক্ষিণপন্থার বিরুদ্ধে আশু লক্ষ্য হওয়া উচিত এমন সমালোচনামূলক বাম ঐক্য, যেখানে দক্ষিণপন্থাকে পরাজিত করা পর্যন্ত ঐক্যটাই প্রধান। এ ব্যাপারে এখন পর্যন্ত এসএফআই, আরএসএফ, এআইডিএসও সদর্থক ভূমিকা পালন করেছে। আশা করি বাকিরাও এ নিয়ে ভাববে, নিচুতলায় ছাত্রদের এই ঐক্যের গুরুত্ব বামপন্থী পার্টিগুলোর নেতৃত্বও বুঝবেন এবং ঐক্যের জন্য এমন কোনো শর্ত রাখবেন না, যার জন্য দীর্ঘমেয়াদি বিতর্ক বা পার্টি কংগ্রেসের প্রয়োজন হয়। বামপন্থীদের সকলেরই সকলের বিরুদ্ধে নানা অভিযোগ আছে। এই দুঃসময় অতিক্রম করে টিকে থাকতে পারলে সেসব নিয়ে আবার লড়া যাবেখন। কিন্তু বামেদের নিজেদের মধ্যে ঐক্য না থাকলে বুর্জোয়া শক্তিগুলোর সঙ্গে দরাদরি করার ক্ষমতা থাকবে না। সেটা না থাকলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বুর্জোয়াদের লেজুড়ে পরিণত হতে হবে, যা সামগ্রিকভাবে বাম আন্দোলনের ধ্বংস ডেকে আনবে। বিভিন্ন বাম দলের অনৈক্যই বামপন্থীদের একাংশকে তৃণমূল কংগ্রেসের দিকে ঠেলে দিয়েছে। কারণ তারা মনে করে, বাম দলগুলো ফ্যাসিবাদকে ঠেকাতে কোনো কার্যকর ভূমিকা নিতে পারে না। বাম ঐক্য এই অংশকেও হয়ত আত্মবিশ্বাস দেবে এবং পুনরায় বাম বলয়ে টেনে আনবে।
বাম ঐক্য এবং দক্ষিণপন্থী বিজয়ের এই সমীকরণ বিলক্ষণ বোঝে দক্ষিণপন্থীরা। বাম নেতাদের চেয়ে ভাল বোঝে বললেও বারাবাড়ি হবে না। তাই বাম ঐক্যের সম্ভাবনা বিনষ্ট করতে তাদের মতাদর্শগত পার্থক্য সরিয়ে রেখে সোশাল মিডিয়ায় এক সুরে প্রচার করছে। ফলে দেখা যাচ্ছে, এমন সব লোক বামেদের মতপার্থক্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন, যাঁরা নিজের দলের নেত্রীকে কয়েক বছর আগেই সারদা কেলেঙ্কারি থেকে সবচেয়ে লাভবান ব্যক্তি বলে দাবি করেছিলেন প্রকাশ্যে। আবার এমন অনেকে ইন্দ্রানুজ কবে ফেসবুকে বুদ্ধবাবুকে নিয়ে কী পোস্ট করেছিল তা নিয়ে কথা বলছেন, যাঁরা কখন কোন দলে থাকবেন তা নিজেও জানেন না। ছাত্রকে গাড়িচাপা দেওয়ার সমর্থনে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে বিজেপি। এতে তৃণমূলের প্রধান বিরোধী হিসাবে বিজেপির ভাবমূর্তি সংকটে পড়বে না? পড়তে পারে, কিন্তু বিজেপি সেই ঝুঁকি নিতে রাজি। কারণ মতাদর্শগতভাবে এবং কর্মসূচির দিক থেকে আরএসএসের ঘোষিত প্রধান শত্রু বামপন্থা। বিরোধী হিসাবে বামেদের নিশ্চিহ্ন করে দেওয়াই তাদের লক্ষ্য। তারা চায় এমন ভারত তৈরি করতে, যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা হবে শুধু দক্ষিণপন্থীদের মধ্যে।
মোদী সরকার তথা ভারত রাষ্ট্র চরমপন্থী বামেদের মোকাবিলা করার নামে সামগ্রিকভাবে বামপন্থী আন্দোলনকে নির্মূল করার পরিকল্পনা নিয়েছে কিনা তা ভেবে দেখা দরকার। এখনো যদি বামেরা ঐক্যবদ্ধ হতে না পারে, তাহলে আর কবে?
তথ্য লেখকের, মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







