বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা রদ করে দিল সুপ্রিম কোর্ট।
ব্রাহ্মণ, ঠাকুর, বানিয়াদের গায়ে টোকাটুকু পর্যন্ত দেওয়া যাবে না। চামার, মুচি, মেথর, আদিবাসী, অন্যান্য অনগ্রসর শ্রেণি, মহিলা, রূপান্তরকামী, মুসলমান— এরা আবার মানুষ নাকি? এদের প্রতি যা খুশি ব্যবহার করা যেতে পারে। সে অধিকার উচ্চবর্ণের হিন্দুর চিরকাল ছিল, আজও থাকবে। তাতে হস্তক্ষেপ করা যাবে না। আগ্রাসী উচ্চবর্ণের হিন্দুদের হাত থেকে এই প্রান্তবাসীদের রক্ষা করা দূরের কথা, এঁদের উপর চলা অত্যাচারের প্রতিবাদ পর্যন্ত করা যাবে না। কিছু নামসর্বস্ব রক্ষাকবচও তৈরি করা যাবে না। কারণ তাতে করে ‘সমাজে অস্থিরতা তৈরি হবে। বিভাজন তৈরি হবে। সমাজটা সামনে এগিয়ে চলার বদলে পিছনের দিকে চলে যাবে।’ যদিও নির্বিবাদে এঁদের ব্যঙ্গবিদ্রুপ করা যাবে, টিটকিরি দেওয়া যাবে, নিখাদ বিনোদনের জন্য চড় থাপ্পড়ও মারা যাবে, মুখে মূত্রত্যাগ করা যাবে, পিটিয়ে মারা যাবে, ধর্ষণ করা যাবে। আমাদের সমাজটা যেহেতু সামনের দিকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছে বলে আমরা শুনছি, তাই এসব ঘটবে। এই অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এই ঘটনাগুলোর সংখ্যাও বাড়তে থাকবে।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
কোন পঞ্জিকা অনুসারে দেশে এখন অমৃতকাল চলছে তা জানার জন্য তথ্যের অধিকার আইনের আবেদন করার সুযোগও আপনার আর নেই, কারণ আইনটাই কার্যত বাতিল হয়ে গেছে। কিন্তু একবিংশ শতকের এই ভারতের বাস্তবতা আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে প্রতিদিন প্রমাণ করে দিয়ে যাবে যে, সত্যই এই সময় অমৃতের। আর মানুষ যে সেই অমৃতেরই সন্তান তা ধম্মকম্মের রমরমায় কে না জানে?
হিন্দুদের এক হতে হবে, সাচ্চা হিন্দুস্তান গড়ে তুলতে হবে, মুসলমান ভাগাতে হবে— আবেগে উত্তপ্ত এমন ভাষণ আমরা প্রায়ই বিজেপি নেতাদের মুখে শুনে থাকি প্রতিটি নির্বাচনের দোরগোড়ায়। কিন্তু হায়! ইউজিসির প্রায়-নির্বিষ এক নির্দেশিকা আবার প্রমাণ করে দিল যে, অমৃতকালের সর্বাপেক্ষা বড় জুমলা হল বিজেপি নেতাদের হিন্দুদের এক হওয়ার আহ্বান। কী এমন ছিল কমিশনের ওই নির্দেশিকায়, যা সুপ্রিম কোর্টকে অত্যন্ত দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করে স্থগিত করে দিতে হল?
রোহিত ভেমুলার কথা আশা করা যায় কেউই ভোলেননি। ২০১৬ সালে হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই দলিত ছাত্র উচ্চবর্ণের ক্রমাগত অন্যায়, অবিচার আর অসাম্যে পীড়িত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন। আত্মহত্যার মত চরম পথ যখন কেউ বেছে নেন, তখন বুঝে নিতে হয় কী ভয়ংকর ছিল সেই অবিচার আর অসাম্যের ঘটনাগুলি। শুধু তাই নয়, এসব যখন লাগাতার চলতে থাকে এবং তার কোনো সুরাহা হয় না, বিচার হয় না, হওয়ার আশাও থাকে না, তখনই আত্মহননের মত পরিস্থিতি আসে। রোহিতের ঘটনার পর প্রচুর হইচই হয়, কিন্তু কিছুই বদলায়নি। ২০১৯ সালে মহারাষ্ট্রের টোপিওয়ালা ন্যাশনাল মেডিকাল কলেজের পায়েল তাড়ভি নামের এক তরুণী ডাক্তার জাতপাত নিয়ে উচ্চবর্গীয় সহকর্মীদের হাতে রোজ অপমানিত হতে হতে আত্মহত্যা করেন। সেই বছরই রোহিত, পায়েলের মায়েরা সুপ্রিম কোর্টে মামলা করেন শিক্ষা প্রতিষ্ঠানে দলিতদের উপর চলা বৈষম্য ও হেনস্থার প্রতিকার দাবি করে। সেই মামলার পরিণতিতেই এবছর, রোহিতের আত্মহত্যার দশ বছর পর, ইউজিসি একটি নির্দেশিকা নিয়ে আসে। কী বলা হয়েছিল সেই নির্দেশিকায়?
গত ১৩ জানুয়ারি ইউজিসি জারি করা নির্দেশিকার প্রস্তাবনায় বলা হয়, ইউজিসি উচ্চশিক্ষার সমস্ত প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান অথবা অপারগতার ভিত্তিতে সংঘটিত সমস্ত প্রকার বৈষম্য, বিশেষ করে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতি ঘটা বৈষম্য দূর করতে দৃঢ়প্রতিজ্ঞ। এরপর মূল নির্দেশিকায় বলা হয়, সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সমান সুযোগ দান কেন্দ্র (ইকুয়াল অপর্চুনিটি সেন্টার) বাধ্যতামূলকভাবে খুলতে হবে। এই কেন্দ্রের অধীনে একটি ইকুইটি কমিটি গঠন করতে হবে, যার প্রধান হবেন সেই প্রতিষ্ঠানের প্রধান। সেই কমিটিতে তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, মহিলা ও ভিন্নভাবে সক্ষম অংশ থেকে বাধ্যতামূলকভাবে প্রতিনিধি নিতে হবে, যাঁরা এই সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় যুক্ত থাকবেন।
আর কী বলা হয়েছিল? বলা হয়েছিল যে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ইউজিসির কাছে প্রতিষ্ঠানে সমতা প্রতিষ্ঠা করার জন্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার বাৎসরিক রিপোর্ট পাঠাতে হবে। সমান সুযোগদান কেন্দ্রকে দুবছর অন্তর ইউজিসির কাছে রিপোর্ট পাঠাতে হবে। ইউজিসিও কেন্দ্রীয় স্তরে বিধিভুক্ত প্রতিষ্ঠানগুলির সদস্য ও নাগরিক সমাজের লোকেদের নিয়ে একটি জাতীয় মনিটরিং কমিটি গঠন করবে, যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলি সঠিক পদক্ষেপ নিচ্ছে কিনা তার মূল্যায়ন করবে। নির্দিষ্ট ক্ষেত্রে কী করতে হবে তার নির্দেশ দেবে, অভিযোগের তদন্ত করবে ইত্যাদি। এই জাতীয় কমিটির বৈঠক বছরে দুবার অবশ্যই করতে হবে। নির্দেশিকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সতর্ক হয়েছিল— অসমতা এবং বৈষম্য যেন না ঘটে।
ইউজিসি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে এই বলেও সতর্ক করে যে, যদি তেমন ঘটনা ঘটে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যদি তা প্রতিহত করতে ব্যর্থ হয়, তাহলে তারা ইউজিসির বিভিন্ন প্রকল্পের আওতা থেকে বাদ পড়ে যাবে, ডিগ্রি প্রদান করার অধিকার থেকে বঞ্চিত করা হতে পারে, এমনকি ইউজিসির স্বীকৃতিই বাতিল করা পারে। ২০১২ সালে লাগু হওয়ার নির্দেশিকার তুলনায় এই নির্দেশিকা বেশ খানিকটা কঠোর ও অগ্রবর্তী পদক্ষেপ। এই নির্দেশিকায় অন্যান্য অনগ্রসর শ্রেণিকে যুক্ত করা হয়েছে এবং আশানুরূপ পদক্ষেপ না নেওয়া হলে শাস্তির বিধান দেওয়া হয়েছে। যদিও কমিটিগুলিতে ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব সন্তোষজনক নয় বলে ছাত্র সংগঠনগুলি অসন্তোষ প্রকাশ করেছিল, সংশ্লিষ্ট বিভিন্ন মহল আরও কঠোর নির্দেশিকা চাইছিল। তা সত্ত্বেও সকলেরই মনে করছিলেন এক ধাপ এগোনো গেল। ফলে সমাজের আক্রান্ত ও প্রান্তিক অংশগুলি এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছিলেন। বিশেষ করে যখন বিভিন্ন গবেষণায় (যার একটি ১৩ জানুয়ারির নির্দেশিকায় উল্লেখও করা হয়) একথা প্রমাণিত হয়েছে যে, আমাদের দেশের জনগণের মধ্যে ঐতিহাসিকভাবে বঞ্চিত অংশগুলির ৭৫% ছেলেমেয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বঞ্চনা, অসাম্য, বৈষম্য, জাতিগত হেনস্থা, এমনকি হামলা ও হিংসার শিকার হয়ে থাকে।
ইউজিসির নির্দেশিকা প্রকাশ হতেই গোটা উত্তর ভারত জুড়ে তথাকথিত উচ্চবর্ণের লোকেদের মধ্যে গেল গেল রব পড়ে যায়, তর্জন গর্জন শুরু হয়ে যায়। এতে করে নাকি শিক্ষা প্রতিষ্ঠানে জাতভিত্তিক অশান্তি বেড়ে যাবে। ব্রাহ্মণদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের বন্যা বয়ে যাবে। দেশ টুকরো টুকরো হয়ে যাবে ইত্যাদি নানা আশঙ্কার কথা উঠতে থাকে। শুধু তাই নয়, উচ্চবর্ণের লোকেরা এই নির্দেশিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাকও দেয়। ২৬ জানুয়ারি উত্তরপ্রদেশের বরেলির নগর ম্যাজিস্ট্রেট অলঙ্কার অগ্নিহোত্রী পদত্যাগ করেন। এই নিয়ে বরেলিতে লঙ্কাকাণ্ড হয়। অগ্নিহোত্রী দাবি করেন, বরেলির জেলা ম্যাজিস্ট্রেট তাঁকে সারাদিন একখানা ঘরে আটকে রেখেছিলেন এবং গালাগালি করেছেন ‘পাগল’ বলে। অগ্নিহোত্রীর পক্ষে অনেকগুলি ব্রাহ্মণ সংগঠন দাঁড়িয়ে পড়ে, মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।
বিজেপি ও সংঘ পরিবারের সদস্যরা সর্বত্র বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা নরেন্দ্র মোদীকেও ছাড়েনি। তাঁর জাত তুলে গালাগালি দিতে থাকে। লখনৌ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়, কানপুরে হিন্দু সংগঠনের কিছু সদস্য মাথা কামিয়ে বিক্ষোভ দেখায়। দিল্লিতে ইউজিসির দপ্তরের সামনে সংঘ পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখায়। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এমনকি সাধুসন্তরাও রাস্তায় নেমে পড়েন। রাজপুতদের সংগঠন কর্নি সেনা ১ ফেব্রুয়ারি ভারত বনধের ডাক দেয়।
অন্যদিকে বামপন্থী সংগঠনগুলি ইউজিসির নির্দেশিকার পক্ষে দাঁড়ায়। দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জামিয়া ইসলামিয়া প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে বামপন্থী শিক্ষার্থী সংগঠনগুলি মিছিল বের করে। ডিএমকে নেতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও এই নির্দেশিকাকে স্বাগত জানান। দলিত সংগঠনগুলি একযোগে এর পক্ষে দাঁড়ায়। ভীম আর্মি নির্দেশিকা প্রত্যাহারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ডাক দেয়।
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে।
গত ২৯ জানুয়ারি দ্রুত ইউজিসির নির্দেশিকার উপর স্থগিতাদেশ দেয় আদালত। মজার ব্যাপার হল, যে যুক্তিতে উচ্চবর্ণের লোকজন এই নির্দেশিকার বিরুদ্ধে খড়্গহস্ত হলেন এবং রাস্তায় নামতে শুরু করলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সেই একই যুক্তিতে এই নির্দেশিকা রদ করে দিলেন। তাঁরাও বললেন ‘আমরা যদি কিছু না করি তাহলে সমাজে মেরুকরণ হয়ে যাবে’, ‘এই নির্দেশিকার অপব্যবহারের আশঙ্কা আছে। যদি হয় তাহলে সাংঘাতিক কাণ্ড হবে’ ইত্যাদি। বিচারপতি বাগচীকে তো এমনও বলতে শোনা গেল যে, আমরা কেন পিছনে যেতে চাইছি, আমাদের তো সামনের দিকে এগোবার কথা। মাননীয় বিচারপতিকে কেউ অবশ্য জিজ্ঞাসা করেনি যে, দলিতদের মুখে প্রস্রাব করা এবং তার ভিডিও ছড়িয়ে দেওয়া সামনের দিকে এগোনো কিনা। শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন তথাকথিত নিম্নবর্ণের শিক্ষার্থীদের কোণঠাসা করা, টিটকিরি দেওয়া, তাঁদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা, এমনকি রিসার্চ স্কলারদের ক্ষেত্রে গবেষণাপত্র আটকে রাখা, ডিগ্রি আটকে রাখা—এসব হেনস্থা সভ্যতা কিনা।
আরো পড়ুন বর্ণশুমারি শেষপর্যন্ত কার অস্ত্র হয়ে উঠবে?
অথচ দেখুন, আইনের অপব্যবহার কীভাবে আমাদের দেশে প্রতিনিয়ত করে যাচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্রশক্তি। পৃথিবীতে কোন আইনের বা নির্দেশের অপব্যবহার হবার আশঙ্কা থাকে না বলুন তো? তেমন কিছু কি আদৌ তৈরি করা সম্ভব? ও নিয়ে ভাবলে তো কোনো আইনকানুনই তৈরি করা যাবে না। কিন্তু সুপ্রিম কোর্টের জ্ঞানীগুণী বিচারপতিদের অজানা থাকার কথা নয় যে, আইনের অপব্যবহার সবাই করতে পারে না। করতে গেলে কিছু ঐতিহাসিক ও রাজনৈতিক সুবিধা থাকতে হয়। হাজার হাজার বছর ধরে যাঁরা বঞ্চিত, নিষ্পেষিত তাঁদের পক্ষের কোনো আইন করতে গেলে চিরকালই এই অপব্যবহারের আশঙ্কার কথা উঠেছে। অথচ আমাদের দেশে সমস্ত আইনের, রীতিনীতির অপব্যবহার করে এসেছে ব্রাহ্মণ, ঠাকুর, বানিয়ারা। তাদের হাতেই রাষ্ট্রক্ষমতা থেকেছে, তারাই চিরকালই সমাজের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে থেকেছে। আজও দেখুন, তথাকথিত সন্ত্রাসবাদ দমনের নামে বছরের পর বছর জেলে রয়েছেন উমর খালিদ বা শার্জিল ইমামরা। স্ট্যান স্বামীর মত কত বিচারাধীন বন্দি জেলের কুঠুরিতেই মারা গেছেন। সুপ্রিম কোর্ট কী পদক্ষেপ নিল সেক্ষেত্রে?
আজ যখন সারা দেশে এসআইআরের নামে কোটি কোটি দলিত, মুসলমান, মহিলা ও গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া চলছে, শুধু পশ্চিমবঙ্গেই এখন পর্যন্ত তিনশোর উপর মানুষের মৃত্যু হল আতঙ্কে অথবা আত্মহত্যায়, তখন কিন্তু সুপ্রিম কোর্ট এই মারণ প্রক্রিয়া রদ করছে না। কারণ এখানে ভুক্তভোগী গরিব, প্রান্তিক, সংখ্যালঘু মানুষ। কিন্তু উচ্চবর্ণের গায়ে হাত পড়ল কি পড়ল না, সুপ্রিম কোর্ট ছুটে এল। তখন বিচারপতিদের মনে হল— দেশ পিছনের দিকে যাচ্ছে। দেশে বিভাজন ঘটে যাবে। অথচ বিভাজন তো হাজার হাজার বছর ধরে ঘটেই আছে, নতুন করে কী হবে? কী করলে সে বিভাজন মিটবে, কোর্ট তা ভাবতে রাজি নয়। কোনো প্রকার সাম্যের কথা উঠলেই উচ্চবর্ণের লোকেরা একজোট হয়ে যাবে আর সুপ্রিম কোর্টের মনে হবে তারা হস্তক্ষেপ না করলে সর্বনাশ হয়ে যাবে। কী চমৎকার ব্যবস্থা! একেই বোধহয় অমৃতকাল বলে।
আগ্নেয়গিরির মাথায় বসে সামগান গাইছে সুপ্রিম কোর্ট। দেশে অন্যায়ের প্রতিবিধানের কোনো জায়গা না বাঁচলে বিস্ফোরণ কিন্তু অনিবার্য।
মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।







