ডঃ নির্মাল্য মুখার্জী
শিশুদের বেঁচে থাকা, স্বাস্থ্য সুরক্ষা এবং বিকাশের উপর তামাক ব্যবহারের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। ভারতে, বিশেষত পশ্চিমবঙ্গে, বিড়ি শিল্পে শিশু শ্রমের আধিক্য রয়েছে। যেসব শিশু তামাকের ধোঁয়া সরাসরি গ্রহণ করে, তারা বিভিন্ন শারীরিক ঝুঁকির সম্মুখীন হয় এবং নিজেদেরই ধূমপানে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) গুরুত্ব সহকারে উল্লেখ করেছে, শিশুদের তামাকের ধোঁয়া থেকে মুক্ত হতে সাহায্য করা গুরুত্বপূর্ণ। তবেই সুস্থ, পরিছন্ন ও সুরক্ষিত পরিবেশ গড়ে তোলা সম্ভব, যা ভাল স্বাস্থ্য ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যের দিকে আমাদের এগিয়ে দিতে পারে।
হু ‘শিশু স্বাস্থ্য এবং শিশু বিকাশ ব্যবস্থার উন্নতির জন্য তামাক নিয়ন্ত্রণ’ শীর্ষক লেখায় উল্লেখ করেছে, শিশুদের তামাকের ধোঁয়া থেকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নথিতে বলা হয়েছে যে MPOWER প্যাকেজে উল্লিখিত তামাক নিয়ন্ত্রণ ব্যবস্থা বেশ প্রভাবশালী। এর ফলে শিশুরা পরোক্ষ ধূমপানের শিকার হয় কম এবং তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটে। প্যাসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপান কার্সিনোজেনিক এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ বহন করে। তা বিশেষভাবে শিশুদের জন্য ক্ষতিকর, কারণ তাদের ফুসফুস এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ পরিণত নয়।
নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান
প্রিয় পাঠক,
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।
বিড়ি শিল্পে শিশু শ্রম
পশ্চিমবঙ্গে বিড়ি শিল্পে শিশু শ্রম একটি গুরুত্বপূর্ণ সমস্যা। CPHR-MANT-এর একটি রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের ১৩% এবং মধ্যপ্রদেশের ২% শিশু বিড়ি তৈরির সঙ্গে জড়িত। এই ঝুঁকিপূর্ণ কাজ শুধুমাত্র শিশুদের ক্ষতিকর তামাকের সংস্পর্শেই নিয়ে আসে না, তাদের শিক্ষা ও শৈশবকেও ধ্বংস করে। বিপুল পরিমাণ উৎপাদন এবং আয় বৃদ্ধির জন্য অপ্রাপ্তবয়স্ক কিশোরীরা তাদের মায়েদের সঙ্গে বিড়ি বাঁধার কাজ করে। মুন্সী বা মহাজনরা সাধারণভাবে মায়েদের বিড়ি বাঁধার এই দক্ষতাকে তাদের মেয়েদের মধ্যে সঞ্চারিত করায় উৎসাহ দেয় এবং কমবয়সী মেয়েদের এই পেশায় স্বতন্ত্রভাবে উপার্জন করার সুযোগ করে দেয়।
আরো পড়ুন বিড়ি শ্রমিক: যার কাজ আছে তার ভাত নেই
শিশুদের জন্যে তামাক শিল্পের কৌশল
তামাক শিল্পের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে যেখানে তারা বিভিন্ন বিপণন পরিকল্পনা ব্যবহার করে শিশু ও কিশোরদের ধূমপানের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে। ২০২৩ সালের রিপোর্ট Spinning a global web: tactics used by Big Tobacco to attract children at tobacco points-of-sale অনুযায়ী, তামাক কোম্পানিগুলি তরুণ গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল ব্যবহার করে। এই কৌশলগুলি নিম্নরূপ:
মিষ্টি ও খাবারের দোকানের কাছে সিগারেটের প্রদর্শন: সিগারেট সাধারণত মিষ্টি এবং মিষ্টি পানীয় জাতীয় পণ্যগুলির কাছে রাখা হয় যাতে সেগুলি শিশুদের কাছে সহজে দৃশ্যমান এবং আকর্ষণীয় হয়।
শিশুদের চোখের স্তরে বিজ্ঞাপন: বিজ্ঞাপন শিশুদের চোখের উচ্চতা অনুযায়ী, অর্থাৎ মাটি থেকে প্রায় এক মিটার উঁচুতে থাকে, যাতে তা তাদের আকর্ষণ করতে পারে অনায়াসে।
ফ্লেভার্ড সিগারেট: ফ্লেভার্ড সিগারেট যুবক-যুবতীদের মধ্যে বহুল প্রচলিত। এগুলি তামাকের রুক্ষ স্বাদ কমিয়ে দেয়, যাতে নতুনদের ধূমপান করা সুবিধাজনক হয়।
একক সিগারেট স্টিক বিক্রি: একটি করে সিগারেট বিক্রি করার মাধ্যমে তামাককে আরও সহজলভ্য করে দেওয়া হয় শিশু এবং যুবক/যুবতীদের কাছে।
নীতি এবং আইনের ভূমিকা
এই বিপণন কৌশল বন্ধ করতে অবশ্যই কিছু নীতি এবং আইনের প্রয়োজন। WHO-UNICEF-Lancet Commission-এর উল্লেখযোগ্য রিপোর্ট A future for the world’s children? শিশুদের ক্ষতি করে এমন বাণিজ্যিক কৌশলগুলি নিয়ন্ত্রণ করার জন্য শিশু অধিকার সম্পর্কিত সম্মিলিত জাতিপুঞ্জের কনভেনশনের (CRC) একটি অপশনাল প্রোটোকল তৈরি সমেত শিশুদের অধিকার রক্ষার জন্য নানা খাতে পদক্ষেপের গুরুত্বের উপর জোর দেয়।
এছাড়াও ওই প্রতিবেদনে তামাক সমেত অন্যান্য বিপদ থেকে শিশুদের অধিকার রক্ষার জন্য দশটি সুপারিশের রূপরেখা তুলে ধরা হয়েছে। এই সুপারিশে ধূমপানমুক্ত নীতিমালা বলবৎ করা, তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধি এবং তামাকের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতার উপর কঠোর নিষেধাজ্ঞায় জোর দেওয়া হয়েছে।
তামাকমুক্ত প্রজন্মের প্রস্তাব
তামাকমুক্ত প্রজন্মের প্রস্তাবটি একটি আইনি ব্যবস্থা, যার লক্ষ্য নির্দিষ্ট কোনো বছরের (যেমন ২০০০ সাল) পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের কাছে তামাক বিক্রি ও সরবরাহ রোধ করা। এই প্রস্তাবটি যুবক-যুবতীদের জন্য বর্তমানে চালু থাকা আইনগুলির ত্রুটি তুলে ধরে। যেমন ধূমপান করলে বড় হওয়া যায় বা এক ধরনের উত্তরণ হয় – এই ধারণা এবং তার কারণে ব্যবস্থাদির সীমাবদ্ধতা। এই প্রস্তাবে ভবিষ্যতে তামাকজাত দ্রব্যের নতুন গ্রহীতা সরবরাহ করা যাবে না এমন একটি সময় নির্ধারণ করে, নতুন প্রজন্মের মধ্যে ধীরে ধীরে তামাকের ব্যবহার বন্ধ করা, ওই বয়সীদের মধ্যে আদর্শগত পরিবর্তন প্রচার করা এবং তরুণদের মধ্যে ধূমপানের প্রভাব হ্রাস করার চেষ্টা করার কথা বলা হয়েছে।
পশ্চিমবঙ্গে তামাকমুক্ত প্রজন্মের প্রস্তাব বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও জনজীবনে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। যুবক-যুবতীদের ধূমপানে আসক্তি রোধ করে এই প্রস্তাব ধূমপানের সঙ্গে সম্পর্কিত দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সংক্রান্ত জটিলতাগুলিকে হ্রাস করতে সহায়তা করবে এবং স্বাস্থ্য পরিষেবার বোঝা হ্রাস করবে বলে আশা করা যায়।
ক্রয় করার সর্বনিম্ন আইনি বয়স
তামাকজাত দ্রব্য ক্রয়ের ন্যূনতম আইনি বয়স ২১ বছর করা, তরুণদের তামাক ব্যবহার হ্রাস এবং জীবন বাঁচানোর একটি পরীক্ষিত ও সফল কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্রে এই নীতি ব্যাপক সমর্থন অর্জন করেছে এবং বেশ কয়েকটি রাজ্য ও লোকালয়ে এটি প্রয়োগ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, প্রায় সমস্ত ধূমপায়ী ২১ বছর বয়সের আগে ধূমপান শুরু করে। এই শুরুর বয়স বিলম্বিত করা গেলে ধূমপান এবং সেই সম্পর্কিত স্বাস্থ্য সমস্যাগুলির প্রকোপ উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব। ইনস্টিটিউট অব মেডিসিন পূর্বাভাস দিয়েছে, ন্যূনতম বয়স বাড়িয়ে ২১ করা হলে ধূমপানের হার ১২% কমবে এবং ২,২৩,০০০ হাজার অকালমৃত্যু রোধ করা যাবে।
কর্ণাটক ইতিমধ্যেই সিগারেট কেনার বৈধ বয়স ২১ বছর করে দিয়ে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপ নিয়মিত ধূমপায়ী হওয়া থেকে তরুণদের রক্ষা করবে, তামাকের সহজলভ্যতা হ্রাস করবে এবং বৃদ্ধি ও বিকাশের এক গুরুত্বপূর্ণ সময়ে কিশোর-কিশোরীদের রক্ষা করবে বলে আশা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গেও এই বয়স ২১ বছর করা হলে, কিশোর-কিশোরীদের কাছে তামাকজাত পণ্যের সহজলভ্যতা হ্রাস পাবে, বড়দের সামাজিক প্রভাবে প্রভাবিত হয়ে তাদের মত সহজে তামাক পাওয়া কঠিন হবে। এই নীতি পরিবর্তন, নীতির কঠোর প্রয়োগ এবং জনশিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের ধূমপানের হারে উল্লেখযোগ্যভাবে কমানো যাবে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত হবে।
পশ্চিমবঙ্গের চ্যালেঞ্জ ও সুপারিশ
চালু আইন ও বিধিবিধান সত্ত্বেও পশ্চিমবঙ্গে সেগুলি মেনে চলা বড় চ্যালেঞ্জ। একটি সমীক্ষায় দেখা গেছে, শিলিগুড়ির ৬৮% তামাক বিক্রেতা অপ্রাপ্তবয়স্কদের নাগালের মধ্যে তামাকজাত দ্রব্য রাখেন এবং কোনো বিক্রেতার কাছেই অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি নিষেধ করা COTPA ধারার 6A সাইনবোর্ড নেই। উপরন্তু স্কুলের কাছাকাছি বেশি পরিমাণে তামাক বিক্রেতার উপস্থিতি সমস্যাটিকে আরও বাড়িয়ে তোলে।
বিড়ি শিল্পে শিশুশ্রম নিরসনে প্রয়োজন বহুমুখী উদ্যোগ। প্রয়োজন শিশুশ্রম বিরোধী আইনের যথাযথ প্রয়োগ, বিড়ি রোলিংয়ের উপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য বিকল্প জীবিকা নিশ্চিত করা এবং সব শিশুর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা। তামাক ব্যবহারের কুফল এবং শিশুদের তামাকমুক্ত রাখার গুরুত্ব তুলে ধরতে জনসচেতনতামূলক প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
তামাকের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করার জন্য তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ, ধূমপানমুক্ত নীতির ব্যাপক বাস্তবায়ন এবং জনশিক্ষা প্রচারাভিযানসহ একটি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তামাক শিল্পের মালিকদের দ্বারা ব্যবহৃত কৌশলগুলির মোকাবিলা করে এবং কার্যকর নীতি বাস্তবায়নের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের শিশুদের উন্নতির জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে পারি। শিশুদের স্বাস্থ্য এবং বিকাশের প্রতি আমাদের আজকের পদক্ষেপ তাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ সমাজের জন্য জরুরি।
নিবন্ধকার মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্টের (মান্ট) ডিরেক্টর। মতামত ব্যক্তিগত
নাগরিকের পক্ষ থেকে আবেদন:
আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
টুইটারে আমাদের ফলো করুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।








