পাভেল ধর চৌধুরী
ছাত্র হত্যার ঘটনার পর প্রায় চারমাস অতিক্রান্ত। ঘটনার রাত থেকেই মৃত্যুর কারণ হিসাবে বিভিন্ন মিথ্যা ভাষ্য উঠে এসেছে সংবাদমাধ্যমের হাত ধরে। আসল দোষীদের আড়াল করে ঘটনার অভিমুখ অন্যরকম দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দখলদারির চেষ্টা চলেছে প্রতিদিন। আসল ঘটনার প্রতিকারের ব্যবস্থা না করে সামনে নিয়ে আসা হয়েছে একাধিক অপ্রাসঙ্গিক ইস্যুকে, যা অপরাধীদের শাস্তি এবং র্যাগিংয়ের বিচারের প্রক্রিয়াকে কার্যত লঘু করে দেয়। এছাড়া ভবিষ্যতের সম্ভাব্য র্যাগিং প্রতিহত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ – প্রস্তাবিত ইউজি ওয়ান (প্রথম বর্ষ, স্নাতক) হোস্টেল নির্মাণ – কার্যত বন্ধ হয়ে আছে বিশ্ববিদ্যালয়ে দুই শাসক দলের রাজনৈতিক দখলদারির প্রচেষ্টার দরুন। এসবের নেপথ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ডঃ বুদ্ধদেব সাউ। রাজ্যের টালমাটাল পরিস্থিতির সুযোগে তাঁকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। সেই উপাচার্যই এখন ক্যাম্পাসে কার্যত স্বৈরতান্ত্রিক শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমাদের ছাত্রদের প্রত্যক্ষ অভিজ্ঞতা বলছে, নবনিযুক্ত উপাচার্য প্রথম দিন থেকেই আরএসএসের ভাবনাকে ক্যাম্পাসের সবকিছুতে ঢুকিয়ে দিতে তৎপর। অন্যদিকে সদম্ভে র্যাগিংবিরোধী যে কোনো ছোটবড় পদক্ষেপ গ্রহণ বলপূর্বক আটকে রেখেছেন।
র্যাগিং প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী সুরক্ষা কর্মী নিয়োগ, চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ, মহিলা সুরক্ষা কর্মীর সংখ্যা বৃদ্ধি, প্রথম বর্ষের ছাত্রদের জন্য পৃথক হোস্টেল নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য টাকাপয়সা ক্যাম্পাস সুরক্ষার পরিকাঠামো নির্মাণে ব্যবহার করা প্রয়োজন। কিন্তু সেই এর একটিরও বাস্তবায়ন হয়নি। আর্টস ফ্যাকাল্টির ছাত্র আলাপ (Abuse Locating Application & Awareness Programme – ALAP) নামে একটি অ্যাপের প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে একটি SOS বোতাম থাকবে, যা র্যাগিং হলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের কাজকে ত্বরান্বিত এবং সুগম করবে। সে কাজও করা হয়নি।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
নিযুক্ত হওয়ার পর থেকেই অন্তর্বর্তীকালীন উপাচার্যের লক্ষ্য ছিল ক্যাম্পাসে প্রাক্তন সেনাকর্মী নিয়োগ করা। যাদবপুর ও সল্টলেক ক্যাম্পাস এবং মেন হোস্টেল মিলিয়ে মোট দশটি জায়গায় মোতায়েন করা হবে এঁদের। তিনটি শিফটের জন্য মোট ৩০ জনকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ‘ডিরেক্টরেট রিসেটলমেন্ট জোন (পূর্ব)’-এ রিকুইজিশন পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন উপাচার্য। এঁদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বার্ষিক প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় করতে হবে। সেনাকর্মী নিয়োগ করলে কী কী সুবিধা হয় জানি না, কিন্তু ক্যাম্পাসে অঘোষিত জরুরি অবস্থার পরিবেশ অবশ্যই সৃষ্টি করা যায়।
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে উপলক্ষ করে ক্যাম্পাসে গেরুয়া ঝান্ডা তুলতে চান উপাচার্য। সমাবর্তনে প্রধান অতিথি হিসাবে তিনি আমন্ত্রণ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামিদালা জগদীশ কুমারকে। কে এই জগদীশ? জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন ইনি রামায়ণ, মহাভারত পড়াতে তৎপর হয়ে উঠেছিলেন। ২০২০ সালে ওখানে বামপন্থী ছাত্র আন্দোলনের কর্মীদের বহিরাগত, মুখ ঢাকা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দুষ্কৃতিরা আক্রমণ করেছিল বলে অভিযোগ। অথচ জগদীশ যারা আক্রান্ত হয়েছিল তাদের নামেই মামলা করেন। জেএনইউতে লাগাতার ফিজ বাড়িয়ে প্রান্তিক অংশ থেকে উঠে আসা পড়ুয়াদের বাধ্যত বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন তিনি। তাঁকে যাদবপুরের সমাবর্তনে আনার মধ্যে দিয়ে ভবিষ্যতে ক্যাম্পাসে নানা প্রশ্নে বিজেপির আদর্শগত মডেল স্থাপন করার কাজকে বৈধতা দিচ্ছেন বুদ্ধদেব।
যাদবপুর বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার দুর্গ হিসাবে পরিচিত। সেই বিশ্ববিদ্যালয়ের ডি লিট প্রাপকদের প্রস্তাবিত তালিকায় এবার রাখা হয়েছে বিজেপি থেকে রাজ্যসভার সাংসদ হওয়া নৃত্যশিল্পী সোনাল মানসিংকে। ২০২১ সালের ৮ মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী মহিলা দিবসের দিন রাজ্যসভায় দাঁড়িয়ে ইনি বলেছিলেন, আন্তর্জাতিক পুরুষ দিবসও পালন করা উচিত। সৌমিত্র চট্টোপাধ্যায়, রামচন্দ্র গুহ, শ্যাম বেনেগাল সহ ৪৯ জন বিশিষ্ট নাগরিক যখন দেশজুড়ে গণপিটুনির বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন, তখন এঁদের বিরুদ্ধে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর আধিপত্যবাদী রাজনীতিকে সমর্থন করতে এগিয়ে এসেছিলেন এই সোনাল মানসিংরাই। সৌমিত্রবাবুদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করা হয়েছিল। এই মহিলাকে সমাবর্তনের মঞ্চে তুলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভোল পাল্টে দিতে চাইছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মদতপুষ্ট উপাচার্য।
ডি লিট প্রাপকদের প্রস্তাবিত তালিকায় আরেকটি নাম নিবেদিতা রঘুনাথ ভিড়ে। ইনি আরএসএস থিঙ্কট্যাঙ্কের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আরএসএস পরিচালিত বিবেকানন্দ কেন্দ্রের সহসভাপতি। ইনি নানা বইপত্র লিখে সাম্প্রদায়িক মননের চাষ করেন। এবছর শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলন (Parliament of World’s Religions) নিবেদিতাকে আমন্ত্রণ জানিয়েও তা বাতিল করে তার বিভিন্ন ইসলামবিরোধী টুইট এবং আরএসএস যোগের জন্য।
ডিএসসি প্রাপকদের তালিকায় নাম রয়েছে অর্থনীতিবিদ বিবেক দেবরায়ের। তিনি প্রধানমন্ত্রীর ইকনমিক অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান। তিনি কর্পোরেট ও সাম্প্রদায়িক শক্তির আঁতাতের অন্যতম পরিপোষক। বিবেকের মতে, ভারতবর্ষের সংবিধান আপত্তিকর, নয়া সংবিধান রচনা করা প্রয়োজন। অর্থাৎ আরএসএসের হিন্দি-হিন্দু-হিন্দুস্তান ভাবনার প্রয়োগ চান।
উপাচার্য ইতিমধ্যেই কর্মসমিতির বৈঠক ডাকার অধিকার হারিয়েছেন, কিন্তু সমাবর্তন নিয়ে এই ব্যক্তিগত সিদ্ধান্তগুলো বলপূর্বক প্রয়োগ করতে চাইছেন।
বিশ্ববিদ্যালয়ে পৃথক ইউজি হোস্টেল নির্মাণের সিদ্ধান্ত হয়ে যাওয়া সত্ত্বেও আলাদা কমিটি তৈরি করে উপাচার্য সে কাজ ঝুলিয়ে রেখেছেন। হোস্টেল পুনর্বিন্যাসের কাজও অপর্যাপ্ত। মেন হোস্টেলের সি এবং ডি ব্লক ইউজি হোস্টেল হওয়া সত্ত্বেও সেখানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের মিশিয়ে রাখা হয়েছে। অন্যদিকে ক্যাম্পাসের ভিতরে থাকা হোস্টেলের প্রতি কর্তৃপক্ষের ঔদাসীন্যের ফলে একটি হোস্টেলে খাওয়াদাওয়া বন্ধ হওয়ার জো হয়েছে। কর্তৃপক্ষের অবৈজ্ঞানিক ছাত্র বন্টনের ফলে চালানো যাচ্ছে না মেস।
আরো পড়ুন যাদবপুর কাণ্ডে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন
বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রশাসন এবং তার নিজস্ব সিদ্ধান্তগ্রহণকারী কাঠামো রয়েছে। সেই মোতাবেক ছাত্র হত্যার ঘটনার পরদিন থেকেই আভ্যন্তরীণ কমিটি তদন্ত শুরু করেছিল। অপরাধীদের শনাক্ত করা হয়েছে এবং শাস্তির ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু উপাচার্য তদন্ত কমিটির বৈধতা নিয়েই প্রশ্ন তুলছেন বারবার। “ইন্টারনাল কমিটির রিপোর্ট থেকে কেউ যদি শাস্তি দিতে বলে, তাহলে বোকার মতো কথা বলছে।” এরকম আরও নানা কথা সংবাদমাধ্যমের সামনে বলে তিনি তদন্ত কমিটির রিপোর্টটিকেই বাতিল করে দিতে চান। র্যাগিং সমর্থনকারী সংগঠনগুলির ভাষ্যেও উঠে এসেছিল একই সুর। বিকৃতমনা রাজনৈতিক দায়হীন স্বেচ্ছাচারী ছাত্রদের এক অংশও তদন্ত কমিটির রিপোর্ট বাতিল করার কথা বলেছিল। এখন উপাচার্যের গলাতেও একই সুর। মোদ্দাকথা, তিনি তদন্ত কমিটির রিপোর্ট মোতাবেক শাস্তি দিতে চান না, তদন্ত কমিটির মাধ্যমে উঠে আসা অপরাধীদের আড়াল করতেই উঠেপড়ে লেগেছেন। আমরা ছাত্ররা যতবার গেছি, দ্ব্যর্থহীন ভাষায় সদম্ভে উনি তদন্ত কমিটির বৈধতাকে অস্বীকার করেছেন – সত্যানুসন্ধান এবং সুবিচারের ন্যূনতম আগ্রহ দেখা যায়নি।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অন্তর্বর্তীকালীন উপাচার্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন পরিষেবার জোগান দিতে পারেন। স্থায়ী উপাচার্যের মতো ইসি ডাকার মত প্রতিষ্ঠানের প্রধানের যেসব ক্ষমতা থাকে সেগুলো তাঁর নেই। কোনো বাড়তি সুযোগসুবিধাও তিনি পাবেন না। অথচ তিনি প্রতিদিনই অনধিকার চর্চা চালিয়ে যাচ্ছেন। ছাত্রদের প্রতি তাঁর আচরণ তাচ্ছিল্যসূচক, কথাবার্তায় ন্যূনতম সামাজিক সংবেদনশীলতার চিহ্ন নেই। উল্টে তিনি একদিন বদলে দিচ্ছেন অ্যান্টি-র্যাগিং কমিটির মিটিংয়ের রেজলিউশন, তো আরেকদিন পিএইচডি ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দিচ্ছেন। এগুলো সবই অনধিকার চর্চা। গবেষক এবং হবু গবেষকরা মাটি কামড়ে অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন রোজ।
অনধিকার চর্চা এবং বিলাসবহুল জীবনযাপন স্বৈরাচারী শাসকের অভিজ্ঞান। ক্যাম্পাসে উপাচার্যের রীতিমত রাজত্ব কায়েম করতে বদলে যাচ্ছে তাঁর চালচলন। বিশ্ববিদ্যালয়ের সরকারি নীল বাতি গাড়িতে চড়ে অহরহ ঘুরে বেড়াচ্ছেন বুদ্ধদেব। সেই গাড়ি তাঁকে আনতে গিয়েছিল তাঁর কাঁথির বাড়ি থেকেও।
এই উপাচার্যের বিরুদ্ধে, বিজেপির রাজনৈতিক দখলদারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে ক্যাম্পাস। ছাত্র, গবেষক থেকে মাস্টারমশাই – দৃঢ়তর প্রতিরোধে সামিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর অংশ। যাদবপুর কাণ্ডের প্রতিকারের অছিলায় বিজেপি-আরএসএস তাদের লক্ষ্যপূরণ করতে নেমে পড়েছে। তার বিরুদ্ধে শেষপর্যন্ত লড়ে যেতে হবে যাদবপুরের সঙ্গে যুক্ত সকলকেই। র্যাগিংয়ে মৃত ছাত্রের জন্য সুবিচার নিশ্চিত করতে হবে আমাদেরই।
নিবন্ধকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







